• প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৮ পিএম

'মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব-নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা।’—এমন মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, ওয়েবিনার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে।’ তিনি আরও বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। ময়মনসিংহ বিভাগে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে। শিক্ষাজীবন শেষেও এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন


র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।


র‌্যালি শেষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলির রচিত ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা’ গ্রন্থটি ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। ঐতিহাসিক এ প্রকাশনাকে স্মরণ করে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালন করা হয়। হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক ও নিরীক্ষকসহ হিসাববিজ্ঞান পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতেই দিবসটি উদ্‌যাপন করা হয়।




খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৯ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি-২০২৭ তারিখে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশ করা হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠিসহ বাক্স উদ্ধার, মিলল রহস্যময় বার্তা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাদা ব্যাগে মোড়ানো লাল প্লাস্টিকের বাক্স থেকে ফুল ও চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মিসক্রিয়েন্ট’ উল্লেখ করে দেওয়া হয় রহস্যময় বার্তা।


সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ থেকে বাক্সটি উদ্ধার করে পুলিশ।


‘নভেম্বর রেইনের শুভেচ্ছা’ জানিয়ে চিঠিতে লেখা ছিল, ‘২৪ এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধ বিরোধীতাকারী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাথা। যে দলেরই হোক না কেন দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টমেটাম দেওয়া হল।’


চিঠিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকে false sample দিলাম সামনের দিন সামনা সামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্থ করবেন না। Its your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম। বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মত আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’ ‘Its coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে’, বলেও হুমকি দেওয়া হয় চিঠিতে।


এ বিষয়ে জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষ শাহ শামীম আহমেদ কালবেলাকে বলেন, আমি আজ ছুটিতে আছি। আমি ঢাকার বাইরে ছিলাম। এইমাত্র ঢাকায় ঢুকতেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম গিয়েছিল, একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা উল্লেখ করে কিছু লেখা রয়েছে।’


চিঠির তথ্য ও পরবর্তী করনীয় জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি গোপনীয়তার রক্ষার্থে বলা যাবে না। আমরা একটা জিডিতে নোট দিয়ে রাখব।’


বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ এএম

বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষায় সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করেন তারা।


সোমবার (৯ নভেম্বর) সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের মাইক্রোইকোনমিকস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ আসেনি। তিনি বলেন, দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে প্রশ্নপত্র পড়তেও সমস্যা হচ্ছিল। বিশেষ করে যাদের চোখে সমস্যা রয়েছে, তাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্ধকারে পড়ার কারণে অনেকের মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত সেই আলোতেই পরীক্ষা দিতে হয়েছে।


একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তার আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে প্রশ্নপত্র পড়তে সমস্যা হচ্ছিল। বিষয়টি শিক্ষককে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।


সামিয়া আরও বলেন, দুপুর দেড়টার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। প্রশ্নপত্র পড়ার পাশাপাশি ক্যালকুলেটরে হিসাব করতেও সমস্যা হচ্ছিল। পরীক্ষার্থীরা বারবার অভিযোগ জানানোর পর একপর্যায়ে শিক্ষক নিজের মুঠোফোনের আলো জ্বালিয়ে দেন। তবে তাতেও পর্যাপ্ত আলো পাওয়া যায়নি। পরে মোমবাতির ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরম ও অন্ধকারের কারণে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে।


শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও শুরুতে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়নি। ফলে প্রশ্নপত্র পড়া, হিসাব করা ও উত্তর লেখায় সমস্যায় পড়তে হয়েছে তাদের।


এ ধরনের পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।


এ বিষয়ে জানতে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আটক শিক্ষার্থী রেজওয়ান আহমেদ।

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস। সেখানে পার্ক করে রাখা দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদল। 


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে তারা জানতে পারেন, দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।


ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহ্‌মাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ওই সময় সেকেন্ড গেইটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি আমরা ক্যাম্পাসে ওই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করবো। এছাড়াও সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে আমরা পুলিশে যোগাযোগ করেছি।


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪০ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।


একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।


তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।


অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ইউজিসি।


এর আগে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫২ পিএম

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৌকা মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে কালবেলা । ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলে সংবাদকর্মীদের সতর্ক করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। তার বক্তব্যের পর একই দিন সংবাদটির শিরোনাম সংশোধন করে ভিডিওটিকে ভুয়া বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।


রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে কালের কণ্ঠে ‘বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৌকা মিছিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 


এতে দাবি করা হয়, ওই দিন সকালে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ভিডিওতে জবি নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।


তবে ভিডিওতে দেখানো স্থানটি বুড়িগঙ্গা নদী নয় বলে দাবি করেন জবি ছাত্রদল নেতা সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য ও ভিডিও যাচাইয়ের আহ্বান জানান।


সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, "মিছিল কে কেন্দ্র করে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সংবাদ কর্মীদের সচেতনভাবে সংবাদ প্রকাশ করার আহ্বান। আজকে খেয়াল করে দেখলাম অনেক সংবাদপত্র জবি ছাত্রলীগ বুড়িগঙ্গায় মিছিল করেছে এরকম নিউজ করেছে, ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেই দেখা যায়  এটাতো বুড়িগঙ্গা নদী নয়ই বরং কোন ছোট খাল হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন এটাই আমার প্রত্যাশা।"


পরাগের পোস্টের পর একই দিন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে কালবেলা তাদের প্রকাশিত সংবাদের শিরোনাম সংশোধন করে ‘বুড়িগঙ্গায় ছাত্রলীগের নৌকা মিছিলের ভিডিওটি ভুয়া’ করে। সংশোধিত প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া। কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানেও বিষয়টি নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করা হয়।


প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী বার্তা দেওয়ার দাবি করা হয়েছিল। তবে কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানে ভিডিওটির ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।


এদিকে ভিডিওটির স্থান নিয়ে পরাগের আগাম আপত্তি এবং পরবর্তী সময়ে কালবেলার ফ্যাক্ট চেকের মাধ্যমে ভিডিওটি ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের আগে তথ্য ও দৃশ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি আবারও সামনে এসেছে।