• প্রকাশ : শুক্রবার ১২ জুন, ২০২৬, সময় : ২:৪৬ এএম
  • আপডেট : শুক্রবার ১২ জুন, ২০২৬, সময় : ২:৪৬ এএম

জাহ্নবী কাপুর

  • প্রকাশ : শুক্রবার ১২ জুন, ২০২৬, সময় : ২:৪৬ এএম

জাহ্নবী কাপুরের ক্যারিয়ারে ‘পেড্ডি’ এখন শুধু একটি বাণিজ্যিক সাফল্যের নাম নয়, বরং বিতর্ক, সমালোচনা এবং আত্মপক্ষ সমর্থনেরও এক বড় অধ্যায়। ছবিতে তাঁর চরিত্র আচিয়াম্মাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। 


নারীকে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন ও নায়িকার সীমিত উপস্থিতি—সব মিলিয়ে ছবিটি সমালোচকদের নিশানায়। ঠিক এমন সময়েই জাহ্নবী নিজেই ছবির একটি অপ্রত্যাশিত মুহূর্তের কথা তুলে ধরেছেন, যেটিকে তিনি ‘পুরো ছবির সবচেয়ে বাস্তব দৃশ্য’ বলে অভিহিত করেছেন।


বিতর্কের মধ্যেও ‘সবচেয়ে বাস্তব’ মুহূর্ত


ছবির প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত এক ভিডিওতে জাহ্নবী জানান, ‘হেল্লাল্লালো’ গানের শুটিংয়ের সময় একটি দৃশ্য একেবারেই পরিকল্পিত ছিল না। নাচের মাঝখানে সহশিল্পী রামচরণের শক্তি ও উপস্থিতিতে তিনি এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলেন যে কোরিওগ্রাফি ভুলে কিছুক্ষণ শুধু তাঁর দিকেই তাকিয়ে ছিলেন।


জাহ্নবীর ভাষায়, ‘আমি যেন মাঝপথে থেমে গিয়ে ভাবছিলাম, আমি আসলে কী করছি! সেই মুহূর্ত একেবারে স্বতঃস্ফূর্ত ছিল। পরে নির্মাতারা সেটি গানের মধ্যেই রেখে দেন।’ অভিনেত্রীর মতে, ক্যামেরার সামনে অভিনয় করতে গিয়ে অনেক সময় এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যা লেখা সংলাপ বা পরিকল্পিত অভিনয়ের চেয়ে বেশি সত্য ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাঁর কাছে সেই দৃশ্য ছিল তেমনই এক মুহূর্ত।


রামচরণের প্রতি মুগ্ধতা


শুধু ওই দৃশ্য নয়, পুরো ছবিতেই রামচরণের কাজের ধরন তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও জানান জাহ্নবী। বিশেষ করে একজন ক্রীড়াবিদের চরিত্রে অভিনয়ের জন্য রামচরণ যে শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে গেছেন, তা তাঁকে মুগ্ধ করেছে।


জাহ্নবী বলেন, অনেক অভিনেতা চরিত্রের প্রস্তুতি নিয়ে সেটে আলাদা গুরুত্ব পেতে চান। তাঁরা প্রায়ই জানান কী খেতে পারছেন না, কতটা কষ্ট করছেন বা কী ধরনের ত্যাগ স্বীকার করছেন। কিন্তু রামচরণ ছিলেন সম্পূর্ণ উল্টো। ‘তিনি কখনোই নিজের প্রস্তুতি নিয়ে বাড়াবাড়ি করেননি। তাঁর মনোভাব ছিল—আমি এই চরিত্রে অভিনয়ের দায়িত্ব নিয়েছি, তাই সর্বোচ্চটা দেব। তিনি চুপচাপ নিজের কাজ করেছেন,’ বলেন জাহ্নবী।  এই পেশাদারত্বই রামচরণকে অন্যদের থেকে আলাদা করে বলে মনে করেন জাহ্নবী।


বাবার শেখানো পাঠ


একই ভিডিওতে রামচরণও নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, তাঁর বাবা, দক্ষিণি তারকা চিরঞ্জীবী তাঁকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন।


রামের কথায়, ‘বাবা সব সময় বলেন, “একজন অসাধারণ অভিনেতা যদি শৃঙ্খলাহীন হন, তাহলে তাঁর পরবর্তী কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু একজন মাঝারি মানের অভিনেতা যদি খুব শৃঙ্খলাবদ্ধ হন, তাহলে তিনি আবারও কাজের সুযোগ পাবেন।”’


এই শিক্ষাই রামচরণ ক্যারিয়ারের প্রতিটি ধাপে অনুসরণ করার চেষ্টা করেছেন। পেড্ডি তাঁকে শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও আরও পরিণত করেছে বলে মনে করেন তিনি।


যে বিতর্ক থামছেই না


তবে ছবি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্য একটি বিষয়। মুক্তির পর দর্শকদের একাংশ অভিযোগ তোলেন, ছবিতে জাহ্নবীর চরিত্রকে অত্যধিকভাবে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে কয়েকটি দৃশ্যে নায়ক পেড্ডি আচিয়াম্মার প্রতি যে আচরণ করে, তা অনেকের কাছে রোমান্স নয়, বরং হয়রানি বা জবরদস্তি বলে মনে হয়েছে।


সবচেয়ে বেশি সমালোচিত হয় এমন একটি দৃশ্য, যেখানে নায়ক জোরপূর্বক নায়িকাকে চুম্বন করে। সমালোচকদের অভিযোগ, নির্মাতারা সেই দৃশ্যকে প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে উপস্থাপন করেছেন, যা আধুনিক দর্শকের কাছে অস্বস্তিকর। বিতর্ক বাড়তে থাকলে পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে ক্ষমা চান। তিনি স্বীকার করেন, কিছু দৃশ্য দর্শকদের আহত করেছে এবং সেগুলো সংশোধন বা বাদ দেওয়ার আশ্বাস দেন।


জাহ্নবীর অবস্থান


বিতর্কের মধ্যেই জাহ্নবী এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে ছবিতে তাঁর চরিত্রের উপস্থাপন নিয়ে দর্শকদের অনেক অভিযোগ যৌক্তিক। তিনি এটিকে নিজের প্রতি অসম্মান হিসেবে দেখেন কি না, সে প্রশ্নে সরাসরি কিছু না বললেও, আলোচনাটিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, তিনি একদিকে ছবির সাফল্য উদ্‌যাপন করছেন, অন্যদিকে দর্শকদের উদ্বেগও অস্বীকার করছেন না।


বক্স অফিসে ঝড়


সমালোচনা সত্ত্বেও ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। নির্মাতাদের দাবি অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৩৪৫ কোটি রুপি আয় করেছে। দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর ভারত ও আন্তর্জাতিক বাজারেও ছবিটি ভালো ব্যবসা করছে।


এই সাফল্য দেখিয়ে দিয়েছে, বিতর্ক কখনো কখনো একটি ছবির প্রতি দর্শকের কৌতূহলও বাড়িয়ে দেয়। তবে দীর্ঘ মেয়াদে একটি ছবির মূল্যায়ন হয় তার গল্প, চরিত্র এবং সামাজিক বার্তার ভিত্তিতে—এ কথাও মনে করিয়ে দিচ্ছেন সমালোচকেরা।




অভিনেত্রী আজমেরী হক বাঁধন

  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:৩০ পিএম

ইতালির ভেনিসে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ভেনিস শাখার কর্মী ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করা একদল যুবক তাকে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ভিডিওতে দেখা যায়, একদল যুবক বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে। এ সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার জন্য চাপ প্রয়োগ করে তারা। হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে।

ছবি: ভিডিও থেকে নেওয়া

এ ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। তিনি বলেন, ‘আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই। তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’


এ ছাড়া তার ভাইয়ের স্ত্রীকেও আঘাত করা হয়েছে বলে ভিডিও বার্তায় জানান বাঁধন।


তাকে দমানো এত সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাকে ‘জুলাই জঙ্গি’ বলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’


৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।

  • প্রকাশ : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ পিএম
  • আপডেট : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ এএম

এ সম্পর্কিত আরও খবর


বিপাশা বসু

  • প্রকাশ : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ পিএম

দীর্ঘ কয়েক বছর পর্দার আলো থেকে নিজেকে দূরে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। এবার সেই বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। তবে বড়পর্দার কোনো সিনেমা দিয়ে নয়, ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের মাধ্যমে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হানসল মেহতার নতুন ওয়েব সিরিজ ‘বারাবাঁকি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিপাশাকে। ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ সিরিজে অভিনয়ের পর এটিই হতে যাচ্ছে তার বড় কোনো প্রজেক্ট। ফলে প্রায় ছয় বছর পর অভিনেত্রীর প্রত্যাবর্তন ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


হানসল মেহতার ‘বারাবাঁকি’ নির্মিত হচ্ছে সাবেক আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা ‘দ্য বারাবাঁকি নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নটোরিয়াস ড্রাগ কার্টেল’ বই অবলম্বনে। আশির দশকের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিরিজটির গল্প।


সে সময় বারাবাঁকিতে শক্তিশালী হয়ে উঠেছিল কুখ্যাত আফিম ব্যবসা ও মাদক কার্টেল। সেই চক্রের বিরুদ্ধে এক দূরদর্শী পুলিশ কর্মকর্তা ও তার দলের পরিচালিত অভিযান ঘিরেই এগোবে সিরিজের কাহিনি। বাস্তব ঘটনা, অপরাধজগতের অন্ধকার দিক এবং টানটান উত্তেজনায় সাজানো হবে ‘বারাবাঁকি’।


জানা গেছে, সিরিজটির গল্পের প্রাথমিক ধারণা শোনার পরই অভিনয়ের বিষয়ে সম্মতি দেন বিপাশা। এই সিরিজের মাধ্যমে প্রথমবার হানসল মেহতার সঙ্গে কাজ করছেন তিনি। গল্পে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত।


চরিত্রের প্রয়োজনে নিজের লুকেও পরিবর্তন এনেছেন বিপাশা। নতুন সাজ ও ভিন্ন অবতারে তাকে পর্দায় দেখা যাবে। তবে তার চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফলে বিপাশার চরিত্র ঘিরে দর্শকের জন্য বিশেষ চমক রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।


এরই মধ্যে মুম্বাইয়ে গোপনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বিপাশা বসু ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশাল জেঠওয়া ও সানি কৌশল।


এর আগে ‘স্ক্যাম ১৯৯২’, ‘স্কুপ’ ও ‘স্ক্যাম ২০০৩’-এর মতো আলোচিত ওয়েব সিরিজ নির্মাণ করেছেন হানসল মেহতা। বাস্তব ঘটনা ও নির্ভরযোগ্য গল্প বলার জন্য তার নির্মাণ নিয়ে দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। এবার তার পরিচালনায় বিপাশা বসুর দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন-সব মিলিয়ে ‘বারাবাঁকি’ নিয়ে এরই মধ্যে বলিউডে তৈরি হয়েছে কৌতূহল।


পরীমনি

  • প্রকাশ : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:২৯ পিএম

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া ছবিতে তার কোলে দেখা যায় এক সদ্যজাত শিশুকে।


ছবিটির সঙ্গে পরীমনি ক্যাপশনে লেখেন, ‌‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’


এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে কি তৃতীয় সন্তানের মা হলেন পরীমনি? নাকি আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী- এমন প্রশ্নই ঘুরছে সামাজিক মাধ্যমে। শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার রয়েছে আলাদা টান। বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন পরীমনি।


চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালীন তাদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করছেন পরীমনি। এরপর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।


বর্তমানে দুই সন্তান নিয়েই পরীমনির ব্যস্ততা। অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করেন তিনি। সামাজিক মাধ্যমেও নিয়মিত সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে।


এদিকে সোমবারের ছবিতে পরীমনিকে দেখা যায় গাড়ির ভেতর রোদচশমা পরা অবস্থায়। তার কোলে থাকা সদ্যজাত শিশুটিকে নিয়েই মূলত শুরু হয়েছে নতুন আলোচনা। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের অভিনন্দন ও নানা প্রশ্ন জমতে থাকে।


শিশুটির পরিচয় এবং ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের রহস্য জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে শিশুটিকে ঘিরে রহস্য আরও বেড়েছে।


সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন, পরীমনি হয়তো নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, ছবির শিশুটি হয়তো তার পরিচিত কারও সন্তান। তবে শিশুটির পরিচয় কিংবা ছবির প্রকৃত প্রেক্ষাপট এখনো নিশ্চিত নয়।


পরীমনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফলে এখন সবার অপেক্ষা, ‘তিন নাম্বার জন’ নিয়ে আসলে কী বলতে চেয়েছেন পরীমনি, সেটি কবে নিজেই পরিষ্কার করেন তিনি।


দেব ও শুভশ্রী

  • প্রকাশ : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:০৯ এএম

‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের টাকি থেকে নিজের কয়েকটি ছবি পোস্ট করে এভাবেই ক্যাপশন দিয়েছিলেন দেব। পশ্চিমবঙ্গের এই নায়ক ও প্রযোজক বাংলাদেশেও বেশ জনপ্রিয়। 


ছবিগুলোতে এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় তিন লাখ। অনেক বাংলাদেশি দর্শকও মন্তব্যের ঘরে দেবকে শুভকামনা জানিয়েছেন। কেউ আবার মনে করিয়ে দিয়েছেন ‘বুনোহাঁস’ সিনেমার কথা। দেব অভিনীত সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছিল বাংলাদেশে। তবে দেব এবার আলোচনায় শুভশ্রীর সঙ্গে নতুন সিনেমা নিয়ে। একসময় ব্যক্তিগত জীবনেও সম্পর্কে থাকা এই তারকা জুটি একসঙ্গে ১২ বছর পর নতুন সিনেমা করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেশু ৭’–এর টিজার মুক্তির পরই সাড়া ফেলেছে।


১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি ফিরেছে দেব-শুভশ্রী জুটির পুরোনো রোমান্স। দেব ও শুভশ্রী ছাড়াও টিজারের বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। বড় চুল, চোখে রোদচশমায় ‘ভিলেন’ অনির্বাণের লুক প্রশংসা কুড়িয়েছে। বছরখানেক ধরে টালিউডে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্য এ সিনেমা দিয়েই নতুনভাবে ফিরছেন।


টিজারের পর সিনেমাটির প্রথম গান ‘তোর শুধু তোর’–এর টিজারও এসেছে গত শনিবার। গানের টিজার শেয়ার করে দুই তারকা লিখেছেন, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ ক্যাপশনের এ দুটি লাইন যেন বলে দিচ্ছে অনেক কিছু। অনেকে মন্তব্যের ঘরে দুই তারকার সম্পর্কের কথাও লিখেছেন।


২০০৯ সালে রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় দেব ও শুভশ্রীর জুটি। এরপর টানা কয়েকটি হিট সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ২০১৩ সালে খোকা ৪২০ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে।


‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ অক্টোবর।

  • প্রকাশ : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩৩ পিএম
  • আপডেট : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৫১ এএম


জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: ইন্সটাগ্রাম

  • প্রকাশ : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩৩ পিএম

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিজয়ীর নাম ঘোষিত হলো। ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস হলেন ৭৩তম মিস ওয়ার্ল্ড। শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এবার প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।


বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতক মোলা শুধু ফ্যাশন ও মডেলিং জগতেই সফল নন। তিনি একাধারে সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষিকা, পেশাদার মডেল এবং সংবাদ জগতের সঙ্গেও যুক্ত। তিনি ‘ভয়েস অব টুমরো’ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।


এই প্রতিষ্ঠান আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষার শিক্ষা ও তাদের সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছে। জোহেইরি মোলা এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন সামাজিক কাজ, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন। এ বছর মিস ওয়ার্ল্ডের আয়োজন বসে ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে।


মিস ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লে প্রতিযোগিতাটির সূচনা করেন। প্রতিযোগীদের কয়েকটি ধাপে যাচাই করা হয়।


এবারের আসরে মোট ১১১ জন প্রতিযোগী ছিলেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া– এই চার মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়।


চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে নিজ মহাদেশে প্রাথমিকভাবে সেরা ছয়ে থাকলেও ফাইনালের সেরা চল্লিশে জায়গা পাননি।


প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নিকিতা পোরওয়াল। তবে তিনি সেরা ২০-এর তালিকায় স্থান পেতে ব্যর্থ হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে তানজানিয়া।

সূত্র: বিবিসি


সালমান শাহ ও শাবনূর

  • প্রকাশ : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:০৪ পিএম

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন একসময়ের ঢালিউড কুইন শাবনূর। রোববার বাংলাদেশ সময় দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন তিনি।


শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’


সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার স্মৃতি নিজের হৃদয়ে এখনো অমলিন-এমনটাই জানিয়েছেন শাবনূর। পর্দার প্রিয় রাজপুত্র ও দর্শকের স্বপ্নের নায়ক সালমান শাহ আজও স্মৃতি ও ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে আছেন বলেও উল্লেখ করেন তিনি।


শাবনূরের ভাষায়, সালমান শাহর অকালপ্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময়ের সঙ্গে প্রজন্ম বদলেছে, কিন্তু তার জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া দর্শকের হৃদয়ে এখনো একইভাবে জীবন্ত।


সালমানকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু সে সময় পুরো দেশের চলচ্চিত্রপ্রেমীদের স্তব্ধ করে দিয়েছিল। মৃত্যুর ৩০ বছর পরও কমেনি এই অভিনেতার জনপ্রিয়তা।


মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ও ‘আনন্দ অশ্রু’র মতো একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি।


সালমান শাহর মৃত্যুর তিন দশক পরও নতুন প্রজন্মের কাছেও তার জনপ্রিয়তা অটুট। তার পোশাক-পরিচ্ছদ, মাথার ব্যান্ডেনা, চোখের সানগ্লাস, বাইক, কালো ঘন চুল ও মায়াবী হাসি-সবকিছুই এখনো তাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখে। সময় পেরিয়ে গেলেও তাই দর্শকের ভালোবাসায় আজও অমর হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক।