বস্তাভর্তি টাকা গণনার কাজ চলছে।
কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে আজ। ৩ মাস ২৭দিন পর শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হয়। একারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুইটি দানবাক্স।
এর আগে চলতি বছরের ৩০ আগস্ট ৪ মাস ১৮দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহামদ এসব তথ্য নিশ্চিত করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
আজ বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের উদ্বোধনের আগে বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী দরিদ্র, শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিজিবির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে এ কর্মসূচি কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১৬ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে কম্পিউটার পরিচিতি, কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট), গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার সক্ষমতা অর্জন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
নতুন গ্যাস কূপ খনন
নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
নির্ধারিত সময়ের খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নতুন কূপটির খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করে। আজ বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে চলছে খনন কার্যক্রম। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৬১ মিটার এবং ১ হাজার ৪৫০ মিটার গভীরতায় দুটি পৃথক জোনে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (MWD) মেথড ব্যবহার করে খননকাজ পরিচালিত হচ্ছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বাসসকে জানান, ৪৫ দিনের মধ্যে খনন কাজ এবং পরবর্তী ১৫ দিনের ডিএসটি টেস্ট শেষে কূপটিতে মজুত গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবার খনন কাজ শুরু হয়েছে এবং এটি একনাগাড়ে চলবে। প্রাথমিকভাবে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাপেক্স জানায়, নোয়াখালীর এ অঞ্চল তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়। পরে ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে দুটি কূপেই ড্রিলিং করা হলেও সেখানে কোনো গ্যাস পাওয়া যায়নি। এরপর ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান পাওয়া গেলে ড্রিলিং শেষে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু হয়। ২০১৮ সালে ওই কূপে ওয়ার্কওভার সম্পন্ন করার পর বর্তমানে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এ ছাড়া নোয়াখালীতে ‘সুন্দলপুর-১’, ‘সুন্দলপুর-২’ ও ‘সুন্দলপুর-৩’ নামে তিনটি গ্যাস কূপ খনন করেছে বাপেক্স। এর মধ্যে সুন্দলপুর-১ ও সুন্দলপুর-৩ থেকে বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।
তবে সুন্দলপুর-২ থেকে এখনো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, সুন্দলপুর-৩ কূপে ওয়ার্কওভার শেষ হলে সেখান থেকেও পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে।
সূত্র: বাসস
মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলায় রায়ের আদেশ কার্যকর না করায় আদালত অবমাননার দায়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) মো: মোনাদিন হক গত ২৩ জুলাই প্রকাশ্য আদালতে এ আদেশ দেন। বিজ্ঞ বিচারক মহাদেবপুর ইউএনওকে দেয়া এ আদেশ সংক্রান্ত পত্রে গত ২৭ জুলাই স্বাক্ষর করেন। ইউএনওকে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন তিনি।
এরআগে গত ২৩ মে বিজ্ঞ বিচারক আদালতের রায়ে নালিশী জমির দখল ফরিয়াদি বরাবর ১৫ কার্যদিবসের মধ্যে বুঝে দিয়ে আদালতের রায় কার্যকর করার এবং তা আদালতকে অবহিত করার নির্দেশ দেন মহাদেবপুর ইউএনওকে। ৭ জুন আদালতের এই আদেশপত্র পাবার পর গত দেড় মাসেও তা কার্যকর না করার অভিযোগ করা হয়েছে মহাদেবপুর ইউএনওর বিরুদ্ধে।
