বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৯ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে নারীরাও হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ছবি সংবলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। উত্তর বাড্ডা ব্রিজের নিচে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ব্যক্তিগত কোনো দাবি-দাওয়া প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে আমরা এ কর্মসূচি পালন করছি না। কোনো রাজনৈতিক দলকে গালিগালাজ বা বিতর্কিত করাও আমাদের লক্ষ্য নয়। বরং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা রাজপথে নেমেছি।

তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অস্বস্তি বিরাজ করছে। মানুষের আয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে কোনো সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করার দাবি জানান জামায়াতের এ নেতা।

তিনি বলেন, জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের কথা বলে কোনো লাভ নেই। কৃষক, শ্রমিক ও মা-বোনদের মুখে হাসি ফোটাতে হলে মানুষের আয় ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। সরকারের কার্যক্রমের সমালোচনা করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশ পরিচালনা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিভিন্ন কর্মসূচি ও কার্ড বিতরণের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট রাখা সম্ভব নয়। জনগণের ক্ষোভ বাড়তে থাকলে এবং সরকারের প্রতি আস্থা কমে গেলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

সমাবেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়টিও তুলে ধরেন তিনি। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে ন্যায্য উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাত্রায় যে চাপ তৈরি হয়েছে, তা বিবেচনায় নেয়া প্রয়োজন। সরকার পরিস্থিতি যথাযথভাবে উপলব্ধি করলে শ্রমিকদের ওপর লাঠিচার্জের মতো ঘটনা ঘটত না এবং একজন শ্রমিককে জীবন দিতে হতো না বলে তিনি মন্তব্য করেন।

তিনি শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার পাশাপাশি তাদের হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ এবং নির্ধারিত সময়ে মাসিক বেতন পরিশোধের দাবি জানান।

তবে শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক হলেও গাড়ি ভাঙচুর কিংবা কারখানায় আগুন দেয়ার মতো কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। কোনো তৃতীয় শক্তি যেন শ্রমিকদের ব্যবহার করে তাদের ন্যায্য দাবিকে জনসমর্থন থেকে বিচ্ছিন্ন করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শ্রমিকদের পাশে রয়েছে। তবে শ্রমিকদের প্রতি সমর্থন থাকার অর্থ এই নয় যে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডকেও সমর্থন করা হবে। শ্রমিকদের আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি চলমান আন্দোলনে ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপস না করার কথাও বলেন তিনি।

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে বলেও অভিযোগ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকারের উচিত ছিল সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কিন্তু সে পথে না গিয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, যার পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।

সরকারের প্রতি জনকল্যাণমূলক কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে তাদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। কৃত্রিমভাবে উন্নয়নের কথা প্রচার না করে মানুষের বাস্তব জীবনমানের উন্নয়নে গুরুত্ব দেয়া প্রয়োজন। জনগণের জীবনযাত্রার মান না বাড়লে উন্নয়নের দাবি অর্থবহ হবে না।

বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশ সবার। এই দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জামাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, মাওলানা কুতুবউদ্দিন, ফজলে আহমেদ ও মিজানুর রহমান খানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে উত্তর বাড্ডা ব্রিজের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়।




সামান্তা শারমিন

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৭ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। পদত্যাগের কারণ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং সংগঠনে গণতন্ত্র চর্চার অভাবের অভিযোগ তুলেছেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে এক দীর্ঘ বিবৃতিতে এসব কারণ তুলে ধরেন তিনি।


একই সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন ধারার গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।বিবৃতিতে সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় বলে মনে করেন তিনি।গত ১১ মাসে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব এবং আলোচনার মাধ্যমে এনসিপিকে ভুল রাজনৈতিক পথ থেকে ফেরানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি।


তবে দলের প্রাথমিক মূল্যবোধের প্রতি এনসিপি আর আন্তরিক থাকতে পারবে না- এমন উপলব্ধি থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।


পদত্যাগের কারণ হিসেবে চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন সামান্তা শারমিন। চারটি বিষয় হলো:


সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি না


সামান্তা শারমিনের বক্তব্য, দেশের মানুষের আকাঙ্ক্ষার দল হিসেবে এনসিপির রাজনীতির মূল ভিত্তি ছিল সংস্কার। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উত্তরণের পথে বিদ্যমান ক্ষমতাকাঠামো যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সাংবিধানিক, আইনি এবং রাজনীতি ও রাজনৈতিক দলের কাঠামোগত সংস্কার প্রয়োজন ছিল।


তবে জামায়াতে ইসলামী এসব সংস্কারের কোনো একটিকেও নিজেদের দলীয় রাজনীতি ও রাষ্ট্রপ্রকল্পের অংশ মনে করে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, জামায়াত প্রকৃত অর্থে সংস্কারের রাজনীতি ধারণ করে না। সংগঠনটির দার্শনিক ভিত্তি ও প্রস্তাবিত রাষ্ট্রপ্রকল্প গণতান্ত্রিক নয়।


