নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, এম এ মুঈদ হোসেন ( আরিফ) সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পরিবেশ রক্ষার পক্ষে বলিষ্ঠ অবস্থান এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ আশাব্যঞ্জক। তবে মাঠপর্যায়ে এখনো নদী ও পরিবেশের পরিস্থিতি উদ্বেগজনক। বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের মতো সমস্যা অব্যাহত রয়েছে। ফরিদপুরের কুমার নদী এর অন্যতম উদাহরণ।
সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে—নদীসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষজ্ঞ ও নদী বাঁচাও আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন এবং তাদের মতামত বাধ্যতামূলক করা; শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা; নদীর অবৈধ দখল উচ্ছেদে জেলা পর্যায়ে স্থায়ী সার্ভে কমিটি গঠন; পরিকল্পিতভাবে নদী খনন ও ড্রেজিং; বিলুপ্ত নদী, খাল, পুকুর ও দীঘি পুনঃখনন এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ করা।
এ ছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদীবন্দর পুনর্গঠন, অপরিকল্পিত ব্রিজ ও কালভার্ট অপসারণ, নদীর তীরে দেশীয় জলজ ও শ্বাসমূলীয় বৃক্ষরোপণ, মৎস্য ও জলজ প্রাণীর অভয়াশ্রম গড়ে তোলা এবং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতিসংঘের ১৯৯৭ সালের পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। পাশাপাশি দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবহার ব্যবস্থা চালু, পাঠ্যপুস্তকে নদী রক্ষার বিষয় অন্তর্ভুক্ত, প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক প্রণোদনা প্রদান, বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং নদীতে প্লাস্টিক, পলিথিন ও গৃহবর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপির শেষাংশে বলা হয়, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকার আরও কার্যকর হবে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
ঠাকুরগাঁওয়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ২১ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া ২-৩ দিনের বৃষ্টিতে ভেজা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
শনিবার সদর উপজেলার চিলারং এলাকায় দেখা যায় কয়েক আগে কেটে রাখা আমন ধান তড়িঘড়ি করে নিয়ে যাচ্ছে কৃষকরা।
ভূল্লী উপজেলার কচুবাড়ী গ্রামের কৃষক বাপ্পী জানান, বারোমাড়া কান্দরে তাঁর দুই একর জমির আমন ধান কেটে রাখা হয়েছে। ধানগুলো প্রায় শুকিয়ে এসেছিল। শনিবারই সেগুলো ঘরে তোলার প্রস্তুতি ছিল তাঁর। কিন্তু সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।
অন্যদিকে, ভেলাজান বাজার গ্রামের কৃষক মো : বদিরূল আলী জানান, প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়েছে। জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কেউ আমন ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকের ধান এখনো মাঠে পড়ে রয়েছে। ধান কাটার পর অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে চলতি সময়ের বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কেটে রাখা ধান শুকানো ও ঘরে তোলার চিন্তা, অন্যদিকে নতুন আবাদ করা ফসল রক্ষার চেষ্টা দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি জমিতে দীর্ঘসময় জমে থাকলে নতুন আবাদ করা ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে আলুর জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে আবাদ ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে ভিজে যাওয়া আমন ধান শুকানো ও সংরক্ষণেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে। তবে টানা বৃষ্টিতে উপজেলায় আমন ধান, আলু, সরিষা ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সদর উপজেলার কৃষিকর্মকর্তা নাসিরুল আলম জানান, আগাম বৃষ্টির ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি তেমন ক্ষতি হবে না। আবহাওয়া ভালো হবে বলে আমরা আশা করছি।
পরিবেশদূষণ কমানো, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন ও পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে স্থাপন করা হচ্ছে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় পাঁচ কোটি টাকা এবং ২০ বছরে প্রায় ১০০ কোটি টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সূত্র জানায়, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, জিজিআই নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। ফলে প্রকল্প বাস্তবায়নে শুরুতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না। বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর প্রতিষ্ঠানটি বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ ও কারিগরি সহায়তা দেবে। চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ চলছে। কারিগরি নকশা, প্রকৌশল পরিকল্পনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বন্দর একটি জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা হওয়ায় প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিদ্যুৎ বিল ৫০ কোটি টাকার বেশি