বিজ্ঞ বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন,“ফরিয়াদির দরখাস্ত ও দরখাস্তের সহিত দাখিলকৃত সি.আর ১৬৭/২০২৫ (মহাঃ) নং মামলার রায়ের জাবেদা পর্যালোচনায় করা হলো। উক্ত রায়ের আদেশে দেখা যায় যে, উক্ত আদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ২০ ধারায় প্রদত্ত ক্ষমতা মোতাবেক ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে নালিশী তফশিল বর্ণিত জেলা-নওগাঁ, উপজেলা-মহাদেবপুর, মৌজা-দোহাগী, আর.এস খতিয়ান নং-৩৩৫, প্রস্তাবিত খতিয়ান নং-১৫৯২, দাগ-৫২০ এর দক্ষিন পূর্বাংশে ০.০২২৫ একর জমির দখল অত্র মামলার ফরিয়াদি মোছাঃ বুলবুলি চৌধুরী, পিতা-মোঃ হারুন অর রশিদ, জং-মোঃ রানা চৌধুরী, সাং-দোহালী, পোঃ দরিয়াপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ বরাবর অদেশের তারিখ হতে ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দিয়ে অত্র আদালতকে অবগত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে নির্দেশ করা হয়েছিল। ফরিয়াদি তার দরখাস্তে অভিযোগ করেছেন যে, তিনি উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে বারবার অনুরোধ করেও নালিশী সম্পত্তির দখল বুঝে পাননি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে আদেশের ১৫ কর্মদিবসের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনপূর্বক অবগত করতে বলা হলেও অদ্যাবধি তিনি কে অবগত করেননি যা আদালত অবমাননার সামিল। এমতাবস্থায়, আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার একটি লিখিত ব্যাখ্যা আগামি ১০/০৮/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে দাখিলের জন্য উপজেল নির্বহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে নির্দেশ প্রদান করা হলো।”
মামলা সূত্রে প্রকাশ, বুলবুলি চৌধুরি দোহালী গ্রামের ভবেন্দ্রনাথের ছেলে মিন্টু কুমার মন্ডলের বিরুদ্ধে গতবছর ২৭ ফেব্রুয়ারি ওই আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ফরিয়াদি বুলবুলি চৌধুরি নালিশী জমি আসামী মিন্টু কুমার মন্ডলের কাছ থেকে গত ২০২৩ সালের ১৭ অক্টোবর রেজিস্ট্রি দলিলযোগে কিনে নিজ নামে খারিজ করে খাজনা পরিশোধ করেন। কিন্তু মিন্টু বিক্রি করা জমি বুলবুলিকে বুঝে দেননি। এনিয়ে গ্রাম্য শালিসেও সে জমির দখল বুঝে দিতে অস্বীকার করে এবং ধারালো হাসুয়া দিয়ে ফরিয়াদিকে হত্যার হুমকি দেয়।
বিজ্ঞ বিচারক মামলাটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মহাদেবপুর থানার ওসিকে নির্দেশ দেন। প্রতিবেদন পাবার পর সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৩ মে রায় দেন। রায়ে আসামী মিন্টু কুমার মন্ডলের ছয় মাস সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে নালিশী তপশীল বণিত সম্পত্তির দখল ফরিয়াদি বরাবর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বুঝে দিয়ে আদালতকে অবগত করার জন্য মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
জানতে চাইলে মোবাইলফোনে বুধবার (২৯ জুলাই) সকালে মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ আদালতের পত্র পাবার কথা নিশ্চিত করে জানান, জবাব প্রস্তুত করা আছে। সময়মত আদালতে দাখিল করা হবে।
স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুরের টঙ্গী ৫৭ নং ওয়ার্ডের স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার স্থাপন ও এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর গাজীপুর গড়ি এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তারা বলেন, স্টেডিয়ামের মতো জনবহুল ও ক্রীড়া এলাকার সামনে ময়লার ভাগার থাকায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় অবিলম্বে আধুনিক ও টেকসই উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ডাঃ হাফিজুর রহমান-এর প্রধান উপস্থিতিতে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আঃ রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সহ-সম্পাদক আবুল হোসেন এবং মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড জামায়াতের আমীর এবি এম সাইফুল্লাহ ও সেক্রেটারি মাসুদ আলম। ৫৫ নং ওয়ার্ডের আমীর মোক্তার হোসেন মুন্সীর সাবলীল সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা অবিলম্বে স্টেডিয়ামের সামনে থেকে ময়লার ভাগার অপসারণ করে পরিবেশসম্মত ও আধুনিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জোরালো দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
