বিশ্বায়নের এই যুগে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের দক্ষতাকে প্রমাণের সুযোগ খুঁজছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো কেবল মেধা যাচাইয়ের সুযোগই এনে দেয় না, বরং স্কলারশিপ, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গঠনের নতুন দুয়ার খুলে দেয়। ২০২৭ সালে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশ নেওয়ার জন্য উপযোগী এমনই সেরা পাঁচটি প্রতিযোগিতার বিবরণ নিচে তুলে ধরা হলো:
ইয়ং ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড
আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, Model United Nations এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য BosMUN Young Diplomat Award হতে পারে দারুণ একটি অভিজ্ঞতা। প্রতিযোগিতায় নির্ধারিত আন্তর্জাতিক বিষয়ে গবেষণাভিত্তিক রচনা লিখে নিজের যুক্তি ও বিশ্লেষণ তুলে ধরতে হয়।
এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের গবেষণা, যুক্তি উপস্থাপন, লেখালেখি এবং আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণের দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে।
https://www.bosmun.org/youngdiplomataward
ব্লু ওশান স্টুডেন্ট এন্টারপ্রেনার কম্পিটিশন
উদ্যোক্তা হওয়ার আগ্রহ রয়েছে এমন হাই স্কুল শিক্ষার্থীদের জন্য এটি দারুণ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একা অথবা সর্বোচ্চ পাঁচজনের দল নিয়ে অংশ নিতে পারে। প্রতিযোগিতায় একটি নতুন ব্যবসায়িক ধারণা তৈরি করে ৩-৫ মিনিটের ভিডিও পিচ জমা দিতে হয়। ২০২৭ সালের পিচ জমা দেওয়ার শেষ সময় ২১ ফেব্রুয়ারি। প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে এবং অংশগ্রহণ বিনামূল্যে। হাইস্কুল, GCSE/IGCSE, O-Level, A-Level বা সমমানের প্রি-ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারে।
https://blueoceancompetition.org/
ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ইউরোপভিত্তিক এই সম্মানজনক প্রতিযোগিতাটিতে মূলত স্টেম (STEM), বিজ্ঞান, রোবটিকস ও এন্ট্রাপ্রেনারশিপভিত্তিক প্রজেক্ট মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশ হিসেবে ইতালি বা ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত এই মঞ্চে জাতীয় পর্যায় পার হয়ে বাংলাদেশি শিক্ষার্থীরাও সরাসরি অংশ নিতে পারে।
বিষয়: ফলিত বিজ্ঞান, রোবটিকস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ।
যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।
https://fibonacci.international/
ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ডব্লিউআইসিই বিশ্বের অন্যতম বৃহৎ উদ্ভাবন প্রদর্শনী ও প্রতিযোগিতা। সারাবিশ্ব থেকে আসা তরুণ গবেষক ও উদ্ভাবকরা তাদের নিজ নিজ প্রজেক্ট তুলে ধরেন। ফলিত পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইটি ও এনভায়রনমেন্টাল সায়েন্সের উদ্ভাবনগুলোর জন্য এটি একটি বিশ্বমানের আদর্শ প্ল্যাটফর্ম।
বিষয়: প্রকৌশল, প্রযুক্তি, প্রয়োগিক বিজ্ঞান ও উদ্ভাবন।
যোগ্যতা: হাই স্কুল ও কলেজ/বিশ্ববিদ্যালয়ের খুদে গবেষক ও শিক্ষার্থী।
https://www.wice.or.id/
ডায়মন্ড চ্যালেঞ্জ ২০২৭
ব্যবসা ও সামাজিক উদ্ভাবনের ধারণা নিয়ে কাজ করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য University of Delaware-এর Horn Entrepreneurship পরিচালিত Diamond Challenge গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দল গঠন করে ব্যবসা বা সামাজিক উদ্যোগের ধারণা উপস্থাপন করতে পারে। ২০২৭ সালের প্রতিযোগিতায় সেপ্টেম্বর থেকে ধারণা তৈরির কাজ শুরু হয় এবং জানুয়ারিতে প্রথম ধাপের সাবমিশন শেষ হবে। চূড়ান্ত পর্যায়ের Limitless World Summit অনুষ্ঠিত হবে ২৯-৩০ এপ্রিল ২০২৭।
https://diamondchallenge.org/competition
বৈশ্বিক এই প্রতিযোগিতাগুলো কেবল বিজয়ী হওয়ার জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, লিডারশিপ ও উদ্ভাবনী চিন্তার অনন্য পরিচয় তুলে ধরতেও বিশেষ ভূমিকা রাখে। এসব আন্তর্জাতিক সম্মাননা শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রাপ্তি ও উচ্চশিক্ষার পথকেও সুগম করে তোলে। তাই ২০২৭ সালকে সামনে রেখে নিজ নিজ উদ্ভাবন, টিমওয়ার্ক ও বিশ্বজয়ের প্রয়োজনীয় প্রস্তুতি এখনই নিখুঁতভাবে গুছিয়ে নেওয়ার সঠিক সময়।
জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের সক্ষমতা ও দায়িত্বশীলতার প্রকৃত পরীক্ষা হয় সংকটের সময়। ডেঙ্গু ও হামের সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সেই দুর্বলতাকেই নতুন করে সামনে এনেছে। একদিকে ডেঙ্গুর বিস্তার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু। প্রতিরোধযোগ্য দুটি রোগের এমন বিস্তার কেবল চিকিৎসাব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে না, প্রশ্ন তুলছে রাষ্ট্রের আগাম প্রস্তুতি, পরিকল্পনা ও জবাবদিহি নিয়েও।
একসময় ডেঙ্গুকে বর্ষাকালীন রোগ হিসেবে বিবেচনা করা হলেও জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশদূষণ ও এডিস মশার বিস্তারের কারণে পরিস্থিতি বদলে গেছে। এখন ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। ফলে কয়েক মাসের মশকনিধন অভিযান কিংবা সংক্রমণ বাড়ার পর ফগিং করে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন বছরব্যাপী সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক কর্মপরিকল্পনা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবন, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক কিংবা জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার ও তদারকির আওতায় আনতে হবে। শুধু ওষুধ ছিটানোর আনুষ্ঠানিকতা নয়, লার্ভা নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারিকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, পৌরসভা, স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত দায়িত্বশীলতা জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি অনুপস্থিত থাকলেও ওয়ার্ডভিত্তিক তদারকি ও জবাবদিহির বিকল্প ব্যবস্থা থাকতে হবে।
অন্যদিকে, হামের সংক্রমণ আমাদের টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বিষয়টি সামনে এনেছে। নিয়মিত টিকাদানের মাধ্যমে একসময় বাংলাদেশ হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। কিন্তু কোনো কারণে শিশুদের একটি অংশ টিকার আওতার বাইরে থেকে গেলে সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ে। হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি মারাত্মক জটিলতা ও মৃত্যুর কারণ হতে পারে। তাই কোনো শিশুর টিকা বাদ পড়া শুধু পরিবারের অসচেতনতার বিষয় নয়, স্বাস্থ্যব্যবস্থার দায়িত্ব পালনেরও প্রশ্ন।
স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত তথ্য পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। মারা গেছেন ৫০৮ জন। ওই সময় পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৫ হাজার ৬১৭ জন। অন্যদিকে, হামের উপসর্গযুক্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৭৩। পরীক্ষায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭৮৬। উপসর্গযুক্ত ও পরীক্ষায় নিশ্চিত—এই দুই শ্রেণি মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২৯। এর মধ্যে উপসর্গযুক্ত হিসেবে ১ হাজার ২২৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এসব পরিসংখ্যান নিছক সংখ্যা নয়; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, স্বজন হারানোর বেদনা এবং একটি জীবনের অপূরণীয় ক্ষতি। বিশেষ করে শিশুদের হামে মৃত্যুর ঘটনা আমাদের জন্য গভীর উদ্বেগের। তবে উপসর্গযুক্ত ও পরীক্ষায় নিশ্চিত রোগীর হিসাব পৃথকভাবে বিশ্লেষণ করা জরুরি। এতে সংক্রমণের প্রকৃত চিত্র নিরূপণ এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে।
হাম প্রতিরোধে প্রতিটি শিশুর জন্য সময়মতো টিকা নিশ্চিত করতে হবে। জন্মনিবন্ধনের সঙ্গে টিকাদানের তথ্য যুক্ত করে কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা যেতে পারে। এতে কোন শিশু টিকা পেয়েছে, কার টিকা বাকি এবং কোন এলাকায় টিকাদানের হার কম—তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, বস্তি ও দুর্গম জনপদের শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে। কোনো শিশু যেন ভৌগোলিক দূরত্ব, দারিদ্র্য কিংবা প্রশাসনিক অবহেলার কারণে টিকা থেকে বঞ্চিত না হয়।
একই সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো অপরিহার্য। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা এবং জটিল রোগীকে দ্রুত উন্নত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যাপ্ত নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ, ওষুধ ও পরীক্ষার উপকরণ সরবরাহ এবং জরুরি শয্যার সক্ষমতা বাড়াতে হবে। রাজধানী ও বড় শহরের হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা প্রয়োজন।
