• প্রকাশ : বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:৩৮ পিএম

পঞ্চগড় পৌর শহরের রাজনগর এলাকায় রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর এলাকার তুলারডাঙ্গা রাস্তার পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন।




পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল ও ক্রাইম সিনের কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রেজাউল করিম রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়রা খালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।


পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলা সফরকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় নদী খননকাজের সম্ভাব্য স্থান ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ব্রিফ করেন প্রতিমন্ত্রী।


ব্রিফিংয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শুধু খাল কিংবা নদী খনন করেই দায়িত্ব শেষ করতে চায় না। বরং খননের পর নদী ও খাল থেকে উত্তোলিত মাটি বা পলি (ড্রেজড ম্যাটেরিয়াল) যেন পুনরায় নদী-খালে গিয়ে না পড়ে, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে উত্তোলিত মাটি যথাযথভাবে অপসারণ ও ব্যবস্থাপনার কাজ করা হচ্ছে।


তিনি আরও বলেন, নদী ও খাল খননের মূল উদ্দেশ্য হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। পরিকল্পিতভাবে করতোয়া নদী খনন করা হলে নদীর নাব্যতা ফিরে আসবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে নদীতে সংরক্ষিত পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।


প্রকল্পটি বাস্তবায়িত হলে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে নদীর দুই তীরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করেছে সরকার। গত ১৬ জুন ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।


২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, নদীতীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর ফলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্রকল্প এলাকায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


পরিদর্শনকালে সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ আলো, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, গাইবান্ধার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৬ পিএম

টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে। 


পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান, এএসআই (নিঃ) জিল্লুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। 


পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারে ভাড়া থাকতেন।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৭ পিএম

তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা দ্বীনের দাওয়াত, ঈমান-আমলের মেহনত ও আত্মশুদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর দর্শনা দ্বীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশের ময়দানে আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়। 


বাদ ফজর জ্ঞানগর্ভ বয়ান পেশ করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বি মুফতি রুহুল আমিন। 


তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাঁর ইবাদতের জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার এই অল্প সময়ের জীবনকে আল্লাহর হুকুম ও নবীজি (সা.) এর তরিকা অনুযায়ী সাজাতে পারলেই আখিরাতে সফলতা আসবে। 


ঈমান প্রসঙ্গে তিনি বলেন, ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। ঈমানকে মজবুত করতে বেশি বেশি কালেমার মেহনত করতে হবে, আল্লাহর কুদরতের কথা আলোচনা করতে হবে। 


নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজকে ঠিক করে নিল, তার পুরো দ্বীন ঠিক হয়ে গেল। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার আহ্বান জানান তিনি। 


তিনি আরও বলেন, বর্তমান সময়ে ফেতনা-ফাসাদ, মোবাইল আসক্তি ও বস্তুবাদের স্রোতে ভেসে যাচ্ছে যুব সমাজ। এ থেকে বাঁচতে মসজিদমুখী হতে হবে, ঘরে ঘরে তালিম চালু করতে হবে, সন্তানদের দ্বীনি শিক্ষা দিতে হবে। 




ইকরামুল মুসলিমিন সম্পর্কে তিনি বলেন, মুসলমান মুসলমানের ভাই। একে অপরকে সম্মান করা, কষ্ট না দেওয়া, গীবত-পরনিন্দা থেকে বেঁচে থাকা ঈমানের দাবি। 


সবশেষে তিনি বলেন, ইজতেমা কোনো উৎসব নয়, এটি ঈমানকে তাজা করার এক মেহনতের ময়দান। এখানে এসে মানুষ দুনিয়ার ব্যস্ততা ভুলে আখিরাতের কথা স্মরণ করে। তিন দিনের এই সহবতে থেকে একজন মুসলমান তার নামাজ, আখলাক ও জীবনকে সুন্নতের রঙে রাঙাতে শিখে। 


ইজতেমার প্রথম দিন থেকেই রংপুর জেলার ৮ উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে দলে দলে মুসল্লিরা ময়দানে আসছেন। বয়ান, তালিম, জিকির, ছয় নম্বরের আলোচনা ও জামাত বন্দির মধ্য দিয়ে চলছে কার্যক্রম। 


আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমা শেষ হবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হবে। 


ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, পানি, বিদ্যুৎ ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৩ পিএম

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ ইসারাতুজ্জাহান ইমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, জামায়তের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ, খামারি আশিকুর রহমান,এসমোতারা আজম চায়না প্রমূখ।


উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ সব খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৮ পিএম

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 


এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

​

​অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রাপ্ত সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান, উদ্যোক্তা মুরসিদা বেগম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

 

​আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩১ পিএম

চট্টগ্রাম নগরীর জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।


এ সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।


নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সর্বশেষ সব খবর