বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক পুরুষ দিবসের এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “The Future Is Everyone” অর্থাৎ “ভবিষ্যৎ সবার”—এর সাথে সংহতি প্রকাশ করে এবং বাংলাদেশে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন ও সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সামাজিক ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে আজ ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালিত হয়েছে।
সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসাইন। উদ্বোধন শেষে প্রেস ক্লাব ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী সংক্ষিপ্ত পথসভা ও সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল বলেন, "আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য কেবল সভা-সমাবেশে সীমাবদ্ধ না রেখে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। বর্তমানে লোকলজ্জা ও প্রচলিত আইনের বৈষম্যের কারণে অসংখ্য পুরুষ পারিবারিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে-বাইরে মানবেতর জীবনযাপন করছেন। কোনো যাচাই-বাছাই ছাড়াই অভিযোগের ভিত্তিতে পুরুষকে গ্রেপ্তারের বিধান মৌলিক অধিকারের পরিপন্থী, যার সুযোগ নিয়ে কাবিন ব্যবসার মতো অপতৎপরতা বাড়ছে। আইনি বৈষম্য দূর করতে এবং লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার’-এর সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে লিঙ্গ-নিরপেক্ষ আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, "বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও বিশ্বাস করি ভবিষ্যৎ সবার। কিন্তু বাংলাদেশে প্রকৃত সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন করতে হবে। অপরাধ ও বিচারের ক্ষেত্রে নারী ও পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান আইন এবং সমান শাস্তির বিধান থাকতে হবে। বর্তমানে একতরফা আইনের অপব্যবহারের ফলে অসংখ্য নিরপরাধ পুরুষ যে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন, তা বন্ধ করে সবার জন্য সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল দাবি।"
র্যালি, পথসভা ও সেমিনারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস, নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সেক্রেটারি মহিউদ্দিন খোকন, আলমগীর হোসেন, ইয়াসির আরাফাত, সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার আশিকুজ্জামান, নুরুজ্জামান এবং সদস্য রাকিবসহ শতাধিক নেতাকর্মী।
উপস্থিত বক্তারা একমত পোষণ করে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পুরুষের অবদান অনস্বীকার্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ও আইনি কাঠামোতে পুরুষরা আজ চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাষ্ট্রের উচিত অবিলম্বে প্রচলিত একপক্ষীয় আইন সংস্কার করে লিঙ্গ-নিরপেক্ষ আইন চালু করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং বিচারের ক্ষেত্রে নারী-পুরুষ সবার সমান অধিকার ও সমান শাস্তির বিধান নিশ্চিত করা।
সবশেষে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাউসার হোসাইন লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন ও পুরুষের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের চলমান আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংরক্ষণে আগামী ১ ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হবে। এর আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণের জন্য যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ করেছে ডিএমপি। এ সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
আনিছুর রহমান আরও বলেন, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে। এতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। এজন্য রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।
তিনি বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো- অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এই ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এই ধরনের যানবাহনেরও অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলায় চলে আসবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদ্রোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে,অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১-এ এলাকাভেদে অনুমোদিত শব্দের মাত্রাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা অনুমোদিত। আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল এবং রাতে ৫০ ডেসিবেল হতে পারবে। অন্যদিকে বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং রাতে ৬০ ডেসিবেল অনুমোদিত। শিল্প এলাকায় শব্দের মাত্রা দিনে ৭৫ ডেসিবেল এবং রাতে ৭০ ডেসিবেলের মধ্যে থাকতে হবে।
সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অননুমোদিতভাবে মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
হাইড্রোলিক হর্ন এবং মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত শব্দের মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাতকরণ বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। উপবিধি (১) এ বলা হয়েছে- মোটরযানের অবস্থান বোঝানোর জন্য শ্রবণযোগ্য ও পর্যাপ্ত সতর্কতা প্রদানের উদ্দেশ্যে প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের জন্য হর্ন বা অন্য কোনো অনুমোদিত যন্ত্র সংযুক্ত থাকতে হবে।
উপবিধি (২) এ উল্লেখ করা হয়েছে- হর্ন বা যন্ত্রের উৎপাদিত শব্দের মাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ বর্ণিত নির্ধারিত মাত্রা অতিক্রম করতে পারবে না। উপবিধি (৩) এ রয়েছে- পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুশ্রুতি হর্ন ব্যবহার করা যাবে না। তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার করা যাবে না।
উপবিধি (৪) এ রয়েছে- মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে উপবিধি (৩)-এর বিধান প্রযোজ্য হবে না।
গ্রেপ্তার আব্দুল হাকিম আহমেদ। ছবি: সংগৃহীত
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে কাচের দরজা থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে অবস্থান করছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সেখান থেকে সরে যায়।
এ সময় পুলিশকে জানানো হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে এখনো ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
হাতিরঝিলের দূষিত গোলাপি পানি
রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে একটি অদ্ভুত বিষয় খেয়াল করছেন। সেটি হলো, হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। হাতিরঝিলের দূষিত পানি গোলাপি রং কেন ধারণ করল, এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে গুদারাঘাট পর্যন্ত ভ্রমণ করেন এ প্রতিবেদক। যাত্রাপথে হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে।
কারওয়ান বাজার থেকে হাতিরঝিল গিয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন। তিনি বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। তবে আসল কারণ জানা যায়নি।
অবশ্য ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছে। এর পর থেকেই রং পাল্টে গেছে।
হাতিরঝিল তত্ত্বাবধান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তারাও এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না। কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম সোমবার মুঠোফোনে বলেন, ‘হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’
তিন ধরনের ব্যাকটেরিয়াকে সন্দেহ
হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়। এটি ছিল ভাওয়াল রাজার সম্পত্তি। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।
বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পর প্রকল্প শেষ হয় ২০২১ সালে। ব্যয় দাঁড়ায় ২ হাজার ২৩৬ কোটি টাকা।
হাতিরঝিলে রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। ঝিলটি খননও করা হয়েছে। কিন্তু পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনো ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোলাপি রং ধারণ করা পানি মানুষের কৌতূহল বাড়িয়েছে।
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন বলেন, ৩ নভেম্বর তাঁরা হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় হাতিরঝিলের পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।
আয়শা শারমিন বলেন, বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।
হাতিরঝিলের পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়। এ কারণে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় বলে উল্লেখ করেন অধ্যাপক আয়শা শারমিন। তিনি বলেন, পানির এ অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ইউট্রোফিকেশন’। এর মধ্যে পানির গন্ধ কমাতে চুন দেওয়া হয়েছিল। যার কারণে পানিতে অম্ল ও ক্ষারের (পিএইচ) পরিমাণ বেড়ে গেছে।
তিনি বলেন, এ অবস্থায় পার্পল সালফার ব্যাকটেরিয়া ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। এ ধরনের ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করতে পারে, যার কারণে পানির রং পরিবর্তিত হয়ে গোলাপি হতে পারে। এর বাইরে সায়ানো ব্যাকটেরিয়াও থাকতে পারে। তবে নির্দিষ্টভাবে কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বুয়েট চলতি মাসের শেষের দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আয়শা শারমিন।