কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার দলীয় প্রতীকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আজ রোববার (৫এপ্রিল) নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
হিরো আলম বলেন, ‘আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে।’
তিনি আরও বলেন, ‘এখনো আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করবো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে।’
নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবো।’
কোন দল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন জাননে চাইলে হিরো আলম বলেন, ‘বেশ কয়েকটা দলের সঙ্গেও আমার আলোচনা চলছে। আমি চাই, জনগণের পাশে থেকে কাজ করতে। তাদের আস্থা অর্জন করতে।’
এর আগে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।
এশা দেওল
আবার সিনেমায় দেখা মিলতে যাচ্ছে নন্দিত বলিউড অভিনেত্রী এশা দেওলের। দীর্ঘ বিরতির পর এবার তাঁকে দেখা যাবে ‘প্রতাপ’ নামে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন পুনম নামের এক নারী চরিত্রে। যে বলবে জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার গল্প। এরই মধ্যে ছবিতে এশা অভিনীত ‘পুনম’ চরিত্রের চেহারা প্রকাশ করেছেন নির্মাতারা। এ তথ্যের পাশাপাশি আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল ২৬ অক্টোবর আসছে ‘প্রতাপ’ সিনেমার ঝলক; এরপর ট্রেলার।
সর্বশেষ আগামী ২০ নভেম্বর সিনেমাটি বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ‘প্রতাপ’ সিনেমায় এশা দেওলের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া, দুষ্মন্ত ওয়াগ প্রমুখ।
‘প্রতাপ’ সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেত্রী এশা দেওল নিজে। তাঁর কথায়, বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য এমন একটি সিনেমার প্রতীক্ষায় ছিলেন তিনি। দেড়িতে হলেও কাঙ্ক্ষিত গল্প ও চরিত্র দিয়ে অভিনয়ে ফিরতে পারায় অন্য রকম এক ভালো লাগা কাজ করছে। এই সিনেমার বড় শক্তির জায়গা হলো এর গল্প। যেখানে দেখা যাবে, পুনম নামের এক নারীর কাছে তার পরিবারই সব। তার জীবন গড়ে উঠেছে এমন এক মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করে। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুনমকে, যা তার দীর্ঘদিনের ধারণা ও বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়।
তখন নিজের পথ নিজেকে খুঁজে নিতে হয়। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি জন্ম দেয় নানা নাটকীয়তার। আর এ সব কিছু মিলিয়ে এই সিনেমাটি হয়ে উঠেছে তাঁর অভিনয় ক্যারিয়ার ব্যতিক্রমী একটি কাজ। যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, একুশ শতকের শুরুতে বলিউডে যে কজন সম্ভবনাময়ী অভিনেত্রীর দেখা মিলিছে এশা দেওল ছিলেন তাদের অন্যতম একজন। ‘কোই মেরে দিল ছে পুছে’ থেকে শুরু করে ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিলনে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘সাদি নাম্বার ওয়ান’, ‘পেয়ারে মোহন’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা এক জায়গা করে নিয়েছিলেন।
এরপরও বলিউডে দীর্ঘ সময় রাজত্ব করার সুযোগ হয়নি তাঁর। বিয়ে, ঘর-সংসার আর পারিবারিক কারণে অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। অবশেষে সিনেমায় ফিরছেন আরও পরিণত অভিনয় তুলে ধরার প্রয়াসে।
পরীমণি
জন্মদিন মানে পরীমণির কাছে বিশেষ এক অনুভূতি। তবে এবার সেই আনন্দ যেন একটু বেশিই। কাছের মানুষদের ভালোবাসা, শিউলি ফুলে সাজানো আয়োজন আর নতুন কাজের খবর—সব মিলিয়ে জন্মদিনের মুহূর্তগুলো উপভোগ করেছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। আনন্দের মুহূর্ত দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা।
শনিবার রাতে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘মুহূর্তটা আমি একা একা খুশি ধরে রাখতে পারি না। আমার মনে হয়, চিৎকার করে পুরো পৃথিবীকে জানাই—আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। এই যেমন আজকে আমি অনেক খুশি।’
বয়স বাড়ার সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বাড়ছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার কাছে বয়সের সংখ্যা নয়, বরং জীবনে অর্জিত অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। জন্মদিনের আনন্দের মধ্যেও সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন তিনি।
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা
জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমা ‘ফারজানা’-এর পোস্টার উন্মোচন করা হয়। এটি নির্মাণ করছেন পরিচালক তারেক রহমান। সিনেমাটি নিয়ে অভিনেত্রী জানান, এটি অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল। প্রায় ছয় মাস আগে কাজটির লুক নির্ধারণ করা হয়েছিল। পরে বিস্তারিত কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা সামনে আসে। বিশেষ করে শিডিউল জটিলতার কারণে শুটিং এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।