পোস্টে সামান্তা বলেন, ‘জামায়াতকে যতটুকু সংস্কারের কথা বলতে দেখা যায়, ততটুকু বলে ২৪-এর আকাঙ্ক্ষাকে কুক্ষিগত করার প্রয়োজন থেকে, ভণিতা হিসেবে।’


তার ভাষ্য, গণতান্ত্রিক সংস্কারের মূল ভিত্তি উদার গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধ। অন্যদিকে জামায়াত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সংগঠনটির রাজনৈতিক অভিপ্রায়। এ কারণে দলটির রাজনীতির মূল ভিত্তিতে পরিবর্তন আসেনি বলেও দাবি করেন তিনি।


জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা এবং এ জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ার বিষয়টি উল্লেখ করে সামান্তা বলেন, ‘তার প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে গণহত্যাকেও জায়েজ মনে করে জামায়াত। ৭১-এ জামায়াতের ভূমিকাকে অপরাধ মনে না করা এবং এর জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়া—এই সাংগঠনিক ও দার্শনিক ভিত্তির ওপরই দণ্ডায়মান।’


এনসিপি যখন জামায়াতকে সংস্কারের পথে বন্ধু হিসেবে বিবেচনা করেছে, তখন উদার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষ সংস্কারের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে মনে করেন তিনি। তার অভিযোগ, এনসিপির নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট না থাকায় দলটি জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে জামায়াতের প্রতিক্রিয়ামূলক ও সহায়ক ভূমিকা পালন করছে।


সামান্তা বলেন, ‘যেহেতু জনগণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া দল এনসিপি, তাই আমি দলকে বারবার এসব সমস্যা সম্পর্কে সতর্ক করে ফিরিয়ে আনার চেষ্টা করেছি।’


নির্বাচন


২০২৬ সালের নির্বাচনকে কেবল ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের উপলক্ষ হিসেবে দেখার সুযোগ ছিল বলে মনে করেন সামান্তা শারমিন। তাঁর মতে, ১৯৪৬, ১৯৫৪, ১৯৭০ ও ১৯৯০ সালের মতো এ নির্বাচনও রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করতে পারত।


তিনি বলেন, ‘২৬-এর নির্বাচনের পূর্বে এটি যেন একটি রাজনৈতিক নির্বাচন না হয়ে ক্ষমতা বদলের নির্বাচনে পর্যবসিত হয়, সেই লক্ষ্যে নির্বাচনকে অভ্যুত্থানের রাজনৈতিক চরিত্র থেকে সরাতে চেয়েছে পুরোনো রাজনৈতিক দলগুলো।’


সামান্তার দাবি, ঐকমত্য কমিশন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের ব্যর্থতার পরও এনসিপির সামনে পুরোনো ব্যবস্থাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাওয়া শক্তিগুলোর সঙ্গে জোট করা অথবা এককভাবে নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। তা করা হলে দলটি বর্তমান ফলাফলের চেয়েও ভালো ফল করতে পারত বলে মনে করেন তিনি।


তার ভাষ্য, ‘কিন্তু এনসিপি ইতিহাসের এই শিক্ষাকে গুরুত্ব না দিয়ে ‘বড়’ রাজনৈতিক দলের লেজুড় হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এনসিপির নিজস্ব রাজনীতি আর অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনীতির সম্ভাবনাকে নিঃশেষ করেছে।’


১১ দলীয় ঐক্যের মতো নির্বাচনী কৌশলে অংশ না নিয়েও আরও বেশি রাজনৈতিক প্রভাব তৈরির পাঁচটি পদ্ধতির কথা দলের নেতৃত্বকে জানিয়েছিলেন বলে দাবি করেন সামান্তা। তবে দল সেই পথে হাঁটেনি। তার মতে, রাজনৈতিক জয়ের চেয়ে নির্বাচনী জয়কে প্রাধান্য দেওয়ায় সংস্কারবিহীন ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানানোর গ্রহণযোগ্যতাও হারিয়েছে এনসিপি।


নিরাপত্তাহীনতার প্রসঙ্গ টেনে তিনি শহীদ ওসমান হাদির নির্বাচনী প্রচারণার উদাহরণ দেন। সামান্তার দাবি, ঢাকার একটি জটিল ও ঝুঁকিপূর্ণ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ন্যূনতম ৫০০ ভোট পাওয়ার প্রত্যাশা নিয়ে সম্পূর্ণ এককভাবে নতুন ধরনের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন ওসমান হাদি।