যশোর কোতয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে যশোরের কোতয়ালির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের চারটি ও কোতয়ালি থানা পুলিশের একটি টিম এ অভিযানে ছিল। পরে ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।'
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিম উদ্দিন বলেন, ‘আমরা অনেক দিন ধরে তার ব্যাপারে কাজ করছিলাম। গোপন তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝুমঝুমপুর থেকে মঙ্গলবার রাতে যশোর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডেবিট ইমন চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। এলাকায় তার ছিল সাধারণ জীবনযাপন। কিন্তু শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর চট্টগ্রামে একের পর এক খুনে নাম জড়ায় তার। পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সাজ্জাদের 'সেকেন্ড ইন কমান্ড'।
গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর চকবাজার অ্যাকসেস রোডে ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে র্যাব-পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে।
ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ ডিডিএনের কার্যালয়ে ঢুকে পড়ে। দেশি অস্ত্রধারী ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়।
হামলার দু'দিন আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন ডেভিড ইমন। ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
ডিডিএনের স্বত্বাধিকারীকে হুমকি দিয়ে বলা হয়, 'আমার নাম ডেভিড ইমন, আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করতে পারেন।' ওই হুমকির দুদিন পর নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনে ডিডিএনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা ডিডিএন অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও কাচের দরজাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি এক ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সল আহম্মেদ বলেন, 'আমরা ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আমাদের গোয়েন্দা ও প্রযুক্তিগত টিম কাজ করছে। ডেভিড ইমনসহ এই চক্রের অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।'
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএন কার্যালয়ে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চকবাজার থানা পুলিশ ও র্যাব-৭ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির ওরফে কেহেরমান, মো. গিয়াস উদ্দিন, মো. নয়ন এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, নয়নের বিরুদ্ধে ৮টি, মনিরের বিরুদ্ধে ৭টি, আকবর ও সুমনের বিরুদ্ধে ৬টি করে এবং ইউনুসের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। খুন, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, মাদক, ছিনতাই, মানবপাচার, চোরাচালান, ডাকাতি ও চুরি অভিযোগে এসব মামলা দায়ের হয়েছে।
শিক্ষিকা বিউটি রাণী পাল
শাড়ি পরে গানের তালে হাঁটার ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়ার পর পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, ফেইসবুকে মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ও প্রতিক্রিয়া দেখার পর তিনি প্রথমে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরিবার ও সর্বস্তরের মানুষের সহযোগিতা তাকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল একটি গানের সঙ্গে মিলিয়ে রিল ভিডিও পোস্ট করেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেখা যায়, তিনি শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন। ভিডিওটির সঙ্গে যুক্ত ছিল নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘ডিফারেন্ট টাচের’ মেজবাহ রহমানের গাওয়া ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের একটি অংশ-‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিউটি রানী পালকে নিয়ে সমালোচনা ও ট্রলের ঝড় ওঠে। তবে এর প্রতিবাদে অনেক নারী এগিয়ে এসে বিউটি রাণীর পক্ষে সমর্থন ও সংহতি জানিয়ে একই ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করছেন এবং সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফেইসবুক ভিডিও বার্তায় বিউটি রাণী পাল বলেন, “দেশবাসী সবার প্রতি আমি কৃতজ্ঞ আসলে। তারা আমার প্রতি যে অসীম ভালোবাসা দেখিয়েছে... এক-দুজন মানুষ সব সমাজেই থাকে। আমি সবার প্রতি আসলেই কৃতজ্ঞ। বিশেষ করে, আমার এক সাংবাদিক ভাই আমাকে ভাইরাল করেছিল, কিন্তু বাকি সাংবাদিক ভাইয়েরা যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এজন্য আমি আসলেই সবার প্রতি কৃতজ্ঞ।
“আমাদের মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী-সবার প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং সব শ্রেণির পেশাজীবী মানুষ-আপনাদের সবাইকে ধন্যবাদ।”
এদিকে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে নেতিবাচক ক্যাপশন দিয়ে ভিডিওটি ছড়িয়ে দেন আসিফ ইকবাল ইরন নামে এক প্রবাসী তরুণ। ওই তরুণের বিরুদ্ধে সাইবার বুলিং ও সামাজিকভাবে হেনস্তা করার অভিযোগ তুলেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল।
ওই পেইজটিতে ‘ফেঞ্চুগঞ্জে স্কুল প্রাঙ্গণেই প্রধান শিক্ষিকার টিকটক নাচ! অভিভাবকদের মধ্যে ক্ষোভ’ শিরোনামে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, শিক্ষিকা বিদ্যালয় প্রাঙ্গণে 'অশ্লীল অঙ্গভঙ্গি' করেছেন-যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটু মন্তব্য ও ট্রল শুরু হয়।
সমালোচনার জবাবে এর আগে শিক্ষিকা বিউটি রাণী সাংবাদিকদের বলেন, “আমাদের মন-মানসিকতা যদি ডিজিটাল, স্মার্ট ও উন্নত করতে না পারি, তাহলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক থেকেই সমানতালে এগিয়ে যেতে হবে।”
এই ঘটনায় প্রবাসী ওই তরুণসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিউটি পালের ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তিনি ঘটনাটিকে কোনো অন্যায় বা অপরাধ হিসেবে দেখছেন না।
ফেইসবুকে ব্যাপক সমালোচনার মধ্যেও পরিবারের সদস্যরা শুরু থেকে তার পাশে ছিলেন বলে জানিয়েছেন বিউটি রাণী পাল।
তিনি বলেন, “আমি প্রথমেই অনলাইনে ভিডিওটা দেখে নিজেই আপসেট হয়ে গেছি। আমার পরিবারের যে পাঁচজন-আমার আরো বোন আছে, ওরাও শিক্ষক-ওরাও আমাকে বলছিল, তুমি থানায় জিডি করো। তুমি কেন বিমর্ষ হয়ে যাচ্ছ? তুমি রাইট পয়েন্টে আছো, তুমি কোনো ভুল করো নাই। আমরা তোমাকে জানি।”
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি রানী পাল। তার ফেইসবুক আইডিতে বিদ্যালয়ে পাঠদান, শিক্ষার্থীদের শরীরচর্চা করানো, নাচ-গানের মাধ্যমে গণিতের বিভিন্ন চিহ্ন ও পাঠ্যবইয়ের বিষয়বস্তু শেখানো, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণের বিভিন্ন ভিডিও দেখা যায়।
বিউট রাণী বলেন, “আমার পরিবারের সকল বোন, ভাই-বোন প্লাস আমার স্বামী আমাকে যে পরিমাণ সাপোর্ট করছে... বিশেষ করে আমার ছোট মেয়েটা সবসময় আমাকে বলে, 'মা, তুমি রাইট। সবসময় তুমি রাইট। আমি তোমাকে অনুসরণ করি, আমি তোমার মতো হতে চাই। তো আমি আসলে ওই জায়গা থেকে, আমার পরিবার থেকে কোনো ধরনের অসহযোগিতা পাই নাই। উনারা আমারে সবসময় সাপোর্ট করেছেন, এখনও সাপোর্ট করতেছেন।
“আমি কম্পিউটারের বিষয়ে অত বেশি পারদর্শী না। আমি কোন ধরনের অ্যানালিটিকস ব্যবহার করলে বা কোথায় কী ভুল করছি, সে বিষয়ে তারা বারবার আমাকে নক করে সাহায্য করেছে।”