চুলের যত্ন
দূষণ, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এবং পরিচর্যার অভাবে চুল নিষ্প্রাণ হওয়া স্বাভাবিক। এর ফলে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে যায়। খুশকি চুল পড়ার সমস্যা বাড়ায়। অনেকে চুলের যত্ন নিতে নামিদামি প্রসাধনী ব্যবহার করেন। কেউ কেউ চুলের হেয়ার স্পা, হেয়ার প্যাকও ব্যবহার করেন। এতে সাময়িক মুক্তি মিললেও চুলের যত্নে তেলের বিকল্প নেই।
তবে অনেক সময় বাজারে পাওয়া তেলে এমন অনেক রাসায়নিক পণ্য মেশানো থাকে; যা চুল ও মাথার ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। এর চেয়ে ভরসা রাখতে পারেন ভেষজ তেলের ওপর। ভেষজ তেল চুলে পুষ্টি জোগায়, চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুল নরম ও সিল্কি করে তোলে। দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে নিতে পারেন বিভিন্ন ভেষজ তেল। চুলের ধরন ও মাথার ত্বকের প্রয়োজন অনুযায়ী এসব তেল ব্যবহার করা যেতে পারে।
আমলকী-নারকেল তেল
চুলের পরিচর্যায় আমলকীর ব্যবহার বেশ পুরোনো। আমলকীর সঙ্গে নারকেল তেল মিশিয়ে তৈরি করা যায় ভেষজ তেল। শুকনো আমলকী টুকরা করে নারকেল তেলে অল্প আঁচে গরম করে নিতে পারেন। ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে সংরক্ষণ করুন।
জবা ফুলের তেল
জবা ফুল চুলের অনেক ধরনের সমস্যার সমাধান করে দিতে পারে। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি ও অন্যান্য খনিজ রয়েছে; যা চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে। এই তেল তৈরি করতে ১০টি জবা ফুল এবং ১০টি জবা ফুলের পাতা নিন। এ দুটি উপকরণ বেটে নিন। এবার পরিমাণ মতো নারকেল তেল নিন। এতে জবা ফুল ও পাতা বাটার মিশ্রণটা নারকেল তেলে মিশিয়ে ফুটিয়ে নিন। তেলের রং লাল হতে শুরু করলে নামিয়ে নিন। ঠান্ডা করে জবা ফুলের তেল ব্যবহার করুন।
মেথির তেল
চুলের যত্নে মেথিও বেশ প্রচলিত। নারকেল বা তিলের তেলের সঙ্গে মেথি দিয়ে তৈরি করা যায় মেথির তেল। এক কাপ তেলে এক থেকে দুই চা চামচ মেথি দিয়ে অল্প আঁচে গরম করে নিন। ঠান্ডা করে ছেঁকে চুলে ব্যবহার করুন।
কালোজিরার তেল
কালোজিরা বাঙালির রান্নাঘরের পরিচিত মসলা। চুলের পরিচর্যাতেও এটি ব্যবহৃত হয়। অল্প পরিমাণ কালোজিরা নারকেল বা অন্য কোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করা যায়। তেল ঠান্ডা হলে ছেঁকে ব্যবহার করতে হবে।
নিমের তেল
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্যাঙ্গাল উপাদান থাকায় নিমের তেল মাথার ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এ তেল ব্যবহারে চুল নরম হয়, চুল ভেঙে যাওয়া রোধ হয়। নিমের তেল সাধারণ খুশকি সমস্যা, মাথার ত্বকের অস্বস্তি দূর করতে ব্যবহার করা হয়। এই তেল তৈরি করতে প্রথমে নিমের পাতা পরিষ্কার করে পেস্ট করে নিন। ভালো করে ফুটিয়ে নিন। ৫ মিনিট ফুটিয়ে দেখে নিন রং পরিবর্তন হচ্ছে কিনা। এবার ওই পেস্ট ছেঁকে নিন।