পরীমণি বলেন, ‘এটা প্রায় ছয় মাস আগে লুক সেট করেছিলাম। তারপরে ডিটেলসে আমরা যখন কাজে যাচ্ছিলাম, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। শিডিউল, শিডিউল—সবকিছু মিলে শুটিংয়ে ওভাবে যাওয়া হচ্ছিল না।’
এত দিন কাজটি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে বিষয়টি জানানোর উপযুক্ত সময় মনে হয়েছে তার। পরীমণির ভাষ্য, ‘এবার মনে হয়, এটাই অনেক সুন্দর একটা সময়, যেখানে আমি একটা সুন্দর কাজ নিয়েও কথা বলতে পারি।’
কাজটির শুটিং প্রায় শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাকি অংশ শেষ করে সম্প্রতি দর্শকের সামনে আনার পরিকল্পনা রয়েছে।
কেক কাটলেন না পরীমণি
জন্মদিনের আয়োজন এবার কেক কাটলেন না পরীমণি। এর পেছনে রয়েছে তাঁর প্রয়াত নানার স্মৃতি। একসময় যার হাত ধরে কেক কাটতেন, সেই মানুষটি এখন আর তাঁর পাশে নেই। তাই তাকে ছাড়া কেক কাটার বিষয়টি পরীমণির কাছে আনন্দের নয়।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি যে মানুষটার হাত ধরে কেক কাটতাম, সে মানুষটা ছাড়া আমি তো আসলে কেক কাটা ভুলে গেছি।’
শিউলি ফুলে সাজানোর স্বপ্ন
জন্মদিনের সাজসজ্জায় শিউলি ফুলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন পরীমণি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো শিউলি ফুল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছার কথা শুনে চট্টগ্রাম থেকে একজন তাঁর জন্য বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন।
পরীমণি বলেন, ‘শিউলি ফুলটা এমন যে চার-পাঁচ ঘণ্টাও ঠিকমতো রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফুল পাঠিয়েছে, ফ্লাইটে। তো সেই ফুলটা আমি আসলে পুরোটা ইউজ করতে পারিনি, যদিও কিছু কিছু ইউজ করেছি।’
ভালোবাসার জন্য কৃতজ্ঞ
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরীমণি। শুরু থেকেই যারা তাঁর পাশে থেকেছেন, তাঁকে ভালোবেসেছেন ও আশীর্বাদ করেছেন, তাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
পরীমণি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। কারণ শুরু থেকে সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন—সবকিছুতে সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছেন। সেই ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ রইলাম।’
ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চান এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ আমি আসলে আপনাদের সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। তো দোয়া করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর কাজে আপনাদের যেতে পারি।’
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। কে বা কারা কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে স্বামীর গাড়িতে গুলির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি জানিয়েছেন, এ ঘটনার পেছনে কাউকে সন্দেহ করার মতো কোনো কারণ তাদের জানা নেই।
শনিবার সকাল ১০টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমা আসিফ মিতু বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’
কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।’
সালমা আসিফ মিতু আরও বলেন, ‘আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারের বিশাল সেন্টারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ভবনটির সামনে তার ব্যক্তিগত গাড়ি পার্ক করা ছিল। ভোরের দিকে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় আসেন। সেখানে রাখা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছুড়ে পালিয়ে যান তিনি।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনের পর গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরীমণি
একসময় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ঘিরে থাকত তারকাখচিত বর্ণাঢ্য আয়োজন। অভিজাত পাঁচতারা হোটেলে আলোকসজ্জা, ব্যতিক্রমী থিমে সাজানো অনুষ্ঠানস্থল, বিশেষ পোশাক আর কেক কাটার পর্ব-সব মিলিয়ে দিনটি পরিণত হতো উৎসবের উপলক্ষ। সহকর্মী ও তারকাদের উপস্থিতিতে জমে উঠত পুরো আয়োজন।
সময়ের পরিক্রমায় জন্মদিন উদযাপনের সেই চেনা ছবিতে এসেছে পরিবর্তন। এখন আর আগের মতো বড় পরিসরে উৎসব করার দিকে ঝোঁক নেই এই অভিনেত্রীর। ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে জন্মদিনের আনন্দ উদযাপনে আগের মতো আগ্রহ খুঁজে পাননি তিনি।
এবারও থাকছে না সেই চেনা জাঁকজমক; বরং কাছের মানুষদের নিয়ে এক সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। এবারের আয়োজনের নাম ‘শিউলিসন্ধ্যা’।
