ছবি : সংগৃহীত
চলতি নভেম্বরে দেশের বাজারে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে একলাফে ভরিপ্রতি ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। সবমিলিয়ে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। সেই সঙ্গে রোববার (২২ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হওয়ার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।
এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) সকালেও স্বর্ণের ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
চলতি মাসে দেশের বাজারে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে আরও ৮ দফায় কমানো হয় স্বর্ণের দাম। এর মধ্যে গত ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
পরবর্তীতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয় স্বর্ণের দাম। পাশাপাশি শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার রাতেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ৯২৫ টাকা।
স্বর্ণের দাম কি আরও কমবে?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের পর আরও দর কমার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা, শক্তিশালী ডলার এবং শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির প্রবণতা বাড়ছে। ফলে স্থিতিশীল হওয়ার আগে মূল্যবান এই ধাতুর দাম আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ৫২৫ ডলার ২৫ সেন্টে নেমে আসে। এটি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। সপ্তাহজুড়ে দাম কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। অথচ গত জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা ও বাধ্য হয়ে সম্পদ বিক্রির কারণে স্বর্ণের বাজার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় ডলার শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে সরকারি বন্ডের মুনাফা বাড়ায় সুদবিহীন স্বর্ণের আকর্ষণ কমছে।
বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগই (প্রায় ২০ শতাংশ) চলে যায় মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে। বিপরীতে দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক নতুন গবেষণায় কর ব্যবস্থার এই বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাটির ফলাফল তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
গবেষণার তথ্যে দেখা যায়, ভ্যাটের এই চাপ শহরের তুলনায় গ্রামাঞ্চলে আরও বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাটে চলে যায়, যেখানে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, দেশের সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শীর্ষ শ্রেণির কাছ থেকে আসার কথা। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই।
তবে বাস্তব চিত্র ভিন্ন। দেশে মোট শ্রমশক্তির মধ্যে মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। এমনকি ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন দাখিলের হার বেশ কম—ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। দেশে বৈষম্য দ্রুত বাড়ছে। সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে এবং রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে।
তিনি স্পষ্ট করেন যে, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে অর্থসচিব বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর দেওয়ার মতো নগদ অর্থ অনেক মালিকের কাছে না-ও থাকতে পারে। তাই নতুন করে সম্পদ কর আরোপের বদলে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর সরকার বেশি জোর দিচ্ছে।
অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় দুর্বৃত্তরা, ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান অর্থমন্ত্রীর
ছবি : সংগৃহীত
চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহ দুয়েকের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে চার টাকা। একই সঙ্গে শিম, ফুলকপি, মুলা, বেগুনসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। ফলে মিল পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমে আসবে।
অন্যদিকে সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু এলাকা থেকে ঢাকায় সবজি কম আসছে। তবে বৈরী আবহাওয়া না থাকলে এবং সরবরাহ বাড়লে শীতের সবজির দাম কমে আসবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা সংকটে বিক্রি তুলনামূলক কম হয়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দামের এ তথ্য জানা গেছে।
এদিকে বাজার বিশ্লেষকরা মনে করছেন, নানা অজুহাতে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ান। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ ও মিলগেটের মূল্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে নিত্যপণ্যে অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা জরুরি।
বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ জাতের চাল কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। খুচরা বাজারে এ জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে কেজি ৮৫ টাকার আশপাশে ছিল। বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় সরু (মিনিকেট) ও মাঝারি (পায়জাম ও ব্রি ২৮-২৯) জাতের চাল। এ দুই ধরনের চালের দামও বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই টাকার মতো বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর মাঝারি চাল কিনতে কেজিতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা। তবে মোটা চালের (গুটি স্বর্ণা-চায়না ইরি) দামে তেমন পরিবর্তন দেখা যায়নি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।
কারওয়ান বাজারের খুচরা চাল ব্যবসায়ী মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান মিয়া সমকালকে বলেন, ধানের মজুত শেষের দিকে। এ কারণে পাইকারিতে নাজিরশাইল চালের বস্তায় (২৫ কেজি) ৪০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে। তিনি বলেন, নভেম্বরের শেষদিকে আমন ধান উঠতে শুরু করবে। বাজারে নতুন চাল আসবে। তখন দাম কমতে পারে।
মৌসুমি সরবরাহ সংকটের অজুহাতে নাজিরশাইলের দাম বাড়ার কথা জানালেও মিনিকেটের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
এ বছর বাজারে দামের রেকর্ড গড়া পোলাও চালের দাম এখন কিছুটা কমতির দিকে। খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাস দুয়েক আগেও এই চালের কেজি ২০০ টাকার বেশি ছিল। এ ছাড়া প্যাকেটজাত চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত ছিল প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে, এতে কয়েকটি সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আকার ভেদে বাজারে প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে কেনা গেছে ২৫ থেকে ৩৫ টাকায়। ১০ থেকে টাকা ২০ টাকা বেড়ে শিমের দাম কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ এবং পুরোনো আলুর ২৫ থেকে ৩০ টাকায় কেনা যাচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
আগারগাঁওয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, কয়েক পদের সবজির পাল্লায় (৫ কেজি) ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম। কিন্তু বেশি দামে কেনার কারণে সবজি অবিক্রীত থাকলে তাঁর লোকসান হবে বলে জানান এই সবজি ব্যবসায়ী।
কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজির ট্রাক কম আসছে। সরবরাহ কম থাকলে দাম বাড়বেই।
গেল সপ্তাহের মতোই স্থির রয়েছে ডিম-মুরগির বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগির ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, এখন চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়ান।
তিনি বলেন, মূলত করপোরেট দখলে চলে যাওয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ইচ্ছেমতো দাম বাড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ছবি : সংগৃহীত
দেশের বাজারে একদিনে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকায় আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৫ টাকা।
স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
ফাইল ছবি
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে নেমেছে।
সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের ক্রমবর্ধমান প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।’
ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
মঙ্গলবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে সম্ভবত আবারও সুদের হার বাড়াতে হবে। অন্যদিকে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।
সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং এর দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।
এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ‘ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীতে আগের বৈঠকে কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
তবে বুধবার প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি বছর এ পর্যন্ত ধাতুটির দাম কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স