দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল কিছুটা কমেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম, আর স্কুল-কলেজ খোলা থাকায় ঘুম থেকে উঠে বিপাকে পড়েছেন অনেকেই। চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা মিলিয়ে বৃহস্পতিবার নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়।
আজ সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন বিশেষ করে বাস তুলনামূলক কম। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস চলতে দেখা গেলেও সাধারণ বাসগুলো প্রায় নেই বললেই চলে।
মেট্রো চলছে স্বাভাবিক নিয়মে। মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইটসহ বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে পুলিশ। মিরপুরের এক বাস মালিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের বুধবারই পুলিশের তরফ থেকে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর যেন বাস না চালাই। আমাদের গাড়িগুলো রাতে যেখানে রাখা ছিল, সেখানে রাতভর আমাদের লোকেরা পাহারা দিয়েছে।’
তিনি বলেন, এই কারণে বৃহস্পতিবার সকালে বাস নামানো হয়নি। আমাদের গাড়িগুলার উপরে ওদের সব টার্গেট। আমরা কী অপরাধ করছি ভাই? এসব কারণে সকালে গাড়ি নামাইনি। তবে পরিস্থিতি ভালো হলে ১০-১১টার দিকেই নামিয়ে দেবে সবাই, এমন আশায় আছি।
বাস চলাচল কম থাকলেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই খোলা। অনেক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। এমন অবস্থায় স্কুলে না গেলেও না। বৃহস্পতিবার সকালেই দুই কন্যাকে নিয়ে মালিবাগ থেকে ধানমন্ডি আসেন মোহাম্মদ আলম। ধানমন্ডি ২৭ এলাকায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে পড়েন এ অভিভাবকের দুই কন্যা।
তিনি বললেন, বাচ্চাদের স্কুলে নিয়ে আসলাম সকালে। বাসে ও লেগুনা দিয়ে এসেছি, রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম মনে হলো। আসার পথে কোথাও ঝামেলা চোখে পড়েনি। এ স্কুলের শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাসে আসেনি।
সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে অটোরিকশা, লেগুনার মতো বাহনের দাপট ছিল বেশি। পুলিশও অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে আটকাচ্ছে না।
ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় নৈশ কোচগুলো নিয়মমতোই ঢাকায় ঢুকেছে। তবে দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রী কম জানিয়ে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারের মাস্টার মো. ইকবাল বলছেন, আজকে দিনের যাত্রী কম। এই কারণে হয়তো ট্রিপ কম হবে। তাছাড়া বৃহস্পতিবার এমনিতেই সকালে যাত্রী কম হয়, আর সন্ধ্যায় প্রচুর ভিড় হয়।
মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক ময়মনসিংহের সৌখিন পরিবহনের এক বাস মালিক বলছেন, গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে বুধবার আমাদের গাড়িগুলো আসতেই পারেনি। আজকে কী অবস্থা হয় তার ওপর নির্ভর করবে পরিস্থিতি। এমনিতে মহাখালীতে কোনো সমস্যা নেই।
শুক্রবার ঢাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় বৃহস্পতিবার বাস চলবে কি না তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। ‘বাসেস অব ময়মনসিংহ ডিভিশন’ নামে একটি ফেইসবুক গ্রুপে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে করা একটি পোস্টে অনেক চাকরিপ্রার্থীকে বাস চালানোর অনুরোধ জানাতে দেখা যায়।
মোফাখখারুল ইসলাম ভুঁইয়া টিটু নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “শুক্রবার হাজারো চাকরিপ্রত্যাশী ভাই-বোনের ব্যাংক এক্সাম। বৃহস্পতিবার ঢাকা যেতে চাচ্ছি ময়মনসিংহ থেকে। ইউনাইটেড-সৌখিন চলবে কী না জানান প্লিজ।”
সীমা ঘোষ নামে আরেকজন লিখেছেন, “শুক্রবার এক্সাম, যাবো ক্যামনে?” তবে বাস মালিকরা বলছেন, গাজীপুরে কোন সমস্যা না থাকলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাস চলবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার কথা বলেছে। শেষ দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার লকডাউনের ঘোষণা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলটির কিছু নেতাকর্মী। সড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।
সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগচিহ্ন সদৃশ অঙ্কন। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল গাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।
একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তার পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।
আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সমানে এমন দৃশ্য দেখে আলী হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকি। বাড়ির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫-২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা। পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।’তিনি বলেন, ‘পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। তবে কে বা কারা এ কাজ করল বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই।’ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহল মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, ফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে ‘কালো জাদু’ বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম এবং ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সঙ্গে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফিরলে বলতে পারব বিষয়টা আসলে কী।’
ঢাকার সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক খুদেবার্তায় এ তথ্য জানান।তিনি জানান, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। দুপুর ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে আবার অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো।’
বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি ঠেকাতে মহড়া দিচ্ছে বিএনপি। মশাল মিছিল চেষ্টাকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। যুবদলের প্রতিরোধের মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। উপজেলার রণবাঘা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জ্বলন্ত আটটি মশাল ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরআগে, শুক্রবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাজার সংলগ্ন জনশূন্য এলাকায় মশাল মিছিল করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গুটিকয়েক যুবক। হঠাৎই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা জ্বলন্ত মশাল ফেলে ভোঁ-দৌড় দেয়। তারা অন্ধকারে গ্রামের মধ্যে প্রবেশ করায় কাউকে শনাক্ত করা যায়নি।
উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় দলীয় নেতাকর্মী। নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের মশাল মিছিলে আসা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করা হয়। যুবদলের ধাওয়া খেয়ে অগ্নিসন্ত্রাস দৌড়ে পালিয়েছে। নৈরাজ্য প্রতিহত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
পুলিশ জানিয়েছে, জনশূন্য এলাকায় মিছিলের ছবি তুলে ফেসবুক নির্ভর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্ত, রনবাঘার কইগাড়ি, হাটলাল সড়ক, ওমরপুর হাটের মাঠ, ডেরাহার, কল্যাণনগর, বর্শন, আইলপুনিয়া, নাগরকান্দি, মুরাদপুর, হাটকড়ই সড়কসহ গ্রামীণ জনপদের রাস্তায় বহিরাগতদের আনাগোনার তথ্য পাওয়া গেছে। নন্দীগ্রামের বিতাড়িত পলাতক নেতা আনোয়ার হোসেন রানার নির্দেশে দূর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে। রণবাঘা বাইপাসে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে কয়েকজন যুবক গ্রামের ভেতরে পালিয়ে যায়। রাতে কৈডালা থেকে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার ওমর ফারক (৩৫) রনবাঘা কইগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এদিকে, শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আনোয়ার হোসেন রানা। ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।