• প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

গোপালগঞ্জে কাশিয়াীনিতে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


এর আগে গতকাল রাতে টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয়া, পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।


স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়। পরে হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুট করে বলে জানা গেছে।


এদিকে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।




নিহত শাহিন ও সোহেল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ এএম

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।



হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহিন (৪৫), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫) ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) সহ কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পথে প্রথমে সোহেল শেখ মারা যান। তার কিছুসময় পরে শাহিন মারা যান। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন। 

এদিকে এ ঘটনার পর কালিয়াজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৩ এএম

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্রচৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মোদাচ্ছের হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী ও শিক্ষাবিদ আখতারুজ্জামান।

বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় নেতা। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


শামীম ওসমানের বাড়িতে আগুন।

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিক্ষুব্ধরা শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।’ 


উদ্ধার হওয়া গাড়ি ও সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

দুপুরে খাবার খেতে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে যান হালিশহর থানার টহল টিমের তিন সদস্য। এ সময় পিকআপটি সড়কের পাশে পার্কিং করেন চালক। তবে খাবার শেষে ফিরে এসে দেখেন, সেই গাড়ি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মেলেনি গাড়ি।


দিনেদুপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর। আর সেই গাড়ি উদ্ধারে মাঠে নামতে হলো স্বয়ং পুলিশকেই। ৪ ঘণ্টা অভিযানের পর অবশেষে মিলল সেই গাড়িও। কিন্তু জনমনে প্রশ্ন, কীভাবে চুরি হলো সেই গাড়ি আর মিললই কেমন করে?


পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের তিন সদস্য একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। টহল দলে ছিলেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।


এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।


এ ঘটনায় গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকায় সড়কের ওপর গাড়িটি দেখতে পায় পুলিশের একটি টহল দল। সেখান থেকে এটি উদ্ধার করা হয়।


গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি হয়েছিল। পরে গাড়িটি কর্ণফুলীর ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে।


 চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে


এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। পরে খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।’


তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।’


মো. শহিদ।

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর স্বামীকে আটক করে পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ বিনা অপরাধে শহিদকে আটক করতে গিয়ে তাঁর ওপর শক্তি প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় তাঁর ভাবি সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।

এ সময় সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন পুলিশ সদস্যরা। পরিবারের দাবি, শহিদকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি নিরপরাধ—এ কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি। একপর্যায়ে ঘর থেকে বের করে আনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় হাতকড়া পরা অবস্থাতেই শহিদ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।

আব্দুল খালেক আরও জানান, ঘটনার পর পুলিশ শহিদের হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা জানতে পারেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

খুলনায় যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার থেকে আবারও ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বর কাউন্টারে গিয়ে সাইনবোর্ড থেকে শব্দটি মুছে দেওয়া হয়। এ সময় কোথাও কালি দিয়ে লেখা মুছে ফেলা হয়, কোথাও ব্যানার ও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে কাউন্টারে প্রবেশ করেন।



পরে সাইনবোর্ডে টুঙ্গিপাড়া লেখা অংশটুকু কালি দিয়ে মুছে দেন তাঁরা। রয়েল মোড়ের কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। তাঁদের মধ্যে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।

এ বিষয়ে পরিবহন কাউন্টারের কেউ বক্তব্য দিতে রাজি হননি। খুলনার সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।