সামান্তা বলেন, ‘অথচ অগণতান্ত্রিক ও অতি পুরোনো নির্বাচনী কৌশল ‘বড় পার্টির সঙ্গে জোট’ করার কারণ হিসেবে উনার মৃত্যুর ঘটনাকেই ব্যবহার করা হয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।’


অভ্যুত্থানে নারীর অধিকার ও মালিকানা


২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার যথাযথ স্বীকৃতি এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত না করার অভিযোগও এনসিপির বিরুদ্ধে তুলেছেন সামান্তা শারমিন। তার মতে, গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ অনুঘটক, সম্মুখসারির যোদ্ধা ও আন্দোলনের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা রেখেছেন।


তিনি বলেন, ‘নারীর রাজনৈতিক আকাঙ্ক্ষা, ন্যায্য হিস্যা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান—এসবই ছিল এই অভ্যুত্থানে তাদের অংশগ্রহণের ভিত্তি। গণঅভ্যুত্থানে নারীরা শুধু অংশ নেননি, প্রতিরোধ গড়ে তুলেছেন। ব্যারিকেডের সামনে তাদের অবস্থান, সাহস ও সক্রিয়তা অভ্যুত্থানকে সার্বজনীন রূপ দিয়েছে।’


সামান্তার মতে, পুরোনো রাজনৈতিক দলগুলোর বাইরে এসে এনসিপির সামনে ভিন্ন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ ছিল। নারী-পুরুষের সমতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারত দলটি। এ জন্য শুধু নারীদের দলে অন্তর্ভুক্ত করাই যথেষ্ট ছিল না; নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক ক্ষমতায় তাঁদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা প্রয়োজন ছিল।


কিন্তু এনসিপি সেই পথ বেছে নেয়নি বলে অভিযোগ তার। বরং দলটির ভূমিকা নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতার সঙ্গে মিলে গেছে। সামান্তার দাবি, নারীদের প্রতিবাদ যথাযথ গুরুত্ব পায়নি এবং পুরুষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশের অর্ধেকেরও বেশি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা সিদ্ধান্ত গ্রহণের বাইরে থেকে গেছে।


কাউন্সিল ছাড়াই পুনর্গঠন


এনসিপির অভ্যন্তরীণ গণতন্ত্র ও সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন সামান্তা শারমিন। তার মতে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ এমন একটি রাজনৈতিক দল প্রত্যাশা করেছিল, যার নেতৃত্ব, রাজনৈতিক বক্তব্য ও সাংগঠনিক কাঠামো প্রচলিত দলগুলোর চেয়ে আলাদা হবে। দলের অর্থনৈতিক কাঠামোয় স্বচ্ছতা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার মধ্য দিয়েও সেই নতুনত্বের প্রতিফলন ঘটার কথা ছিল।


সামান্তা বলেন, ‘পুরোনো রাজনৈতিক দলগুলোতে আমরা দেখেছি—ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, ক্ষমতার কেন্দ্রীকরণ, পরিবারতন্ত্র, পদ-পদবি বণ্টনে স্বজনপ্রীতি, অর্থ ও পেশিশক্তির প্রভাব, দলের আর্থিক ক্ষেত্রে অস্বচ্ছতা, তৃণমূলের মতামত উপেক্ষা, ভিন্নমত দমনের প্রবণতা এবং নেতৃত্বের জবাবদিহি না থাকা।’


তার ভাষ্য, এসব কারণে দলীয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণ কর্মীদের অংশগ্রহণ সীমিত থাকে এবং নেতৃত্ব পরিবর্তন ও বিকল্প নেতৃত্ব তৈরির পথ সংকুচিত হয়ে পড়ে। পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো এনসিপিতেও কাউন্সিল এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


সামান্তা বলেন, ‘দলের কাউন্সিল না করে পুনরায় আহ্বায়ক কমিটি ‘রিস্ট্রাকচার’ দলের অভ্যন্তরের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে, যে প্রবণতা পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। বিরোধী মত দমন করার পুরোনো প্রক্রিয়া অবলম্বন করেছে এনসিপি।’


তার অভিযোগ, নেতৃত্ব নির্বাচনের আগেই এ ধরনের বড় রদবদল দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও নিরপেক্ষতার বিষয়ে নেতৃত্বের উদাসীনতা স্পষ্ট করেছে। একই সঙ্গে জাতীয় নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিকতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও জনআস্থাকেও প্রশ্নবিদ্ধ করবে।


সামান্তা বলেন, ‘যে দল নিজের অভ্যন্তরে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করতে পারে না, তার পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ও নিরপেক্ষতার দাবি কতটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা সম্ভব—সেই প্রশ্নও সামনে আসে।’


বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৪ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।


প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৬ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পায়ে হেঁটে অংশ নেবেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।


