মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সম্মেলনের প্রথম দিনেই প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিজিওনাল ইরাসমাস প্লাস ক্লাস্টার মিটিং অ্যান্ড কন্টাক্ট-মেকিং সেমিনার ফর এশিয়া, দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬’। ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসান।
সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও গতিশীলতা সমন্বয়ক মশিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক।
সম্মেলনের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে মশিউর রহমান বলেন, ‘প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। পাশাপাশি নতুন অংশীদার খুঁজে বের করা এবং শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করাও এ আয়োজনের লক্ষ্য।
মশিউর রহমান জানান, সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনার পাশাপাশি ভবিষ্যতে যৌথ প্রকল্প গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। এসব আলোচনাকে পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার চেষ্টা করা হবে।
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা এবং একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন ২০২৭ উপলক্ষে নোবিপ্রবিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি তৃতীয় সমাবর্তনের নতুন তারিখ ২১ তারিখ ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সমাবর্তনের পূর্বের ঘোষিত তারিখ (২৪ জানুয়ারি) সরকার ঘোষিত শব-ই বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ পূণ:নির্ধারণ করে দেয়া হয়েছে।
আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় উল্লেখিত সময় ও তারিখে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে এবারের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে একটি ইউনিট হিসেবে গণ্য করে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক প্রদান করা হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষকে যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক এবং অতিথিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, নোবিপ্রবি এ আয়োজনে সমাবর্তনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও নোবিপ্রবির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য ড. গোলাম রব্বানী নোবিপ্রবির ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৪,২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানান। সভায় নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে তিন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন তিন বিভাগের তিন শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চারুকলা অনুষদের উদ্যোগে এবং মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ইনকিলাবের সৌজন্যে এ নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কেবল শিক্ষার্থী নন, তারা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাদের মধ্যে থাকা শিল্পীসত্তার বিকাশ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পকর্ম মানুষের ভাবনা, ইতিহাস, সংস্কৃতি ও অর্জনকে সহজে প্রকাশ করতে পারে। তাই শিল্পী ও শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং শিল্পচর্চার অনুকূল পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশের মানুষ চারুকলা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার কথা স্বতন্ত্রভাবে বিবেচনা করে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহ্যকে শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রশাসন কাজ করছে।
চারুকলা অনুষদের অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানেও চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও অনুষদটির সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চারুকলার বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে বিকশিত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জাতির গুরুত্বপূর্ণ অর্জন ও ঐতিহাসিক ঘটনাবলিকে শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারণ করতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে জাতীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলবেন এবং জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় তিন বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগ থেকে সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ থেকে দেবব্রত ভৌমিক নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতীকী ছবি
স্বাধীন বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)'।
