• প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:১০ পিএম

ময়মনসিংহের ত্রিশালে দোকান ভাড়া নেওয়ার পর প্রায় চার বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার দায় বর্তমান ভাড়াটিয়ার ওপর চাপানোর অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের করা মামলার কাগজপত্র এবং দোকানঘর ভাড়ার চুক্তিপত্র পর্যালোচনায় সময়ের অসংগতির বিষয়টি সামনে এসেছে।


নথি অনুযায়ী, ত্রিশাল উপজেলার চক রামপুর বাজারের একটি দোকানঘর ভাড়ার চুক্তি সম্পাদিত হয় ২০২৬ সালের ১ সেপ্টেম্বর। চুক্তিতে দোকানমালিক হিসেবে মো. আবদুল কাইয়ুম মণ্ডল এবং ভাড়াটিয়া হিসেবে মো. জুনায়েদের নাম উল্লেখ রয়েছে। চুক্তির মেয়াদ পাঁচ বছর এবং মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি চার লাখ টাকা জামানতের কথাও উল্লেখ রয়েছে।


অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের মামলার কাগজে প্রায় চার বছর সময়ের বিদ্যুৎ ব্যবহারের হিসাব তুলে ধরা হয়েছে। সেখানে বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে জরিমানাসহ বিল নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে।


এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন। ২০২৬ সালের সেপ্টেম্বরে দোকান ভাড়া নেওয়া একজন ভাড়াটিয়ার ওপর এর আগের প্রায় চার বছরের বিদ্যুৎ ব্যবহারের দায় কীভাবে বর্তায়? ওই সময়ে দোকানটি কার দখলে ছিল, বিদ্যুৎ সংযোগ কে ব্যবহার করতেন এবং প্রকৃত দায়ী ব্যক্তি কে—এসব বিষয় যথাযথভাবে তদন্ত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


ভাড়াটিয়ার দাবি, তিনি দোকানটি ভাড়া নেওয়ার আগে সেখানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা যাচাই করা হয়নি। পরে তাঁর নামে কয়েক বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার অভিযোগ আনা হয়।


এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনাস্থলে তাঁকে বিদ্যুতের ব্যবহারকারী হিসেবে পাওয়া গেছে। সে কারণে তাঁর নামে বিল করা হয়েছে। তবে দোকানটি ভাড়া নেওয়ার সময়কার অবস্থা, পূর্ববর্তী ব্যবহারকারী এবং বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত সময়কাল যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বিভাগের কাছে যদি চার বছরের বিদ্যুৎ ব্যবহারের হিসাব থাকে, তাহলে ওই সময়ের প্রকৃত ব্যবহারকারী শনাক্ত না করে বর্তমান ভাড়াটিয়ার ওপর পুরো দায় চাপানো কতটা যৌক্তিক? দোকানের মালিকানা ও ভাড়াটিয়া পরিবর্তনের তথ্য যাচাই না করেই মামলা ও জরিমানা নির্ধারণ করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।


বিদ্যুৎ বিভাগের নথি, ভাড়ার চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




ভেড়া পালন করে স্বাবলম্বী হয়েছেন গৃহবধূ সুমি বেগম

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ পিএম

বন্যা ও নদীভাঙনে ফসলহানি, বসতভিটা হারানো আর জীবিকার অনিশ্চয়তা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের নিত্যদিনের বাস্তবতা। এমন প্রতিকূল পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চরবাসী। পশু পালন, সবজি চাষ ও জৈবসার তৈরির মতো উদ্যোগে বদলাচ্ছে তাদের জীবনমান। এতে পরিবারে বাড়ছে আয়, তৈরি হচ্ছে সঞ্চয়ের সুযোগ।


নদনদীবেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে সাড়ে চার শতাধিক চর। এসব চরের কৃষিনির্ভর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ।


সংস্থাটির ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের আওতায় ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় চলতি বছর কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলার ২৮টি চরের ৮৪০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। 


কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকায় মণ্ডলপাড়া গ্রামে সরেজমিন দেখা যায়, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীরা এসব উদ্যোগের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন।


গ্রামের বাসিন্দা ঝরনা বেগম জানান, প্রকল্প থেকে তিনি একটি ভেড়া পেয়েছিলেন তিনি। সেই ভেড়া থেকে চারটি বাচ্চা হয়েছে। বর্তমানে তাঁর পাঁচটি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। একই গ্রামের নূরজাহান বেগম বলেন, শাকসবজি উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে বসতবাড়িতে সবজি চাষ করছেন তিনি। এ বছর প্রায় ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কমেছে স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতা।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা চরাঞ্চলের পরিবারগুলোর জন্য ভেড়া ও ছাগলসহ পশু পালন, সবজি চাষ ও জৈবসার উৎপাদনের মতো উদ্যোগ শুধু আয়ের সুযোগই তৈরি করছে না, বরং খাদ্যনিরাপত্তা, সঞ্চয় ও বিকল্প জীবিকার পথও প্রসারিত করছে।


