জব্দ স্বর্ণসহ আটক মোহাম্মদ রুহুল আমিন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ১৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে। তার নাম মোহাম্মদ রুহুল আমিন। সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছে থাকা ২ কেজি ১০৬ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এ সময় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানো যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা ও গতিবিধি গোয়েন্দাদের কাছে সন্দেহজনক মনে হয়।
তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। লাগেজ তল্লাশির পাশাপাশি তার শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বা চোরাচালান পণ্য থাকতে পারে—এমন সন্দেহে তাকেও বিশেষভাবে স্ক্যান করা হয়।
তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সকল লাগেজ স্ক্যান করা হয়, একইসাথে শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বস্তু পাচারের সন্দেহে উক্ত যাত্রীকে স্ক্যান করা হলে তিনি তার কাছে লুকায়িত অবস্থায় স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন।
বিমানবন্দরে কর্মরত সকল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব দ্রব্য উদ্ধার করে সকলের সামনে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খোলার পর প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮ টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ গোল্ডবারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৭৮ কোটি টাকা।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিউগিনি প্রোপার্টিজে হামলার পরবর্তী দৃশ্য (বাঁয়ে) ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড সম্বলিত প্রবেশ পথ। (ডানে)। ছবি: সংগৃহীত
ছবি: ডিএমপি
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইফাত বিন আল দিহানী প্রিয়ম (৩২)।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়ম মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরক সংগ্রহ, সরবরাহ ও ককটেল নিক্ষেপে সহায়তার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাজধানী ঢাকার ধানমন্ডিতে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবা (৩০) নামে এক মা ও তার দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশুটি মারা যায়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মারা যান তার মা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।
দগ্ধ বাকি তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের একদল শিক্ষার্থী। ছবিঃ সংগৃহীত
ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের একদল শিক্ষার্থী। শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটকে দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরই প্রতিবাদে শনিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে নেমে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হেনস্তার শিকার ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) ওই শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তাকে বাস থেকে নেমে যেতে বলেন। এমনকি ওই হেলপার শিক্ষার্থীকে উদ্দেশ করে ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলেও হুমকিসূচক মন্তব্য করেন।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আইডি কার্ড দেখিয়ে নীলাচল পরিবহনসহ বিভিন্ন বাসে হাফ ভাড়া দিয়ে আসছেন। কিন্তু আইডি কার্ড দেখানোর পরও একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এমন অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযুক্ত হেলপারের ছবি শিক্ষার্থীদের কাছে থাকলেও এখনো তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।
দাবির বিষয়ে আলিফা রামী বলেন, বাস মালিক কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে এর দায়ভার তারা নেবে। পাশাপাশি চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি ও মৌমিতাসহ সব পরিবহন কর্তৃপক্ষের কাছেই শিক্ষার্থীদের একই দাবি।
ক্ষোভ প্রকাশ করে আরেক শিক্ষার্থী জানান, গণপরিবহনে মেয়েদের সঙ্গে প্রায়ই এমন আচরণ করা হয় এবং অনেকেই লজ্জা ও ভয়ের কারণে প্রতিবাদ করেন না। এই সুযোগে বাসের কর্মীরা বেপরোয়া হয়ে উঠছেন। ভবিষ্যতে যাতে আর কোনো নারী শিক্ষার্থী এমন হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতেই বাসগুলো আটকানো হয়েছে। এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা শিক্ষার্থীদের পাশে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই বাস মালিকদের কাছে দাবি-দাওয়া তুলে ধরা হবে।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির বিষয়টি তারা জেনেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমী।