স্বাস্থ্য খাতের আরেকটি বড় সমস্যা হলো দায়িত্ব পালনে সমন্বয়হীনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। মশকনিধন, রোগ নজরদারি, চিকিৎসা ও টিকাদান—প্রতিটি ক্ষেত্রেই দায়িত্ব নির্ধারণের পাশাপাশি নিয়মিত অগ্রগতি মূল্যায়ন করতে হবে।
স্বাস্থ্যসেবায় রাজনৈতিক প্রভাব, অদক্ষতা কিংবা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। নিয়োগ, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রাধান্য দিতে হবে। কারণ রোগী হাসপাতালে কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসেন না, রোগও রাজনৈতিক পরিচয় দেখে সংক্রমণ ছড়ায় না। জনস্বাস্থ্য রক্ষায় বিশেষজ্ঞদের মতামত ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
করোনার অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি, নির্ভরযোগ্য তথ্য, দক্ষ জনবল এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তাই ডেঙ্গু ও হামের বর্তমান পরিস্থিতিকে সাময়িক সংকট হিসেবে দেখার সুযোগ নেই। প্রয়োজন স্থায়ী রোগ নজরদারি, আগাম সতর্কীকরণ, গবেষণা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা।
রাষ্ট্রের প্রথম দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। রোগ ছড়িয়ে পড়ার পর চিকিৎসা দেওয়া অবশ্যই জরুরি, কিন্তু সংক্রমণ প্রতিরোধ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবছর একই ধরনের সংকটের পুনরাবৃত্তি হলে তা শুধু স্বাস্থ্য খাতের ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় পরিকল্পনা ও জবাবদিহিরও দুর্বলতার পরিচয় বহন করে। তাই জনস্বাস্থ্যকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রেখে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। মানুষের জীবন নিয়ে অবহেলা কিংবা দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ রাষ্ট্রের নেই।
ধারাভাষ্যকার কুমার কল্যাণ।
স্বপ্ন যখন জেদে রূপ নেয়, তখন কোনো বাধাই পথ আটকে রাখতে পারে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কুমার কল্যাণ তেমনই এক নাম। প্রতিকূলতা, অভাব আর অবহেলাকে পেছনে ফেলে কেবল নিজের কণ্ঠ, মেধা ও অধ্যবসায়ের জোরে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক পেশাগত পরিচয়। যে সমাজে ডাক্তার কিংবা প্রকৌশলী হওয়ার বাইরে অন্য কিছু ভাবাকে একসময় বিলাসিতা মনে করা হতো, সেখানে ধারাভাষ্যকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। আড়াইশ টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা সেই তরুণের শূন্য থেকে সাফল্যের শিখরে ওঠার গল্প শুনিয়েছেন ইকবাল মাহমুদ।
রেডিওর কণ্ঠে স্বপ্নের বীজ
আশির দশকের যশোরের এক গ্রাম। দুপুর গড়িয়ে বিকেল নামলেই বাড়ির বড়রা রেডিওতে কান পেতে বসতেন কলকাতা ডার্বির উত্তেজনা উপভোগ করতে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোর কুমার কল্যাণের আগ্রহ অবশ্য শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। খেলার চেয়েও তাঁকে বেশি মুগ্ধ করত আকাশবাণী কলকাতার বিখ্যাত ধারাভাষ্যকার অজয় বসুর কণ্ঠ। তাঁর শব্দচয়ন, বর্ণনার ভঙ্গি আর কণ্ঠের জাদু কিশোর কল্যাণের মনে গভীর ছাপ ফেলেছিল।
সেই মুগ্ধতা থেকেই শুরু হয় স্বপ্নের পথে হাঁটা। বাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে একাই ধারাভাষ্য দেওয়ার অনুশীলন করতেন তিনি। সুযোগ আসে নিজের স্কুলের একটি ছোট টুর্নামেন্টে। প্রথমবার হাতে তুলে নেন মাইক্রোফোন। সেই শুরু। এরপর ধীরে ধীরে গ্রামের মাঠ পেরিয়ে তাঁর কণ্ঠ পৌঁছে যায় শহরের স্টেডিয়ামে। যশোর স্টেডিয়ামে একটি বড় ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়ে উপলব্ধি করেন, এই জগতই তাঁর স্বপ্নের ঠিকানা।
বাবার তিরস্কারই হয়ে উঠল প্রেরণা
তবে স্বপ্নের পথে যাত্রাটা মোটেও সহজ ছিল না। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাঁকে ঘিরে স্বজনদের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু খেলাধুলা নিয়ে পড়ে থাকা কিংবা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি তাঁর বাবা সহজভাবে মেনে নিতে পারেননি।
একদিন ক্ষোভের সঙ্গে বাবা বলেছিলেন, ‘খেলাধুলা কি তোকে ভাত দেবে? রেডিও-টিভি তোকে লাথি মেরে বের করে দেবে!’