১৯৯২ সালের ২৪ অক্টোবর ভান্ডারিয়ায় জন্ম পরীমণির। তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি। শৈশবের বড় একটা সময় কেটেছে পিরোজপুরের নানাবাড়িতে। মাকে হারানোর পর নানা শামসুল হক গাজীর স্নেহে বেড়ে ওঠেন তিনি। জীবনের বিভিন্ন পর্যায়ে নানা ছিলেন তাঁর সবচেয়ে কাছের মানুষ। ফলে প্রিয় মানুষটির চলে যাওয়া পরীমণির জীবনে তৈরি করেছে গভীর শূন্যতা, যার প্রভাব পড়েছে জন্মদিন উদযাপনেও।
জন্মদিন এলে কী উপলব্ধি হয়-এমন প্রশ্নে পরীমণির বক্তব্য স্পষ্ট, ‘প্রতিবছরই জন্মদিন নতুন নতুন উপলব্ধি নিয়ে আসে। দিনটির সঙ্গে আমার আবেগের সম্পর্ক এখন অনেক গভীর। নানাকে হারানোর পর জন্মদিনে কেক কাটা কিংবা সবাইকে নিয়ে হইহুল্লোড় করার কথা আমার মাথায় আসেনি। জন্মদিনে এবার কোনো কেক কাটা হবে না। কাছের মানুষদের নিয়ে কিছুটা সময় কাটানোর ইচ্ছা রয়েছে। যারা আমার কাছের প্রিয় মানুষজন, তাদের নিয়ে একটুখানি একটা সন্ধ্যা তো কাটাতেই পারি। সেই ভাবনা থেকে ‘শিউলিসন্ধ্যা’ আয়োজনটি করেছি। আশা করছি সবার অংশগ্রহণে এটি সফল ও সার্থক হবে।’
শরতের শিউলি ফুলের আবহে প্রিয়জনদের সঙ্গে স্মৃতিচারণ, আড্ডা আর ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার আয়োজনটি আজ সন্ধ্যায় পূর্বাচলের একটি রেস্তোরাঁয় হবে বলে জানিয়েছেন পরিমণি। ঝলমলে জন্মদিনের পরিবর্তে কাছের মানুষদের নিয়ে সময় কাটানোর এই পরিকল্পনা পরীমণির জীবনের নতুন উপলব্ধিরই যেন প্রতিচ্ছবি।
এদিকে জন্মদিনের আগেই নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন পরীমণি। গিয়াসউদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁকে দেখা যাবে একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের চরিত্রে।
‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর আবারও গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় চার বছর পর কাজ করছেন পরীমণি। ৬০ মিনিটের ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। মুক্তির তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।
ব্যক্তিগত জীবনের ব্যস্ততার পাশাপাশি, নতুন চরিত্রে নিজেকে মেলে ধরার প্রস্তুতি-সব মিলিয়ে এবারের জন্মদিন পরীমণির কাছে অন্যরকম। উৎসবের জৌলুস কমলেও প্রিয়জনদের সান্নিধ্য আর নতুন কাজের ব্যস্ততায় দিনটি হয়ে উঠতে পারে স্মরণীয়। এমনটি মনে করেছেন চলচ্চিত্র জগতের অনেকেই।
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হামলার পেছনে তাঁর ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দিলজিত দোসানজে ও অমিতাভ বচ্চন
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এই অবস্থায় জুহুতে অমিতাভের বাড়ি ‘জলসা’র সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে মেইলে সরাসরি মুম্বাইয়ের মেয়রকেও হুমকি দেওয়া হয়েছে। মেয়র রিতু রাজেশ তাওড়ের কাছে শুক্রবার একটি হুমকির মেইল আসে।
সেইসঙ্গে হুমকি দেওয়া হয়েছে গায়ক-অভিনেতা দিলজিত দোসানজেকেও। ২৭ নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের অনুষ্ঠান হওয়ার কথা। হুমকি মেলে বলা হয়েছে, সেই অনুষ্ঠানে হামলা চালানো হবে। এসব হুমকির ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলিউডে।
হুমকি বার্তার পরিপ্রেক্ষিতে কড়া সতর্কবার্তা জারি করেছে মুম্বাই পুলিশ। এর আগে অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলা হয়েছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে ডিসিপি মণীশ কালওয়ানিয়া জানিয়েছেন, বিএএমসি-র কাছে একটি হুমকি মেইল এসেছে। মুম্বাইয়ের দাদরের স্কুলেও হামলার হুমকি এসেছে। তবে এই হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ভারতের একাধিক শহরে দিলজীতের অনুষ্ঠান করার কথা আগামী কয়েক দিনে। টাইগারের ওপর হামলার পরেই দিল্লিতে দিলজিতের অনুষ্ঠানের অনুমতি মেলেনি দিল্লি পুলিশের পক্ষ থেকে। জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই দিল্লিতে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না।
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। শুক্রবার সকালে বিমানবন্দরের নারীদের শৌচাগারে একটি চিরকুট পান এক পরিচ্ছন্নতাকর্মী। এতে ৩০ নম্বর গেটে বোমা রাখা আছে বলে লেখা ছিল। চিরকুটটি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
চিরকুট পাওয়ার পরপরই এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও বম্ব স্কোয়াডের দল বিমানবন্দরে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে, কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় যাত্রী ও বিমানবন্দরকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
উল্লেখ্য, ৮ অক্টোবর জুহু এলাকায় এক ফুটবল ক্লাব থেকে বের হচ্ছিলেন টাইগার। গাড়িতে ওঠার পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। টাইগার গুরুতর আহত হননি। কিন্তু তার গাড়ির চালক ও আর এক ব্যক্তির গুলি লাগে। ঘটনার পর থেকে ত্রাস ছড়িয়েছে মুম্বাইয়ের টিনসেল টাউনে।