জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। ছবি: সংগৃহীত
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এই তথ্য অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এবার স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করলেন জাহের আলভী নিজেই। বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন এই অভিনেতা। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।
পোস্টে অভিনেতা লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম । খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
শিগগিরই ঢাকায় ফিরে এ নিয়ে কথা বলবেন জানিয়ে তিনি লেখেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।’
পোস্টের শেষাংশে তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা।
বিপাশা বসু
দীর্ঘ কয়েক বছর পর্দার আলো থেকে নিজেকে দূরে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। এবার সেই বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। তবে বড়পর্দার কোনো সিনেমা দিয়ে নয়, ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের মাধ্যমে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হানসল মেহতার নতুন ওয়েব সিরিজ ‘বারাবাঁকি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিপাশাকে। ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ সিরিজে অভিনয়ের পর এটিই হতে যাচ্ছে তার বড় কোনো প্রজেক্ট। ফলে প্রায় ছয় বছর পর অভিনেত্রীর প্রত্যাবর্তন ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
হানসল মেহতার ‘বারাবাঁকি’ নির্মিত হচ্ছে সাবেক আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা ‘দ্য বারাবাঁকি নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নটোরিয়াস ড্রাগ কার্টেল’ বই অবলম্বনে। আশির দশকের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিরিজটির গল্প।
সে সময় বারাবাঁকিতে শক্তিশালী হয়ে উঠেছিল কুখ্যাত আফিম ব্যবসা ও মাদক কার্টেল। সেই চক্রের বিরুদ্ধে এক দূরদর্শী পুলিশ কর্মকর্তা ও তার দলের পরিচালিত অভিযান ঘিরেই এগোবে সিরিজের কাহিনি। বাস্তব ঘটনা, অপরাধজগতের অন্ধকার দিক এবং টানটান উত্তেজনায় সাজানো হবে ‘বারাবাঁকি’।
জানা গেছে, সিরিজটির গল্পের প্রাথমিক ধারণা শোনার পরই অভিনয়ের বিষয়ে সম্মতি দেন বিপাশা। এই সিরিজের মাধ্যমে প্রথমবার হানসল মেহতার সঙ্গে কাজ করছেন তিনি। গল্পে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত।
চরিত্রের প্রয়োজনে নিজের লুকেও পরিবর্তন এনেছেন বিপাশা। নতুন সাজ ও ভিন্ন অবতারে তাকে পর্দায় দেখা যাবে। তবে তার চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফলে বিপাশার চরিত্র ঘিরে দর্শকের জন্য বিশেষ চমক রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে মুম্বাইয়ে গোপনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বিপাশা বসু ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশাল জেঠওয়া ও সানি কৌশল।
এর আগে ‘স্ক্যাম ১৯৯২’, ‘স্কুপ’ ও ‘স্ক্যাম ২০০৩’-এর মতো আলোচিত ওয়েব সিরিজ নির্মাণ করেছেন হানসল মেহতা। বাস্তব ঘটনা ও নির্ভরযোগ্য গল্প বলার জন্য তার নির্মাণ নিয়ে দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। এবার তার পরিচালনায় বিপাশা বসুর দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন-সব মিলিয়ে ‘বারাবাঁকি’ নিয়ে এরই মধ্যে বলিউডে তৈরি হয়েছে কৌতূহল।
পরীমনি
সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া ছবিতে তার কোলে দেখা যায় এক সদ্যজাত শিশুকে।
ছবিটির সঙ্গে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে কি তৃতীয় সন্তানের মা হলেন পরীমনি? নাকি আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী- এমন প্রশ্নই ঘুরছে সামাজিক মাধ্যমে। শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার রয়েছে আলাদা টান। বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন পরীমনি।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালীন তাদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করছেন পরীমনি। এরপর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তান নিয়েই পরীমনির ব্যস্ততা। অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করেন তিনি। সামাজিক মাধ্যমেও নিয়মিত সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে।
এদিকে সোমবারের ছবিতে পরীমনিকে দেখা যায় গাড়ির ভেতর রোদচশমা পরা অবস্থায়। তার কোলে থাকা সদ্যজাত শিশুটিকে নিয়েই মূলত শুরু হয়েছে নতুন আলোচনা। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের অভিনন্দন ও নানা প্রশ্ন জমতে থাকে।
শিশুটির পরিচয় এবং ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের রহস্য জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে শিশুটিকে ঘিরে রহস্য আরও বেড়েছে।
সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন, পরীমনি হয়তো নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, ছবির শিশুটি হয়তো তার পরিচিত কারও সন্তান। তবে শিশুটির পরিচয় কিংবা ছবির প্রকৃত প্রেক্ষাপট এখনো নিশ্চিত নয়।
পরীমনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফলে এখন সবার অপেক্ষা, ‘তিন নাম্বার জন’ নিয়ে আসলে কী বলতে চেয়েছেন পরীমনি, সেটি কবে নিজেই পরিষ্কার করেন তিনি।
দেব ও শুভশ্রী
‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের টাকি থেকে নিজের কয়েকটি ছবি পোস্ট করে এভাবেই ক্যাপশন দিয়েছিলেন দেব। পশ্চিমবঙ্গের এই নায়ক ও প্রযোজক বাংলাদেশেও বেশ জনপ্রিয়।
ছবিগুলোতে এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় তিন লাখ। অনেক বাংলাদেশি দর্শকও মন্তব্যের ঘরে দেবকে শুভকামনা জানিয়েছেন। কেউ আবার মনে করিয়ে দিয়েছেন ‘বুনোহাঁস’ সিনেমার কথা। দেব অভিনীত সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছিল বাংলাদেশে। তবে দেব এবার আলোচনায় শুভশ্রীর সঙ্গে নতুন সিনেমা নিয়ে। একসময় ব্যক্তিগত জীবনেও সম্পর্কে থাকা এই তারকা জুটি একসঙ্গে ১২ বছর পর নতুন সিনেমা করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেশু ৭’–এর টিজার মুক্তির পরই সাড়া ফেলেছে।
