ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও অপহরণের শিকার একাধিক ভুক্তভোগীর মামলা না নেয়ার অভিযোগ উঠেছে। তদন্ত ছাড়াই এজাহার সম্পর্কে ওসির মনগড়া মন্তব্য অপরাধীদের উৎসাহিত করছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।
একাধিক অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বর্তমান ওসি নজমুল হক পীরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক মামলা না নেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার না করা, তুচ্ছ ঘটনায় মামলা গ্রহণ, মামলার তদন্তে গড়িমসি, অপরাধীদের সাথে সখ্যতাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। অথচ প্রকাশ্য দিবালোকে ঘটিত অসংখ্য ঘটনাকে তিনি আড়াল করে মামলা নিচ্ছেন না। ফলে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীরা হয়রানির শিকার হচ্ছেন। তার মনগড়া মন্তব্যেও মামলার বাদী-বিবাদী, আসামিরাও বেকায়দায় পড়ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত জুলাইয়ে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি এলাকায় এক ভাড়াটিয়া মহিলাকে তার বাসা মালিক কাজল মিয়া (৪৫) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। একই মাসে বড়দরগা ইউনিয়নেও পঞ্চাশোর্ধ এক প্রতিবন্ধী মহিলাকে ৫ জন মিলে গণধর্ষণ করে অভিযোগ পাওয়া যায়। মাদারগঞ্জ এলাকায় প্রবাসীর স্ত্রী নাসরিন বেগমকে ধর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় এজাহার দিলেও ওসি নজমুল হক মামলাগুলো নেননি বলে অভিযোগ উঠেছে।
মাদারগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের বিষয়টি মিঠিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে দফারফা করার জন্য ওসি পরামর্শ দেন। পরে চেয়ারম্যান ৭ লক্ষ টাকায় বিষয়টি নিষ্পত্তি করে দেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
গত মাসের ৮ সেপ্টেম্বর দুপুরে মিঠিপুর ইউনিয়নের কাশিমপুরের মোশাররফ হোসেন মালেককে জমিজমা সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে ছুরিকাঘাতে রক্তাক্ত করে। মুমূর্ষু অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মাথায় ২৬টি সেলাই দেয়া হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে তাকে ভর্তি করা হয়।
ওই ঘটনায় মালেক মিয়া থানায় এজাহার দিলে ওসি মামলা নেয়নি। উল্টো ভুক্তভোগী মালেক নিজেই ব্লেড দিয়ে মাথা কেটে সেলাইগুলো করে মামলার ঘটনা সাজিয়েছেন বলে মন্তব্য করেন ওসি নজমুল হক। একই কথা তিনি এই প্রতিবেদককেও বলেন।
উপজেলার পাটগ্রাম নয়াপাড়ায় যৌতুকের জন্য স্বামী রিপন মিয়া তার স্ত্রী আসমাউল হুসনা দিশাকে মারপিট করে ঘরে টানা ৪ দিন অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর ৩ আগষ্ট এসআই দেলওয়ার হোসেনের নেতৃত্বে ওই অবরুদ্ধাকে উদ্ধার করলেও ওসি সেই ঘটনায় ভুক্তভোগী মামলাটি নথি ভুক্ত করেনি।
গুর্জিপাড়ার চাপাবাড়ী গ্রামের বৃদ্ধ নুরুল ইসলামের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার মামলা নিয়েছেন ওসি। অথচ ধর্ষণের মামলা নিচ্ছে না। সম্প্রতি চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রকাশ্য দিবালোকে এক স্কুলশিক্ষককে অপহরণের পর মারপিট করে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষককে উদ্ধার করে। মারপিটের শিকার শিক্ষক এজাহার দিলেও মামলা নেয়নি। ফলে ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা চতরাহাটে জিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এরকম একাধিক ফৌজদারি অপরাধের ঘটনায় এজাহার ও অভিযোগ নিয়ে থানায় ঘুরলেও মামলা নেয়া হচ্ছে না, এমন দাবি করছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ওসির এমন নির্লিপ্ততার কারণে আইনশৃঙ্খলার চরম অবনতিও ঘটেছে। অপরাধীদের অনেকেই ওসিকে টাকা দিয়ে ম্যানেজ করে পারও পেয়ে যাচ্ছে। এতে করে একই ধরনের অপরাধ বারবার সংঘটিত হবার আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এসব অভিযোগের ব্যাপারে জানতে মুঠোফোনে কথা হলে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মামলা নেয়ার অভিযোগ ভিত্তিহীন। ভুক্তভোগীরা নিজেরাই আপোস-মীমাংসা করলে পুলিশ কি করবে। আবার কিছু ঘটনা আছে সাজানো, যেমন মোশাররফ নিজেই ব্লেড দিয়ে তার মাথা কেটে সেলাই করেছিল। এটা আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি।
