কনসার্ট বন্ধের দাবিতে শুক্রবার রাতে সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের কাছে স্মারকলিপি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধ এবং জেলা পুলিশ লাইনসে কনসার্টে বাধা দেওয়ার পর এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে অনুষ্ঠিতব্য কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের কাছে পৃথক স্মারকলিপি দিয়ে কনসার্টটি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
কওমি ছাত্র ঐক্য পরিষদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম ওলেমা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ এক জনপদ। এ জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও জনসাধারণের ধর্মীয় অনুভূতি ওতপ্রোতভাবে জড়িত। এমন একটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ১৪ সেপ্টেম্বর নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি।
স্মারকলিপিতে বলা হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানে নবীনদের বরণ অবশ্যই আনন্দঘন ও উৎসবমুখর হতে পারে। তবে সেই আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং এলাকার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, এ বিষযটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রাখা অত্যন্ত জরুরি। এছাড়া অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানে অনাকাঙ্খিত পরিস্থিতি ও দুর্ঘটনা ঘটেছে। ফলে এ ধরনের আয়োজনকে ঘিরে জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুজায়েল আহমেদ খান বলেন, আমাদের মূল বিষয়গুলো স্মারকলিপিতে তুলে ধরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেনই, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের মতোই। স্বরাষ্টমন্ত্রী যে বিষয়ে কথাটা বলেছিলেন সেখানে ৩০ জন ছাত্র আহত হয়েছিল- এই কনসার্টের কারণেই। এক মাসও যায়নি, এর মধ্যেই আবার কনসার্ট করতে চাচ্ছে। তাহলে বিষয়টা এমন হয়ে গেল না- ‘কাটা গায়ে নুনের ছিটা’ দিচ্ছে! তারা তো এগুলো দেখেছে, তারপরও কীভাবে এগুলো করে?
তিনি বলেন, ৮ থেকে ৯ বছর আগেই এই নবীনবরণ কনসার্ট বন্ধ হয়েছিল। এটি বন্ধের মূল কারণ ছিল- নাচগানের মধ্যে এক মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়েছিল। যে কারণে কনসার্ট বন্ধ হয়েছিল তারা কি সেটা আবার চালু করতে চায়? তারা (কলেজ কর্তৃপক্ষ) কি চায় ছাত্রীরা সেখানে ইভটিজিংয়ের শিকার হোক?
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়াদুল হক বলেন, উনারা সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসকের কাছে গেছেন- এটা আমি অফিসিয়ালি অবগত নই। উনারা আমাদের কাছে আসেননি। যদি আমাদের জানান এবং পরামর্শ দেন তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। আর এটা ওভাবে কনসার্ট না, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠন করব। আমাদের তিনটা কর্মসূচি আছে; নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ।
প্রসঙ্গত, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদশর্নী কওমি ছাত্র ঐক্য পরিষদের বাধার কারণে বন্ধ হয়ে যায়। এ নিয়ে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
এরপর ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গানবাজনা নিয়ে পাশের জামিয়া দারুল আরকাম আল ইসরামিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩০ জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়। এছাড়া পুলিশ সদস্যরাও আহত হন। ওই ঘটনার রাতেই জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পুলিশ সুপারের দুঃখ প্রকাশের মাধ্যমে এবং জড়িতদের শাস্তির আশ্বাসে ঘটনাটির তাৎক্ষণিক সমাধান হয়।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে আছি, পরে কথা বলব।’
ট্রলারের মাঝি নিখোঁজ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে কঁচা নদীতে পড়ে বাবুল মাঝি নামে এক ফিশিং ট্রলারের মাঝি নিখোঁজ হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরখালী-টগড়া ফেরিঘাটের চরখালী প্লাটুনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল মাঝি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে চরখালী প্লাটুনের কাছাকাছি এলাকায় চলন্ত ফেরি থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যান বাবুল মাঝি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরাও নিখোঁজ মাঝির সন্ধানে নদীর আশপাশে অনুসন্ধান চালাচ্ছেন।
এদিকে ভাণ্ডারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
স্লিপার বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আবারও স্লিপার বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সময় যাত্রাবিরতি থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসটির যাত্রীরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ নামে বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে নওগাঁগামী বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকায় হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি দেয়। কিছুক্ষণ পর হঠাৎ বাসটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে কয়েকজন যাত্রী ও আশপাশের লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বাসটিতে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যাত্রাবিরতির কারণে অধিকাংশ যাত্রী তখন হোটেলে ছিলেন। কেউ কেউ বাস থেকে নিচে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি স্লিপার বাস মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে আগুন লাগে। পেছন থেকে অন্য একটি গাড়ি বাসটিকে ধাক্কা দেওয়ার পর আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় সেবারও কোনো প্রাণহানি হয়নি।
আগামী ১৫ সেপ্টেম্বর একদিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করবেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে হযরত শাহজালাল (রাহ.) ও শাহপরান (রহঃ) দরগাহ শরিফ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তিনি দরগাহ এলাকা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দরগাহ এলাকায় সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। রাষ্ট্রপতির মাজার জিয়ারত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরগাহ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে পাঠানো এক পত্রে সফরসূচি জানানো হয়েছে।
পত্র অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গভবন থেকে যাত্রা করে রাষ্ট্রপতি সকাল ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর ১১টা ২০ মিনিটে সার্কিট হাউজের উদ্দেশে রওনা হবেন।
