জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর ব্রিফিং করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে এনসিপির পর কোন দল বা জোটের সঙ্গে মতবিনিময় হবে, এই আলোচনার মধ্যে জামায়াতের ইসলামীর নেতৃত্বাধীন জোট বলেছে, সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’।
শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জোটের এ অবস্থান তুলে ধরেন ১১ দলীয় ঐক্য এর সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এর আগে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে বৈঠক করে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। সম্প্রতি সহিংসতার মধ্যে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরের ও বাইরের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে সরকারের তরফে।
পুলিশের তরফে বলা হয়েছে, দলটির কর্মসূচি ঘিরে বোমাবাজি, অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। এ অবস্থায় ঐক্যের আহ্বানের ধারাবাহিকতায় বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী।
জামায়াতে ইসলামীসহ অন্য আরও দলের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।
তবে জামায়াতে ইসলামীর নেতা আযাদ বলেছেন, জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশগ্রহণ করবে, এটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় সংলাপ বিষয়ে তিনি বলেন, “সংকট নিরসনের জায়গাটা, আমাদের সবার কো-অপারেশন লাগবে এটা যেমন ঠিক, মূল দায়িত্বটা কিন্তু সরকারের। এখানে সরকার কতটুকু আন্তরিক, আদৌ সরকার সংস্কার চায় কি না, চাইলে কীভাবে চায়—এখানে নতুন আলোচনার কোনো অবকাশ নেই।
“আলোচনার অবকাশ এই জন্যই নেই, সংস্কার কীভাবে হবে এটা জনগণ ঠিক করে দিয়েছে। জনগণ প্রক্রিয়াও ঠিক করে দিয়েছে।”
অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলেগুলোর ঐকমত্যে গৃহীত জুলাই সনদ বাস্তবায়নে যে আদেশ দেওয়া হয়, সেখানে সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার বাধ্যবাধকতা ছিল।
নির্বাচনের ফল ঘোষণার পর জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের বিজয়ী প্রার্থী সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির বিজয়ীরা শুধু সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সংস্কার পরিষদে গঠনে ১৮০ দিনের সময়সীমা ছিল।
গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।
সেই ফল তুলে ধরে জামায়াত জোটের সম্বয়ক আযাদ বলেন, সংস্কার হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে।
“কারা করবে? এই সংসদ সদস্যরাই সংস্কার পরিষদের সদস্যের শপথ গ্রহণ করেই সেই সংস্কার পরিষদের অধিবেশনেই করবে। এই সবকিছু স্পেসিফিক করে জনগণ অনুমোদন করে দিয়েছে।”
সংলাপের বিষয় কী হবে? জানতে চাইলে তিনি বলেন, “এই জুলাই সনদ বাস্তবায়নটা হলো মূল ইস্যু। আর সেখানে আরও কোনো দাবি আসবে কি না, আরও কোনো বিষয় আসবে কি না, প্রক্রিয়া তো যেগুলো মানুষ, জনগণ ঠিক করে দিয়েছে। সেটা সাকসেসফুলি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
আলোচনার জন্য সরকার ডাকলে এবং দিন তারিখ ঠিক হলে ১১ দলের শীর্ষ নেতারা বসে এজেন্ডাগুলো ঠিক করে তারপর সংলাপে যাব।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, “আলোচনার ভিত্তিটা জুলাই সনদ, গণভোট—এটাই আমরা বলেছি। তো আলোচনা বাস্তবায়ন হয়ে গেলে তো আলোচনার দরকার নেই। আলোচনা হয়ে তারপরেই তো বাস্তবায়ন হবে।
“তবে এটা আলোচনার এজেন্ডায় আমরা রেখেছি এবং সরকারকে জানানো হয়েছে। সে ব্যাপারে জনগণ প্রক্রিয়াও ঠিক করে দিয়েছে, টাইম লিমিটও ঠিক করে দিয়েছে, ফোরাম গঠনের সবকিছু জনগণ ঠিক করে দিয়েছে। এখন আমরা কীভাবে এটা নিয়ে আগাইতে পারি—এই যে মাঝখানে দ্বিমতের বিষয়টা আসছে—এগুলো নিরসনের জন্য, এই সংকট, ক্রাইসিস নিরসনের জন্যই এই ডায়ালগটা। সেই জায়গায় আমরা যাব।”
এছাড়া ইউনিয়ন পরিষদের নিবাচনের আগে নিবাচন কমিশন আয়োজিত সংলাপে ১১ দলীয় ঐক্য শরিকরা জোটগতভাবে আলোচনায় অংশ নেবেন বলে জানান হামিদুর রহমান আযাদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এতো চোর, বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৮ মাসে আমরা দেখেছি, বিএনপি ও আওয়ামী লীগের কুসুম কুসুম পিরিতি হয়েছিল, এদের পিরিত এখন কই গেছে? আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে বলবো, যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ান তাহলে মনে রাখবেন লক্ষ কোটি জনতা তৈরি হয়েছে যারা আপনাদের এই সিস্টেম আর বাংলাদেশের মেনে নেবে না। আমরা নির্বাচনের সময় বলেছিলাম, তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। করেছে, গর্তে পড়েছে। আমরা আবারো বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন না।’