বাবার সেই তিরস্কারই একসময় তাঁর কাছে হয়ে ওঠে জেদ আর ঘুরে দাঁড়ানোর প্রেরণা। মনে মনে প্রতিজ্ঞা করেন, একদিন নিজের কাজ দিয়েই প্রমাণ করবেন যে ধারাভাষ্যও হতে পারে সম্মানজনক পেশা।
অবশেষে ২০০৩ সালের ১০ অক্টোবর। পকেটে মাত্র আড়াইশ টাকা নিয়ে ঢাকার বাসে চড়ে বসেন তিনি। পেছনে ফেলে আসেন চেনা পরিবেশ, পরিবার আর নিরাপদ আশ্রয়। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। তবে লক্ষ্য ছিল একটাই—ধারাভাষ্য দিয়েই নিজের ভাগ্য বদলাতে হবে।
ঢাকার পথে নতুন লড়াই
ঢাকায় এসে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। স্বপ্ন বাস্তবায়নের পথে প্রথম দিকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাঁকে। প্রখ্যাত ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শারাফাত শুরুতে তাঁকে জানিয়েছিলেন, শুধু ধারাভাষ্য দিয়ে বাংলাদেশে সংসার চালানো প্রায় অসম্ভব।
কিন্তু কুমার কল্যাণ সহজে হাল ছাড়ার মানুষ নন। তিনি বুঝেছিলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শুধু ক্রিকেট কিংবা ফুটবলে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাই বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল থেকে শুরু করে সাঁতার—বিভিন্ন খেলার নিয়ম, কৌশল ও খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জনে মনোযোগী হন।
২০০৫ সালে বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার নিয়োগের অডিশনে ৮৪ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। কিন্তু সাফল্যের সেই স্বীকৃতির পরও শুরুতে বড় কোনো ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাননি। অপেক্ষা করতে হয়েছে, সহ্য করতে হয়েছে অবহেলা।
অবশেষে ২০০৬ সালে ইংল্যান্ড সিরিজের সময় অনেক অনুরোধের পর মাত্র দুই ওভারের জন্য মাইক্রোফোন হাতে পান তিনি। কিন্তু সেই দুই ওভারেই নিজের সামর্থ্যের পরিচয় দেন কুমার কল্যাণ। তাঁর কণ্ঠ, উপস্থাপনা ও বর্ণনার ভঙ্গি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। সেদিনের সেই ছোট্ট সুযোগই যেন খুলে দেয় সম্ভাবনার নতুন দরজা।
বিশ্বকাপ থেকে পেশাগত প্রতিষ্ঠা
কুমার কল্যাণের ক্যারিয়ারে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ছিল অন্যতম বড় অর্জন। দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন আর আত্মবিশ্বাস তাঁকে ধীরে ধীরে নিয়ে যায় পরিচিতির জায়গায়।
নিজেকে এমনভাবে প্রস্তুত করেছেন যে, টানা ১৬০ ওভার—অর্থাৎ চারটি টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি খেলাটির প্রতি গভীর মনোযোগই তাঁকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।
পেশাগত সম্মানের প্রশ্নেও তিনি বরাবরই সচেতন। পরিচিতি পাওয়ার আশায় বিনা পারিশ্রমিকে কাজ করার প্রবণতা থেকে নিজেকে দূরে রেখেছেন। নিজের শ্রম ও মেধার যথাযথ মূল্যায়ন চেয়েছেন সব সময়। আজ তিনি গর্বের সঙ্গে বলতে পারেন, ধারাভাষ্য পেশায় যুক্ত থেকেই পরিবারের দায়িত্ব পালন করছেন।
যে পেশাকে একসময় অনেকে অনিশ্চিত কিংবা অবাস্তব বলে মনে করেছিলেন, সেই পেশাকেই নিজের জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর পথচলা প্রমাণ করে, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারত্ব থাকলে ধারাভাষ্যও হতে পারে সম্মানজনক জীবিকা।
নতুনদের জন্য কুমার কল্যাণের পাঠ
ধারাভাষ্যের জগতে নতুনদের জন্য কুমার কল্যাণের পরামর্শও বেশ স্পষ্ট। তাঁর মতে, শুধু সুন্দর কণ্ঠ থাকলেই একজন ভালো ধারাভাষ্যকার হওয়া যায় না। এর জন্য প্রয়োজন নিয়মিত চর্চা, ভাষার ওপর দখল এবং খেলা সম্পর্কে গভীর জ্ঞান।