তবে নিম সবার মাথার ত্বকে একইভাবে কাজ করবে তা নয়। তাই প্রথমবার ব্যবহারের আগে অল্প পরিমাণ তেল ত্বকে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো।
তেল ব্যবহারের সঠিক নিয়ম
তেল ব্যবহারের সময় শুধু চুলে নয়, মাথার ত্বকেও সমানভাবে গুরুত্ব দেওয়া জরুরি। যে তেল ব্যবহার করবেন তা আঙুলের ডগা দিয়ে আলতোভাবে কয়েক মিনিট মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন। অনেকে তেল গরম করে চুলে লাগান। মনে রাখবেন, চুলে ব্যবহারের জন্য হালকা গরম তেল উপযোগী। বেশি গরম তেল ব্যবহার করবেন না। চুলে অনেকক্ষণ তেল রেখে দিলে বেশি উপকার হবে–এমন কোনো কথা নেই। চুলের ধরন ও মাথার ত্বকের অবস্থা অনুযায়ী এক থেকে দুই ঘণ্টা পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
কার্নিভাল মেকওভারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ তাসলিমা পলাশী বলেন, পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, বংশগত কারণ, মানসিক চাপ, মাথার ত্বকের সমস্যাসহ বিভিন্ন কারণে চুল পড়তে পারে। তাই কারও যদি দীর্ঘদিন ধরে অস্বাভাবিক হারে চুল পড়ে তাহলে শুধু ভেষজ তেল ব্যবহার করলে কাজ হবে না। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তাঁর মতে, চুলের নিয়মিত পরিচর্যায় তেল খুবই উপকারী।
তবে ভেষজ উপাদান প্রাকৃতিক বলে যে তা সবার জন্য নিরাপদ বা সব সমস্যার সমাধান করবে, তা নয়। নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকে পরীক্ষা করে নেওয়া ভালো বলে পরামর্শ দেন এই রূপ বিশেষজ্ঞ।
ছবি : সংগৃহীত
হালকা শীত পড়লেই মাথার চুল আগের চেয়ে বেশি পরিমাণে পড়তে শুরু করে। ফ্লোর, ওয়াশরুম এমনকি জামা কাপড়েও চুল পড়ে থাকে। কারণ শীতে চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এতে বাড়ে চুলকানি ও খুশকির সমস্যা। তাই চুল ভালো রাখতে এই সময়ে কিছু ভুল করা যাবে না।
খুব গরম পানিতে চুল ধোওয়া
শীতের সকালে গরম পানিতে গোসল করতে ভালো লাগলেও চুলের জন্য অতিরিক্ত গরম পানি একেবারেই ভালো নয়। এতে মাথার ত্বকের স্বাভাবিক তেল কমে গিয়ে ত্বক আরও শুষ্ক হয়ে পড়তে পারে। তাই চুল ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। চুল ও মাথার ত্বকের ধরন বুঝে শ্যাম্পু করার অভ্যাস তৈরি করুন।
মাথার ত্বকেরও যত্ন না নেওয়া
শীতে অনেকের মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। শুরু হয় চুলকানি, খুশকি এবং চামড়া ওঠার সমস্যা। তাই চুলের পাশাপাশি স্ক্যাল্পের যত্ন নেওয়াও জরুরি। নিজের মাথার ত্বকের উপযোগী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চুলকানি হলে নখ দিয়ে মাথা চুলকাবেন না। আবার মাথায় সাদা সাদা খোসা উঠলেই তেল মাখতে শুরু করবেন না। কারণ শুষ্ক স্ক্যাল্প আর খুশকি দেখতে একই রকম হলেও দুটির যত্নের পদ্ধতি আলাদা হতে পারে।
ভেজা চুল আঁচড়ানো
গোসলের পর ভেজা চুল খুব সহজেই জট পাকিয়ে যায়। তখন চিরুনি দিয়ে জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে। তাই বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন এবং ধীরে ধীরে জট ছাড়ান। পাশাপাশি হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা অন্যান্য হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার কমান। অতিরিক্ত তাপে চুল আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।
