• প্রকাশ : রবিবার ১৪ জুন, ২০২৬, সময় : ৮:২২ এএম

গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে উঠেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান। একই সঙ্গে এসব টর্চার সেল কারা গড়ে তুলেছে, তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


রবিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক জেলা  আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই অভিযোগ উত্থাপন করেন। 


গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, গাজীপুরের অন্তত ৩ থেকে ৪টি জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে ওঠেছে। তিনি স্পষ্ট করে বলেন, "এটা আমাদের কাম্য নয়।" কারা এসব সেল গড়ে তুলেছে তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এমনকি এই অপকর্মের সাথে যদি সরকার দলীয় কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।


অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য একটি নির্ভুল তালিকা প্রণয়নের দাবি জানিয়ে সংসদ সদস্য বলেন, অপরাধীদের নির্ভুল তালিকা প্রণয়ন করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসাথে তিনি পুলিশকে সতর্ক করে বলেন, অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। চুরি ও ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করার তাগিদ দেন তিনি।


এমপি মুজিবুর রহমানের এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেছে, কিন্তু বর্তমান নতুন সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য দিক তুলে ধরে জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করেন যে, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে যা উদ্বেগজনক। এছাড়া, জেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।


উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো: মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং  বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



সর্বশেষ সব খবর

মৌলভীবাজার সীমান্ত। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৪:০০ পিএম

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তা পণ্ড হয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত দুই উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। 

বিষয়টি টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় বিজিবি। নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় পুশ-ইনের এসব চেষ্টা প্রতিহত করা হয়। পরে, অবৈধ অনুপ্রবেশকারী ৩০ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, পুশ-ইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, দিনরাত টহল জোরদার করা হয়েছে। 

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৪০ পিএম

ঢাকার কেরানীগঞ্জের আতাশুর এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাকিব হাসান (১৮)। 


আগুনের ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের নাম মানিক আহমেদ (৪০) ও রাকিব হোসেন (১৮)। তাদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ( মিটফোর্ড)  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে মানিক আহমেদকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।


সোমবার দুপুর ১২টার দিকে নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান। 


ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করে। 


তিনি জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সেখানে পৌঁছেন। 

প্রথমে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি এতে ইউনিট যোগ দেয়। 


আতাশুর এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, দুপুর ১২টায় কালিন্দী ইউনিয়নের আমান প্লাস্টিকের কারখানা আগুন লাগে। এ সময় কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করেন। পরে রাজধানী ঢাকা থেকে ফায়ার সার্ভিসের আরও টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে সাকিব হাসানের মৃত্যু হয়। 


কাজী নজমুজ্জামান জানান, ৮ তলা ভবনের মালিক সাজাহান মজুমদার। ভবনটিতে প্লাস্টিকের খেলনা তৈরি হয়। খেলনা কেমিক্যাল তৈরির কারণেই আগুনের সূত্রপাত হয়। 


তিনি জানান, আগুন লাগার পর শ্রমিকরা ছুটোছুটি করে নেমে যান। আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করে। ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি রুহুল কুদ্দুস জানান, ভবনটিতে কেমিক্যাল মিশিয়ে খেলনা তৈরি হয়। কেমিক্যালের কারণেই আগুন লাগে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৩:২৫ পিএম

‘নজরুল চর্চা কেবল একদিন বা এক বছরের আয়োজনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনাকে আমাদের নিজেদের জীবনে ও দেশের উন্নয়নে প্রয়োগ করতে হবে।’—এমন আহ্বানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উৎসব।


গতকাল রোববার (২৫ অক্টোবর, ২০২৬) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ মেহেদী শাহরিয়ার। 


সমাজ গঠনে নজরুলের আদর্শের গুরুত্ব তুলে ধরে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, "নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলায় সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার শিশু-কিশোররা অংশ নিয়ে যে কৃতিত্ব অর্জন করেছে, তা জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।"


কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "নজরুল সাম্য, প্রেম, বিরহ, বিপ্লব ও চেতনার কবি। তার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার পাশাপাশি দেশের উন্নয়নেও কাজে লাগাতে হবে। সংস্কৃতির চর্চা সমাজ থেকে অপসংস্কৃতি ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে সহায়তা করে। যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।"


অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা স্মরণ করে বলেন, "আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত একটি জায়গা চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অবস্থিত। যা চুয়াডাঙ্গাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি সম্প্রতি সেই জায়গায় গিয়েছিলাম। আজ থেকে ১০০ বছর আগে আমাদের জাতীয় কবি পরিবারসহ সেখানে আড়াই মাস অবস্থান করেছিলেন এবং তার অসামান্য গ্রন্থ পদ্মগোখরা, মৃত্যুক্ষুধা, ও কবিতা লিচুচোর সেখানেই লিখেছিলেন।"


নজরুলের দর্শনের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজের মিল উল্লেখ করে তিনি বলেন, "উনার লেখার মাধ্যমে তিনি সমাজ ব্যবস্থাকে সাম্যবাদী করতে চেয়েছিলেন এবং দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে উনার এই দর্শনের সাথে আমাদের কাজের অনেক মিল দেখতে পাই। উনি যেমন চেয়েছেন, আমরাও চাই এই সমাজ থেকে অপশাসন দূর হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক ও সমতা বিধান হোক।সর্বোপরি তো সমাজ গঠন হোক " একই সাথে বর্তমান প্রজন্মের মাঝে মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন পুলিশ সুপার।


এদিকে অনুষ্ঠানের মূল উদ্বোধক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ সরাসরি উপস্থিত হতে না পারায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। কণ্ঠশিল্পী হিরণ উর রশিদ শান্তর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও বিপুলসংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন।


চুয়াডাঙ্গা জেলা পরিষদ সূত্রে জানা গেছে , তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংগীত, কবিতা আবৃত্তি, হামদ-নাত ও নাটক মঞ্চায়নসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন থাকবে।

সর্বশেষ সব খবর

সেনবাগ থানা

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৩:১৩ পিএম

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলি (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।


সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের তারে পা পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দুজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ২:৪৩ পিএম

উখিয়ার হলদিয়া পালং আবু তাহের সিকদারের ডেরায় বন বিভাগের অভিযান, মাটিভর্তি ডাম্পার ও চালক আটক করা হয়েছে। কক্সবাজারের উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, ইসমাইল, ইলিয়াস ও আলীসহ একদল বনকর্মী গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬ ঘটিকার সময় রেঞ্জের আওতাধীন হলদিয়া পালং বনবিটের পশ্চিম হলদিয়া পালং এলাকার মৃত সালামত উল্লাহ সিকদারের ছেলে আবু তাহের সিকদারের  ডেরায় অভিযান চালিয়ে একটি  মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।  


এসময় উক্ত পাহাড় কাটার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার আমির হোসেন এর ছেলে ডাম্পার চালক আবুল কাশেম ড্রাইভারকে আটক করতে সক্ষম হলেও  আন্ডার গ্রাউন্ডে থাকা শীর্ষ পাহাড় কেখো আবু তাহের সিকদার  অভিযানের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানা গেছে। 


উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ ও ডাম্পার চালককে আটকের সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট ধারায় মামলার রুজু করে জেল হাজতে প্রেরন করা হবে বলে তিনি জানান।


বনভূমি দখল পাহাড় কাটা বালু উত্তোলন গাছ কাটা পরিবেশ ধ্বংসকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান এ বনবিভাগের  কর্মকর্তা।

সর্বশেষ সব খবর

রফিকুল ইসলাম মাদানী

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ১:০৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। 


তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ওসি মহম্মদ আব্দুল বারিক। 


জানা গেছে, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাঁকে রক্ষা করার আকুতি জানান। 


তিনি লাইভে জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তাঁর গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 


তিনি আরও জানান, ডাকাতদের দেখে তাঁর গাড়ি চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।


সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ সব খবর