ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের উল্লেখযোগ্য সংখ্যকের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগেও বড় ধরনের রদবদল এনেছে সরকার। রোববার জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়া হয়। পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এছাড়া চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত
এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।
ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।
চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।
শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ
নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা
আ"লীগের সভা করার অভিযোগে সিলেটের সারদা হলে তালা দিলো জাসাস