কন্ডিশনার ব্যবহার না করা
অনেকেই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায়। চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগালে কোমল থাকবে চুল। চুল খুব বেশি জট পাকালে লিভ-ইন কন্ডিশনারও কাজে আসতে পারে। মাঝে মধ্যে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তবে একসঙ্গে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার না করে চুলের ধরন বুঝে প্রয়োজনীয় জিনিস বেছে নিন।
খাবার ও অভ্যাসেও নজর না দেওয়া
সঠিক খাদ্যভ্যাসের অভাবেও চুল ঝরে। শুধু বাইরে থেকে যত্ন নিলেই চুল ভালো থাকবে, এমনটা নয়। খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঠিকমতো ঘুমান। চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। বিশেষ করে কপালের কাছের চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি। গতকালই জানা গিয়েছিল, মাতৃত্বকে উপজীব্য করে সাজানো হয়েছে মাহির জাতীয় পোশাক। বাঙালি নারীর একান্ত আপন পোশাক লাল-সাদা শাড়ি পরে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে এলেন মাহি। তাঁর সাজপোশাকে যেন উঠে এল বাংলাদেশেরই এক টুকরা প্রতিচ্ছবি।
কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প
মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মাতৃত্বের ভাবনা থেকে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটিও তৈরি করেছেন বিশ্বজিৎ ও তাঁর দল।
বিশ্বজিৎ বলেন, ‘শাড়িটি খুবই কম সময়ে ডিজাইন করা। মাত্র তিন দিন সময় পেয়েছিলাম। এর মধ্যে দুই দিন থিম ভেবে আগে মাতৃত্ব উদ্যাপনের ওই বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করি, যেটি আজ মাহি তাঁর পিঠে বহন করেছেন। আর শাড়ি তৈরি করেছি মাত্র এক দিনে।’
মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে গোটা জাতির সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার সুযোগ থাকে। সেই ভাবনা থেকেই মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন বিশ্বজিৎ।
তাঁর মতে, আমরা আমাদের জন্মভূমিকেও মা বলে সম্বোধন করি। তাই মা ও মাতৃভূমিকে একই সূত্রে গেঁথেছেন তিনি। মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প।
মাহির শাড়ির নকশা প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি হয়েছে শাড়িটি। মঞ্চে হাঁটাচলায় যাতে অসুবিধা না হয় এবং সহজেই পরা যায়, সে জন্য শাড়িটি আগে থেকেই সেলাই করে পরার উপযোগী (রেডি টু ওয়্যার) করে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে কলকার আদলে শাপলা ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে। এ ছাড়া শাড়িতে আছে ব্লকপ্রিন্টের কাজ।
সাবেকি গয়নায় বাংলার মায়েদের সাজ
