প্রতীকী ছবি ।
বর্তমানে বাংলাদেশে এমন পরিবার খুঁজে পাওয়াই কঠিন, যে পরিবারে কোনো ডায়াবেটিস রোগী নাই। তাই নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যরক্ষায় এই রোগ বিষয়ে কিছু সাধারণ জ্ঞান থাকা জরুরি।
চিকিৎসাবিজ্ঞানে মূলত ডায়াবেটিসের দুটি প্রধান ধরন দেখা যায় - টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস। নাম কাছাকাছি হলেও, এই দুই ধরনের ডায়াবেটিসের কারণ, শুরু হওয়ার বয়স, চিকিৎসা পদ্ধতি এবং জীবনযাপনে প্রভাব এক নয়। নাম দুইটা হয়তো আপনি আগেও শুনেছেন, কিন্তু বিস্তারিত জানা হয়নি। চলুন আজ জেনে নেওয়া যাক।
টাইপ ১ ডায়াবেটিস
টাইপ ১ ডায়াবেটিস সাধারণত শৈশব বা কৈশোর বয়সে ধরা পড়ে। এই ধরনের ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির কোষগুলো নষ্ট করে ফেলে। ফলে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না।
ইনসুলিন ছাড়া রক্তের শর্করা কোষে প্রবেশ করতে পারে না, তাই রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে আজীবন ইনসুলিন নিতে হয়। এখানে খাদ্যাভ্যাস বা জীবনযাপনের চেয়ে জেনেটিক ও অটোইমিউন কারণ বেশি ভূমিকা রাখে।
টাইপ ২ ডায়াবেটিস
অন্যদিকে টাইপ ২ ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্কদের ধরা পড়ে, যদিও বর্তমানে কম বয়সীদের মধ্যেও এর হার বাড়ছে। এই ক্ষেত্রে শরীর ইনসুলিন তৈরি করে, কিন্তু সেই ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না বা প্রয়োজনের তুলনায় কম তৈরি হয়। একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স।
টাইপ ২ ডায়াবেটিসের সঙ্গে অতিরিক্ত ওজন, অনিয়মিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব ও পারিবারিক ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িত। শুরুতে খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটা বা ব্যায়াম এবং মুখে খাওয়ার ওষুধেই অনেক সময় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা যায়। তবে সময়ের সঙ্গে কিছু রোগীর ইনসুলিনও প্রয়োজন হতে পারে।
দুই ধরনের ডায়াবেটিসের লক্ষণ
লক্ষণগত দিক থেকেও কিছু পার্থক্য রয়েছে।
টাইপ ১ ডায়াবেটিসে –
>> হঠাৎ ওজন কমে যাওয়া
>> অতিরিক্ত পিপাসা
>> ঘন ঘন প্রস্রাব ও দুর্বলতা তুলনামূলকভাবে দ্রুত দেখা যায়।
টাইপ ২ ডায়াবেটিসে লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়, এমনকি দীর্ঘদিন কোনো উপসর্গ না থাকায় রোগটি গোপনেই থেকে যেতে পারে।