  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ পিএম

মাদারীপুর জেলার কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলেও।


জানা গেছে, রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


এ সময় বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আতঙ্কে সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'


উপাচার্য নিয়োগ নিয়ে চুয়েটে অচলাবস্থা, সড়ক অবরোধে জনদুর্ভোগ

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৫ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই মাস ধরে চলা প্রশাসনিক অচলাবস্থা এবার ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়েছে। দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে শুক্রবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে পশ্চিমে পাহাড়তলী চৌমুহনী বাজার থেকে পূর্বে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। গত দুই মাসে মানববন্ধন, গণস্বাক্ষর, স্মারকলিপি ও খোলা চিঠিসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবারই প্রথম ক্যাম্পাসের বাইরে সড়ক অবরোধ করলেন তাঁরা।


আন্দোলনরত নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তাঁদের আন্দোলন সরকারবিরোধী নয়; বরং উপাচার্য পরিবর্তনের দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তাঁরা। অধ্যাপক শেখ শরীফুল আলমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।


অন্যদিকে, সড়ক অবরোধের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। শুক্রবারের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দাবিতে রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিতে তাদের সমর্থন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সড়ক অবরোধের বিরোধিতা করেছে চুয়েট ছাত্রদলও। সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাশেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের কারণে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই সংকটের সমাধান হওয়া উচিত।


উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে অচলাবস্থার শুরু হয়। পরদিন থেকে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর আংশিক একাডেমিক কার্যক্রম চালু হলেও সংকট কাটেনি। সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা, গবেষণা ও ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।


  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী।


এ ছাড়া ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।




পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের এ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন সিনিয়র সচিব। এরপর চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন তিনি। পরে চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করেন কামরুজ্জামান চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বাজারের অবকাঠামোগত উন্নয়নে সেখানে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।


এ ছাড়া জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে পরিকল্পনা চলছে। এ ছাড়া সকলের সহযোগিতায় নতুন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন নির্মাণ হবে।  


এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন এবং চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে ছদ্মবেশে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের তামার তার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের সাগর উপকূলবর্তী ইউরো গ্যাস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোরকা পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে তারা। পরে কারখানার অফিসকক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে প্রায় দুই থেকে আড়াই টন তামার তার এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ইউরো গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক মো. তৌহিদ জানান, লুট হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চার থেকে পাঁচজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫১ পিএম

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। শিল্পাঞ্চলেও শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা আইনানুগ পন্থায় শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের চলমান যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চলছে, তাকে সর্বাত্মকভাবে রুখে দিতে হবে।’ গত ১৬-১৭ বছর আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসন চলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৬-১৭ বছর আমরা আলেমবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের শাসনে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম।

যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবন ধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী, গরিব ভাই-বোন ও আলেমদের হত্যা করা হয়েছে।’ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেই অপশক্তি বাংলাদেশে এখনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সীমান্তের ওপার থেকে- আপনারা জানেন।

তারা এমন অনাচার ও অগ্নিসন্ত্রাসের সৃষ্টি করছে, যার মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত ও বিপন্ন হতে পারে। কিন্তু আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব।’

গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন গার্মেন্টস এলাকায়, আমাদের শিল্পাঞ্চলে অহেতুক অস্থিরতা সৃষ্টি ও উসকানির মধ্য দিয়ে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করেছিল। আমরা তাদের জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি। সে জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। আপনারা জেনেছেন, গত দুই-এক দিন আগে সেই মজুরি ঘোষণা করা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করেছেন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিক ভাইদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা কারা? তারা ওরাই, যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা তাদের চিহ্নিত করেছি।’

থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের আমরা চিহ্নিত করেছি। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। এখানে তাদের যেসব নেতাকর্মী রয়েছে, তাদের ইন্ধন জোগানো হচ্ছে, উসকানো হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাদের পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি আমরা এ দেশে কখনো সফল হতে দেব না।’

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে, সেই প্রশ্নে আমরা সবাই এক থাকব। সারা বাংলাদেশের সব নাগরিক এক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, বিভিন্ন দলের বিভিন্ন রকম আদর্শ থাকবে, তর্ক-বিতর্ক হবে, সংসদে তর্ক-বিতর্ক হবে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, এ দেশের ঐক্য রক্ষার জন্য- ফ্যাসিবাদবিরোধী যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব।’