শাড়ির সঙ্গে মাহি পরেছিলেন সোনালি গয়না। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সোনার গয়না পরার ঐতিহ্য আছে। তবে মাহির গয়নার নকশায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলার সাবেকি অলংকার।
গয়নাগুলোর নকশা করেছেন গয়নার ব্র্যান্ড ক্যানভাসের স্বত্বাধিকারী ও ডিজাইনার তন্বী কবির। তিনিও সময় পেয়েছিলেন মাত্র সাত দিন। এই সময়ের মধ্যে নয়জন কারিগর সম্মিলিতভাবে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো।
তন্বী বলেন, ‘আমাদের জনপদের মায়েরা একসময় যে সাবেকি অলংকারে নিজেদের সাজাতেন—সীতাহার, কণ্ঠহার, বালা, কাঁটানা ঝুমকা—সেই চিরচেনা গয়নার নকশা, আভিজাত্য ও আবেগ থেকেই এসেছে এই সংগ্রহের অনুপ্রেরণা। এই সংগ্রহের প্রতিটি গয়নায় ফিরে দেখতে চেয়েছি আমাদের শিকড়, ঐতিহ্য এবং মায়েদের সাজে মিশে থাকা আবেগ।’
প্রতিটি গয়না অত্যন্ত সূক্ষ্মতা ও নিপুণতার সঙ্গে হাতে তৈরি করেছেন কারিগরেরা। বাংলার সাবেকি গয়নার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগ্রহের মধ্য দিয়ে দেশীয় কারিগর ও শিল্পীদের দক্ষতা, শিল্পবোধ এবং হাতের কাজের উৎকর্ষও তুলে ধরতে চেয়েছেন তন্বী।
জাতীয় পোশাক নিয়ে পুয়ের্তো রিকোয় মিথিলা
শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তাঁর জাতীয় পোশাক ও সাজের প্রস্তুতির মূল দায়িত্ব সামলেছেন বান্ধবী ও ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
পুয়ের্তো রিকো থেকে মাহি বলেন, ‘অন্য সবকিছুর মতো ন্যাশনাল কস্টিউম নিয়েও ভেবেছেন মিথিলা আপুই। তাঁর মতো একজন বন্ধু, বড় বোন পাওয়ার কারণে আমার এত কম সময়েও অনেকটা গুছিয়ে নিতে পেরেছি।’
জাতীয় পোশাক নিয়ে এক দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছান মিথিলা। বাংলাদেশেই তৈরি করা হয়েছিল সাজপোশাকের সব অনুষঙ্গ। বহনের সুবিধার্থে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করা হয়েছিল নয়টি আলাদা অংশে। কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে তৈরি হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা এই শিল্পকর্ম।
দেশীয় খাদি, শাপলার নকশা, সাবেকি অলংকার ও মাতৃত্বের গল্প মিলিয়ে মাহির জাতীয় পোশাক হয়ে উঠেছিল বাংলার সংস্কৃতি, কারুশিল্প ও আবেগের এক সম্মিলিত উপস্থাপনা।
ছবি : সংগৃহীত
শীতের আগমনী বার্তার মাঝেই আকাশ মেঘলা হয়ে ঝিরঝিরে বৃষ্টি নামলে শরীরে এক ধরনের অদ্ভুত অলসতা ও ঘুমঘুম ভাব জেঁকে বসে। অফিসের ডেস্কে বসে কাজ করা হোক বা বাড়ির দৈনন্দিন কাজ- কোনও কিছুতেই যেন মন বসতে চায় না।
চিকিৎসাবিজ্ঞান ও আবহাওয়া গবেষকদের মতে, এটি কেবল মনের অলসতা নয়; বরং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের হরমোনের সরাসরি প্রতিক্রিয়ার ফল।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও বিজ্ঞানবিষয়ক প্ল্যাটফর্ম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ঘুম ও স্নায়ুবিজ্ঞানীরা মেঘলা-বৃষ্টির দিনে ঘুমঘুম ভাব আসার কারণ এবং তা কাটানোর কার্যকর কৌশল তুলে ধরেছেন।
মেঘলা ও বৃষ্টির দিনে কেন এত ঘুম পায়?
