• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৯:৪৪ এএম

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর পরিবেশ সৃষ্টি, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নকে শিক্ষা খাতের তিন অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।


আজ বৃহস্পতিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নতুন সরকারের এ পদক্ষেপের কথা জানান। এসময় শিক্ষা নিয়ে নতুন সরকারের ১২টি পরিকল্পনা থাকার কথাও তুলে ধরা হয়। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও কথা বলেন।


সর্বশেষ বিএনপি সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মিলন এবার একই সঙ্গে শিক্ষার পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবারও তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেন।


আগের দফায় দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকল কমাতে ভূমিকা রেখে প্রশংসা পাওয়া মিলন আশা করছেন অতীতের মতো তার আর নকলবিরোধী অভিযানের প্রয়োজন হবে না।


এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “এক সময় দেশে মব হয়েছে, শিক্ষার্থীরা অটোপাস নিয়েছে। এই সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ।”


প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের চাহিদা মেটানোর কাজ সরকারই করবে তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের নানা দাবি-দাওয়া নিয়ে আর আন্দোলন করতে হবে না।


“আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন-এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আসে, আমরা তা দেখব। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই।


“আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের (শিক্ষক) পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর।”


দুর্নীতি রোধে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বদলি স্বয়ংক্রিয় পদ্ধতিতে করতে অ্যাপ চালুর পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “বদলি হবে মেধার ভিত্তিতে, কোনো প্রকার দুর্নীতি ছাড়া। অ্যাপে সব তথ্য থাকবে, অটোমেটিক সিস্টেমে বদলি হবে।”


এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটিও যত তাড়াতাড়ি সম্ভব চালুর আশা প্রকাশ করে মিলন বলেন, তা চালু না হওয়া পর্যন্ত ‘সিস্টেমে’ কোনো ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হবে।


ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা ও অবকাঠামোগত মানদণ্ড বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না।


বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দীর্ঘদিন বন্ধ থাকায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “এই ট্রাস্ট দ্রুত পুনর্গঠন ও বকেয়া ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। এটি সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার তালিকায় রয়েছে।”


শিক্ষা নিয়ে ১২ পরিকল্পনা


সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা নিয়ে নতুন সরকারের ১২টি পরিকল্পনা থাকা কথা তুলে ধরে বলেন, সরকার শিক্ষা খাতকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প হিসেবে দেখবে।


“আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।”


এ খাতের উন্নয়ন বাজেট বাস্তবায়ন, উন্নয়ন ব্যয়কে অগ্রাধিকার, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব' নীতি গ্রহণ, তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়ন, মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, পাঠ্যক্রম ও পরীক্ষায় কারিগরি সংস্কার, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চার প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর এবং জবাবদিহি নিশ্চিত করার কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।


তিনি বলেন, এগুলো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা।




নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।

  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:৩৭ পিএম

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


এ সময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ভাইভা বোর্ডের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভাইভা বোর্ডের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা গেছে যেই পথে, ভাইভা যাবে সেই পথে’, ‘আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ’ এবং ‘মেধা না কোটা? মেধা, মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাস্তবায়িত হলে মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা ব্যাহত হবে। একই সঙ্গে এতে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা বাড়বে। ভাইভা একটি ব্যক্তি-নির্ভর পরীক্ষা। ভাইভা বোর্ডের সদস্যদের হাতে পরীক্ষার্থীর মূল্যায়নে গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। সেই ক্ষমতার যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে কোনোভাবেই স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করা সম্ভব নয়।


তারা আরও বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করেন। এ পর্যায়ের নিয়োগে যদি ব্যক্তি বা রাজনৈতিক প্রভাব কাজ করে, তাহলে প্রশাসনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে।  লিখিত পরীক্ষায় একজন প্রার্থী বেশি নম্বর পেয়েও যদি ভাইভায় কম নম্বরের কারণে পিছিয়ে পড়েন, তাহলে তার মেধার যথাযথ মূল্যায়ন হবে না। অন্যদিকে লিখিত পরীক্ষায় তুলনামূলক কম নম্বর পাওয়া প্রার্থীকে ভাইভায় বেশি নম্বর দিয়ে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে স্বজনপ্রীতি ও দুর্নীতির পথ আরও প্রশস্ত হতে পারে।


  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:৪১ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


আজ ​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাসান উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মহিনুজ্জামান। 




অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. গোলাম মোস্তফা। এছাড়াও বিভাগের সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।


​পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ​সংবর্ধনা পর্বে ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা বিদায়ী ব্যাচের উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারণ তুলে ধরেন। পরবর্তীতে বিদায়ী ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা অভিজ্ঞতা, প্রাপ্তি ও আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।


​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ডিন ও বিভাগের শিক্ষকমণ্ডলী তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশের সমুদ্রসম্পদ রক্ষা ও গবেষণায় কাজে লাগানোর আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের জ্ঞান, মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই অংশ নেন।আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


খাবারের গামলায় পা, জবির ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন

  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:১১ পিএম

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার কথা থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যাফেটেরিয়ায় তার উল্টো চিত্র দেখা গেছে। খাবার প্রস্তুতের কাজে ব্যবহৃত বড় গামলার ওপর কর্মীদের পা রাখার পাশাপাশি রান্নাঘরের মেঝেতেই চলছে খাদ্য প্রস্তুতির কাজ। ফলে ক্যাফেটেরিয়ার খাবারের গুণগত স্বাস্থ্যমান ও পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেখা যায়, ক্যাফেটেরিয়ার রান্নাঘরের মেঝেতে বড় ধাতব গামলায় খাবার প্রস্তুতের কাজ চলছে। এর পাশেই বসে আছেন কয়েকজন কর্মী। তাদের একজনকে খাবার প্রস্তুতের কাজে ব্যবহৃত গামলার ওপর পা রেখে বসে থাকতে দেখা যায়। রান্নাঘরের মেঝেতেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন খাদ্যসামগ্রী ও রান্নার উপকরণ।


এছাড়াও রান্নাঘরের সার্বিক পরিবেশও অপরিচ্ছন্ন। খাবার তৈরির সরঞ্জাম, খাদ্যসামগ্রী ও মেঝের ব্যবহারের ধরন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। প্রতিদিন এই ক্যাফেটেরিয়ার খাবারের ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করেন। অনেক শিক্ষার্থীই ক্লাস ও পরীক্ষার ফাঁকে ক্যাম্পাসের একমাত্র ক্যাফেটেরিয়ার খাবারের ওপর নির্ভর করেন। ফলে খাবার প্রস্তুতের স্থান ও প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত না হলে তার প্রভাব সরাসরি শিক্ষার্থীদের ওপর পড়তে পারে।


শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও পরিবেশ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে না। তাদের দাবি, শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস নয়, ক্যাফেটেরিয়ার রান্নাঘর নিয়মিত পরিদর্শন, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং খাবারের মান নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


জবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শওকত হাসান দীপ্ত বলেন, “আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কপালে যেন দুঃখ ছাড়া আর কিছুই নেই। আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি, সেটার মান ও প্রস্তুতপ্রক্রিয়া নিয়ে যদি এমন প্রশ্ন ওঠে, তাহলে বিষয়টি অত্যন্ত হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা চাই, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”


জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, “বিষয়টি দেখার পর আমরা ক্যাফেটেরিয়ার পরিচালক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, আগামীকাল থেকে এ ধরনের বিষয় আর দেখা যাবে না। খাবারের মান ও অন্যান্য সমস্যাগুলো সমাধানের বিষয়েও তিনি আমাদের আশ্বস্ত করেছেন। খাবারের মান আরও উন্নত করার জন্য আমরা ক্রমাগত চেষ্টা করছি। তবে শিক্ষার্থীদের জন্য খাবার সাশ্রয়ী রাখতে গিয়ে বিষয়টি দিন দিন কঠিন হয়ে উঠছে। তারপরও আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে। আজকের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক কে. এ. এম. রিফাত হাসান বলেন, “আমরা আসলে ছবিটা দেখেছি। তবে ছবিটি এআই জেনারেটেড কি না, নাকি সত্যিকার ছবি এবং ঘটনাটি বাস্তবে ঘটেছে কি না এগুলো আমরা আগে তদন্ত করে দেখব। যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের একটি খাদ্যের মান ও উন্নয়ন কমিটি রয়েছে। ওই কমিটির মাধ্যমেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি খুবই দুঃখজনক। যেভাবে খাবার প্রস্তুত করা হচ্ছে, তা খুবই অস্বাস্থ্যকর পরিবেশ।”


এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক মোঃ মাসুদ রানা বলেন, “ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। আমার কর্মচারীরা এভাবে খাবার প্রস্তুত করছে এ ধরনের ঘটনা আগে কখনো দেখিনি। হঠাৎ কীভাবে এমন ঘটনা ঘটল, সেটিও আমার বোধগম্য নয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খাবারের মান ও অন্যান্য সমস্যাগুলোও সমাধানের চেষ্টা করা হচ্ছে।”


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ পিএম

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।


ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হবে।


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।”


উল্লেখ্য, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।


বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


অধ্যাপক ড. মোহাম্মদ মাসউদ আল মাহদী

  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:০৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল- এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসউদ আল মাহদী। 


আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


রেজিস্ট্রার দপ্তর সূত্রে, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ-এর মেয়াদ শেষ হওয়ায় দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসউদ আল মাহদীকে আগামী ১ বছরের জন্য ওই হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।


নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট ড. মাসউদ আল মাহদী জানান, আমাকে নিয়োগ দেওয়া হয়েছে মর্মে অবগত করেছে প্রশাসন। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি। যোগদান করার পর হল কেন্দ্রিক পরিকল্পনা হাতে নিব।


  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:৫১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সাদা দল’ নামে একটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 


একই সাথে সংগঠনটির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলাম আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির।


সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির এক ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত সমস্যা সমাধানে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন প্রয়োজন।


ঘোষণাপত্রে ‘সাদা দল’-কে সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য হিসেবে সত্য, ন্যায়, সততা, সাম্য ও ইনসাফভিত্তিক একটি গণতান্ত্রিক ও সুন্দর শিক্ষক সমাজ গড়ে তোলার কথা বলা হয়েছে। ঘোষণাপত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সদস্যপদ-সংক্রান্ত নীতিমালা নির্ধারণ এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে জানানো হয়।