ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

কোনো অবস্থাতেই যেন কোনো বিচারপ্রার্থী যেন হয়রানির শিকার না হয়

ব্রাহ্মণবাড়িয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও কাজের মানোন্নয়ন বিষয়ক দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 




কর্মশালা প্রশিক্ষণ শেষে বিকেলে প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।


সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।


প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।


সনদ বিতরণকালে সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান বলেন, কাজে গতিশীলতা ও সততা মামলার জট কমাতে এবং বিচার প্রক্রিয়া দ্রুত করতে সরাসরি ভূমিকা রাখে। নথি ব্যবস্থাপনায় সতর্কতা যেকোনো ধরনের অনিয়ম বা ভুল এড়াতে সাহায্য করে, আমি আপনাদের আহ্বান জানাব ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। কোনো অবস্থাতেই যেন কোনো বিচারপ্রার্থী হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখবেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় ‘জিরো টলারেন্স।'




নুরুজ্জামান মিন্টু ও ওসি আব্দুল হান্না

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। একই ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল মিন্টুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।


যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে শাকিল হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ওসি আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।


অফিস আদেশ নম্বর ৯৭৭-এ বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। গত মঙ্গলবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ আদেশে স্বাক্ষর করেন।


বিদ্যুৎ সরবরাহ। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০৭ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায়।


বুধবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।


বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।


ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৭:২৫ পিএম

সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট শাহী ঈদগাহ পরিদর্শনে এসে সিলেট  সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  এ তথ্য জানান। তিনি জানান, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। এর ঐতিহ্য ও পবিত্রতা অক্ষুণ্ন রেখে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। দূর থেকে দেখলেও যেন মানুষের ভালো লাগে, সেভাবেই শাহী ঈদগাহকে সাজানো হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, শাহী ঈদগাহ সিলেটের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এর ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এটিকে আরও সুন্দর করে রাখা হবে। শাহী ঈদগাহকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে এর ঐতিহাসিক গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অটুট থাকে।

তিনি বলেন, ঈদগাহের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সভা-সমাবেশ বা মেলা আয়োজনের মতো কোনো কার্যক্রম হবে না। ঈদগাহের পরিবেশ ও পবিত্রতা বজায় রেখে শুধু প্রয়োজনীয় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

সিসিক প্রশাসক বলেন, শাহী ঈদগাহের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে ঐতিহাসিক এই স্থাপনাটিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, শাহী ঈদগাহের ইতিহাসে এই প্রথম প্রায় ৫ কোটি টাকার উন্নয়নকাজের টেন্ডার হয়েছে। এর আগে এ ধরনের বড় পরিসরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়নি। তারা শাহী ঈদগাহের উন্নয়ন উদ্যোগের জন্য সিসিক প্রশাসককে ধন্যবাদ জানান এবং বাকি কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।


বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৭:২২ পিএম

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ ফজলে হুদা বাবুল বলেছেন, মেম্বারশীপ নিয়ে, চেয়ারম্যাশীপ নিয়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মেম্বার সিলেকশন দিব গণতান্ত্রিকভাবে।


এমপি স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, নির্দলীয় ভোটে কেউ কেউ লেটার হেড প্যাডে আমন্ত্রণ জানায় যে, দরখাস্ত দেন আপনাকে চেয়ারম্যান করা হবে। মানে মাল দেন। আর দলটা বিক্রি করেন না দয়া করে। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে। এখন দেশটা বাঁচানোর সংগ্রামে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন, কে কে চেয়ারম্যান নোমিনেশন পাবেন, কে উপজেলা পাবেন, কে ভাইস চেয়ারম্যান নোমিনেশন পাবেন। এটা ওনার কম্পিউটারে আছে। এইটার কোন দিক নির্দেশনা এখনও উনি দেননি। উনি একটি কথাই বলেছেন, ‘যিনি জনপ্রিয় ব্যক্তি তিনিই পাবেন মনোনয়ন’। এর বাইরে কোন কথা এখনও আসেনি। গণতন্ত্র, নিয়মতন্ত্র, গঠনতন্ত্র এই তন্ত্রের বাইরে কোন তন্ত্র মন্ত্র নাই। আমার কাছে কোন প্রিয় লোকও নাই। তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে মূল্যায়ন করা হবে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। 


উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। যুগ্ম আহ্বায়ক এ, কে, এম, মাসুদুর রহমান টিক্কার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ। 


এসময় অন্যদের মঞ্চে মঞ্চে উপবিষ্ট ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।


ফজলে হুদা বাবুল বলেন, চারিদিকে শকুনেরা তাকিয়ে আছে। গুপ্ত আর সুপ্তরা আমাদের দলেও সক্রিয় রয়েছে। বিএনপির নামে যারা স্বাধীনতা বিরোধীদের মার্কা নিয়ে মাঠে ছিল তাদের সাথে কমপ্রোমাইজ হবেনা। 


এমপি বিগত সময়ে পরলোকগমণ করা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী নান্নু, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক কিসমত মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাতেম আলী, সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, আতাউর রহমান প্রমুখের আত্মার মাগফিরাত কামনা করেন।



  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৫৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা শাহজালাল রুমির বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টঙ্গীর আউচপাড়ায় তাঁর পরিবারের ব্যবহৃত ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া গেছে। বাড়ির তত্ত্বাবধায়ক ও শ্বশুরও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তবে গত সোমবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক খুদেবার্তায় রুমি দাবি করেছেন, তিনি আর বাংলাদেশে নেই।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টঙ্গীর আউচপাড়া এলাকার শফিউদ্দিন একাডেমি রোডের ১৩০ নম্বর বাড়ির ৭৪/১ হোল্ডিংয়ের ৬/বি নম্বর ফ্ল্যাটে গিয়ে সেটি তালাবদ্ধ দেখা যায়।


বাড়ির তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর পরিবার গত শুক্রবার থেকে ওই বাসায় নেই। তাঁরা ওই ফ্ল্যাটে বসবাস করতেন। শাহজালাল রুমি মাঝেমধ্যে সেখানে আসতেন। বর্তমানে তিনি দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় থাকেন বলে জানান তত্ত্বাবধায়ক। তবে রুমি এখন কোথায় আছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।


রুমির শ্বশুর মোকারম আলী মুঠোফোনে বলেন, রুমি দেশে আছেন, নাকি বিদেশে, তা তিনি জানেন না। তাঁরাও আগের বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন।


এদিকে গত সোমবার রাতে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় শাহজালাল রুমি লেখেন, ‘ভাই আমি এই দেশেই আর নাই, সুতরাং আমি এগুলো নিয়ে আর ভাবছি না যা হয় হোক। আপনারা সবাই ভালো থাকবেন।’


তবে রুমি বর্তমানে কোথায় আছেন বা সত্যিই দেশ ছেড়েছেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শাহজালাল রুমি দেশে নাকি বিদেশে, সে বিষয়ে তাঁর কাছে নিশ্চিত তথ্য নেই। তবে রুমির বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। শিশুটিকে ওই শিক্ষক চুমু দিয়েছিলেন কি না এমন প্রশ্নে ওসি বলেন, তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না।


গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কোরিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন শিশুটির বাবা শাহজালাল রুমি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


পরে শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে করা পাল্টা মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।


এরপর থেকেই রুমির অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। তবে তাঁর দেশত্যাগের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও পুলিশের তথ্যেও তাঁর বর্তমান অবস্থান স্পষ্ট হয়নি।


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৬:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও একটি মোবাইল ফোনসহ মোঃ সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন দিহানগর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যে জানা যায়, সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাণীশংকৈল থানা হয়ে ঠাকুরগাঁও সদর এলাকার দিকে যাচ্ছিলেন এক মাদক পাচারকারী।


এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল সম্ভাব্য এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহলদল ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকে থাকা ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মোঃ সবুজকে আটক করা হয়।


আটক মোঃ সবুজ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ সহিবর রহমান। উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও অন্যান্য মালামালের আনুমানিক জব্দমূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করে।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে। মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।