বিশেষজ্ঞদের মতে, মেঘলা আকাশের কারণে সূর্যের উজ্জ্বল আলো কমে গেলে মস্তিস্ক অন্ধকার বা রাত নেমে এসেছে বলে ভুল সংকেত পায়। ফলে মস্তিস্কের ‘পিনিয়াল গ্রন্থি’ থেকে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ স্বাভাবিকের চেয়ে বেশি নিঃসৃত হতে শুরু করে, যা শরীরে তীব্র তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি তৈরি করে।
পাশাপাশি সূর্যের আলোর অভাবে মন ভালো রাখার হরমোন ‘সেরোটোনিন’ কমে যাওয়ায় কাজে অনীহা ও আলসেমি দেখা দেয়। এছাড়া বৃষ্টির রিমঝিম শব্দ এক ধরনের ‘পিংক নয়েজ’ তৈরি করে, যা মস্তিস্ককে শান্ত করে ঘুমের দিকে ঠেলে দেয়।
বৃষ্টির দিনের আলসেমি ও ঘুমঘুম ভাব কাটানোর ৫ উপায়
ঘরের ভেতরের আলো বাড়িয়ে দেওয়া
বাইরে রোদ না থাকায় মস্তিস্কের মেলাটোনিন উৎপাদন কমাতে ঘরের বা অফিসের উজ্জ্বল সাদা আলো জ্বালিয়ে রাখা জরুরি। জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো যতটুকু সম্ভব ভেতরে আসতে দিতে হবে। উজ্জ্বল আলো চোখে পড়লে মস্তিস্ক সজাগ থাকার সংকেত পায়।
হালকা স্ট্রেচিং ও নড়াচড়া করা
বৃষ্টির দিনে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে রক্ত সঞ্চালন ধীর হয়ে ঘুম আরও বেশি পায়। প্রতি এক ঘণ্টা পর পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ৫ মিনিট হালকা স্ট্রেচিং, হাত-পা ছোড়া বা সিঁড়ি দিয়ে একবার ওঠানামা করলে শরীরে রক্ত প্রবাহ বেড়ে তাৎক্ষণিক চাঙা ভাব ফিরে আসে।
পর্যাপ্ত পানি পান ও ক্যাফেইনের পরিমিত ব্যবহার
ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় তৃষ্ণা কম লাগায় অনেকেই পানি পান কমিয়ে দেন। তবে সামান্য পানিশূন্যতাও ক্লান্তি ও মাথাব্যথা বাড়িয়ে দেয়। তাই কাজের ফাঁকে নিয়মিত স্বাভাবিক বা কুসুম গরম পানি পান করতে হবে। ঘুম কাটাতে এক কাপ আদা-চা বা কালো কফি পান করা যেতে পারে। তবে বিকেল ৪টার পর অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে রাতের ঘুম নষ্ট হতে পারে।
অতিরিক্ত ভাজাপোড়া ও ভারী খাবার এড়িয়ে চলা
বৃষ্টির দিনে খিচুড়ি বা অতিরিক্ত তেলে ভাজা খাবার খেতে বেশ লাগে। তবে ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে তীব্র ঝিমুনি তৈরি করে। এর বদলে প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার, বাদাম বা ফলমূল খেলে শরীর দীর্ঘক্ষণ কর্মক্ষম থাকে।
পছন্দের দ্রুত লয়ের সংগীত শোনা
মেঘলা দিনের বিষণ্ণতা ও আলসেমি কাটাতে কাজের ফাঁকে পছন্দের দ্রুত লয়ের গান বা বাদ্যযন্ত্রের সুর শুনলে মস্তিস্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ে, যা মনকে প্রফুল্ল করে কাজের গতি ফিরিয়ে আনে।
ছবি : সংগৃহীত
ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার খেলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আবার ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ কিংবা তাজা ফলের রস খেলে উপকার পাবেন। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো যায়।
সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়। ফলে হজমের প্রক্রিয়াও কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারী খাবার এড়িয়ে চলুন। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন।
অনেকের ধারনা, জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। এটা ঠিক নয়। বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে। এর ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম গরম পানিতে গোসল করা ভালো। প্রয়োজনে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেয়া যেতে পারে।
জ্বর সারাতে শুধু ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য সচেতনতা থেকে আজকাল অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় গ্রিন টি রাখেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। তবে এর সাথে যদি কয়েক ফোঁটা লেবু মেশানো হয় তাহলে শরীর বাড়তি উপকার পায়।
সাম্প্রতিক পুষ্টিবিজ্ঞান গবেষণা বলছে, শুধু গ্রিন টি খাওয়ার চেয়ে লেবু মিশিয়ে খেলে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণ অনেকটাই বেড়ে যায়।