শুদ্ধ উচ্চারণ: ধারাভাষ্য শুধু উচ্চকণ্ঠে কথা বলা কিংবা উত্তেজনা প্রকাশের বিষয় নয়; এটি একটি শিল্প। তাই উচ্চারণ হতে হবে স্পষ্ট, শুদ্ধ ও সাবলীল।
ভাষার যথাযথ ব্যবহার: বাংলা ধারাভাষ্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ইংরেজি শব্দের ব্যবহার কিংবা কৃত্রিম কথনভঙ্গি পরিহার করতে হবে। ভাষার সৌন্দর্য ও স্বাভাবিকতা বজায় রাখা জরুরি।
খেলা সম্পর্কে অগাধ জ্ঞান: যে খেলার ধারাভাষ্য দেওয়া হবে, সেই খেলার নিয়ম, ইতিহাস, পরিসংখ্যান, খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
উপস্থাপনা ও ব্যক্তিত্ব: নিয়মিত অনুশীলনের পাশাপাশি মার্জিত পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং গোছানো ব্যক্তিত্ব একজন ধারাভাষ্যকারকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
কণ্ঠের জাদুতে স্বপ্নজয়ের গল্প
প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের পরিচয় গড়ে তোলার স্বপ্ন যাঁরা দেখেন, কুমার কল্যাণ তাঁদের জন্য এক অনুপ্রেরণার নাম। যশোরের গ্রামের বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করা সেই কিশোর আজ মাইক্রোফোন হাতে দেশের ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন।
তাঁর এই পথচলা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি স্বপ্ন, সাহস, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের গল্প। বাবার তিরস্কার, আর্থিক অনিশ্চয়তা কিংবা পেশাগত অবহেলা—কোনোটিই তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।
কুমার কল্যাণের জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাফল্যের জন্য সব সময় প্রচলিত পথ অনুসরণ করতে হয় না। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা থাকলে অচেনা পথও একদিন সাফল্যের ঠিকানা হয়ে উঠতে পারে।
ছবি : সংগৃহীত
ধনী হতে কে না চায়! চাকরি-ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং থেকে যতই উপার্জন আসুক না কেন, তা মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। জিনিসপত্রের বাড়তি দাম, জীবনযাপনের ব্যয় এত বেড়েছে যে সঞ্চয় করা কঠিন। এসব সংকট তো রয়েছেই, পাশাপাশি মধ্যবিত্তদের কিছু অভ্যাসের কারণেও তারা কখনো টাকা জমাতে পারে না।
নিউজ১৮-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে মূলত ৬ ভুলের কারণে মধ্যবিত্তদের অ্যাকাউন্টে কখনও কোটি কোটি টাকা জমে না।
অযথা খরচ
প্রতিদিন বাইরে খাবার খাওয়া, বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই রেস্টুরেন্টে খাওয়া এবং অপ্রয়োজনীয় অনলাইন শপিং করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে খরচগুলোকে সামান্য মনে হলেও, এই ছোট ছোট খরচগুলোই জমে জমে মোটা অঙ্কে দাঁড়ায়। ধরা যাক, আপনি প্রতি সপ্তাহে অপ্রয়োজনে ১ হাজার টাকা খরচ করেন। বছরে এই খরচ ৫২ হাজার টাকায় পৌঁছায়! এই টাকাটা সঞ্চয় বা বিনিয়োগ করলে পাঁচ-দশ বছরে কত টাকা হয় নিশ্চয় বুঝতে পারছেন।
অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন
স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স, হইচই, দামি জিমের মেম্বারশিপ কিংবা বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন—এই খরচগুলো মাসের পর মাস বেতন থেকে কাটছে। যোগ করলে দেখা যাবে, সেই টাকার অঙ্কটাও কিন্তু নেহাত কম নয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এগুলো আদৌ কতটা প্রয়োজনীয়? নিজেকে প্রশ্ন করুন।
ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার
অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে বিলাসিতার জিনিস কেনেন যেগুলো না কিনলেও চলে। আপনি যদি মাসের শেষে পুরো টাকা পরিশোধ করতে না পারেন, তবে আপনাকে ক্রেডিট কার্ডের উপর উচ্চ হারে সুদ দিতে হয়। এতে পণ্যের আসল দামের চেয়ে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেলেন। এটাই ঋণের জালে জড়ানোর প্রথম ধাপ।ক্যাশ নিন
লোন নিয়ে দামি গাড়ি কেনা
খুব কম মানুষই পুরো টাকা নগদে দিয়ে গাড়ি কেনেন। বেশিভাগেই গাড়ি কেনে লোন নিয়ে। প্রতিমাসে সেই লোনের ইএমআই ভরতে হয়। মনে রাখবেন, 'গাড়ির কিস্তি দিতে পারা' মানেই ‘গাড়ি কেনার সামর্থ্য আছে’ এমনটা নয়। এছাড়া, গাড়ি একটি অবচয়যোগ্য সম্পদ। কেনার পর থেকেই গাড়ির দাম কমতে থাকে। ঋণ নিয়ে খুব বেশি দামি গাড়ি কিনে তার উপর সুদ দেওয়া মানে দ্বিগুণ লোকসান গোনা।
সাধ্যের বাইরে গিয়ে দামি ফ্ল্যাট কেনা
আয়ের তুলনায় দামি বাড়ি কেনা বড় ভুল। বিশাল বাড়ি বা ফ্ল্যাট কেনার মানে হল বেশি ট্যাক্স, বেশি রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি ইউটিলিটি বিল। বাড়ি কেনার আগে মাসিক কিস্তি ছাড়াও এই আনুষঙ্গিক খরচগুলোর কথা ভাবতে হবে।
অবসরের জন্য বিনিয়োগ না করা
ধনী হওয়ার মূল মন্ত্র হলো বিনিয়োগ। ট্যাক্স-সুবিধা পাওয়া যায় এমন অবসরের অ্যাকাউন্ট, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন।
'আরণ্যক’ : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ছবি : সংগৃহীত
গহনা শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়, বরং ব্যক্তিত্ব, রুচি ও সৌন্দর্য প্রকাশেরও একটি মাধ্যম। শাড়ির সঙ্গে মানানসই সোনার হার, উৎসবের সাজে ঝলমলে কানের দুল কিংবা প্রতিদিনের ব্যবহারের প্রিয় রুপার চুড়ি–প্রতিটি গহনাই পোশাকে যোগ করে আলাদা মাত্রা। তবে নিয়মিত ব্যবহার, ঘাম, ধুলাবালি, প্রসাধনীর সংস্পর্শ এবং সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে সময়ের সঙ্গে গহনার স্বাভাবিক ঔজ্জ্বল্য কমে যেতে পারে।
সোনার গহনায় মলিন ভাব দেখা দিতে পারে। রুপার গহনায় কালচে আস্তরণ পড়তে পারে আবার কৃত্রিম গহনার রংও নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় দামি গহনা যত্নের অভাবে তার সৌন্দর্য হারায়, অথচ কিছু সহজ অভ্যাসের মাধ্যমে দীর্ঘদিন এর ঝলমলে ভাব ধরে রাখা সম্ভব। গহনার উপাদান অনুযায়ী পরিচর্যার পদ্ধতি আলাদা হলেও পরিষ্কার রাখা, আর্দ্রতা থেকে দূরে রাখা এবং ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সঠিক যত্ন গহনাকে শুধু সুন্দর রাখে না, বরং এর স্থায়িত্ব বাড়াতেও সাহায্য করে।
গহনার ঔজ্জ্বল্য ধরে রাখার প্রথম শর্ত হলো নিয়মিত ও সঠিকভাবে পরিষ্কার করা। প্রতিদিন ব্যবহৃত গহনায় ঘাম, ত্বকের তেল, ধুলাবালি ও প্রসাধনীর অবশিষ্টাংশ জমে ধীরে ধীরে মলিনতা তৈরি করে। তাই ব্যবহারের পর নরম, পরিষ্কার ও শুকনা কাপড় দিয়ে গহনা মুছে রাখা ভালো। সোনার গহনা পরিষ্কারের ক্ষেত্রে হালকা গরম পানিতে অল্প মৃদু সাবান মিশিয়ে নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে নেওয়া যায়।
