ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বর অনুষ্ঠান বা ক্ষমতা প্রদর্শন নয়, বরং মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা বলে উল্লেখ করেছেন উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন।


এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী ১৫ জন। রয়েছেন নিরাপত্তা, মিডিয়া ও ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত অত্যাবশ্যকীয় ব্যক্তিরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।


মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন। মাঝের মাত্র চার দিন। এক মুহূর্তও নষ্ট না করে, এই চার দিনেই একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততা। সব মিলিয়ে মাত্র ছয় দিনের সফর।


ফেসবুক পোস্টে মাহ্দী আমিন আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়াবেন জাতিসংঘের বিশ্বমঞ্চে। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি বলবেন বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।


আরো একটি অনন্য দিক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন,  প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে থাকবেন তারই সরকারের পররাষ্ট্রমন্ত্রী।


ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেন, দীর্ঘ দুই দশকের অনিঃশেষ ত্যাগ-সংগ্রাম ও আন্দোলন-গণ-অভ্যুত্থান পেরিয়ে, গণতান্ত্রিক সরকার আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। বিপুল ম্যান্ডেট নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ নিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে।


মাহদী আমিন বলেন,  এটি শুধু জাতিসংঘে দেশকে তুলে ধরা নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব। এটি আবেগ, অনভূতি ও আদর্শের ঐতিহ্য। এটি বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৫ পিএম

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।


এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে।


প্রাথমিকের ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৯৪ দশমিক ১২ শতাংশ বইয়ের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।


তিনি জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই শেষ হয়েছে।


ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে ৯২ শতাংশ বই। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪টি ব্রেইল বই ছাপানো হচ্ছে।


বই বিতরণের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ফখরুল মাওলা বলেন, বার্ষিক পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।

তবে চূড়ান্ত তারিখ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পর ঘোষণা করা হবে।


তিনি আরও জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।


বই বিতরণে আগের বছরের আয়োজনের ধরনেও পরিবর্তন আসছে। চেয়ারম্যান বলেন, আগে কিছু বই ছাপা না হলেও অল্প কয়েকটি বই কিংবা রেপ্লিকা দিয়ে বই উৎসব করা হতো।


পরে মার্চ-এপ্রিল পর্যন্ত বই সরবরাহ চলত। এবার শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ কার্যক্রম শুরু করা হবে। পহেলা জানুয়ারির বড় আয়োজনের পরিবর্তে এবার শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।


নতুন বইয়ের মান প্রসঙ্গে তিনি বলেন, কাগজ, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং বই সহজে ছিঁড়ে যায় কি না-এসব বিষয় যাচাই করে গুণগত মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের মান ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এদিকে নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলাধুলায় আগ্রহী করাই এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কারিগরি শিক্ষার বই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান।

সর্বশেষ সব খবর

মুমতারিন ফেরদৌস ডরিন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।


তিনি বলেন, ডরিনের বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে।


২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।


কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


ওই ঘটনায় কলকাতায় মামলা হয়। আনারের মেয়ে ডরিনও ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে তখন ডরিনকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল ডরিনকে।


ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান।


সে সময় পুলিশ বলেছে, এমপি আনার হত্যার ‘হোতা’ তার বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা শিমুল।


ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তখন বলেছিলেন, সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয়। পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠায় পুলিশ।


চব্বিশের অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মামলার তদন্তে ভাটা পড়ে, একে একে জামিনে বেরিয়ে আসে দেশে গ্রেপ্তার সব আসামি। সবশেষ গত ১১ সেপ্টেম্বর আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়াকেও জামিন দিয়েছে হাই কোর্ট।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৬ পিএম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়ে বলেন, সেখানকার আইনজীবীরা ও স্থানীয়রা রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।


“আমরা তাকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।”


ডিএমপির প্রসিকিউশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেছেন, "সিএমএম আদালতের উপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"


ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।


ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, “স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।”


এর আগে গত গেল ৯ নভেম্বর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা।


সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৫ পিএম

খুলনা থেকে ঢাকায় ট্রেন চলাচলের বিকল্প রুট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। এ উদ্যোগ বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের সেবা বন্ধ হয়ে যাবে। রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুটি সাময়িকভাবে স্থগিত রেখে সেগুলোর রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে।


বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়।


প্রস্তাবে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা-বেনাপোল-ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করা হচ্ছে। এতে নিয়মিত টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং ট্রেন পরিচালনায় তৈরি হচ্ছে নানা জটিলতা।


এ অবস্থায় খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক রাখা, আর্থিক ক্ষতি কমানো এবং বিদ্যমান রোলিং স্টকের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।


প্রস্তাবে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে। পরিবর্তে ট্রেন দুটির রেক ব্যবহার করে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস নামে এক জোড়া ট্রেন পরিচালনার কথা বলা হয়েছে।


প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।


নতুন রুটে ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।


এছাড়া প্রস্তাবে নতুন ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।


এ প্রস্তাব বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যাবে। এতে ওই দুই স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন।

সর্বশেষ সব খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৫ এএম

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে (প্রাইম মিনিস্টারস হাউস) এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। 


নৈশভোজে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তিনি আরও নিবিড় প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 


প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। নিয়মিত সংসদীয় বিনিময় ও সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জোর দেন। 


উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫০ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। 


বিশেষ করে রাত ও ভোরে আবহাওয়ায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়ও শীত অনুভব করতে শুরু করেছেন মানুষ।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনের ব্যবধানে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে আড়াই ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। 


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় দেশের কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমার এ প্রবণতা শীতের আগমনী বার্তা দিচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি।


সর্বশেষ সব খবর