চিকিৎসা ও জীবনযাপনের ক্ষেত্রে দুটির ব্যবস্থাপনাও আলাদা। টাইপ ১ ডায়াবেটিসে ইনসুলিন ছাড়া বিকল্প নেই। আর টাইপ ২ ডায়াবেটিসে জীবনযাপনে পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক পরিশ্রম অনেক ক্ষেত্রে রোগের অগ্রগতি কমাতে পারে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো - টাইপ ১ বা টাইপ ২, যেকোনো ডায়াবেটিসই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সচেতন জীবনযাপনই মূলত সুস্থ থাকার মূল চাবিকাঠি।
ছবি : সংগৃহীত
ভোরে হালকা শীতের আমেজ, দিনে গরম আবার রাতের শেষ ভাগে ঠান্ডা ভাব। ঋতু পরিবর্তনের এই সময়েই অনেকেরই সর্দি-কাশি, গলাব্যথা কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। তবে সামান্য কিছু নিয়ম মেনে চললে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমানো সম্ভব। যেমন-
বাইরে থেকে ফিরেই হাত ধুয়ে নিন
আমাদের হাতের মধ্যে থাকা জীবাণু সহজেই নাক, মুখ ও চোখে পৌঁছতে পারে। এ কারণে বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধুয়ে নিন। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরেও ভালোভাবে হাত পরিষ্কার করুন। অপরিষ্কার হাত চোখ, নাক বা মুখে দেওয়া এড়িয়ে চলুন।
ঘরের জানালা খুলে রাখুন
ঘরে দীর্ঘ সময় বন্ধ থাকলে বাতাস চলাচল কমে যায়। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকলে বাতাসের মাধ্যমে ছড়ানো ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়তে পারে। এ কারণে বাড়ি ও কর্মস্থলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ভিড়ের মধ্যে গেলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন।
পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি খাওয়া জরুরি। খাবারের তালিকায় মৌসুমি ফল, শাকসবজি, ডাল, ডিম ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। ভিটামিন সি-সমৃদ্ধ ফল খেতে পারেন। তবে কোনও একটা খাবার খেলেই সর্দি-কাশি নিয়ন্ত্রণে রাখা যাবে এমন কোনো প্রমাণ নেই। অকারণে ভিটামিনের সাপ্লিমেন্টও খাওয়া ঠিক নয়।
ঘুম
প্রতিদিন পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করুন। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন।
কাশি-হাঁচির সময় সতর্ক থাকুন
কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ ও নাক টিস্যু কিংবা কনুই দিয়ে ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গে ফেলে দিন। অসুস্থ হলে অন্যদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। ফ্লু টিকা নিতে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ছবি : সংগৃহীত
অনেকেরই সকালের নাশতায় কলা খাওয়ার অভ্যাস আছে। কেউ আবার দিনের অন্য সময়ে কলা খান। কলা স্বাদ ও পুষ্টিতে ভরপুর একটি ফল। কিন্তু বাজার থেকে কেনা কলা রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ রয়েছে। এরকম কলা খেলে শরীরে নানারকম ক্ষতি হতে পারে।
