বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ

  • প্রকাশ : শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, সময় : ৬:৫৫ এএম

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ। কে বলবে বয়সটা আশির কোঠা ছাড়িয়েছে। 


৮২ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন এবং চ্যাম্পিয়নও হচ্ছেন। গতকাল মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়।


আনসারের পক্ষে অংশগ্রহণ করেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। 


৮২ বছর বয়সে লিগ খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া বেশ কঠিন। তবে রাণী হামিদের কাছে বেশ স্বাচ্ছন্দ্যের, ‍“আমি চার গেম (ম্যাচ) খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম।” 


এই বয়সেও খেলা নিয়ে রাণী হামিদ বলেন, “আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব।”


বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী উভয় দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায়মগেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়।


বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২২.৫ গেম পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হয়েছে। চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ০১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:১২ পিএম

নারী এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদা আক্তারের দারুণ স্পেলের সঙ্গে মারুফা আক্তারের কার্যকর বোলিংয়ে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া।


বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ আগ্রাসী ছিল ইন্দোনেশিয়ার। ওপেনার মারিয়া ও প্যাঙ্গেসতুতির ব্যাটিংয়ে প্রথম দিকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় বাংলাদেশকে।


তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মারুফা আক্তারের পরপর দুই আঘাতে ইন্দোনেশিয়ার ব্যাটিংয়ে ধস নামে। এরপর মেঘলা, নাহিদা ও ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ।


ইন্দোনেশিয়ার হয়ে সর্বোচ্চ ১২ রান করেন ওপেনার মারিয়া। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৫৮ রানেই অলআউট হয়ে যায় দলটি।


বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাহিদা আক্তার। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মারুফা আক্তার পান ২ উইকেট।


সোমবার (৩১ আগস্ট) দুইাবয়ে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইন্দোনেশিয়া। শুরুতেই ১৬ রানে জুয়াইরিয়া ফেরার পর দলের হাল ধরেন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি।


দুজন মিলে যোগ করেন ৪০ রান। ২৭ রান করে দিলারা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর সোবহানা এগিয়ে নেন ইনিংস। ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪০ রান করে তিনিই হন বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক।


শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেয়। মাত্র ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩১ রান করেন তিনি।


নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার হয়ে আরিয়ানি নেন ৩ উইকেট। ৭১ রানের বড় জয়ে এশিয়া কাপের অভিযান শুরু হলো বাংলাদেশের। আগামী রোববার একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের দল।


সংক্ষিপ্ত স্কোর


বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৮

সোবহানা ৪০, স্বর্ণা ৩১*, দিলারা ২৭; আরিয়ানি ৩/২৮।


ইন্দোনেশিয়া: ১৭.৩ ওভারে ৫৮/১০

মারিয়া ১২, প্যাঙ্গেসতুতি ৯; নাহিদা ৩/১৫, মারুফা ২/৬।


ফল: বাংলাদেশ ৭১ রানে জয়ী।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ০১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:৪৪ এএম

হেডিংলি ও লর্ডস টেস্টে শোচনীয় হারের পর দল পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দলের প্রায় অর্ধেক খেলোয়াড়কে বাদ দেওয়ার পাশাপাশি সরফরাজ আহমেদকে প্রধান কোচ ও উমর গুলকে বোলিং কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে পাকিস্তানের টেস্ট দলে পাঁচজন নতুন মুখের পাশাপাশি সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকে ডাকা হয়েছে, যাঁদের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র ১০ ম্যাচের। সীমিত ওভারে দলের প্রধান কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলে নফকে টেস্ট দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন। টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হেসন।


মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ—এই সাত খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ দেওয়া পাঁচ নতুন মুখ—আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজউল্লাহ।


গত কয়েক বছরে পাকিস্তান দলে বেশ কয়েকবার বড় ধরনের পরিবর্তনের ঘটনা ঘটেছে, তবে টেস্ট সিরিজের মাঝপথে এবং সেটাও সিরিজ হার নিশ্চিতের পর নিয়ম রক্ষার ম্যাচের আগে এত বড় পরিসরে দল পুনর্গঠন নজিরবিহীন।


সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, হেডিংলিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং ১৯৭২ সালের পর ওই ভেন্যুতে প্রথম অতিথি স্পিনার হিসেবে এই নজির গড়া আলী উসমানকে বাদ দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত।