সার্কিট হাউজে পৌঁছানোর পর সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর সেখান থেকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে বেলা ১টায় হযরত শাহ পরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়ে ১টা ২৫ মিনিটে সেখানে পৌঁছাবেন। উভয় মাজার জিয়ারত শেষে বেলা ২টা ৩০ মিনিটে সার্কিট হাউজে ফিরে সাময়িক বিশ্রাম নেবেন তিনি।
বিকেল ৩টা ২৫ মিনিটে সার্কিট হাউজ থেকে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা শেষে বিকেল ৫টা ১ মিনিটে সার্কিট হাউজের উদ্দেশে রওনা হয়ে ৫টা ৫ মিনিটে সেখানে ফিরে পুনরায় বিশ্রাম নেবেন। রাতে সাড়ে ৭টা ৫০ মিনিটের দিকে সার্কিট হাউজ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে ৭টা ৫৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৯টা ৫০ মিনিটে বঙ্গভবনে প্রত্যাবর্তন করবেন।
ময়মনসিংহের ভালুকায় চোর সন্দেহে সুজন মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে বেঁধে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় নিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় এক ধরনের নীরবতা তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও ওই রাতে কী ঘটেছিল, সে বিষয়ে কেউ বিস্তারিত বলতে রাজি হননি।
স্থানীয়দের দাবি, ঘটনায় জড়িত থাকতে পারেন-এমন কয়েকজন ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
নিহত সুজন মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া বাজারসংলগ্ন এলাকার আমিনুল হক কালুর ছেলে। তাঁর মা মৃত ফিরোজা বেগম। বর্তমানে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার পাড়ায় তাসলিমা নামের এক নারীর বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ‘মুরাদ ইলেকট্রনিকস’ নামের একটি দোকানে চুরি হয়। চুরির পর দোকানের পেছনের ভাড়া বাসার বাসিন্দারা বিষয়টি জানতে পারেন। এরপর সুজনকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটকের পর সুজনকে বেঁধে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে। পরে আহত অবস্থায় তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মহাসড়কের পাশে ময়লার স্তূপের কাছে তাঁকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।
জৈনা বাজার এলাকায় ময়লার স্তূপের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করেন। তাঁকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। তবে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীপুর থানা-পুলিশ। তবে সুজন আসলে চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ। চুরির অভিযোগ এবং সুজনকে আটক করে মারধরের ঘটনা-দুটিই তদন্তের বিষয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
ঘটনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। ভিডিওতে এক যুবককে বেঁধে মারধর করতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
তবে ভিডিওটি সুজন মিয়াকে মারধরের ঘটনারই কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। ভিডিওটির স্থান, সময় এবং সেখানে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা যাচাই করতে ‘মুরাদ ইলেকট্রনিকস’ দোকানে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলা হয়। তাঁরা জানান, ঘটনার রাতে দোকানে চুরি হয়েছিল।
তবে সুজনকে আটক করা, তাঁকে মারধর করা কিংবা পরে তাঁকে শ্রীপুরে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা বিস্তারিত বলতে রাজি হননি।
দোকানের মালিকের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে সুজনকে আটকের সঙ্গে দোকানের মালিক বা কর্মচারীদের কারও সম্পৃক্ততা ছিল কি না, সে বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ওই রাতের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের অধিকাংশই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন-এমন কয়েকজন ঘটনার পর থেকে এলাকায় নেই। তাঁরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কারও আত্মগোপনের বিষয়টি নিশ্চিত করেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ভালুকা উপজেলার মাস্টারবাড়িতে চুরির ঘটনায় সুজনকে চোর সন্দেহে মারধর করা হয়। পরে তাঁকে জৈনা বাজারে ফেলে দেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভালুকা থানা পুলিশও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, সুজন চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তাঁকে কারা আটক করেছিলেন, তাঁর ওপর কারা মারধর করেছিলেন এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে কারা শ্রীপুরে নিয়ে গিয়েছিলেন-এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আসাদল হক পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের উদ্দীনের ছেলে। আহতদের বাড়িও একই এলাকায়। মোস্তাকিম সেখানকার আহেদ আলীর ছেলে এবং শ্রী উদা মুনষা নারায়ণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সীমান্ত পিলার এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে তিনজনই গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত ও আহতরা বৈরচুনা ইউনিয়নের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমে আমরা মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। আহত দু’জনের অবস্থাও ভালো নেই।
এ বিষয়ে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানতে ও পরবর্তী পদক্ষেপ নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আজ পতাকা বৈঠক হলে বিস্তারিত জানা যাবে।
পঞ্চগড়ের দ্বিতীয় পর্যায়ে সরকারি ভাবে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় তার সাথে চায়না, সিঙ্গাপুর ও দুবাই সহ বিভিন্ন দেশের ব্যাবসায়ি প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন সহ নানা উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করবেন। সরকারের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। তিনি বলেন দেবীগঞ্জ এলাকায় বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও এই এলাকাকে সবুজায়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এই সোলার প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা দূর করার পাশাপাশি স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না এবং এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলবে।
বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। এতে এলাকার বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।
চায়না প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে জানান, জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।
এসময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন, চায়না প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।