কলা রাসায়নিক দিয়ে পাকানো কি না তা চেনার কয়েকটি লক্ষণ জানানো হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে। যেমন-
খোসায় কোনও কালচে ছোপ নেই
প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যেতে পারে। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলাতেই ছোপ থাকবে, এমন কোনো কথা নেই।
অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং
কলার খোসা যদি পুরোটাই একই রকম উজ্জ্বল হলুদ হয়, অথচ কোনও প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তা হলে তা রাসায়নিকভাবে পাকানো হতে পারে।
কলার বোঁটা সবুজ, অথচ ফল হলুদ
কলার বোঁটা সবুজ বা কাঁচা রয়ে গেছে, অথচ গোটা কলা হলুদ রয়েছে, এমন হলে কৃত্রিমভাবে পাকানো হতে পারে।
বাইরে পাকা, ভিতরে কাঁচা
খোসা হলুদ হলেও কলার ভিতরের অংশ শক্ত, স্বাদে কষভাব বা কাঁচা ভাব থাকলে সতর্ক হওয়া জরুরি।
স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই
পাকা কলার সাধারণত মিষ্টি গন্ধ থাকে। সেই গন্ধ না থাকলে কলায় রাসায়নিক মেশানো থাকতে পারে।
সব কলা একই সময়ে একই রকম পাকা
একটি গোটা থোকের সব কলা যদি অস্বাভাবিকভাবে একই রং থাকে,তাহলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে।
রাসায়নিক পাকানো কলা খাওয়ার ঝুঁকি
এ ধরনের কলা খেলে পেটের সমস্যা হতে পারে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। দূষিত কার্বাইডের সংস্পর্শে এলে মাথাব্যথা, মাথা ঘোরা-সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
ছবি : সংগৃহীত
সবজিতে থাকা ভিটামিন, খনিজ, খাদ্যআঁশ ও শরীরের জন্য প্রয়োজনীয় নানান পুষ্টির যোগান দেয়। চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে সবজি ধোয়া, কাটা, সংরক্ষণ ও রান্নার সময় কিছু ভুলের কারণে পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই সবজির পুষ্টি ধরে রাখতে রান্নার সঠিক পদ্ধতি জানা থাকা চাই।
রান্নার সময় পাত্রের ঢাকনা খোলা রাখা
অনেকে মনে করেন, ঢাকনা খুলে বেশি আঁচে সবজি রান্না করলে এর রং ও স্বাদ ভালো থাকে। তবে দীর্ঘ সময় এভাবে রান্না করলে কিছু তাপ-সংবেদনশীল ভিটামিন নষ্ট হতে পারে। তাই অল্প পানিতে সবজি রান্নার সময় পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রাখা ভালো। এতে রান্নার সময় কমে এবং পুষ্টি ধরে রাখতে সুবিধা হয়।
রান্নার আগে সবজি কেটে রাখা
অনেকে সবজি ধুয়ে কেটে দীর্ঘ সময় রেখে দেন। এতে বাতাস ও আলোর সংস্পর্শে কিছু ভিটামিনের পরিমাণ কমতে পারে। বিশেষ করে ভিটামিন সি সহজেই নষ্ট হয়। তাই রান্নার ঠিক আগে সবজি কাটা ভালো। কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
সবজির পাতা ফেলে দেওয়া