সময়ের পরিক্রমায় অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ৪৮তম বছরে পদার্পণ করেছে ইবি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় আলোক প্রোজ্জ্বলসহ বিভিন্ন কর্মসূচির পালনের মাধ্যমে দিনটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপাচার্য ও উপ-উপচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে প্রশাসন ভবনে কেক কাটা হয়। এছাড়া জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসির বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে ধূমপান এবং পরবর্তী সময়ে হাতাহাতি ও মারামারির ঘটনায় ৫২তম ও ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় উভয় পক্ষই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়ে বিচার ও তদন্তের দাবি জানিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে ৫৩তম ব্যাচের (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) সাতজন শিক্ষার্থী আমিনুল ইসলাম নিলয়, জিসান আহমেদ, আয়েশা সোহা তন্নিমা, জান্নাতুল মাওয়া শ্যামন্তী, ইলমা রহমান, সানজানা এবং ৫৪তম ব্যাচের সামিহা সাদাফ দাবি করেন, ৪৯তম ব্যাচের কনসার্টে (হাসান আর্ক) তারা অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, তাদের পেছনে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল) ও সোয়াদ (বাংলা) এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন শিক্ষার্থী বারবার ধূমপান করছিলেন এবং তাদের দিকে ধোঁয়া ছাড়ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ধূমপান করতে নিষেধ করলে তৃতীয় দফায় পরিচয় জানতে চাওয়া হয় এবং একপর্যায়ে জিসান আহমেদ (আইআর-৫৩) ও শাহরিয়ার দিহান, জিহাদ, সোয়াদসহ ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। পরে ৪৯তম ব্যাচের আয়োজক কমিটির সদস্যরা বিষয়টি সমাধান করেন এবং কনসার্ট শেষে আলোচনার কথা বলেন।
৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্টের মাঝে ক্যাফেটেরিয়ায় খাবার কিনতে গেলে এবং পুনরায় কনসার্টের দিকে যাওয়ার পথে সিঁড়ির নিচে পুনরায় তাদের সঙ্গে দেখা হয়। তখন শাহরিয়ার দিহান, জিহাদ ও সোয়াদসহ ৫২তম ব্যাচের কয়েকজন কথা বলতে চান এবং একপর্যায়ে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।
অভিযোগে দাবি করা হয়, এ সময় শাহরিয়ার দিহান (রসায়ন-৫২) পেছন থেকে নিলয়কে (আইআর-৫৩) হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দেন। এছাড়া মারামারির মধ্যে গিয়ে সামিহা সাদাফ (আইআর-৫৪) সিঁড়ির ওপর থেকে পড়ে চোখে আঘাত পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, আহতদের মধ্যে নিলয়ের মাথা ফেটে যায় এবং জাবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সিটি স্ক্যানের জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়; তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় জিসানকে অক্সিজেন দিয়ে এনাম মেডিকেলে পাঠানো হয় এবং এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়। সামিহা সাদাফকে চোখের ড্রপ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২১ নভেম্বর দিবাগত রাত ৪টা ১০ মিনিট পর্যন্ত চিকিৎসাবাবদ ৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।
অন্যদিকে, ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া আরেকটি আবেদনে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল), সোয়াদ (বাংলা), আবরার (ফিন্যান্স), শামীম (সিএসই) ও সায়েম (সিএসই) কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
তাদের আবেদনে বলা হয়, ৪৯তম ব্যাচের কনসার্টে গেলে ৫৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ঝামেলা হয়। পরে আয়োজক কমিটির সদস্যরা পরিস্থিতি শান্ত করেন এবং ৫২তম ব্যাচের জহির (আইআর-৫২) সমাধানের আশ্বাস দেন।
৫২তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্ট ব্রেকে ক্যাফেটেরিয়ার সামনে গেলে তাদের দেখে ডাক দেওয়া হয় এবং সিঁড়ির ওপর কথা বলার সময় দিহান কথা বলতে গেলে নিলয় তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। একপর্যায়ে জিসানসহ ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং হাতাহাতি ও পাল্টা আক্রমণে উভয় পক্ষেই কয়েকজন আহত হন। তারা ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের চেষ্টা করা হবে। তদন্তের ভিত্তিতে সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদরাসার শিশুদের মধ্যে খাবার বিতরণে জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শতাধিক মাদরাসার শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।
শনিবার (২১ নভেম্বর) পুরান ঢাকার ওয়ারীতে লালচাঁন মুকিম লেনে অবস্থিত তানফীজুল উলুম মাদরাসায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, শিশুদের প্রতি আমাদের নেতার বিশেষ স্নেহ ও মমত্ববোধ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তার নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশায় আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি, জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ ও মানবিকতা নিহিত। শিশুদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে চাই। সবার কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া চাই।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন উদ্যাপনের এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই, প্রতিটি বিশেষ দিন মানুষের কল্যাণে কোনো না কোনো ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে উদ্যাপিত হোক। শাহরিয়ারের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহদী হাসান হিমেল বলেন, আমাদের নেতার জন্মদিন কেবল আনুষ্ঠানিক উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার উপলক্ষ হিসেবে দেখতে চাই। শাহরিয়ারের শিশুদের মুখে হাসি ফোটানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী, মোজাম্মেল মামুন ডেনি এবং জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব, মোবায়দুর রহমান, ইমু রহমান, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ও আকাশ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।