ওসি আরও বলেন, এসব অভিযোগের ব্যাখ্যা জানতে চাইলে থানায় আসেন, আমি আপনাকে ব্যাখ্যা দিবো। অহেতুক মনগড়া অভিযোগ করলে হবে না।
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ঘটনায় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মহসিন কলেজে যান জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার এবং সদস্যসচিব আবদুর রহমান। তাঁরা কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার জন্য ক্যাম্পাসে গেলে কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন, হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার জন্য মহসিন কলেজ প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, ছাত্রশিবির সারাদেশে বেনামে ছাত্ররাজনীতির বিরোধিতার ভান করলেও নিজেরা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভিন্নমতের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের দ্বিচারিতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে একযোগে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কলেজ প্রশাসন কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে বেহাল সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলী বাজার বণিক কমিটির সেক্রেটারি জামসেদুল ইসলাম, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সেক্রেটারি মফিজুর রহমান দুলাল।
বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জনদুর্ভোগ লাঘব ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান।এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।
দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজবাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিও ফাঁস হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করে বলেন, ‘গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে হাগ (আলিঙ্গন) করার অনুরোধ করেছেন।’
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দ্বীপে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুত্বর আহত হয় বিজলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ী ভাবে বনে ফিরে যায়নি। গত ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিত। লোকালয়ে ঘুরে বেড়াত সে।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ছবি : সংগৃহীত
দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে আকাশ। মেঘ-বৃষ্টির বলয় কেটে আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসের প্রভাব বাড়ছে। শীত ও ঠান্ডা থেকে বাঁচতে গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার পরপরই ঘরমুখী হয়ে পড়ছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার একাধিক এলাকায় সন্ধ্যার আগেই কুয়াশা নেমে আসছে এবং সূর্যের আলোর তেজ কমে যাওয়ায় সাধারণ ও ছিন্নমূল মানুষের জীবনযাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা-ভ্যানচালক এবং খোলা আকাশের নিচে থাকা অসহায় ব্যক্তিরা। শীত নিবারণের জন্য মানুষ ভিড় করছেন শীতবস্ত্রের দোকানগুলোতে, ফলে সোয়েটার, জ্যাকেট ও কম্বলের বিক্রি বেড়েছে।
ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে এবং দুর্ঘটনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
সদর উপজেলার রিকশাচালক নজরুল ইসলাম বলেন, ‘এমন ঠান্ডা আর শীত রিকশা চালানো যায় না। হাত-পা অবশ হয়ে যাচ্ছে বাতাস আর ঠান্ডায়।’
একই উপজেলার স্কুলশিক্ষক ইয়াকুব হক জানান, কয়েক দিন ধরে দিন-রাত প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলে হাত-পায়ে ঠান্ডা লেগে মোটরসাইকেল চালাতে কষ্ট হয়, তাই তিনি এখন আর মোটরসাইকেল চালাচ্ছেন না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে এবং হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী মাসের শুরুতেই তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে জেলার চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হলে তা রাজপথে থেকে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।