তবে পাথর বসানো, মুক্তার কাজ করা কিংবা বিশেষ নকশার গহনা পরিষ্কারের আগে এর উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। রুপার গহনা বাতাসের সংস্পর্শে এসে কালচে হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে রুপার জন্য উপযোগী পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলা জরুরি। অন্যদিকে মুক্তা, প্রবাল, পান্না বা অন্যান্য কোমল ও সংবেদনশীল পাথরের গহনায় সরাসরি রাসায়নিক পরিষ্কারক ব্যবহার না করাই ভালো। কৃত্রিম গহনার ক্ষেত্রে পানি ও সাবানের ব্যবহার সতর্কতার সঙ্গে করতে হবে। কারণ এতে থাকা রং বা প্রলেপ ক্ষতিগ্রস্ত হতে পারে। গহনা পরিষ্কারের সময় ব্লিচ, টুথপেস্ট, শক্ত ব্রাশ কিংবা ঘরোয়া রাসায়নিক ব্যবহার না করাই নিরাপদ। এগুলো সাময়িকভাবে দাগ দূর করলেও গহনার উপরিভাগে আঁচড় ফেলতে পারে বা স্বাভাবিক প্রলেপ নষ্ট করতে পারে।
একইভাবে পারফিউম, হেয়ার স্প্রে, লোশন, সানস্ক্রিন ও মেকআপের সংস্পর্শ থেকেও গহনাকে যথাসম্ভব দূরে রাখতে হবে। সাজগোজের সময় আগে প্রসাধনী ব্যবহার করে সেগুলো শুকিয়ে নেওয়ার পর গহনা পরা ভালো। সাঁতার কাটা, গোসল করা, ব্যায়াম করা কিংবা ঘরের ভারী কাজের সময় গহনা খুলে রাখলে ঘাম, সাবান, ক্লোরিন ও অন্যান্য উপাদানের ক্ষতিকর প্রভাব অনেকটাই এড়ানো যায়।
গহনার সৌন্দর্য দীর্ঘদিন অক্ষুণ্ন রাখতে পরিষ্কারের পাশাপাশি সঠিক সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই সব ধরনের গহনা একই বাক্সে একসঙ্গে রেখে দেন। এতে একটির সঙ্গে অন্যটির ঘর্ষণে আঁচড় পড়তে পারে, চেইন জড়িয়ে যেতে পারে এবং পাথর বসানো গহনার ক্ষতি হতে পারে। তাই প্রতিটি গহনা আলাদা নরম কাপড়ের থলি, গহনার বাক্সের পৃথক খোপ কিংবা উপযুক্ত পাউচে রাখা ভালো। বিশেষ করে রুপার গহনা বাতাস ও আর্দ্রতার সংস্পর্শ কম হয় এমন জায়গায় রাখলে কালচে হয়ে যাওয়ার প্রবণতা কমানো যায়। গহনা রাখার জায়গা যেন শুকনা, পরিষ্কার এবং সরাসরি রোদ থেকে দূরে থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বাথরুম বা স্যাঁতসেঁতে স্থানে গহনা রাখা উচিত নয়।
দীর্ঘদিন ব্যবহার না করা গহনাও মাঝেমধ্যে বের করে পরীক্ষা করা প্রয়োজন; যাতে কোনো পাথর ঢিলে হয়ে গেছে কিনা, তালা ঠিক আছে কিনা কিংবা চেইনের সংযোগস্থলে সমস্যা তৈরি হয়েছে কিনা, তা বোঝা যায়। দামি সোনা, রুপা বা হীরার গহনায় পাথর বসানো থাকলে নির্দিষ্ট সময় পর অভিজ্ঞ গহনার কারিগর দিয়ে পরীক্ষা করানো যেতে পারে। এতে ছোটখাটো সমস্যা বড় হওয়ার আগেই সমাধান করা সম্ভব হয়। একই সঙ্গে গহনা পরিষ্কারের আগে সেটির উপাদান ও প্রস্তুতকারকের নির্দেশনা জেনে নেওয়া জরুরি। কারণ সব গহনার জন্য একই পরিচর্যা উপযোগী নয়।
মনে রাখতে হবে, গহনার ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য সব সময় দামি পরিষ্কারক বা বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় না; বরং নিয়মিত যত্ন, সঠিক ব্যবহার এবং উপযুক্ত সংরক্ষণই সবচেয়ে কার্যকর। প্রিয় গহনাগুলোর প্রতি সামান্য মনোযোগ দিলে সেগুলো দীর্ঘদিন ঝলমলে থাকবে এবং বিশেষ দিনের সাজের পাশাপাশি দৈনন্দিন সৌন্দর্যেও যোগ করবে আভিজাত্যের ছোঁয়া।
বয়স বাড়ে আর আয়নায় প্রথম বয়সের ছাপ বা পাকা চুলটা আবিষ্কার করার মুহূর্তটিতে কিন্তু কারওরই মন সায় দিতে চায় না! সময়ের কাঁটা থামানো আর কাঙ্ক্ষিত তারুণ্যকে চিরতরে ধরে রাখা মানবধর্মের এই এক চিরন্তন বাসনা। কিন্তু জীববিজ্ঞানের এক অদ্ভুত নিয়মে নির্দিষ্ট সময় পর তারুণ্য একসময় ঠিকই হাতছাড়া হয়ে যায়। তবে ভেবে দেখুন তো, যদি হুট করে সেই হারানো তারুণ্যের চাবি আপনার হাতে এসে পৌঁছায়? গল্প বা রূপকথা নয়, বিজ্ঞানের নতুন এক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ম্যাজিকে বয়স রিভার্স করার সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিতে চলেছে।
