• প্রকাশ : বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:০৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্প অনুমোদনের খবরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।  


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।


খোঁজ নিয়ে জানা যায়, মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প অনুমোদন নোয়াখালীর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকূলীয় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের নদী ভাঙন, বন্যা, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনসংক্রান্ত সমস্যা সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হবে। ।  


প্রকল্পটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল বলেন, প্রকল্পের কাজ দ্রুত শুরু ও যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ প্রকল্পের মাধ্যমে নদীভাঙন ও বন্যার ঝুঁকি কমানোর পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এতে উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখবে


উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে অবস্থিত ২৩ ভেন্টের রেগুলেটরটি ভেঙে যায়। এতে ছোট ফেনী নদী ও আশপাশের এলাকায় নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যায়। পরে রেগুলেটরটি পুনর্নির্মাণ এবং নদী ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।




  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৮ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

​আটককৃত যুবকের নাম মো. স্বপন ইসলাম (২৯)। তিনি ঠাকুরগাঁও সদর থানার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মোকাররম হোসেনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর থানাধীন এলাকায় রাত্রিকালীন টহল, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বপন ইসলাম নিজ শয়নকক্ষে মাদক বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুত করে রেখেছেন।

খবর পেয়ে অফিসার ইনচার্জ এর তাঁর নির্দেশনায় সঙ্গীয় ফোর্স রাত ১টা ৪৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।



​পরবর্তীতে রাত ২টা ১০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত যুবকের  শয়নকক্ষের  ড্রয়ারে রাখা লাল-সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় প্রতিটি পাতায় ১০টি করে মোট ৮৫টি পাতায় ৮৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া ৭৫০ মিলিলিটারের একটি কাঁচের বোতলে বিদেশি মদ, ২৫০ মিলিলিটার করে স্পিডের চারটি প্লাস্টিকের বোতলে এক হাজার মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

​ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/২৪(ক) ধারায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।


রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।


জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের  নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।


মিছিলে সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।


সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়। 


মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।


রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৫ পিএম

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগচিহ্ন সদৃশ অঙ্কন। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল গাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।


একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তার পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।


আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সমানে এমন দৃশ্য দেখে আলী হোসেন বলেন, ‌‘আমরা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকি। বাড়ির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫-২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা। পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।’তিনি বলেন, ‘পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। তবে কে বা কারা এ কাজ করল বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই।’ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহল মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, ফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।


ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে ‘কালো জাদু’ বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি।


এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম এবং ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সঙ্গে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফিরলে বলতে পারব বিষয়টা আসলে কী।’


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১১ পিএম

ঢাকার সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক খুদেবার্তায় এ তথ্য জানান।তিনি জানান, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। দুপুর ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।


বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‌‘কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে আবার অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো।’

* মশাল মিছিলের চেষ্টা, যুবদলের ধাওয়া

নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের টার্গেট গ্রামীণ সড়ক, বিএনপির মহড়া

* ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোঁ-দৌড়


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০১ পিএম

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি ঠেকাতে মহড়া দিচ্ছে বিএনপি। মশাল মিছিল চেষ্টাকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। যুবদলের প্রতিরোধের মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 


গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। উপজেলার রণবাঘা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জ্বলন্ত আটটি মশাল ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


এরআগে, শুক্রবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাজার সংলগ্ন জনশূন্য এলাকায় মশাল মিছিল করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গুটিকয়েক যুবক। হঠাৎই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা জ্বলন্ত মশাল ফেলে ভোঁ-দৌড় দেয়। তারা অন্ধকারে গ্রামের মধ্যে প্রবেশ করায় কাউকে শনাক্ত করা যায়নি। 




উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় দলীয় নেতাকর্মী। নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের মশাল মিছিলে আসা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করা হয়। যুবদলের ধাওয়া খেয়ে অগ্নিসন্ত্রাস দৌড়ে পালিয়েছে। নৈরাজ্য প্রতিহত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। 


পুলিশ জানিয়েছে, জনশূন্য এলাকায় মিছিলের ছবি তুলে ফেসবুক নির্ভর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্ত, রনবাঘার কইগাড়ি, হাটলাল সড়ক, ওমরপুর হাটের মাঠ, ডেরাহার, কল্যাণনগর, বর্শন, আইলপুনিয়া, নাগরকান্দি, মুরাদপুর, হাটকড়ই সড়কসহ গ্রামীণ জনপদের রাস্তায় বহিরাগতদের আনাগোনার তথ্য পাওয়া গেছে। নন্দীগ্রামের বিতাড়িত পলাতক নেতা আনোয়ার হোসেন রানার নির্দেশে দূর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে। রণবাঘা বাইপাসে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে কয়েকজন যুবক গ্রামের ভেতরে পালিয়ে যায়। রাতে কৈডালা থেকে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার ওমর ফারক (৩৫) রনবাঘা কইগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 


এদিকে, শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আনোয়ার হোসেন রানা। ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।


সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি। ইনসেটে ডাকসু ভিপি সাদিক কায়েম

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।

রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান। সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এসময় ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

ওই পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।