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বিপুল পরিমাণ পণ্য ওঠানামা, কনটেইনার পরিবহন এবং জাহাজের কার্যক্রম সচল রাখতে প্রতিনিয়ত বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন হয়। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দরে দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। এ চাহিদা পূরণে প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল পরিশোধ করতে হয়।
প্রকল্পের আওতায় স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। দিনের বেলায় বন্দরের গড় বিদ্যুৎ চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
চুক্তি অনুযায়ী, দিনের বেলায় সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালিত হবে। এতে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার হ্রাস পাবে।
বিপুল যন্ত্রপাতি ও যানবাহনে কার্বন নিঃসরণ
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় রয়েছে ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও বন্দরের অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের যানবাহন। এসব যন্ত্রপাতি ও যানবাহনের বড় একটি অংশ জীবাশ্ম জ্বালানিনির্ভর। ফলে বন্দর কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণের পরিমাণও বাড়ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশও জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকে উৎপাদিত। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। বন্দরের অব্যবহৃত ছাদ ও ফাঁকা শেডগুলো পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।
চার হাজারের বেশি জাহাজ, দূষণ কমানোর সম্ভাবনা
চট্টগ্রাম বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। এসব জাহাজ বন্দরে অবস্থানের সময় বিদ্যুৎ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় ভারী জ্বালানিচালিত জেনারেটর ব্যবহার করে। ফলে বন্দরের নিজস্ব যন্ত্রপাতির পাশাপাশি জাহাজ থেকেও বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ ঘটে।
সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে তীরভিত্তিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা (শোর পাওয়ার) চালু করা গেলে দূষণ কমানোর ক্ষেত্রে বড় অগ্রগতি সম্ভব। এ ব্যবস্থায় জাহাজ বন্দরে ভেড়ার পর নিজস্ব জেনারেটরের পরিবর্তে তীর থেকে বিদ্যুৎ নিতে পারবে। এতে জাহাজের ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখার সুযোগ তৈরি হবে এবং বন্দরের আশপাশে বায়ুদূষণ ও শব্দদূষণ কমবে।
কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে বন্দরকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা প্রয়োজন। জাহাজ বন্দরে অবস্থানের সময় মূল ইঞ্জিন ও জেনারেটরের ব্যবহার কমিয়ে সৌরবিদ্যুৎ বা বিকল্প পরিচ্ছন্ন বিদ্যুতের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রবণতা কমিয়ে পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সৌরবিদ্যুতের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পূর্ণাঙ্গ গ্রিন পোর্ট গড়তে আরও উদ্যোগ প্রয়োজন
জিজিআইয়ের সিইও মোহাম্মদ নূরে আলম জানান, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে ছাদের কাঠামোগত সক্ষমতা যাচাই, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ নির্ধারণ, বৈদ্যুতিক নকশা ও সংযোগব্যবস্থা তৈরি, নেট মিটারিংয়ের প্রস্তুতি, সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণসহ বিভিন্ন কারিগরি কাজ করতে হচ্ছে। নির্মাণকাজের জন্য পৃথক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে বন্দরের সামগ্রিক কার্যক্রমে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি এবং অভ্যন্তরীণ পরিবহনে বিদ্যুৎচালিত ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জাহাজের জন্য শোর পাওয়ার, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও কার্যকর উদ্যোগ নিতে হবে।
তাঁদের মতে, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর এ উদ্যোগ অর্থনৈতিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বন্দরের অন্যান্য কার্যক্রমে পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে চট্টগ্রাম বন্দর দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ এশিয়ার একটি পরিবেশবান্ধব ও টেকসই বন্দর হিসেবেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে রেলওয়ে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত আটটার দিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাত সাড়ে আটটায় ট্রেনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আগুন লাগার পরপরই রেলওয়ের কর্মীরা তা নিভিয়ে ফেলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন জানান, ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় সামান্য আগুন দেওয়া হয়েছিল। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তাঁর ধারণা, কেউ নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, রেলওয়ের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেছেন। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ। স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য, ট্রেনের সামনের দিক থেকে তৃতীয় বগিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে সেখানে কেরোসিনের একটি বোতল এবং কয়েকটি আসনে কেরোসিন ছিটানো অবস্থায় দেখা গেছে।
ওই শিক্ষার্থী আরও জানান, ঘটনার পর পুলিশ সদস্যরা স্টেশনে আসেন। পরে শিক্ষার্থীরা অন্য একটি শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান।
এ ঘটনায় শাটল ট্রেনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুন লাগানোর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরায় মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)। তাঁদের বাড়ি মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকায়। অসুস্থ অপর তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরীর ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল ও নান্টুর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন মদপান করেন। এর কিছুক্ষণ পর তাঁদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে জানান, মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। তবে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তাঁদের সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ ঘটনাটি জানতে পারে।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থা এবং মদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেহেরপুরের গাংনী উপজেলার নবিনপুর গ্রাম থেকে বোমাসদৃশ এই বস্তু উদ্ধার করেছে পুলিশ
প্রেমিকার কাছে পৌঁছানোর আগেই প্রেমের চিরকুট পৌঁছে গেল থানায়। এই চিরকুটের সঙ্গে ছিল না কোনো গোলাপ কিংবা উপহার। ছিল কালো টেপে মোড়ানো বোসাসদৃশ জর্দার কৌটা। আর তাতে লেখা এমন এক বার্তা, যা আবেগের বদলে বোমার আতঙ্ক ছড়ায়। বোমাসদৃশ এই চিরকুট পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামের। গতকাল রোববার দুপুরে গ্রামের খেলার মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনের পিলারের ওপর বোমাসদৃশ বস্তুটি দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে আছে, এমন খবর প্রচারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুটা দূর থেকে দেখা যাচ্ছিল, বোমাসদৃশ বস্তুর গায়ে একটি চিরকুট। সেখানে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হয়তো এই চিরকুট লিখেছেন। বোমাসদৃশ বস্তুর (জর্দার কৌটায় তৈরি) গায়ে চিরকুট লেখা হয়েছে আলোচনা তৈরি করার জন্য। তবে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
ওসি জানান, বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা গেছে ভেতরে কোনো বিস্ফোরক নেই।
ভয় দেখানো বা আলোচনা তৈরি করা, যে উদ্দেশ্যেই কাজটি করা হোক না কেন, বোমাসদৃশ এই চিরকুট আপাতত পুলিশের তদন্তের বিষয়।
এই চিরকুটের মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের গল্পে সাধারণত তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমিক-প্রেমিকারা। সে কারণে কেউ হয়তো এই কাণ্ড ঘটিয়েছে।
ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২৫টি কারখানায়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। সোমবার এসব ঘটনা ঘটে।
এদিন সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় উৎপাদন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। কোথাও শ্রমিকেরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন কারখানায়।
এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে অংশ নেননি। তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।
নিউ এইজ গ্রুপের সামনে উত্তেজনা, আহত ৩
সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিজিএমইএর তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সকাল আটটার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান নেন তারা। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাদের একাংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।
এদিকে শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।
মজুরি নিয়ে অনিশ্চয়তায় শ্রমিকেরা
শ্রমিকদের ভাষ্য, নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাদের অনিশ্চয়তা কাটেনি। চাকরি হারানোর ভয়ে অনেক শ্রমিক সরাসরি আন্দোলনে অংশ নিচ্ছেন না। তবে তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব বলে মনে করেন তারা।
শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। দুই-একটি জায়গায় শ্রমিকেরা কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।