চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনারে মিলেছে সম্পূর্ণ সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক। কাস্টমস নথিতে যেসব পণ্য আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল, কায়িক পরীক্ষায় তার সঙ্গে কন্টেইনারে পাওয়া পণ্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। এ ঘটনায় মিথ্যা ঘোষণায় গাড়ি ও গাড়ির বিভিন্ন অংশ আমদানির অনিয়মের চিত্র সামনে এসেছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) চালানটির কায়িক পরীক্ষা করা হয়। চট্টগ্রামের হালিশহরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘এম/এস আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ সংযুক্ত আরব আমিরাতের ‘আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি’ থেকে কন্টেইনারটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ‘আমিন (সিঅ্যান্ডএফ) প্রাইভেট লিমিটেড’। কাস্টমস নথিতে চালানটিতে ডিফারেনশিয়াল অ্যাসেম্বলি, পাওয়ার স্টিয়ারিংসহ বিভিন্ন ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ থাকার কথা উল্লেখ করা হয়েছিল। তবে কন্টেইনার খুলে পরীক্ষা করার পর ঘোষণার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের ব্যাপক পার্থক্য ধরা পড়ে।
চালানটির কায়িক পরীক্ষায় কন্টেইনারের ভেতর থেকে সম্পূর্ণ সিকেডি বা কমপ্লিটলি নকড ডাউন অবস্থায় ২০০৯ মডেলের দুই আসনবিশিষ্ট একটি বিএমডব্লিউ এস-ড্রাইভ ২৩আই স্পোর্টস বা রেসিং কার পাওয়া যায়। গাড়িটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ২৫০০ সিসি। গাড়িটি সাধারণ যন্ত্রাংশের পরিবর্তে সিকেডি অবস্থায় থাকায় কাস্টমস ঘোষণার সঙ্গে এর কোনো সামঞ্জস্য পাওয়া যায়নি।
এছাড়া একই চালানে পাওয়া গেছে ২০১৬ সালের প্রায় ৩০০০ সিসি ক্ষমতাসম্পন্ন বিএমডব্লিউ ৭৪০আই মডেলের একটি প্রিমিয়াম সেডানের সামনের অর্ধাংশ বা ফ্রন্ট হাফ-কাট। একটি বিলাসবহুল গাড়ির শুধু সামনের অংশ কীভাবে ওই চালানে এসেছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গাড়িটির বাকি অংশ অন্য কোনো চালানে গোপনে খালাস করা হয়েছে কিনা, অথবা পরবর্তী কোনো চালানে আনার চেষ্টা করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএমডব্লিউর গাড়ি ও অংশবিশেষ নয়, কন্টেইনারে ইসুজু ব্র্যান্ডের পাঁচটি হাফ-কাট ট্রাকও পাওয়া গেছে। এসব ট্রাকের কেবিনের ভেতর কৌশলে প্যাক করে রাখা হয়েছিল আরও বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ। কাস্টমস গোয়েন্দাদের ধারণা, গাড়ির বিভিন্ন অংশ বিচ্ছিন্ন বা কাটা অবস্থায় একাধিক চালানে আমদানি করে পরে দেশে সেগুলো পুনঃসংযোজনের একটি চক্র সক্রিয় থাকতে পারে। এভাবে গাড়ির পূর্ণাঙ্গ কাঠামো বা সংশ্লিষ্ট অংশ আলাদা আলাদা চালানে এনে প্রকৃত পণ্য ও মূল্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যগুলোর পূর্ণাঙ্গ হিসাব তৈরির কাজ চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া গাড়ি ও গাড়ির অংশগুলোর ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। এসব পণ্যের প্রকৃত শুল্ক মূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমস আইন ২০২৩ এবং বিদ্যমান আমদানি নীতি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএমডব্লিউ গাড়িটির বাকি অংশের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড বলছে, চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে এ ধরনের গাড়ি বা গাড়ির অংশ আমদানির সম্ভাব্য চক্র ঠেকাতে নজরদারি জোরদার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগচিহ্ন সদৃশ অঙ্কন। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল গাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।
একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তার পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।
আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সমানে এমন দৃশ্য দেখে আলী হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকি। বাড়ির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫-২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা। পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।’তিনি বলেন, ‘পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। তবে কে বা কারা এ কাজ করল বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই।’ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহল মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, ফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে ‘কালো জাদু’ বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম এবং ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সঙ্গে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফিরলে বলতে পারব বিষয়টা আসলে কী।’
ঢাকার সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক খুদেবার্তায় এ তথ্য জানান।তিনি জানান, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। দুপুর ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে আবার অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো।’
বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি ঠেকাতে মহড়া দিচ্ছে বিএনপি। মশাল মিছিল চেষ্টাকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। যুবদলের প্রতিরোধের মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। উপজেলার রণবাঘা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জ্বলন্ত আটটি মশাল ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরআগে, শুক্রবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাজার সংলগ্ন জনশূন্য এলাকায় মশাল মিছিল করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গুটিকয়েক যুবক। হঠাৎই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা জ্বলন্ত মশাল ফেলে ভোঁ-দৌড় দেয়। তারা অন্ধকারে গ্রামের মধ্যে প্রবেশ করায় কাউকে শনাক্ত করা যায়নি।
উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় দলীয় নেতাকর্মী। নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের মশাল মিছিলে আসা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করা হয়। যুবদলের ধাওয়া খেয়ে অগ্নিসন্ত্রাস দৌড়ে পালিয়েছে। নৈরাজ্য প্রতিহত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
পুলিশ জানিয়েছে, জনশূন্য এলাকায় মিছিলের ছবি তুলে ফেসবুক নির্ভর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্ত, রনবাঘার কইগাড়ি, হাটলাল সড়ক, ওমরপুর হাটের মাঠ, ডেরাহার, কল্যাণনগর, বর্শন, আইলপুনিয়া, নাগরকান্দি, মুরাদপুর, হাটকড়ই সড়কসহ গ্রামীণ জনপদের রাস্তায় বহিরাগতদের আনাগোনার তথ্য পাওয়া গেছে। নন্দীগ্রামের বিতাড়িত পলাতক নেতা আনোয়ার হোসেন রানার নির্দেশে দূর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে। রণবাঘা বাইপাসে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে কয়েকজন যুবক গ্রামের ভেতরে পালিয়ে যায়। রাতে কৈডালা থেকে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার ওমর ফারক (৩৫) রনবাঘা কইগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এদিকে, শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আনোয়ার হোসেন রানা। ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি। ইনসেটে ডাকসু ভিপি সাদিক কায়েম