তিনি বলেন, ‘মিলিটারি, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি, গার্মেন্টসসহ প্রত্যেক জায়গা থেকে আওয়ামী লীগকে তাড়াতে হবে। যদি সরকার তাদেরকে তাড়াতে না পারে, ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আমরা এই দায়িত্ব নেবো।’
এনসিপি নেতা বলেন, ‘শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার হয়েছে? তারেক রহমান কেন বিচার করছে না। আমাদের ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে ক্ষমতায় গিয়ে যদি তারেক রহমান শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার পিছিয়ে আছে, তাহলে আমরা ক্ষমতায় গিয়ে শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করবো।’
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘গাজীপুর শ্রমিক অঞ্চলের শ্রমিকরা যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিক যদি ভালো না থাকে, বাংলাদেশ ভালো থাকবে না। শ্রমিকের ওপরে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী। শ্রমিকদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। আপনি মালিকপক্ষের সঙ্গে গেছেন, চান্দা তোলা ও সিন্ডিকেট করার জন্য।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা জানি না। তবে ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি, গোলটেবিলে কোনও বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয়, তবে গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে।’
ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মোদি সরকারকে বলবো, আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, তার নিশ্চয়তা দিতে পারি না। বাংলাদেশে শান্তি থাকলে ভারতে শান্তি থাকবে, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। ভারতীয় আধিপত্যবাদ এ দেশে চলবে না।’
সভায় বক্তব্য দেন- এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বসে জামায়াত। ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে কিন্তু স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।’শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘৭ই নভেম্বর বাদ দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হতে পারে? ঠিক তেমনিভাবে ৯০-এ এরশাদের মতো একটি ভয়ংকর একনায়ককে পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান এবং সংগ্রাম আমাদের ইতিহাসের অংশ। এটাও ইতিহাসের অধ্যায় হিসেবে লেখা থাকবে। এটাকে যদি আবার কেউ কোনোভাবে মুছে ফেলতে চান, তাহলে সেটা মোছা যাবে না। নানাভাবেই একটা অপরটার মধ্যে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এগুলো আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।’
তিনি বলেন, ‘যেমন ৭১, যেমন ৭ই নভেম্বর, তেমনি ৯০, তেমনি জুলাই। কারণ একটি চেতনা আরেকটিকে প্রভাবিত করেছে। ৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা-যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে। এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে।’রিজভী আরও বলেন, ‘৯০-কে আজও ভুলতে পারি না। সেই এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের যে গৌরবান্বিত অর্জন, সেই অর্জন আজও আমাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করে এবং তার পরবর্তী ৩৬ বছর আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামে সেই চেতনাই আমাদের কাজ করেছে এবং অবশেষে হাসিনার মতো একটা রক্তচোষা একনায়ক, ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘ড. মিলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল। তার অবদান ছাত্র সমাজের কাছে অবস্মরণীয় হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রীকে সব বলে দেব: আমির হামজা। ছবি: সংগৃহীত
হেফাজত ইসলাম বাংলাদেশ। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জবি ছাত্রদলনেতা রুমির নেতৃত্বে মিছিল