অনেকে সবজির পাতা ফেলে দিয়ে শুধু ডাঁটা রান্না করেন। এতে পুষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। লালশাক, পুঁইশাক, মুলাশাকসহ বিভিন্ন শাকের পাতায় ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ থাকে। তাই খাওয়ার উপযোগী পাতা ফেলে না দিয়ে রান্না করা উচিত।
অতিরিক্ত সময় ধরে সেদ্ধ করা
অনেকক্ষণ ধরে সবজি সেদ্ধ করলে তাপের কারণে কিছু ভিটামিন নষ্ট হয়। আবার পানিতে দ্রবণীয় ভিটামিনের একটি অংশ রান্নার পানিতে চলে যায়। তাই সবজি অতিরিক্ত নরম হওয়া পর্যন্ত রান্না না করে, প্রয়োজন অনুযায়ী অল্প সময় সেদ্ধ করা ভালো।
সেদ্ধ করার পর পানি ফেলে দেওয়া
সবজি সেদ্ধ করার সময় ভিটামিন ‘বি’ এবং ভিটামিন ‘সি’র মতো পানিতে দ্রবণীয় ভিটামিনের কিছু অংশ পানিতে মিশে যায়। সেদ্ধ করার পর সেই পানি ফেলে দিলে পুষ্টির একটি অংশও চলে যায়।
তাই সম্ভব হলে সবজির সেদ্ধ পানি স্যুপ বা তরকারিতে ব্যবহার করা যেতে পারে।
শুধু তিনবার ধুয়েই পরিষ্কার মনে করা
সবজি তিনবার ধুলেই সব ধরনের ময়লা ও রাসায়নিক দূর হয়ে যায়, এমন ধারণা ঠিক নয়। সবজি পরিষ্কার প্রবাহমান পানির নিচে ভালোভাবে ঘষে ধুতে হবে। পাতাযুক্ত সবজির প্রতিটি পাতা আলাদা করে পরিষ্কার করা ভালো। রাসায়নিক দূর করার জন্য ভাতের মাড় বা লবণ-পানি ব্যবহারের নির্ভরযোগ্য প্রমাণ নেই।
সবজি সংরক্ষণে অসতর্কতা
অনেকে সবজি কেনার পর দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন। এতে ধীরে ধীরে কিছু ভিটামিনের পরিমাণ কমতে পারে। সবজি যতটা সম্ভব তাজা অবস্থায় খাওয়া ভালো। দীর্ঘ সময় রাখতে হলে উপযুক্ত তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
অতিরিক্ত পানিতে সেদ্ধ করা
অতিরিক্ত পানিতে সবজি সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিনের একটি অংশ পানিতে চলে যায়। ভাপে রান্না করলে পানির সংস্পর্শ কম হয় এবং অনেক ক্ষেত্রে ভিটামিন ও খনিজ উপাদান তুলনামূলক বেশি ধরে রাখা যায়। তাই সবজি ভাপে রান্না করা পুষ্টি সংরক্ষণের ভালো পদ্ধতি।
পুষ্টিগুণ ধরে রাখতে করণীয়
সবজির পুষ্টিগুণ ধরে রাখতে তাজা সবজি নির্বাচন, রান্নার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধোয়া, রান্নার ঠিক আগে কাটা এবং অল্প সময়ে রান্না করা জরুরি। পাশাপাশি অতিরিক্ত পানি ব্যবহার না করে ভাপে বা অল্প পানিতে রান্না করা ভালো। এতে খাবারের পুষ্টিমান বজায় রাখা সহজ হয়।
ছবি : সংগৃহীত
ঠোঁট শুধু সৌন্দর্যের অংশ নয়, শরীরের ভেতরের অনেক অজানা কথাও নাকি বলে দিতে পারে। আয়নায় নিজের মুখ দেখার সময় তাই ঠোঁটের দিকে একটু বাড়তি নজর দেয়া জরুরি। কারণ এই ছোট্ট অঙ্গটির চেহারায় লুকিয়ে থাকতে পারে শরীরের নানা সমস্যার ইঙ্গিত। বিষয়টি নিয়ে চিকিৎসাবিজ্ঞানের নানা তথ্যও রয়েছে, যা জানলে অবাক হতে পারেন।
আনন্দবাজারের এক প্রতিবেদনে ঠোঁটের বিভিন্ন বর্ণ ও তার সঙ্গে শরীরের নানা সমস্যার সম্ভাব্য সম্পর্ক তুলে ধরা হয়েছে। অর্থাৎ ঠোঁটের দিকে নজর রাখলেও শরীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সংকেত পাওয়া যেতে পারে।
তাহলে ঠোঁটের কোন বর্ণ শরীরের কোন সমস্যার ইঙ্গিত দিতে পারে, জেনে নিন-
ফ্যাকাশে ঠোঁট
ঠোঁট তার স্বাভাবিক গোলাপি ভাব হারিয়ে যদি অতিরিক্ত ফ্যাকাশে বা সাদাটে দেখায়, তবে বুঝতে হবে শরীরে হিমোগ্লোবিনের মারাত্মক ঘাটতি হচ্ছে। শরীরে আয়রনের অভাব হলে বা রক্ত সঞ্চালন সঠিক ভাবে না হলে ঠোঁটের সূক্ষ্ম রক্তনালিগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছোয় না, ফলে ঠোঁট রক্তহীন ফ্যাকাশে দেখায়। এ ছাড়া রক্তচাপ কমে গেলে বা ভিটামিন বি১২ এর অভাব হলেও ঠোঁট বিবর্ণ হতে পারে।
নীলচে বা বেগনি ঠোঁট
ঠোঁটের রঙ হঠাৎ নীল বা বেগনি হয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। রক্তে অক্সিজেনের ঘাটতি হলে এমন হতে পারে। আবার যারা দীর্ঘদিন হাঁপানি, সিওপিডি বা নিউমোনিয়ায় ভুগছেন, তাদের এই সমস্যা দেখা দিতে পারে। জন্মগত ভাবে হার্টের রোগ থাকলেও ঠোঁটের রং নীলচে হতে পারে।
অতিরিক্ত উজ্জ্বল লাল ঠোঁট
লিপস্টিক ছাড়াই যদি ঠোঁট অস্বাভাবিক লাল দেখায় তাহলে খুশি হয়ে লাভ নেই। বরং তা হতে পারে লিভারের রোগের লক্ষণ। অনেক সময়ে প্রসাধনী থেকে অ্যালার্জির কারণেও ঠোঁটের কোষের প্রদাহ হয়। ফলে ঠোঁট শুধু ফুলে লালই হয় না, জ্বালাযন্ত্রণাও হয়।
হলদেটে ঠোঁট
ঠোঁটে বা ঠোঁটের আশপাশের ত্বকে হলদেটে ভাব ফুটে উঠলে তা জন্ডিসের লক্ষণ হতে পারে। পিত্তথলিতে পাথর জমলে বা লিভারে কোনও সংক্রমণ হলে, লিভারে ক্ষত তৈরি হলে, তখনও ঠোঁটের রঙের এই বদল হতে পারে।
কালচে বা কালো ছোপযুক্ত ঠোঁট
ঠোঁট কালচে হওয়া বা কালো ছোপ পড়া খুবই সাধারণ একটি সমস্যা। অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত চা-কফি পান বা মেয়াদোত্তীর্ণ লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁটে মেলানিন জমা হয়ে কালো ছোপ পড়ে। শরীরে হরমোনের গোলমাল হলেও এমন হতে পারে।
ধূসর রংঠোঁট
যদি বিবর্ণ বা ধূসর রঙের দেখায় তা হলে সেটি বিপাকক্রিয়া জনিত ত্রুটির কারণে হতে পারে। কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক অ্যাসিডিটির সমস্যা থাকলেও ঠোঁটের রঙের এমন বদল আসতে পারে।
তবে শুধু ঠোঁটের বর্ণ দেখেই পুরোপুরি কোনো রোগ নিশ্চিত করা যায় না। অস্বাভাবিক কোনো লক্ষণ দীর্ঘদিন থাকলে বা অন্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
ছবি : সংগৃহীত
দাম্পত্য বা প্রেমের সম্পর্কের শুরুতে, যার প্রতিটি কথা বা কাজকে মিষ্টি ও আকর্ষণীয় মনে হতো, সময়ের সঙ্গে সঙ্গে কি সেই চেনা মানুষের সাধারণ কোনও কথা বা সামান্য আচরণেও বিরক্তি বা জেদ তৈরি হচ্ছে?
সঙ্গী হয়ত খুব সাধারণ একটি প্রশ্ন করলেন, ‘আজ রাতের খাবারে কী রান্না হবে?’ বা ভালোবেসে বললেন, ‘তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে।’ অথচ এই সাধারণ কথাগুলোও মনের ভেতর অনাকাঙ্ক্ষিত রাগ বা সন্দেহের জন্ম দিতে পারে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে অনেকেই মনে করেন সম্পর্কের ইতি ঘটেছে, যা একটি ভুল ধারণা। মনস্তত্ত্ব-বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত সম্পর্কের একটি জটিল তবে নিরাময়যোগ্য মানসিক অবস্থা।
মনস্তত্ত্ব-বিষয়ক ওয়েবসাইট ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক প্রতিবেদনে, ইসরায়েল-ভিত্তিক নিবন্ধিত পারিবারিক ও সম্পর্ক বিষয়ক প্রশিক্ষক এবং ‘দ্য রিম্যারেজ রোডম্যাপ’-এর সহ-প্রতিষ্ঠাতা ডা. আসায়েল রোমানেলি বলেন, “যখন একটি সম্পর্কের টানাপোড়েন দীর্ঘস্থায়ী হয়, তখন মস্তিষ্ক একে অপরের সমস্ত কথাকে নেতিবাচকভাবে পড়তে শুরু করে।”
‘নেগেটিভ সেন্টিমেন্ট ওভাররাইড’ বা ‘এনএসও’
মার্কিন মনস্তত্ত্ববিদ ও গবেষক ডা. জন গটম্যান এবং ডা. জুলি গটম্যান দাম্পত্য সম্পর্কের ওপর দীর্ঘকাল গবেষণা করে এই মানসিক অবস্থার নাম দিয়েছেন— ‘নেগেটিভ সেন্টিমেন্ট ওভাররাইড’ বা ‘এনএসও’।
ডা. আসায়েল রোমানেলির মতে, “যখন একটি সম্পর্কের রোমান্টিক বা ভালোবাসার আধার ধীরে ধীরে খালি হয়ে যায় এবং প্রশংসার চেয়ে অনবরত অভিযোগ বা অবহেলার পরিমাণ বৃদ্ধি পায়, তখন মানুষের চোখে এক ধরনের নেতিবাচক চশমা বা ফিল্টার বসে যায়। ফলে সঙ্গীর সম্পূর্ণ নিরপেক্ষ বা ইতিবাচক কোনও কথা বললেও, মস্তিষ্ক সেটিকে নিজের সুরক্ষার স্বার্থে নেতিবাচক বা ক্ষতিকর হিসেবে ব্যাখ্যা করে।”
যেমন, সঙ্গী যখন বলেন, ‘আমি দুঃখিত’, তখন অন্য পক্ষের মনে হতে পারে— ‘সে নিশ্চিত কোনও দোষ লুকাতে এটি বলছে’।
এই মানসিক ফাঁদটি সাধারণত দুজনের মধ্যেই পারস্পরিকভাবে তৈরি হয় এবং সম্পর্ককে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়।
মুক্তির ৩টি মনস্তাত্ত্বিক ও ব্যবহারিক পদক্ষেপ
ডা. আসায়েল রোমানেলি এবং গবেষক গালিত রোমানেলি, যুগলদের এই নেতিবাচক চক্র থেকে বের করে আনতে ৩টি কার্যকর পদক্ষেপের কথা জানান।
মানসিক চক্রটি চিহ্নিত করা
সবার আগে দুজনকে ঠাণ্ডা মাথায় বুঝতে হবে যে, তারা একটি পারস্পরিক ভুল বোঝাবুঝির চক্রে আটকে গেছেন। যেমন— স্ত্রী বা সঙ্গীনি যখন মনে করেন স্বামী বা সঙ্গী দায়িত্বজ্ঞানহীন, তখন তার মনে ক্ষোভ ও একাকিত্ব জন্মায়। আর তিনি সরাসরি কথা না বলে বাঁকা বা খোঁটাযুক্ত প্রশ্ন ছুড়ে দেন।
অন্যদিকে, স্বামী বা সঙ্গী যখন দেখেন স্ত্রী বা সঙ্গীনি সবসময় তার পরীক্ষা নিচ্ছেন বা আগে থেকেই অসন্তুষ্ট হয়ে আছেন, তখন তিনি নিজেকে অসহায় মনে করেন এবং ক্ষিপ্ত হয়ে আত্মপক্ষ সমর্থন শুরু করেন।