চলতি সফরে মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাসের বোলিংয়ে স্টাম্পের কাছে দাঁড়িয়ে অসাধারণ কিপিং করলেও ব্যাট হাতে রান পাচ্ছিলেন না রিজওয়ান। লর্ডসে তাঁর স্কোর ৭ ও ১ এবং হেডিংলিতে ১২ ও ৪১। এর আগে ওয়েস্ট ইন্ডিজে তিন ইনিংসে করেছিলেন মোটে ৪১ রান।


লর্ডস টেস্টে প্রথম দিনে খেলা শেষে বাঁ পায়ের মাংশপেশিতে গ্রেড-ওয়ান চোট পাওয়ায় পাকিস্তানের দুই ইনিংসে ব্যাট করতে নামেননি ইমাম। এতে তিনি তীব্র সমালোচনার শিকার হন। পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক সালমান আগা লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলেননি। ধারণা করা হচ্ছে, ব্যাটিং ফর্ম পড়ে যাওয়ার কারণে হেডিংলিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করার পরও তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।


চলতি বছরের শুরুতে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের জার্সিতে আর খেলেননি আইয়ুব। ফিটনেস সমস্যায় কোনো সংস্করণেই তাঁকে বিবেচনা করা হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে খেলেন সর্বশেষ টেস্ট। সেই টেস্টে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে তিনি কেবল দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যা গত বছরের কায়েদ-এ-আজম ট্রফিতে।


টেস্ট দলে পাঁচ নতুন মুখের মধ্যে শুধু বাঁহাতি স্পিনার মিনহাজই এর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। চলতি বছর মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তাঁর অভিষেক এবং স্পিন-সহায়ক উইকেটে দারুণ বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জেতেন।


সরফরাজের নেতৃত্বে বর্তমান কোচিং প্যানেল গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ঠিক আগে নিয়োগ পায় এবং সাবেক এই পাকিস্তানি অধিনায়কের দায়িত্বে এটি তৃতীয় সিরিজ। উমর গুলের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। চলতি সিরিজের আগে পাকিস্তান ব্যাটিং কোচ হিসেবে আসাদ শফিকের স্থলাভিষিক্ত হন মাইক স্মিথ।


সর্বশেষ সব খবর

হামজা চৌধুরী

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ১১:৩১ পিএম

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার ঠিক দুই দিন আগে ইংলিশ ফুটবলে ঘটল এক নাটকীয় ঘটনা। লেস্টার সিটিতে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়া যখন একপ্রকার নিশ্চিত ছিল, ঠিক শেষ মুহূর্তে দৃশ্যপটে হাজির হয়ে হামজা চৌধুরীকে ‘হাইজ্যাক’ করে নিল চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ডার্বি কাউন্টি ও লেস্টার সিটির মধ্যকার আলোচনা যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, তখনই আকস্মিকভাবে দৌড়ে প্রবেশ করে পুরোনো ক্লাব শেফিল্ড। 





স্কাই স্পোর্টস ও লেস্টারশায়ারলাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, ডার্বির প্রস্তাবকে পেছনে ফেলে পুনরায় ব্রামাল লেনে (ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ২৮ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা।




কেন এই নাটকীয় মোড়?

শেফিল্ডের এই আচমকা পদক্ষেপের পেছনে ছিল তাদের মূল রাইট-ব্যাক ফেমি সেরিকির সাম্প্রতিক মারাত্মক ইনজুরি। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক পজিশনেও সমান পারদর্শী হওয়ায় শেফিল্ডের প্রথম পছন্দের তালিকায় চলে আসেন হামজা চৌধুরী। তদুপরি, ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। ১৯টি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে দলকে প্রিমিয়ার লিগ প্রমোশন প্লে-অফ ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। 




শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে তাঁর আগের সুসম্পর্কও এই দ্রুত দলবদলে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। এরপর ২০১৭ সালে মূল দলে অভিষেকের পর ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন তিনি। 




২০২১ সালে লেস্টারের ঐতিহাসিক এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৪ সালে লেস্টারকে প্রিমিয়ার লিগে তুলতেও বড় অবদান রেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে লেস্টার সিটির করুণ অবনমন এবং চুক্তি শেষ হতে চলায় তাঁর ভারী বেতনভার এড়াতে হামজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় লেস্টার প্রশাসন। 




নতুন কোচ রাসেল মার্টিন চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচে তাঁকে খেলালেও শেষ কয়েকটি ম্যাচে বাদ দেন, যা তাঁর দলবদলের বার্তা নিশ্চিত করে।তবে সাম্প্রতিক সময়ে লেস্টার সিটির করুণ অবনমন এবং চুক্তি শেষ হতে চলায় তাঁর ভারী বেতনভার এড়াতে হামজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় লেস্টার প্রশাসন। 