‘টিভি নাইনে’র এক প্রতিবেদন বলছে, গ্রিন টি-তে ক্যাটেচিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ক্যাটেচিন হলো চায়ে পাওয়া এক ধরনের যৌগ, যা অ্যান্টিঅক্সিডেন্টকে শক্তিশালী করে। অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ক্ষতিকর মুক্ত কণার হাত থেকে রক্ষা করে এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে। এতে বার্ধক্যের প্রক্রিয়াও ধীর হতে পারে। এই উপাদান শরীরের কোষকে রক্ষা করে, বার্ধক্যের গতি ধীর করে এবং ফ্রি র্যাডিক্যাল ক্ষতি কমায়। শরীর সব সময় এই ক্যাটেচিন পুরোপুরি শোষণ করতে পারে না। লেবু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি লেবুতে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি-এর প্রায় চৌত্রিশ শতাংশ থাকে। এই ভিটামিন শরীরের বৃদ্ধি ও টিস্যুর মেরামতে সাহায্য করে। যদিও আরও অনেক ফলে ভিটামিন সি থাকে, কিন্তু লেবু গ্রিন টি-র ক্যাটেচিন নামের উপাদানকে সংরক্ষণ করতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্টকে স্থিতিশীল রাখে। ফলে পাকস্থলীতে গিয়ে তা ভেঙে না গিয়ে রক্তে সহজে মিশতে পারে। গবেষণায় দেখা গেছে, লেবু মেশালে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায়।
গ্রিন টি-তে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের চর্বি পোড়াতে সাহায্য করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। গবেষণায় দেখা গেছে, লেবুর রস গ্রিন টি-র ক্যাটেচিন সংরক্ষণে সবচেয়ে কার্যকর। লেবু থেকে প্রায় ত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি যোগ হয়, যার ফলে প্রায় আশি শতাংশ ক্যাটেচিন অটুট থাকে।
লেবু হজমশক্তি বাড়ায় এবং লিভারের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে। ফলে শরীর দ্রুত টক্সিন বের করে দিতে পারে। সকালে খালি পেটে লেবু মেশানো গ্রিন টি পান করলে অনেকেই হালকা অনুভব করেন—এটা কেবল মানসিক নয়, বৈজ্ঞানিকভাবেও যুক্তিযুক্ত। অ্যান্টিঅক্সিডেন্টের বাড়তি শোষণ মানে ত্বকের কোষ রক্ষা পায়। ফলে ত্বকে উজ্জ্বলতা আসে, ব্রণ কমতে পারে এবং বার্ধক্যের লক্ষণ ধীর হয়। লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে—যা ত্বক টানটান রাখে। এছাড়া, লেবু মেশানো গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।
লেবুর ভিটামিন সি এবং গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে শরীরকে শক্তিশালী করে। জীবাণু আক্রমণ করলে শরীর সহজে তা মোকাবিলা করতে পারে। গ্রিন টি ও লেবু হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক বলে পরিচিত। লেবুতে লিমোনিন নামের এক বিশেষ তেল থাকে, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। গ্রিন টি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ধমনী পরিষ্কার রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদযন্ত্রের উপর চাপ কম পড়ে। লেবু লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, লেবুর রস ক্ষতিগ্রস্ত লিভারের উপকার করতে পারে। গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট লিভার কোষের ক্ষতি কমায়।
ছবি : সংগৃহীত
শীতের শুরু থেকেই ত্বকের অবস্থা নাজেহাল হতে থাকে। তাই বাড়তি যত্ন প্রয়োজন। এবারের শীতে ত্বকের যত্ন শুরু করুন গ্লিসারিন দিয়ে। এটি অনেক নামিদামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে। মূলত গ্লিসারিন হলো উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি একটি ‘হিউমেকট্যান্ট’—অর্থাৎ এমন একটি উপাদান যা বাতাস এবং ত্বকের ভিতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্যই শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।
ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।
উপকারিতা
ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে গ্লিসারিন। ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে। বাইরের ধুলোবালি বা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে। ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়েও সাহায্য করে গ্লিসারিন। ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে। তাই শীতের শুরু থেকে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক হবে সতেজ ও কোমল।
সরাসরি ব্যবহারে সতর্কতা
সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন প্রসাধনী ব্যবহার করুন, যেখানে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে।
কীভাবে ব্যবহার করা উচিত?
গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে পারেন। গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে।