• প্রকাশ : বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:১৫ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউস থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কৃষিবিদ গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী। পরে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন, সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্তরা ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেন বলেও জানিয়েছেন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা।


গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে আজ সন্দেহজনক চলাফেরা নজরে আসে বলে জানান কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইন-চার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার। তিনি বলেন, অফিশিয়াল কাজ শেষ করে বাসায় যাওয়ার পর গেস্ট হাউসের স্টাফদের কাছ থেকে ফোন পাই। তারা জানান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্টাফ মিথুনের নামে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি বুকিং করা ছিল। ওই কক্ষে কিছু অপরিচিত মানুষের অনাকাঙ্ক্ষিত আসা-যাওয়া, মোটরসাইকেল রাখা ও সন্দেহজনক চলাফেরা দেখা যাচ্ছিল।


তিনি আরও বলেন, গেস্ট হাউসে অন্যান্য সম্মানীয় অতিথিরাও অবস্থান করছিলেন। তাই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্টাফদের একা একা বিষয়টি মোকাবিলা না করার জন্য বলি। পরবর্তীতে সহকারী প্রক্টরের সঙ্গে ফোনে কথা বলি। তিনি প্রক্টরের সঙ্গে আলোচনা করে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিমসহ দ্রুত ৬ নম্বর কক্ষে উপস্থিত হন। কক্ষটি খোলার পর ভেতরে চারজনকে পাওয়া যায়। তাদের মধ্যে বুকিংধারী স্টাফের পাশাপাশি একজন এসি মেকানিক এবং বাকি দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কক্ষের ভেতর তীব্র উৎকট গন্ধ ছিল এবং তাদের আচরণও অস্বাভাবিক মনে হচ্ছিল। পরে পুলিশ বাথরুমে তল্লাশি চালিয়ে ৪-৫টি ইয়াবাসহ একটি কিট আলামত হিসেবে জব্দ করে।


গেস্ট হাউজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লাবিব হাসান মিথুন অসুস্থতাজনিত বিশেষ কারণ দেখিয়ে তিন দিন আগে এক দিনের জন্য গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি ভাড়া নেন। তবে পরবর্তীতে তিনি সেখানে তিন দিন অবস্থান করেন। এ বিষয়ে কক্ষটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে একাধিকবার কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো বক্তব্য দিতে রাজি হন নি।


ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আমার কাছে খবর আসে, গেস্ট হাউসের একটি কক্ষ আমাদের একজন স্টাফ বুকিং নিয়েছেন এবং তাঁর সঙ্গে বাইরে থেকে কিছু লোক সেখানে আছেন। খবর পাওয়ার পরপরই আমরা ক্যাম্প পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে কোতোয়ালি থানার পুলিশকেও বিষয়টি জানানো হয় এবং তারাও সেখানে উপস্থিত হন। রুমের বাইরে থেকে বেশ কয়েকবার ডাক দেওয়ার পর প্রায় ৫ থেকে ১০ মিনিট পর তারা দরজা খোলেন। রুমে ঢোকার পরপরই আমরা একধরনের বাজে গন্ধ পাই এবং সেখানে ইয়াবা সেবনের সরঞ্জাম দেখতে পাই। পরবর্তীতে পুলিশ তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করেন এবং তাদের আটক করে নিয়ে যান। এখন প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই মাহবুব বলেন, তাদের চারজনকে আটক করা হয়েছে। আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘটনার বিষয়ে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মাদকের বিরুদ্ধে বর্তমানে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা।




সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা।র‍্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।  কর্মসূচি থেকে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।


মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকার বিভিন্ন মত ও রাজনৈতিক চর্চাকে গুরুত্ব দিয়ে সংসদে সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে মত প্রকাশের স্বাধীনতার নামে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সরকারের কোনো ভুল থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচনে জনগণ তার জবাব দেবে। রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে হলে সহিংসতার পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, অপরাধে যে দলের ব্যক্তিরাই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বিচারের আওতায় আনতে হবে।


ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ভিন্নমত ও ভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার যে প্রত্যাশা, তা বাস্তবায়নে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তবে নিজের মত প্রকাশ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে সব ধরনের সহিংসতা, অন্যায়, অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।


বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের নেতারা দেশ ছেড়ে গেলেও তাঁদের অনুসারীরা এখনো দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এতে মানুষের জীবনে অশান্তি তৈরি হচ্ছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চলছে, তা বাধাগ্রস্ত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ তৎপর রয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে এক পিস ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইচের টেক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রথমে এক পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে আটক করেন। পরে বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির নিজের মুখে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। তিনি গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন বলে ইউএনওর কাছে স্বীকারোক্তি দেন।

ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, হুমায়ুন কবির দুই সন্তানের জনক।

এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্যোগক্তা মেলা

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করা এবং তাঁদের পরিচালিত ক্ষুদ্র উদ্যোগগুলো পরিচিত করার লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এন্টারপ্রেনারশিপ ফেয়ার ১.০’ শীর্ষক উদ্যোক্তা মেলা।


রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে ‘কুমিল্লা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারস নেটওয়ার্ক’ (সিইউইএন)-এর আয়োজনে এ মেলা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্ষুদ্র ব্যবসা পরিচালনাকারী শিক্ষার্থীরা নিজেদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন।


উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হুসনে জাহান চৌধুরী এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান। মেলার আয়োজক কমিটিতে রয়েছেন সাঈদুল হাসান ও মোহাম্মদ রাহিম।


মেলায় জুতা, গয়না, শীতের পোশাক, বই, বিভিন্ন ধরনের পোশাক, খাবার ও দেশীয় পিঠাসহ নানা পণ্যের স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিক্ষার্থী উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের উদ্যোগের পরিচিতি বাড়ানোর সুযোগ পাচ্ছেন তাঁরা।


মেলায় আসা এক শিক্ষার্থী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের মেলার আয়োজন সত্যিই অসাধারণ। মেলায় এসে প্রয়োজন না থাকা সত্ত্বেও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে কয়েকটি বই কিনেছি। পাশাপাশি আমার এক বন্ধুকেও বই কিনতে উৎসাহিত করেছি। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগকে এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”


১৫ ও ১৬ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে যেকোনো স্টল থেকে পণ্য কেনা ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে পাঁচ হাজার টাকা সমমূল্যের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।


ব্যবস্থাপনা  বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান বলেন, “সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয়গুলো থেকেই উঠে আসছেন। আমি চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা স্থান থেকে তাঁদের উদ্যোগে আরও বড় অবদান রাখবেন। আমি মনে করি, এখান থেকেই এক নতুন যাত্রার সূচনা হলো। এই চমৎকার উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন বলেন, “বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ রয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করি।”


আয়োজকদের প্রত্যাশা, এ মেলা শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের সৃজনশীল উদ্যোগের বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষুদ্র উদ্যোগগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া সুলতানার বাবা মো. হাবিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করলেও এখন পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট এবং আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি পরিবারের। এ অবস্থায় বাবার হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তানিয়া।


নিহত মো. হাবিবুর রহমান (৬৯) জামালপুর সদর উপজেলার রায়েরচর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামালপুর পৌরসভায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ২৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে জামালপুর সদর উপজেলার নারান্দি ইউনিয়নের নামা কোচনবাড়ী এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের নদীর বালুচরসংলগ্ন পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।


পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, জিভ কাটা, চোখ উপড়ে ফেলা এবং মুখে অ্যাসিড নিক্ষেপের মতো নৃশংসতার চিহ্ন দেখতে পান তাঁরা। তাঁদের ধারণা, হাবিবুর রহমানকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।


এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (৫৫) বাদী হয়ে জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্বামী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে নদীতে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২৪ অক্টোবর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


তবে পরিবারের অভিযোগ, ঘটনার এত দিন পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সন্দেহভাজনদের বিষয়ে তথ্য দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা নেওয়া হয়নি। বরং অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ময়নাতদন্তের প্রতিবেদনও পরিবারের হাতে পৌঁছায়নি।


বাবা হত্যার বিচার চেয়ে তানিয়া আক্তার বলেন, ‘আমার বাবাকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার বাবাকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।’


তিনি আরও বলেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।


এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, ‘মামলার কার্যক্রম এখনো চলমান রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।’


পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহে চার লাখ টাকা দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের কাজ নয়, ফরেনসিক বিভাগের কাজ। এ বিষয়ে তারাই বলতে পারবেন। আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ করছি। তদন্তের কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’


বামে জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ডানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। অন্যদিকে, অনুষ্ঠানটিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। 


বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, তারা মাগরিবের সময় মাইক বন্ধ রাখতে বলেন। এক পর্যায়ে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।


শাহিন মিয়া বলেন, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের ওপর ছাত্রদলের হামলার বিচার এখনো হয়নি। ওই ঘটনার বিচার হলে অ্যালামনাই অনুষ্ঠানে এমন ঘটনা ঘটানোর সাহস কেউ পেত না। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী ও লাইব্রেরিতে অধ্যয়নরতদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহনের দাবি জানান তিনি।


এদিকে, একই দিন প্রকাশিত এক বিবৃতিতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানায়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকেরা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশনা বন্ধ করেন। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।


বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা ছিল। এ ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। সংগঠনটি সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানায়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, আজকের ঘটনার বিষয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অনুষ্ঠানগুলো কীভাবে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও পরিকল্পনা করে অনুমতি দেওয়া হবে।

‎

এই ঘটনায় গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মায়ের জীবন বাঁচাতে এবং চিকিৎসাক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদারের মা। মায়ের জীবন বাঁচাতে এবং চিকিৎসাক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন এই শিক্ষার্থী।


​পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছেন বিজয়ের মা। মায়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৬টি কেমোথেরাপি, একটি সার্জারি এবং ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ এই লড়াইয়ে পরিবারের আর্থিক সামর্থ্য এখন সম্পূর্ণ নিঃশেষ। এখন অর্থ অভাবে চিকিৎসা ব্যবস্থা থমকে গেছে।


​চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের সুস্থতা নিশ্চিত করতে বর্তমানে আরও ১১টি টার্গেটেড থেরাপি দেওয়া প্রয়োজন, যার আনুমানিক খরচ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।


​অসহায় শিক্ষার্থী বিজয় মজুমদার বলেন, ‘অর্থের অভাবে যেন আমার মায়ের চিকিৎসাসেবা বন্ধ হয়ে না যায়। একজন সন্তান হিসেবে মাকে সুস্থভাবে ফিরে পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমার মা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন।’


​সহযোগিতা পাঠানোর মাধ্যম:
মায়ের চিকিৎসায় সহায়তা করতে সরাসরি আর্থিক অনুদান পাঠানো যাবে নিচের মাধ্যমগুলোতে—
​বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
​ব্যাংক হিসাব (Dutch Bangla Bank):
​A/C Number: 1171030815230 (জয় মজুমদার)