এই মনস্তাত্ত্বিক আচরণগুলো কাগজে লিখে বা চিহ্নিত করে নিলে অবচেতন মন সতর্ক হতে শুরু করে।
নিজের ভেতরের নেতিবাচকতা স্বীকার করা
বিশেষজ্ঞদের মতে, মানুষ প্রায়ই সঙ্গীর আচরণকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি নেতিবাচক বলে বাড়িয়ে ধরে।
মার্কিন মনোবিদ ও সেক্স থেরাপিস্ট ডা. ডেভিড স্নাচ-এর বৈজ্ঞানিক গবেষণায় একে ‘স্বাভাবিক বৈবাহিক নিষ্ঠুরতা’ বলা হয়েছে, যেখানে অবচেতনভাবেই যুগলরা মাঝেমধ্যে সঙ্গীর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেন।
এর থেকে মুক্তির উপায় হল, নিজের ভুল বা নেতিবাচক আচরণটি সঙ্গে সঙ্গে বা পরে হলেও সঙ্গীর কাছে অকপটে স্বীকার করা।
যেমন, ‘গতকাল যখন আমি চোখ উল্টে তোমার কথার অবজ্ঞা করেছিলাম, তখন আমি সত্যিই মনে মনে তোমাকে ‘জাজ’ করছিলাম। আমি দুঃখিত।’
এই স্পষ্ট স্বীকারোক্তি সঙ্গীর মস্তিষ্ককে আসল অন্যায় এবং কাল্পনিক সন্দেহের মধ্যকার পার্থক্য বুঝতে সাহায্য করে।
একটি মজার ‘কোড ওয়ার্ড’ বা সংকেত ব্যবহার করা
তীব্র মানসিক উত্তেজনার সময় মস্তিষ্কের যুক্তিবাদী অংশ বা ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ কাজ করা বন্ধ করে দেয়। ফলে বড় কোনও ভালো বাক্য বা বোঝাপড়া মনে থাকে না।
এই অবস্থায় রাগ বা ভুল বোঝাবুঝি তাৎক্ষণিক থামাতে দম্পতি বা যুগলরা নিজেদের মধ্যে দুটি সহজ ও মজার কোড ওয়ার্ড ঠিক করে নিতে পারেন।
যেমন— সঙ্গী যখন অতিরিক্ত অভিভাবকসুলভ আচরণ করবেন, তখন অন্য পক্ষ রেগে না গিয়ে শুধু একটি শব্দ বলতে পারেন (যেমন- ‘কিন্ডার’ বা ‘বুয়েনো’)। এই সংকেতটি পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেরই উচিত হবে, কথা বলা বন্ধ করে গভীর শ্বাস নেওয়া এবং নিজের মানসিক অবস্থাকে শান্ত করার জন্য সামান্য বিরতি বা ‘টাইম-আউট’ নেওয়া।
বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের মধ্যকার অনাকাঙ্ক্ষিত দেয়ালগুলো আসলে নিজ থেকে তৈরি হয় না; বরং দুজনের মনের ভেতর জমে থাকা পুরানো জমাটবদ্ধ নেতিবাচকতাগুলো সত্যকে দেখতে বাধা দেয়।
এই মনস্তাত্ত্বিক চশমা নিয়মিত পরিষ্কার করার মাধ্যমেই দাম্পত্য বা প্রেমের সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী ভালোবাসা ফিরিয়ে আনা সম্ভব।
ছবি : সংগৃহীত
ফ্যাশনে জামদানি শাড়ির জনপ্রিয়তা এখনো বিন্দুমাত্র কমেনি বরং আরও বেড়েছে। যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্যবাহী জামদানি শাড়ি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিভিন্ন উৎসব-অনুষ্ঠান থেকে শুরু কয়ে ঘরোয়া আয়োজনেও অনেকেই জামদানি পরেন। শুধু শাড়িই বা কেন জামদানির সালোয়ার কামিজ, কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবি কিংবা ফতুয়া এমনকি ছোটদের পোশাকও এখন পাওয়া যায়।
