বিস্ফোরণে দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়
কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর সেখানে সার্ভে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দ্বগ্ধ ও আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বলেন, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।’
এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
টানা ৩১ দিন উদগীরিত গ্যাসের আগুন জ্বলার পর শুক্রবার সেই গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয় বাপেক্স। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। ওই দিন সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নেয় সংস্থাটি।
২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর থেকে টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছিলেন, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং ধীরে ধীরে আগুন নিভে যায়। এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন সম্পন্ন হলে কূপটির ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম সফল হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বলেন, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে। তিনি জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কিনা, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জলবায়ু সহনশীল হই, নিরাপদ ভবিষ্যৎ গড়ি স্লোগানে গাইবান্ধায় বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশের অবক্ষয় মোকাবিলায় মঞ্চনাটক এবং জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত সুশীল প্রকল্পের অওতায় গঠিত গাইবান্ধা সিএসও হাব এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমদ আবীর এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আনিস মোস্তফা তোতন, নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি ও সিএসও হাবের কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন কাশেম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, এসকেএস ফাউন্ডেশনের লিগ্যাল এইড কর্মকর্তা এ্যাড. রুহুল আমিন পলাশ,মানবাধিকার নাট্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলম মিয়া,পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক লিপি খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে মানবাধিকার নাট্য পরিষদের নাট্য দলের একটি মঞ্চ নাটক পরিবেশিত হয় এবং পরে পৌরপার্ক চত্বরে ও শহরের ডিবি রোডের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
রংপুর নগরীর প্রেসক্লাব বিপনি বিতান মার্কেটের সামনে পড়ে থাকা রসি দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর ধর্মসভা মন্দিরের বিপরীতে প্রেসক্লাব মার্কেটের সম্মুখ থেকে এটি উদ্ধার করা হয়।
এর আগে, সকাল সাতটার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে ককটেল সদৃশ বস্তুটি দুবৃত্তরা ছুড়ে মারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী হকাররা। এরপর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
দুর্ঘটনা এড়াতে ককটেল সদৃশ্য বস্তুটি বালতিতে রাখা হয়। এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষ বলছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এটি প্রেসক্লাব এলাকায় ছুড়েছে দুবৃত্তরা।
প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতা জাকির হোসেন বলেন, আমার সামনে দিয়ে মোটরসাইকেল যাচ্ছিলেন। তখন গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর দেখি, একজন আমার হাতে কিছু একটা দিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করি, ‘এটা কী?’ তখন সে বলে, ‘বোমা।’ এরপর সে আমার দিকে ছুড়ে দেয়। আমি তাকে বলি, ‘তুই এটা কী করলি? বোমা হলে সামনে ফেলে দে।’ তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি।
এরপর আবার সে আসে এবং ধরার চেষ্টা করে। পরে কী হয়েছে, তা আর ঠিক মনে নেই। ঘটনাটি আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, আজকের ঘটনাটি হলো, একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি এখানে একটি বস্তু রেখে চলে যায়। এরপর আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি।র্যাবের একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে এসেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বলতে পারবে, বস্তুটির ভেতরে আসলে কী রয়েছে। যদি এটি ককটেল বা বোমা হয়ে থাকে, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন পর্যন্ত আমাদের কাছে এটাই তথ্য।
তিনি আরও বলেন, এখনো মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের তদন্ত শুরু হয়েছে।
এ ধরনের ঘটনা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সনাতন চক্রবর্তী বলেন, আমার কাছে মনে হচ্ছে, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে। এখানে একটি মন্দিরও রয়েছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী এই মন্দিরে এসেছিলেন। এ ছাড়া এলাকাটি রংপুর মহানগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সুতরাং এখানে এ ধরনের ঘটনা ঘটানো অবশ্যই আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে যারা রয়েছে, তারা যেই হোক না কেন, আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব।
এদিকে, সকাল এগারোটার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বালতিতে রাখা বস্তুটি নিষ্ক্রিয় করতে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে এসআরবি-১৩-এর এএসপি মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করব।
এটি কী ধরনের বস্তু এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করিনি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং প্রতিবেদন দেওয়া হবে।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করেন।
নবীন নাবিকদের মধ্যে পেশাগত দক্ষতাসহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মোঃ সেজান মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মোঃ মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মোঃ শাকিল হাসান।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।
কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির অন্যতম সূতিকাগার হিসেবে কাজ করছে।
প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পেশাগত জীবনে পদার্পণ করায় নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নৌবাহিনী প্রধান। তিনি নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে যোগ্য, দক্ষ ও গর্বিত নৌসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়াও নৌবাহিনীর চলমান উন্নয়ন কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা কর্মতৎপরতা ও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোট, টাকা ছাপানোর মেশিন ও ল্যাপটপসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় খাজা হোটেলসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির মেশিন, একটি ল্যাপটপ এবং টাকা ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা জাল নোট ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তি জাল টাকা তৈরি ও বাজারজাতের সঙ্গে আর কতটা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৩০ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ২৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১১, নোয়াখালীতে ১৭, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৪, রাঙামাটিতে ৫ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) অভিযানের তথ্য রোববার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জন মাদকসেবীকে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯২ জন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৫টি মামলা হয়েছে। অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা বড়ি, ৩৩ কেজি গাঁজা, ১০ বোতল হুইস্কি, ২৭৬টি ট্যাপেন্টাডল বড়ি এবং ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সবচেয়ে বেশি ১৯৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ২৬, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ৬ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন তরুণ ও যুবককে সারিবদ্ধভাবে স্লোগান দিতে দিতে সড়ক দিয়ে এগিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার সময় সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
মিছিলটি কোন পথে গেছে কিংবা এতে অংশ নেওয়া ব্যক্তিরা পরে কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিছিলের ঘটনা সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।