সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল ৯টা ৫৬ মিনিটে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তাঁর দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক।
সামনে বড় নির্বাচন—এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে। তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরও স্মুথ হবে।
তারেক রহমানের নিরাপত্তাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তাঁর নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।
খোদা বকশ প্রসঙ্গ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী কেন পদত্যাগ করলেন—এমন প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা গতকাল রাত ১২টার দিকের ঘটনা। তিনি এখনো কারণ জানতে পারেননি।
বড়দিনের শুভেচ্ছা বিনিময়
তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় এসে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাঁরা চান, সব সম্প্রদায়ের সবাই যেন নিজ নিজ ধর্ম, আচার, অনুষ্ঠান নির্ভয়ে-আনন্দে পালন করতে পারেন। এটা সত্যিকার গণতন্ত্রের সবচেয়ে বড় লক্ষ্য।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়ে নিজের বাড়িতেই ৪০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে তার বাসায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়।
নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানিতে আগ্রহী করার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, মন্ত্রীর এই উদ্যোগ দেখে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হবেন।
সংশ্লিষ্টদের মতে, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে। এতে গ্রিডের ওপর চাপ হ্রাসের পাশাপাশি প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার সুযোগ তৈরি হবে।
সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়েও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনেও অগ্রগতি সম্ভব।
এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আশা করছি, এই উদ্যোগ দেখে মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে, পাশাপাশি দেশের ও মানুষের উপকার হবে।’
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে।তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায় বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের অধিনায়ক ও তার সফরসঙ্গীরা ম্যারাথনে যোগদানের লক্ষ্যে জাপান যাচ্ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইনস তাদের অ্যাম্বুলিফট বা হুইলচেয়ার সেবা যথাযথ ভাবে দিচ্ছে কি না মনিটরিং করতে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিমানবন্দরে হুইলচেয়ার ও অ্যাম্বুলিফট সেবা পেতে করণীয় সম্পর্কে জানান।
এ বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ম্যাজিস্ট্রেট নওশাদ।পোস্টে তিনি লেখেন, মনে হলো অনেকেই এসব সুবিধা ও প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানেন না। সেজন্য যাদের এমন সুবিধা গ্রহণ প্রয়োজন বা প্রয়োজন হতে পারে তাদেরসহ সবার জানার জন্য আমার স্বল্প অভিজ্ঞতা থেকে কিছু বিষয় শেয়ার করছি।
বিমানবন্দরে হুইলচেয়ার ব্যবহারকারী, স্ট্রেচারে থাকা রোগী বা সিঁড়ি বেয়ে বিমানে উঠতে অক্ষম যাত্রীদের বিমানের নিচ থেকে সরাসরি বিমানের দরজায় পৌঁছে দেওয়ার জন্য যে বিশেষ হাইড্রোলিক লিফট যুক্ত বাহনটি ব্যবহার করা হয় তা অ্যাম্বুলিফট নামে পরিচিত।
প্রয়োজনে অ্যাম্বুলিফট/হুইলচেয়ার সুবিধা গ্রহণের জন্য করণীয় নিয়ে তিনি লেখেন, টিকিট কেনার সময় হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীর হুইলচেয়ার/অ্যাম্বুলিফট প্রয়োজন হলে ক্যাটাগরি চূড়ান্ত করার সময় WHCR/ pax cannot walk long/etc. যথাযথ ক্যাটাগরি type নিশ্চিত করবেন। এজেন্ট এর মাধ্যমে টিকিট কাটলে এজেন্ট হুইলচেয়ার বা অ্যাম্বুলিফট ক্যাটাগরি নিশ্চিত করেছে কি না যাচাই করতে হবে।এয়ারলাইনসকে জানানোর বিষয়ে ম্যাজিস্ট্রেট নওশাদ লেখেন, টিকিট কাটার সময় বা ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে আপনার এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে বিশেষ সহায়তার (Wheelchair/Stretcher Assistance) অনুরোধ জানান। পাশাপাশি সঠিক ক্যাটাগরি উল্লেখ করা যাত্রী কতটুকু চলাচলে সক্ষম তা স্পষ্টভাবে জানাতে হবে। বিশেষ করে যাত্রী যদি সিঁড়ি বেয়ে উঠতে একেবারেই না পারেন তবে গ্রাউন্ড হ্যান্ডলিং টিম অ্যাম্বুলিফটের ব্যবস্থা করবে।