তবে বাজারে এখন নকল সব জামদানির মাঝে যেন আসলটি হারাতেই বসেছে। যেহেতু আর দুদিন পরেই পহেলা বৈশাখ আবার আসছে ঈদুল ফিতর, এ সময় কমবেশি সবাই কেনাকাটায় ব্যস্ত আছেন। যদি কেউ জামদানি শাড়ি বা পোশাক কিনতে চান তাহলে তার আগে অবশ্যই তা আসল কি না যাচাই করে নেবেন।
যদিও ডিজাইন আর রং দেখে আসল-নকল শাড়ি বিচার করা কিন্তু বেশ কঠিন। বাজারে এখন সফট জামদানি, ঢাকাই জামদানি, বাংলা জামদানিসহ হরেক রকম জামদানিতে ভরে গেছে। এসবের দামেও হেরফের আছে। আসল ভেবে আবার অনেকেই নকলটি বেশি দাম দিয়ে কিনছে।
জামদানি শাড়িতে জলপাড়, জবাফুল, করোলা, তেরছা, দুবলা, বলিহার, পান্না হাজার, পানসি, বটপাতা, কটিহার ইত্যাদি নকশা থাতে। যে জামদানিতে ছোট ফুল বা লতাপাতার ডিজাইন তেরছাভাবে থাকে তাকে তেরছা জামদানি বলা হয়। ছোট ছোট ফুল, লতাপাতার পুটি এগুলো যদি শাড়ির জমিনে থাকে তাহলে তাকে বলে জালার নকশা।
আসল জামদানি শাড়ি হয় হাতে বোনা। তাই এর ডিজাইন হয় খুব সূক্ষ্ম ও নিখুঁত। ডিজাইনগুলো খুব মসৃণ হয়। তাঁতিরা একটি সুতোর সাহায্যেই ঘুরিয়ে ফিরিয়ে বুনন করেন জামদানি। এই শাড়ির সুতার কোনো অংশ বেরিয়ে থাকে না।
জামদানি শাড়ির সামনের দিক ও পিছনের দিকের বুনোট কিন্তু একই রকমের হয়। আসল জামদানি শাড়িতে সুতি ও সিল্ক সুতো ব্যবহার করা হয়। সুতার কাউন্ট দিয়ে সুতোর মান বোঝা যায়।
সুতা যত বেশি চিকন হবে ততই কিন্তু কাজ সূক্ষ্ম হবে। তবে শাড়ি কতটা সূক্ষ্ম ও সুন্দর হবে তা কিন্তু নির্ভর করে তাঁতির দক্ষতার উপর। সুতো বেশি চিকন হলে তা যেমন বুনতে বেশি সময় লাগে তেমনই কিন্তু দাম বেশি হয়।
একটি জামদানি তৈরি করতে একজন তাঁতিকে গড়ে ১২-১৪ ঘণ্টা কিন্তু কাজ করতে হয়। শাড়ির ডিজাইনের উপরই কিন্তু সব নির্ভর করে। তাই একটা জামদানি শাড়ি বুনতে সময় লাগে ১ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত। আর মেশিনে বোনা শাড়ি সপ্তাহে ৮-১০টি তৈরি করা হয়। তাই এর দামও কিন্তু অনেক কম হয়।
আসল জামদানি শাড়ির শুরুতে সাড়ে পাঁচ হাত পর্যন্ত কোনো পাড় থাকে না। অর্থাৎ শাড়ির যেটুকু অংশ কোমরে গোঁজা থাকে সেখানে কোনো পাড় নেই।
তবে মেশিনে বোনা শাড়িতে পুরোটাই পাড় থাকে। হাতে বোনা জামদানির ওজন যেমন হালকা হয় তেমনই পরেও আরামদায়ক। অন্যদিকে মেশিনে বোনা জামদানি খসখসে হয়। নাইলনের সুতা দিয়ে তৈরি হয় বলে একটু ভারিও লাগে।
আসল জামদানি শাড়ি তৈরির সময়, সুতার মান ও কাজের ধরন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ৩০০০-১,২০০০০ টাকা বা তার বেশি পর্যন্তও একটি জামদানি শাড়ির দাম হতে পারে। তাই দাম দিয়ে জামদানি কেনার আগে আসল না কি নকল তা দেখে শুনে ও বুঝে কিনুন।