এদিন বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।


বুধবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।


তিনি জানান, ৭ নভেম্বরের কর্মসূচিতে ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। মতবিনিময় সভায় শফিকুল ইসলাম খান মিল্টন দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে- এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।


এছাড়া যারা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


উল্লেখ্য, ৭ নভেম্বরের শোভাযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন বিএনপির এই নেতা।


জাহাঙ্গীর আলম, এস এম মান্নান কচি এবং রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৮ পিএম

গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তার অভিযোগ, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা এস এম মান্নান কচির অর্থায়নে এসব কর্মকাণ্ড চলছে।


বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।


গাজীপুরে ফ্যাসিস্ট মেয়র (সাবেক) জাহাঙ্গীর আলমের অর্থায়নে ও তার গুন্ডাবাহিনী শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে। আর মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা চালানো হচ্ছে।


আজকে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে এই বছরের ডিসেম্বর মাস থেকে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ একমত হয়েছে।


এরপরও যদি কোনো আন্দোলন চলে, তবে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে সেই আন্দোলন থামানো সরকারের দায়িত্ব। গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি সরকার জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।


সরকারের অন্যতম দায়িত্ব হলো- শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করা। প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরেও শ্রমিক আন্দোলনের নামে ফ্যাসিস্টদের যে কোনো ষড়যন্ত্র ও আস্ফালন মোকাবিলা ও দমন করতে বিএনপি সরকার বধ্যপরিকর।


মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিবৃতি দেওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


টিআইবির বিবৃতিকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ মন্তব্য করে তিনি এর নিন্দা জানিয়েছেন বলে সোমবার রাতে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।


বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। তারপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবির মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক।


‘ঘটনার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা না থাকলেও জামায়াতকে জড়িয়ে এই ধরনের বিবৃতি বিশ্বের ইতিহাসে বিরল। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে গত রোববার রাতে ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টিআইবি বিকালে বিবৃতি দিয়েছে।


বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ নিজ দল ও অঙ্গ সংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় কি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে? তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে লোকদেখানো দায়িত্ব শেষ না করে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।’


টিআইবির বিবৃতি সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাদার যে কোনো কাজকে নির্বিঘ্নে সম্পাদনের পরিবেশ প্রত্যাশা করে। একইসঙ্গে কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্তৃক তা বাধাগ্রস্ত হোক, কিংবা সত্য প্রকাশে বাধা অথবা হুমকির সম্মুখীন হবে- তা সমর্থন করে না, বরং প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করে।’


‘সুতরাং জামায়াতকে নিয়ে টিআইবির মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেওয়া থেকে ভবিষ্যতে বিরত থাকা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।’


  • প্রকাশ : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৮ পিএম

শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ কাজে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে, যার দৃষ্টান্তও পাওয়া গেছে। তিনি সোমবার (২ নভেম্বর) সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সিলেট সফর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘তারা এখানে হস্তক্ষেপ করছে, উসকানি দিচ্ছে। শ্রমিকদের নানাভাবে উসকানি দিয়ে নামানোর চেষ্টা করছে। তার উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে। গতকাল ঘটনাস্থল থেকে ১১ জন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের একজন নেতা ওই উসকানির সঙ্গে জড়িত ছিলেন। ভেতর থেকে তারা যে কাজ করছেন, নিজেরাই আবার সেটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও তাদের কর্মকাণ্ড স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।’

তিনি আরও বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামানোর চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকারের এই চেষ্টা এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে।

জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮ মাস হলো একটি সরকারের বয়স। এই সরকার দেশের উন্নতি, আর্থিক উন্নতি, ব্যবসা সম্প্রসারণসহ নানা বিষয় নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক করছেন। সেখান থেকে বিনিয়োগ নিয়ে এসে দেশে বিনিয়োগের ব্যবস্থা করছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য ১৭ বছর লড়াই করেছে। অনেক রক্ত ঝরিয়ে, অনেক জীবন উৎসর্গ করে সেই লড়াই চালিয়েছে। অন্যদিকে, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা জনগণ বুঝতে পারছে।

তিনি বলেন, ‘এ দেশের জনগণ অত্যন্ত গণতন্ত্রকামী। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে চায়। ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার জোট ক্ষমতায় এসেছে। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় কঠিন সংকটের মুখে ছিল। এর মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এতে দেশের কলকারখানা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সমাজে অস্থিরতা সৃষ্টি, চাঁদাবাজি, মাস্তানি ও মানুষের জমি দখলের মতো অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এলাকার মধ্যে কে উপযুক্ত প্রার্থী, কার জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা রয়েছে, তা স্থানীয় নেতারা ঠিক করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ কার্যক্রম আরও জোরদার হবে।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।