প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা সনদের ব্যাপারে তিনি লেখেন, যাত্রী যদি গুরুতর অসুস্থ হন বা স্ট্রেচারে ভ্রমণ করেন, তবে এয়ারলাইন্সের নির্ধারিত ফরমে চিকিৎসকের ‘ফিট টু ফ্লাই’ (Fit to Fly) সনদ জমা দিতে হতে পারে। সেক্ষেত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নম্বর টার্মিনালের এক নম্বর গেটের পাশে দায়িত্বরত চিকিৎসকদের সহায়তা নিতে পারেন।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমানবন্দরে পৌঁছানোর পর করণীয় নিয়ে লেখেন, প্রথমত যথাসময়ে উপস্থিতি, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইট ডিপারেচারের অন্তত ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান, যেন চেকইন ও নিরাপত্তা তল্লাশিসহ অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা যায়। চেকইন করার সময় এয়ারলাইনস কর্মীদের পুনরায় মনে করিয়ে দিন যে আপনার হুইলচেয়ার বা অ্যাম্বুলিফট প্রয়োজন।তিনি আরও লেখেন, টিকিটে হুইলচেয়ার নিশ্চিত করার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের পর হুইলচেয়ারের প্রয়োজন হলে এয়ারলাইনস কাউন্টারে যোগাযোগ করলে তারা যাত্রীকে হুইলচেয়ার সুবিধা দেবেন।
হুইলচেয়ার ও অ্যাম্বুলিফ্টের মাধ্যমে বোর্ডিং এবং অবতরণের প্রক্রিয়া নিয়ে নওশাদ খান লেখেন, বোর্ডিং গেট থেকে এয়ারলাইনস বা গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা যাত্রীকে হুইলচেয়ার বা স্ট্রেচারসহ অ্যাম্বুলেন্স এর মতো গাড়িতে তুলে নেবেন।
গাড়িটি বিমানের পাশে গিয়ে দাঁড়ানোর পর হুইলচেয়ার বা স্ট্রেচার অ্যাম্বুলিফট এর যথাযথ স্থানে সুরক্ষার সঙ্গে স্থাপনের পর অ্যাম্বুলিফটটি হাইড্রোলিক লিফটের মাধ্যমে বিমানের দরজার সমান উচ্চতায় উঠবে এবং যাত্রীকে নিরাপদে ভেতরে পৌঁছে দেবে। গন্তব্যে পৌঁছে বিমান অবতরণের পর একইভাবে অ্যাম্বুলিফট বিমানের দরজায় যুক্ত হবে এবং যাত্রীকে নিচে নামিয়ে টার্মিনাল ও ইমিগ্রেশন পার হতে এয়ারলাইন্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীরা সহায়তা করবেন।শাহজালাল বিমানবন্দরে অ্যাম্বুলিফট ও হুইলচেয়ার সেবা এয়ারলাইনসগুলো সাধারণত বিনামূল্যে দিয়ে থাকে উল্লেখ করে তিনি লেখেন, বিমান যদি সরাসরি বোর্ডিং ব্রিজের (জেটওয়ে) সঙ্গে যুক্ত থাকে, তবে অ্যাম্বুলিফটের প্রয়োজন হয় না; হুইলচেয়ারেই সরাসরি বিমানে ওঠা যায়। বিমান দূরবর্তী স্থানে (Apron/Remote Bay) পার্ক করা থাকলেই মূলত অ্যাম্বুলিফট ব্যবহার করা হয়।
শেষে অভিযোগ জানানোর তথ্য উল্লেখ করে এই ম্যাজিস্ট্রেট লেখেন, অ্যাম্বুলিফট বা হুইলচেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হটলাইন নম্বরে (১৩৬০০) যোগাযোগ করতে পারেন।
যথাযথভাবে করণীয় সব ধাপ সম্পন্ন করার পরও যাত্রী তার বৈধ সেবা পেতে, বিশেষ করে হুইলচেয়ার অথবা অ্যাম্বুলিফট সুবিধা পেতে হয়রানির শিকার হলে এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ জানাতে পারেন। বিমানবন্দরের ১ নাম্বার টার্মিনালের ১ নং গেটের পাশে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারেন। এখানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা পালা করে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাত্রীদের প্রয়োজনে দায়িত্বরত থাকেন।
সোশ্যাল মিডিয়া ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়ছে শিশু-কিশোরদের ওপর। প্রতীকী ছবি
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতীক। ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড। ছবি: সংগৃহীত
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।
তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।
এসবের মধ্যে রয়েছে- যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা দেওয়া যাবে না।
তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করা হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।