১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি ফিরেছে দেব-শুভশ্রী জুটির পুরোনো রোমান্স। দেব ও শুভশ্রী ছাড়াও টিজারের বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। বড় চুল, চোখে রোদচশমায় ‘ভিলেন’ অনির্বাণের লুক প্রশংসা কুড়িয়েছে। বছরখানেক ধরে টালিউডে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্য এ সিনেমা দিয়েই নতুনভাবে ফিরছেন।
টিজারের পর সিনেমাটির প্রথম গান ‘তোর শুধু তোর’–এর টিজারও এসেছে গত শনিবার। গানের টিজার শেয়ার করে দুই তারকা লিখেছেন, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ ক্যাপশনের এ দুটি লাইন যেন বলে দিচ্ছে অনেক কিছু। অনেকে মন্তব্যের ঘরে দুই তারকার সম্পর্কের কথাও লিখেছেন।
২০০৯ সালে রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় দেব ও শুভশ্রীর জুটি। এরপর টানা কয়েকটি হিট সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ২০১৩ সালে খোকা ৪২০ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে।
‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ অক্টোবর।
জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: ইন্সটাগ্রাম
‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিজয়ীর নাম ঘোষিত হলো। ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস হলেন ৭৩তম মিস ওয়ার্ল্ড। শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এবার প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।
বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতক মোলা শুধু ফ্যাশন ও মডেলিং জগতেই সফল নন। তিনি একাধারে সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষিকা, পেশাদার মডেল এবং সংবাদ জগতের সঙ্গেও যুক্ত। তিনি ‘ভয়েস অব টুমরো’ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
এই প্রতিষ্ঠান আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষার শিক্ষা ও তাদের সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছে। জোহেইরি মোলা এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন সামাজিক কাজ, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন। এ বছর মিস ওয়ার্ল্ডের আয়োজন বসে ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে।
মিস ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লে প্রতিযোগিতাটির সূচনা করেন। প্রতিযোগীদের কয়েকটি ধাপে যাচাই করা হয়।
এবারের আসরে মোট ১১১ জন প্রতিযোগী ছিলেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া– এই চার মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়।
চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে নিজ মহাদেশে প্রাথমিকভাবে সেরা ছয়ে থাকলেও ফাইনালের সেরা চল্লিশে জায়গা পাননি।
প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নিকিতা পোরওয়াল। তবে তিনি সেরা ২০-এর তালিকায় স্থান পেতে ব্যর্থ হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে তানজানিয়া।
সূত্র: বিবিসি
সালমান শাহ ও শাবনূর
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন একসময়ের ঢালিউড কুইন শাবনূর। রোববার বাংলাদেশ সময় দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন তিনি।
শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’
সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার স্মৃতি নিজের হৃদয়ে এখনো অমলিন-এমনটাই জানিয়েছেন শাবনূর। পর্দার প্রিয় রাজপুত্র ও দর্শকের স্বপ্নের নায়ক সালমান শাহ আজও স্মৃতি ও ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
শাবনূরের ভাষায়, সালমান শাহর অকালপ্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময়ের সঙ্গে প্রজন্ম বদলেছে, কিন্তু তার জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া দর্শকের হৃদয়ে এখনো একইভাবে জীবন্ত।
সালমানকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু সে সময় পুরো দেশের চলচ্চিত্রপ্রেমীদের স্তব্ধ করে দিয়েছিল। মৃত্যুর ৩০ বছর পরও কমেনি এই অভিনেতার জনপ্রিয়তা।
মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ও ‘আনন্দ অশ্রু’র মতো একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি।
সালমান শাহর মৃত্যুর তিন দশক পরও নতুন প্রজন্মের কাছেও তার জনপ্রিয়তা অটুট। তার পোশাক-পরিচ্ছদ, মাথার ব্যান্ডেনা, চোখের সানগ্লাস, বাইক, কালো ঘন চুল ও মায়াবী হাসি-সবকিছুই এখনো তাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখে। সময় পেরিয়ে গেলেও তাই দর্শকের ভালোবাসায় আজও অমর হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক।
দীপা খন্দকার
অভিনয়জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসায় আলাদা জায়গা করে নিয়েছেন দীপা খন্দকার। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছেন এই অভিনেত্রী। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ফেসবুকে দীপা খন্দকার লিখেছেন, ‘কারও মনে কষ্ট দিয়ে থাকলে, কারও স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক।’
দীপার এই পোস্টের পর থেকেই নানা আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এমন কথা লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অভিনয়ের শুরু থেকেই গল্প ও চরিত্র গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন দীপা। ক্যারিয়ারের এই পর্যায়েও নিয়মিত নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
‘কর্মফল’ নাটকে প্রচলিত ঘরানার বাইরে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দীপাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আ খ ম হাসান।
এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন দীপা খন্দকার। চরিত্রটি দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে।
একই পরিচালকের নতুন ধারাবাহিক নাটকেও কাজ শুরু করতে যাচ্ছেন দীপা। আজ (৬ সেপ্টেম্বর) রোববার বিকেলে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে ধারাবাহিকটির শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।