২০২৪ সালের ২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ১২২ নম্বর আসামি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ঠিকাদার ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দরপত্র নিয়ন্ত্রণ, প্রাক্কলিত ব্যয় ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়া এবং প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ উত্তোলনসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প নিয়ে সংগৃহীত বিভিন্ন নথি ও অভিযোগ পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় রুমীর প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। নথি অনুযায়ী প্রকল্পের সাতটি দরপত্রের মধ্যে ছয়টিতেই ঠিকাদার হিসেবে কাজ পেয়েছেন তিনি। এছাড়াও প্রকল্পের প্রায় ৯০ শতাংশ দরপত্র তার নিয়ন্ত্রণে ছিল বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি দরপত্র আহ্বানের আগেই প্রাক্কলিত ব্যয় বা এস্টিমেটের তথ্য ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফের মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে প্রবেশ করেন রুমী। পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতা ইব্রাহিম-আকতার, শাহীন চেয়ারম্যান ও তৎকালীন প্রতিমন্ত্রী বিপুর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দরপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি।
৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলে কিছু ছাত্রনেতার মাধ্যমে নতুন করে বলয় তৈরি করেন রুমি। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, ট্রেজারার, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং এসব ছাত্র নেতাদের ঘিরে একটি দরপত্র সিন্ডিকেট সক্রিয় রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রকল্পের অর্থ উত্তোলন নিয়েও রুমীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। দ্বিতীয় ক্যাম্পাসের মাটি ভরাটের কাজে প্রায় ৬৪ কোটি টাকার বিল উত্তোলনের পরিকল্পনা করা হয়েছিল। এর অংশ হিসেবে ২৬ এপ্রিল চারটি প্যাকেজের বিপরীতে ৮ কোটি ৭৯ লাখ টাকার বিল অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো হয় বলে জানা যায়। প্যাকেজভিত্তিক বিলের পরিমাণ হিসেবে প্যাকেজ-১-এ ১ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ২৭৬ টাকা, প্যাকেজ-২-এ ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকা, প্যাকেজ-৪-এ ৪ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯৬৫ টাকা এবং প্যাকেজ-৫-এ ৫০ লাখ ৬১ হাজার ১৬৬ টাকা ছিলো। এ ছাড়া প্রকৌশল ভবন নির্মাণের জন্য ১১ কোটি টাকা, পুকুরের ঘাট নির্মাণ ও মাটি ভরাটের অন্যান্য কাজের বিপরীতেও বিল উত্তোলনের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে তার নাম আলোচনায় আসে। সে সময় পাঁচতলা প্রকৌশল ভবন নির্মাণের পাইলের অবশিষ্ট অংশ পুকুরের ঘাট নির্মাণে ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া রড ও সিমেন্টের কাজে একই উপকরণ ব্যবহার দেখিয়ে একাধিকবার বিল নেওয়া এবং নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। ৩ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫১৪ টাকা ব্যয়ে পুকুরের ঘাট নির্মাণের কাজ পাওয়া আরএন এন্টারপ্রাইজের ঠিকাদার হিসেবে ওমর ফারুক রুমীর নাম পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে সে সময় রুমী জানিয়েছিলেন, পাইলিংয়ের কাজে অনিয়মের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারারও বিষয়টি তদন্তের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়াও সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব খাটিয়ে অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে রুমীর বিরুদ্ধে।
এদিকে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত আন্দোলনেও রুমীর অর্থায়ন ও ইন্ধন থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত একটি উপকমিটির সদস্য হিসেবেও তার নাম রয়েছে। এমন একটি তালিকা এই প্রতিবেদকের হাতে এসেছে।
এছাড়া ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর তালিকায় তার নাম থাকার তথ্য পাওয়া গেছে। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন রুমী।
উত্তরা পশ্চিম থানার এজাহারের কপি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সকাল আনুমানিক ৬টা ৫৯ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি করা হয়। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারের ১২২ নম্বর ক্রমিকে ওমর ফারুক রুমীর নাম রয়েছে। সেখানে তার বয়স ৩৭ বছর, পিতার নাম মো. নুরুল ইসলাম এবং স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজার এলাকার কসবা গ্রাম উল্লেখ করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় তার বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, "আগে থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আসা ঠিকাদাররা পূর্বের কাজের ধারাবাহিকতায় বিল জমা দিয়েছেন এবং প্রাপ্য বিল বুঝে পেয়েছেন। এর বাইরে অন্য কোনো ঘটনা ঘটেনি।"