কি বলছে বিজ্ঞান
বয়স বাড়িয়ে দেওয়া সময়ের নিয়ম হলেও বিজ্ঞান যেন তাতে ব্রেক কষতে শুরু করেছে। নোবেলজয়ী শিনিয়া ইয়ামানাকার ‘ইয়ামানাকা ফ্যাক্টর’ নিয়ে গবেষণার কথা মনে আছে? চারটি জিন ব্যবহার করে কোষের বয়স কমানোর কৌশল আবিষ্কার হলেও বড় সমস্যা ছিল একটিই—কোষগুলো নিজেদের পরিচয় হারিয়ে ফেলত এবং ক্যানসারের ঝুঁকি বেড়ে যেত। তবে এবার বিজ্ঞানীরা আর পুরোনো পথে হাঁটেননি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-কে কাজে লাগিয়ে আবিষ্কার করেছেন এমন এক জিনের যা কোষকে ক্যানসারের ঝুঁকিতে না ফেলে এবং তার নিজস্ব পরিচয় বজায় রেখেই ফিরিয়ে আনবে তারুণ্য।
এআই যখন বিজ্ঞানীদের ‘ডিজিটাল বয়স মাপার ঘড়ি’
হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জর্জ চার্চ এবং ওয়াইস ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যালেক্স প্লেসার নেতৃত্বে একদল গবেষক প্রথমে তৈরি করেন চমৎকার একটি এআই অ্যালগরিদম। বয়স নির্ধারণের প্রচলিত ব্যয়বহুল পদ্ধতিগুলোর বদলে এই মেশিন লার্নিং মডেলটি ৪৬৪টি ত্বকের ফাইবারোব্লাস্ট কোষের জিন এক্সপ্রেশন (জিনগত তথ্য) বিশ্লেষণ করে মানব কোষের সঠিক ‘বায়োলজিক্যাল বয়স’ মেপে ফেলে। এই ডিজিটাল বয়সের ঘড়িকে ভিত্তি করেই বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু জিনের ওপর পরীক্ষা শুরু করেন, যাতে খুঁজে পাওয়া যায় বয়সের চাকা পেছনে ঘোরানোর আসল চাবিকাঠি।
তারুণ্য ফেরানোর আসল নায়ক
হাজারো জিনের মধ্য থেকে এআই স্ক্রিনিংয়ের মাধ্যমে একটি জিন শীর্ষ স্থান দখল করে, যার নাম এসআরএসএফ ১। এটি মূলত প্রোটিন তৈরির জিনগত তথ্য প্রক্রিয়াকরণ বা ‘আরএনএ স্প্লাইসিং ফ্যাক্টর’ হিসেবে কাজ করে। বয়স্ক মানুষের ত্বকের কোষে যখন এই এসআরএসএফ ১ জিনটি সক্রিয় বা ওভার-প্রকাশ করা হলো, তখন দেখা গেল এক জাদুকরী পরিবর্তন। কোষগুলো তাদের স্থায়ী রূপ বা পরিচয় না হারিয়েই কমে গেল কোষের বয়ঃবৃদ্ধি, প্রোটিনের ভারসাম্যহীনতা এবং পুরোনো প্রদাহ। একই সঙ্গে উন্নত হলো ডিএনএ মেরামতের কাজও।
ইঁদুরের ওপর চমকপ্রদ পরীক্ষা ও আয়ু বৃদ্ধি
গবেষণাগারে মানব কোষে সফলতার পর বিজ্ঞানীরা আদতে দেখতে চাইলেন এর কার্যকারিতা কেমন। তারা অ্যাডেনো-অ্যাসোসিয়েটেড ভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করে প্রবীণ বা বয়স্ক ইঁদুরের শরীরে এসআরএসএফ ১ জিনটি প্রয়োগ করেন। জিনটি প্রধানত ইঁদুরের লিভারে জমা হলেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে পুরো শরীরে। চিকিৎসা পাওয়া ইঁদুরগুলোর বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ও অবনতির গতি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যায় এবং সাধারণ ইঁদুরের তুলনায় এদের গড় আয়ু ১৪ শতাংশ বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা ধারণা করছেন, লিভারে আসা এই পরিবর্তন বার্তা হিসেবে পুরো শরীরে ছড়িয়ে পড়ে অন্য অঙ্গগুলোর বয়স কমাতেও ভূমিকা রেখেছে।
মানবজাতির সুস্থ ও দীর্ঘায়ুর নতুন দিগন্ত
প্রখ্যাত জার্নাল ‘নেচার এজিং’-এ প্রকাশিত এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বর্তমানে ল্যাবের কোষ ও ইঁদুরের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের শরীরে নিরাপদে এবং সঠিক মাত্রায় এই প্রযুক্তি পৌঁছে দেওয়া পরবর্তী বড় চ্যালেঞ্জ। তবুও গবেষকদের মতে, এটি কেবল বয়স কমানো নয়, বরং মানুষকে দীর্ঘদিন রোগমুক্ত রেখে স্বাস্থ্যকর জীবন উপহার দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ।