বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগের গবেষকরা দীর্ঘ ১৫ বছরের গবেষণায় সফলভাবে একটি নতুন রঙিন (লাল) মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন। এই জাত উদ্ভাবনে মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা। গবেষণা প্রকল্পটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাটির চূড়ান্ত ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও পোলট্রি খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। শেষে নতুন উদ্ভাবিত এই মুরগির মাংস দিয়ে প্রস্তুত খাবার পরিবেশন করা হয়।
ড. বজলুর রহমান মোল্যা জানান, ভোক্তার চাহিদা ও খামারিদের অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিভিন্ন প্যারেন্ট লাইন সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এই নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই জাতটি বিকল্প হবে।
অধ্যাপক মোল্যা বলেন, ‘গবেষণায় সেক্স-লিংক হোয়াইট লাইনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এর সমজাতীয়তা বা হোমোজাইগোসিটি ৮৯ থেকে ৯৩.১১ শতাংশে উন্নীত হয়েছে, যা একটি স্থায়ী জাত হিসেবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া মুরগির পালকের রঙ নির্ধারণকারী এসওএক্স-১০ জিনের ডিলিশন শনাক্তে একটি সহজ পিসিআর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজনন কর্মসূচিতে বড় ভূমিকা রাখবে।’
জাতটির কিছু প্যারেন্ট লাইন ৬২ সপ্তাহে ২০৫টি পর্যন্ত ডিম দিতে সক্ষম হয়েছে জানিয়ে অধ্যাপক মোল্যা আরও বলেন, ‘অন্য জাতের মুরগি একই সময়ে আরও কম ডিম পাড়ে। এ ছাড়া প্রচলিত সোনালি মুরগির একদিন বয়সী বাচ্চার ওজন যেখানে সাধারণত ২৬ থেকে ২৮ গ্রাম হয়, সেখানে নতুন উদ্ভাবিত জাতের বাচ্চার ওজন পাওয়া গেছে প্রায় ৩৮ গ্রাম। একদিন বয়সী বাচ্চার ওজনে প্রতি এক গ্রাম বৃদ্ধির ইতিবাচক প্রভাব। বাজারজাতকরণের সময় প্রায় ৫০ গ্রাম অতিরিক্ত চূড়ান্ত ওজনে প্রতিফলিত হয়, যা খামারিদের বাড়তি মুনাফা নিশ্চিত করবে।’
এই গবেষণা প্রকল্পের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল সরাসরি মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তর। প্রথাগত প্রশিক্ষণ কেন্দ্রের সীমাবদ্ধতা দূর করতে গবেষণা দল সরাসরি গ্রামে গিয়ে ১৫ থেকে ২৫ জনের ক্লাস্টারভিত্তিক নারী খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন।
মাঠপর্যায়ের ফলাফলে দেখা গেছে, যেসব খামারিকে বাচ্চার পাশাপাশি নিয়মিত কারিগরি সহায়তা, সঠিক সময়ে টিকা প্রদান এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে, তাদের খামারে মুরগির বৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে, খাদ্য রূপান্তর দক্ষতা উন্নত হয়েছে এবং মৃত্যুহার হ্রাস পেয়েছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত ৫০ দিনের পরিবর্তে ১০ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন এবং প্রতিকেজি ৭০০ টাকা পর্যন্ত উচ্চমূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন।
ভোক্তা অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ড. মোল্যা জানান, ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করে কোনও অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি।
বাজারে দেশি মুরগির নামে চালিয়ে ক্রেতা প্রতারণার কোনও সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশি মুরগির নাম ভাঙানো নয়, বরং উন্নত স্বাদ, পুষ্টিগুণ ও শতভাগ নিরাপদ মাংসের নিশ্চয়তা দিয়ে এটিকে বাজারে একটি স্বতন্ত্র রঙিন মাংসের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।’
উদ্ভাবনটির মাঠপর্যায়ে প্রসারের ওপর জোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শুধু ল্যাবরেটরিতে জাত উদ্ভাবন করলেই হবে না, সেই প্রযুক্তি ও সুফল খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল দর্শন। এর মাধ্যমে খামারিরা লাভবান হবেন এবং দেশের নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধি পাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের বন্ধ থাকা বিক্রয় কেন্দ্রটি দ্রুত চালুর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণায় উৎপাদিত দুগ্ধ, মাংস ও পোলট্রিজাত সব পণ্য সরাসরি এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিতে হবে।’
জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের পরিবেশনা। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে।
সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।
দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা থাকবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস।
বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রিয় শিল্পী জেমসের গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন অনেক শিক্ষার্থী।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. নাছির আহমদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।”
উল্লেখ্য, আদেশটি আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় বুধবার (২৮ অক্টোবর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে মেলার জন্য নির্মিত গেট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘মেলা সরিয়ে নেওয়ার জন্য গতকাল আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এ জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’
বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা এর আগে মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য মাঠটি ফিরিয়ে দিতে হবে এবং সেখানে মেলার আয়োজন বন্ধ করতে হবে।
অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে পরবর্তী দুই বছরের জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ৭ নভেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এ ছাড়া এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ এমপি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবিব এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত।
নবীনবরণ অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
অধ্যাপক আনিসুর রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে দুই বছরের জন্য দপ্তরটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখাই হবে আমার লক্ষ্য।"