রাসেল মার্টিন চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচে তাঁকে খেলালেও শেষ কয়েকটি ম্যাচে বাদ দেন, যা তাঁর দলবদলের বার্তা নিশ্চিত করে। সব কিছু ঠিকঠাক থাকলে এবং রবিবারের মেডিকেল টেস্ট সফল হলে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন হামজা চৌধুরী। প্রথম তিন ম্যাচই ড্র করেছে শেফিল্ড। 


সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ১২:৫৩ পিএম

‘লিওনেল মেসি যেন বিস্ময়বোধক চিহ্নেরই অন্য নাম’- হ্যাটট্রিকের পরই ধারাভাষ্যকার বলে উঠেছিলেন কথাটা। তবে মেসি সেখানে থেমে গেলে কথাটা যেন খানিকটা প্যারাডক্সই হয়ে যেত, অনুমিত কাজটাই যদি করবেন, তাহলে এখানে বিস্ময় আসছে কোত্থেকে? 


মেসি এরপর আরও এক গোল করলেন ফ্রি কিক থেকে, রাতের শুরুটা করেছিলেন এক সফল ফ্রি কিক দিয়ে, শেষটাও করলেন আরেক ফ্রি কিকে। মাঝে আরও দুটো গোল করলেন, লুইস সুয়ারেজকে দিয়ে আরও একটা করালেন। 


মেসির এমন পারফর্ম্যান্সের রাতে মিয়ামি পেয়েছে ইতিহাস গড়া এক জয়। ৭-১ গোলে হারিয়েছে সিএফ মন্ট্রিয়লকে। তাতে মিয়ামি তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়টা তুলে নিল। টানা ৫ ম্যাচে জিততে না পারার ধারাটাও শেষ করল মেসির দল। তবে ম্যাচ শুরুর আগে দলের অবস্থা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। কারণ দলের কোনো স্থায়ী কোচ ছিল না। তবে মেসি মিয়ামির সে কঠিন কাজটাকেই কী সহজ করে দিলেন!


মেসি প্রথম গোল করেন ৪০ মিনিটে। একটি ফ্রি-কিক গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। এরপর ৫২ মিনিটে তিনি একাই বল নিয়ে দৌড়ে গিয়ে দ্বিতীয় গোল করেন। 


এরপর তিনি লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোল করান। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে মেসি বল আলতো করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। এতে তার হ্যাটট্রিক পূর্ণ হয়।


খেলা তখনো শেষ হয়নি। ইনজুরি সময়ে মেসি আরেকটি ফ্রি-কিক নেন। বল গিয়ে জালের কোণায় লাগে। এই নিয়ে চতুর্থ গোলও করেন তিনি।


মেসির ক্যারিয়ারে এটি অষ্টমবার, যখন তিনি এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন। মিয়ামিতে আসার পর এটাই তার প্রথম চার গোলের ম্যাচ। এর আগে তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে চার গোল করেছিলেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল স্পেনের ক্লাব এইবার।


এই ম্যাচের পর মেসি এমএলএসের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তিনি ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন। তার পরের অবস্থানে আছেন এফসি ডালাসের পিটার মুসা।


জুলাইয়ের ২৫ তারিখের পর এমএলএসে এটাই মিয়ামির প্রথম জয়। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে তারা জিততে পারেনি। এর মধ্যে লিগস কাপের ম্যাচও ছিল।


এই ম্যাচে মিয়ামির অন্তর্বর্তী কোচ গিয়ের্মো ওয়োস মাঠের পাশে থাকতে পারেননি। তাকে নিষিদ্ধ করা হয়েছিল। মিয়ামির নতুন স্থায়ী কোচের নাম এই সপ্তাহেই ঘোষণা করা হয়েছে। তার নাম ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ। তবে কাজের অনুমতিপত্র না পাওয়ায় তিনি এখনো দায়িত্ব নিতে পারেননি।


সহকারী কোচ রাফায়েল পেরেজ দলকে মাঠের পাশ থেকে পরিচালনা করেছেন। ব্রাজিলের তারকা কাসেমিরো এই ম্যাচে প্রথম গোল করেন। গ্রীষ্মে মিয়ামিতে যোগ দেওয়ার পর এটাই তার প্রথম গোল। মিয়ামির আরেকটি গোল আসে ৮৯ মিনিটে। এই গোল করেন ১৮ বছর বয়সী আলেকজান্ডার শ।


এই জয়ের পর ইস্টার্ন কনফারেন্সের টেবিলে মিয়ামি দ্বিতীয় স্থান ধরে রেখেছে। শীর্ষে আছে ন্যাশভিল এসসি। অন্যদিকে মন্ট্রিয়ল আছে ১৪ নম্বরে। তাদের অবস্থান তালিকার প্রায় শেষের দিকে।


সর্বশেষ সব খবর

ক্রিস্টিয়ানো রোনালদো

  • প্রকাশ : শনিবার ২৯ আগস্ট, ২০২৬, সময় : ১:০৩ পিএম

রেকর্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে পথচলা অনেক বছরের। ৪১ বছর বয়সেও সেই যাত্রা চলছে। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ কিংবদন্তি। গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।


ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।


রোনালদো সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিন বছরের একটু বেশি সময় নিয়ে। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর ২২ গোল চাই রোনালদোর।


ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।


এরপর ৫০তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তাঁর কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ দূর থেকে পায়ে ছুঁয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। রোনালদোর এই গোলে জয়ের ধারা ধরে রাখল আল নাসর। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।


এর আগে গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষেও নাটকীয়ভাবে ৩-২ গোলের জয় পেয়েছিল আল নাসর। সেই ম্যাচে আল নাসর গোলরক্ষক বেন্তো লাল কার্ড দেখেছিলেন এবং প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল দলটি।


পরে কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু রোনালদোকে তুলে নেওয়ার পর শেষ ১৬ মিনিটে ৩ গোল করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় আল নাসর। তবে আল তাওউনের বিপক্ষে এবার পুরো ম্যাচই খেলেছেন রোনালদো।

সর্বশেষ সব খবর

ইমরান খান

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৬:২১ পিএম

নানা অভিযোগে ইমরান খানকে দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছে, এবার তাতে সরাসরি জড়িয়ে পড়ল দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে চলমান লর্ডস টেস্টের মাঝে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়, আর এই বিষয়টি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও দা গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি।


ইমরানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকারটি নিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই ব্রডকাস্টার মাইকেল আথারটন। বৃহম্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।


পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পরবর্তীতে দেশটির রাজনীতিতে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত দেশে ও দেশের বাইরের অনেকেই। উদ্বেগ জানিয়ে গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি লেখেন বিভিন্ন দেশের একদল সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে যেটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। ওই ২১ অধিনায়কের মধ্যে একজন ছিলেন আথারটনও।


কেবল ওই চিঠিতে স্বাক্ষর করেই থামেননি আথারটন। ইমরানের বিষয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করে তিনি বলেন, “রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।”


তথ্যের সূত্রের বরাত দিয়ে ক্রিকইনফো লিখেছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাইয়ের সঙ্গে যোগাযোগ করে পিসিবি এবং দাবি জানায় যেন অনুষ্ঠানটি প্রচার না করা হয়। ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে নাকি এমনও হুমকি দেওয়া হয় যে, সাক্ষাৎকারটি প্রচার হলে লাঞ্চের পর তাদের খেলোয়াড়রা মাঠে নামবে না।


এই ঘটনায় সাক্ষাৎকারটি প্রচারে বেশ খানিকটা বিলম্ব হয়। পরে অবশ্য ঠিকই ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়।


স্কাই স্পোর্টসের পক্ষ থেকে অবশ্য পিসিবির অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেটাররাও দ্বিতীয় সেশনে সময়মতো মাঠে নামে।


গত বুধবার সকালে লর্ডসের রাইটারস রুমে সাক্ষাৎকারটি নেন আথারটর এবং টেস্টের আগে এটি নিয়ে একটি টিজারও প্রচার করে স্কাই। পাকিস্তানে সিরিজটি প্রচার করছে পিটিভি, তবে স্বাভাবিকভাবেই তারা সাক্ষাৎকারটি প্রচার করেনি।


ইমরানের স্বাস্থ্য নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চলছে অনেক দিন ধরে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের জন্য সরকারকে অভিযুক্ত করে আসছে বিরোধী দল। সরকার এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করেছে।


২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। এরপর ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।


পাকিস্তানের হয়ে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। তাকে মনে করা হয় সর্বকালের সেরা পেসারদের একজন, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে তিনি অবিসংবাদিত।


১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ইমরানের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, যা এখনও ক্রিকেটের ইতিহাসে একটি রূপকথা হয়ে আছে।




সর্বশেষ সব খবর