প্রতীকী ছবি

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৮ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।


বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।


এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।


যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।



সর্বশেষ সব খবর

রুহুল কবির রিজভী

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৬ পিএম

কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।


বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য আমাদের ডিগ্রির প্রয়োজন রয়েছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদটা হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো। তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে।


নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী থাকাকালে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেই সময়ের স্মৃতি এখনও আমার মনে আছে। সময়ের পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।


শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আনন্দবোধ করে, শিক্ষকদের সেভাবে পাঠদান করতে হবে এবং ক্লাসের প্রতি আকৃষ্ট হয়। 


দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।

সর্বশেষ সব খবর

তুরস্কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৫ পিএম

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


পরে তাকে ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। এর আগে, সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।


 ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশ্যে রওনা করেন।  আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। 

সর্বশেষ সব খবর

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, এ বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।


তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।


ইয়াসের খান চৌধুরী বলেন, তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।


আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ সব খবর

বনানী কবরস্থান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১১ পিএম

রাজধানীর বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদে একটি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণ করতে গুনতে হবে দেড় কোটি টাকা।


ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং দীর্ঘদিন কবর সংরক্ষণের প্রবণতা নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।


সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রী আবদুল মঈন খানের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


লিখিত উত্তরে জানানো হয়, বনানী কবরস্থানের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে একটি কবরের জন্য ফি দিতে হয় মাত্র ৫০০ টাকা। এসব কবরের মেয়াদ দুই বছর।


অন্যদিকে, কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ১৫ বছরের জন্য এক কোটি এবং ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে।


কবর সংরক্ষণের প্রবণতা কমানো এবং কবরস্থানের সীমিত জায়গার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এ ফি নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সব খবর

সরকারদলীয় সংসদীয় সভায় কথা বলছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৪ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে তিনি এ কথা বলেন। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’


বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।


এর আগে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ উদ্যোগকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, তিনি চাইলে ভারত সরকারের কাছে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।


আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই শেখ হাসিনার প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলেও ঘোষণা দিয়েছেন। তার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।


এদিকে বিএনপির সংসদীয় দলের সভায় সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

সর্বশেষ সব খবর

৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

প্রিন্টিং মেশিন আমদানির আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ পিএম

প্রিন্টিং মেশিন ঘোষণায় আমদানি কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও জাল সিগারেটের স্ট্যাম্প জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা।

বিশেষ নজরদারিতে থাকা একটি একটি আমদানি চালানে যৌথ অভিযান চালিয়ে ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। তবে অভিযানে ঘোষিত কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। এ অভিযানে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। 


এনবিআর বলছে, চালানটি ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর 3C004A ঠিকানায় অবস্থিত চায়না মার্ট নামের প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়। ২০২৬ সালের ৯ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালানটিতে পণ্য হিসেবে ‘প্রিন্টিং মেশিন’ ঘোষণা করা হয়েছিল। ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তাদের সমন্বয়ে চালানটি বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়।


উদ্ধার জাল সিগারেটের স্ট্যাম্প মূলত নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। উল্লেখ্য, দেশে ২০ শলাকার নিম্নস্তরের একটি সিগারেটের প্যাকেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা এবং এর বিপরীতে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ ১০৬.৬০ টাকা। সে হিসাবে উদ্ধার জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা ছিল।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালানটিতে পাওয়া প্রসাধনী সামগ্রীর বিপরীতে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। অর্থাৎ, জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধ সিগারেট উৎপাদনের মাধ্যমে সম্ভাব্য রাজস্ব ক্ষতি এবং প্রসাধনী আমদানিতে সম্ভাব্য রাজস্ব ফাঁকি মিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি চিহ্নিত হয়েছে।




উল্লেখ্য, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে বৈধভাবে পরিচালিত তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজস্ব ব্যবস্থার পাশাপাশি বৈধ বাণিজ্যিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।


জাতীয় রাজস্ব বোর্ড আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিয়ম, শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে বদ্ধপরিকর। এ লক্ষ্যে এনবিআরের গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সব খবর