দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে ঘটা গুরুতর নিরাপত্তা সংকটের সময় সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেওয়ায় ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছারের ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান এবং সালমান খান।
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। ফ্লাইট চলাকালীন ককপিটের ভেতর সহ-পাইলটের আকস্মিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন ক্যাপ্টেন মচ্ছার। তবে নিজের আঘাত ও শারীরিক যন্ত্রণার তোয়াক্কা না করে তিনি অসাধারণ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং ককপিটের দরজা খুলে দেওয়ায় ক্রু ও যাত্রীরা দ্রুত হস্তক্ষেপে সক্ষম হন। পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।
বলিউড সুপারস্টার শাহরুখ খান থেকে সালমান, সকলেই সেই পাইলটের বন্দনায় মেতেছেন! শাহরুখ লিখেন, ভারতীয় এই পাইলট যাত্রীদের রক্ষায় সাহস ও দায়িত্ববোধের দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
শাহরুখ খান লেখেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করেছেন! প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের রক্ষায় আপনি ঠিক সেটিই করেছেন এবং একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী- তা আমাদের দেখিয়ে দিয়েছেন।”
তিনি বলেন,“এটি সাহস ও দায়িত্ববোধের সত্যিকারের দৃষ্টান্ত। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। গোটা দেশ আপনাকে নিয়ে গর্বিত।”
শাহরুখ খানের এই পোস্টের এক দিন আগে অভিনেতা সালমান খানও মাচ্ছারের প্রশংসা করেন। তার সঙ্গে উড়োজাহাজে ভ্রমণ করতে পারলে আনন্দিত হবেন বলেও জানান সালমান।
এক্সে তিনি লেখেন, “কামাল করে দিয়েছেন পাইলটজি, আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে ভ্রমণ করতে পারলে আনন্দের হবে। দারুণ করেছেন ভাই।”
মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল, তামান্না ভাটিয়া ও অনিল কাপুর।
রণবীর ক্যাপ্টেন স্মিতকে ‘সাহসী’ বলে অভিহিত করেন। অন্যদিকে, ভিকি কৌশল তার ইনস্টাগ্রাম স্টোরিতে ককপিটে থাকা পাইলটের একটি ছবি শেয়ার করে লেখেন, “সাহসী হৃদয়ের মানুষ! ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।”
সানি দেওলও পাইলটের একটি ছবি পোস্ট করে লেখেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছার- সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সাহস ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আপনি একটি বড় দুর্ঘটনা এড়াতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। স্যালুট।”
হামলার সময় নিজের আহত অবস্থার মধ্যেও মাচ্ছার যাত্রীদের প্রতি যে দায়িত্ব পালন করেছেন, সেটি তুলে ধরেন তামান্না ভাটিয়া।
তিনি লেখেন, “ভাবুন তো, নিজে আহত, নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন, তারপরও আপনার ওপর নির্ভরশীল ১৭৪ জন মানুষের কথা ভাবছেন। ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, আপনার প্রতি গভীর শ্রদ্ধা। আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
অনিল কাপুরও মাচ্ছারের একটি ছবি শেয়ার করেন। তিনি তাঁর বন্ধু জালালের সঙ্গে হওয়া একটি কথোপকথনের কথা উল্লেখ করেন। জালাল ফ্লাইং স্কুলে পড়ার সময় থেকেই স্মিতকে চিনতেন।
অনিল কাপুর লেখেন, “ঘটনাটি যখন ঘটে, জালাল আমাকে বলেছিল, সে ফ্লাইং স্কুল থেকেই স্মিতকে চেনে এবং কঠিন পরিস্থিতিতে যাকে পাশে চাইবে, স্মিত সবসময়ই তেমন একজন মানুষ ছিল। বিষয়টি আমাকে ভাবিয়েছে- শুরু থেকেই স্মিতের মধ্যে কতটা সাহস থাকতে পারে, যে তার আশপাশের মানুষ এত আগেই তা বুঝতে পেরেছিল।”
তিনি আরও লিখেন, “সেই মুহূর্তে স্মিত যা করেছেন, তা অসাধারণের চেয়েও বেশি কিছু। নিজে এত ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েও দৃঢ় থাকা এবং অন্যদের নিজের আগে রাখার জন্য অসীম সাহসের প্রয়োজন। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং দ্রুত সুস্থতার শুভকামনা।”
‘এফ জেড ১০৭৩’ ফ্লাইটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাচ্ছার। সেই ফ্লাইটে ১৭৪ জন আরোহী, যার মধ্যে ২৭ জন শিশু ছিল। বিমানটি জরুরি সংকেত পাঠানোর পর দ্রুত উচ্চতা কমাতে থাকে। পরে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ বিমানবন্দরের দিকে সেটির গতিপথ পরিবর্তন করা হয়।
আমি কোনো যাত্রীকে মরতে দিতে চাইনি
রয়টার্সের তথ্য অনুযায়ী, ৩০ সেকেন্ডেরও কম সময়ে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট (৪ হাজার ২৬৭ মিটার) নিচে নেমে যায়। পিটিআই জানিয়েছে, ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি ১৭ হাজার ফুটেরও বেশি নিচে নেমেছিল।
বলিউডে তিনি ‘বাদশা’। পর্দায় তাঁর দাপটে কাঁপে প্রতিপক্ষ। তবে বাড়িতে নাকি নিজের ইচ্ছেমতো কিছুই করতে পারেন না শাহরুখ খান। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে বিছানায় বসে খাওয়া সবকিছুতেই স্ত্রী গৌরী খানের নিয়ম মেনে চলতে হয় তাঁকে।
সম্প্রতি দুবাইয়ে নিজের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা তুলে ধরেন শাহরুখ। গত বুধবার (১১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন নির্মাতা করণ জোহর।
অনুষ্ঠানে শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, নিজের বাড়িতে এমন কী আছে, যেখানে তাঁর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই? উত্তরে অভিনেতা মজা করে বলেন, বাড়িতে আসলে তাঁর কিছুই করার স্বাধীনতা নেই।
বাড়ির সব সিদ্ধান্ত গৌরীর
শাহরুখ জানান, বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়াও নিষেধ। দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট কিংবা আলোর ব্যবস্থা—কোনো কিছু নিয়েই নিজের মত প্রকাশের সুযোগ নেই তাঁর।
অভিনেতার ভাষায়, পরিবারের সদস্যদের কাজ শুধু গৌরীর বাড়ির নকশার প্রশংসা করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বলতে হয়, গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছো!’
দুবাইয়ের নতুন প্রকল্পের বিলাসবহুল পেন্টহাউস নিয়েও একই ধরনের রসিকতা করেন শাহরুখ। সেটির নকশাও করেছেন গৌরী। অভিনেতা মজা করে জানান, বাড়ির বাইরে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ থাকলেও ঘরে ফিরলে সবাইকে গৌরীর নিয়ম মেনে চলতে হয়।
আসছে শাহরুখের ‘কিং’
এদিকে অভিনয়জীবনে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অভয় বর্মা। বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে শাহরুখ ও সুহানাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।
জয় চৌধুরী ও রোমানা নীড়। ছবি: সংগৃহীত
বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। অন্যদিকে, এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে গালাগালের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের শুরু। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে ‘তুই ফ্যাসিস্ট’ বলতে শোনা যায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামীর পারিবারিক শিক্ষা রয়েছে। সে ধৈর্যসহকারে বিএনপির জাসাস আহ্বায়ক নায়ক হেলাল খানকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরও হেলাল খান আমার স্বামীকে ফ্যাসিস্ট বলেছেন, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। যা তিনি মোটেও ঠিক করেননি, কারণ এফডিসি কোনো রাজনীতি করার জায়গা নয়।’
এফডিসিকে একটি অরাজনৈতিক স্থান হিসেবে উল্লেখ করে রোমানা নীড় আরও লেখেন, ‘সেখানে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের নেতা এফডিসিতে ঢুকে হুমকি প্রদর্শন করতে পারেন না। তাই আমি মনে করি এফডিসি অরাজনৈতিক স্পট এবং প্রতিটি সংগঠন কোনো দলের সঙ্গে জড়িত থাকতে পারে না।’ এদিকে কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জয় চৌধুরী অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের গালাগাল করেছেন। পাশাপাশি তার সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত ব্যক্তিও শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন। জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সামনে তার সহযোগীরা শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালাগাল করেন।’
জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেন জয় চৌধুরী।
বনানী থানার মাদক মামলার অভিযোগ গঠনের বিষয়ের শুনানিতে হাজির দিতে এসে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি জানতে পারলেন 'আদালত বদলি' হয়ে গেছে।
পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে এতদিন মামলার বিচার চলছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে। এখন মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে।
গেল ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়েছে; সেদিন শুনানি শেষে পরবর্তী তারিখ দেওয়া হয় এদিন।মঙ্গলবার বিচারক রবিউল আলমের আদালতে হাজিরা দিতে সকাল ১০টা ৩৮ মিনিটে আদালতে পৌঁছান পরীমনি। পরে আদালতের ভেতর বসে থাকেন তিনি।বিচারক রবিউল আলম এজলাসে উঠলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “মামলাটা এই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কিছুটা শুনানিও হয়েছে। আজ এসে শুনেছি, ৯ নভেম্বর মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি।”
এসময় বিচারক বলেন, “মাদক মামলায় নতুন আইন হয়েছে। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই হিসেবে মামলার বিচার চলবে।”পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এজলাসের ভেতর পরীমনির বসে থাকার মৌখিক অনুমিত চান। বিচারক অনুমতি দেন।
কিছুটা সময় বসে থেকে আদালতের বাইরে বের হন পরীমনি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তার জানতে চান, তিনি কেন বের হয়েছেন?
পরীমনি তাকে বলেন, “ভেতর দম বন্ধ হয়ে আসছে।”
পরে আদালতের বাইরে বসে থাকেন পরীমনি।
এদিকে মামলার বিষয়ে ঢাকার সিএমএম আদালত খোঁজ খবর নিতে থাকেন আইনজীবীরা।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে যান পরীমনি।
নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “নতুন আদালতে আজ মামলার তারিখ ছিল না। আমরা শুধু হাজিরা দিয়েছি। আগামী ২৩ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।”
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব।
পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।
এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।
মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।
মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন।
অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।
ছবি: সংগৃহীত
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা
সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত