সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান

  • প্রকাশ : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:২৩ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। দলটির কেন্দ্রীয় পাঞ্জাব শাখা দাবি করেছে, পুলিশ তাকে আটক করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে গেছে। একই সঙ্গে বিপুলসংখ্যক দলীয় কর্মীকেও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে পিটিআই।


পিটিআই কেন্দ্রীয় পাঞ্জাবের মুখপাত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মুশতাক আলিমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দলের ওপর চলমান দমন-পীড়নের অংশ হিসেবে নেতাকর্মীদের আটক করা হচ্ছে।


মুশতাকের দাবি, আলিমা খানকে গ্রেপ্তারের পর অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ভাষায়, সরকার গণ-অভ্যুত্থানের আশঙ্কা করছে।


পারিবারিক সূত্রের বরাত দিয়ে পিটিআই-সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত কাজে ক্যানাল রোডের বাসা থেকে জিমখানা ক্লাবের দিকে যাওয়ার সময় পুলিশ আলিমা খানের গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে, তাঁর চালক ও গাড়িটিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়।


পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জোহরের নামাজের পর দুপুর ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে আলিমা খান বাসা থেকে বের হন। পরে তাঁকে লিটন রোডের দিকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। 


এরপর তাঁকে এমপিও (এমপিও) আইনের আওতায় কোট লাখপত কারাগারে স্থানান্তরের কথা ছিল বলেও পারিবারিক সূত্র জানিয়েছে। তবে আলিমা খানকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের ঘোষিত ‘লং মার্চ’ সামনে রেখে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। ইমরান খানের মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি।


পিটিআই জানিয়েছে, খাইবার-পাখতুনখোয়া (কে-পি) থেকে একটি কেন্দ্রীয় কাফেলা নিয়ে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও দলীয় কাফেলা এতে যোগ দেওয়ার কথা রয়েছে।


পরিকল্পিত কর্মসূচি নিয়ে এরই মধ্যে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেছেন, এ ধরনের কোনো পদযাত্রাকে ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না।


আলিমা খানের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খানও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।


গোহর আলী খান দাবি করেন, পিটিআইয়ের পদযাত্রা শান্তিপূর্ণ ও রাজনৈতিক হবে এবং দল কোনো সংঘাত বা সহিংসতা চায় না। সাংবিধানিক ও রাজনৈতিক দাবির পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়াই দলের লক্ষ্য বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, আলিমা খানকে গ্রেপ্তার বা এমপিও আইনের আওতায় আটক রাখা হলে তা উত্তেজনা বাড়াবে। দ্রুত তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গোহর বলেন, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দল শিগগিরই পরবর্তী কর্মপন্থা ঘোষণা করবে।




পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ এএম

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির আইনপ্রণেতাদের সামনে দুর্ঘটনা নিয়ে দীর্ঘ শুনানিতে বক্তব্য দেওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।

অস্কার পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে এত বড় দুটি দুর্ঘটনার পর স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা সম্ভব নয়।

গত ২৮ অক্টোবর মাদ্রিদের দক্ষিণে একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ৬৯ জন। দুর্ঘটনার সূত্রপাত হয় মাদ্রিদ-সেভিয়া রেলপথে নিরাপত্তাব্যবস্থার সঙ্গে যুক্ত যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ার পর।

এ অবস্থায় মাদ্রিদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি দ্রুতগতির ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়। অথচ একই লাইনে বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত আরেকটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পরবর্তী সময়ে ট্রেন দুটির সংঘর্ষে এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। এ বছর মাদ্রিদ-সেভিয়া রেলপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রেলপথের আরও দক্ষিণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। দুর্ঘটনাটির তদন্ত এখনো চলছে।

পুয়েন্তে জানান, ভয়াবহ দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এত দিন বিষয়টি প্রকাশ্যে আনেননি।

পরপর দুটি বড় দুর্ঘটনায় স্পেনের রেল যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির পরিবহন খাতকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

বিশ্বে দ্রুতগতির রেল নেটওয়ার্কের দিক থেকে চীনের পরই স্পেনের অবস্থান। তিন দশকেরও বেশি সময় আগে চালু হওয়ার পর চলতি বছরের আগে দেশটির এই রেল নেটওয়ার্কে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেনি।

এদিকে মঙ্গলবার রেল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদারে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এর মধ্যে নিয়ন্ত্রণকক্ষের পরিবেশ ও কার্যক্রমের উন্নয়ন এবং ইউরোপীয় মানসম্মত রেল ট্রাফিক ব্যবস্থাপনা ও সিগন্যালিং প্রযুক্তি দ্রুত চালুর উদ্যোগ রয়েছে। 


ক্ষতিগ্রস্ত ভবনে চলছে উদ্ধারকাজ

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪১ এএম

উক্রেনের খারকিভ শহরের একটি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী।


সোমবার (২ অক্টেবর) রাতে চালানো এ হামলায় খারকিভের একটি নগর ক্লিনিক্যাল হাসপাতাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালটির হৃদ্‌রোগ বিভাগেও হামলার প্রভাব পড়েছে। ওই বিভাগে তখন রোগীদের চিকিৎসা চলছিল।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘রুশ বাহিনী সরাসরি একটি নগর ক্লিনিক্যাল হাসপাতালে আঘাত হেনেছে। এতে ৭৩ জন আহত হয়েছেন। হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন।’ খারকিভের মেয়র ইহোর তেরেখভও টেলিগ্রামে হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় হাসপাতালটির এক হাজারের বেশি জানালার কাচ ভেঙে গেছে।


এদিকে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের জ্বালানি অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। জেলেনস্কি এ হামলাকে ‘সমন্বিত ও ব্যাপক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন।


তিনি জানান, ওদেসা, চেরকাসি, জিতোমির, ভিনিতসিয়া, খারকিভ, দিনিপ্রো, চেরনিভৎসি, চেরনিহিভ ও রিভনে অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং সাবস্টেশনগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য।


জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, রাতভর ইউক্রেনের বিভিন্ন স্থানে ২৮৯টি আক্রমণকারী ড্রোন, ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।


এর এক দিন আগেই ইউক্রেনের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রুশ হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছিলেন।


নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুটি হেলিকপ্টার সংঘর্ষ

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৪ এএম

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের প্রস্তুতির সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নিউজিল্যান্ডের নাগরিক। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার রয়টার্সকে বলেন, এভারেস্ট বেস ক্যাম্প এলাকায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওতে অবতরণের মুহূর্তে হেলিকপ্টার দুটির পাখায় সংঘর্ষের পর সেগুলো বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়তে দেখা যায়।


হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেল এয়ার জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। এতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে ডাইনেস্টি এয়ারের হেলিকপ্টারটিতে শুধু মালামাল ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।


নেপালে এখন পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম। এ সময় পর্যটক, পর্বতারোহী ও উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকা, আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকায় সেখানে উড়োজাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ।


নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের আটটি অবস্থিত। প্রতিবছর হাজারো বিদেশি পর্বতারোহী ও পর্যটক দেশটিতে যান।


এর কয়েক দিন আগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথে উড্ডয়নের পরপরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ছয়জন নিহত হন।


যুক্তরাজ্যের পতাকা

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৬ এএম

যুক্তরাজ্যের ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (এইচপিআই) ভিসার যোগ্য বিশ্বের ৮২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এসব বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ ভিসায় যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পেতে পারেন।

যদিও এই তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো চলতি নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এইচপিআই ভিসার জন্য যোগ্য ধরা হবে। এইচপিআই ভিসার মাধ্যমে যুক্তরাজ্যের বাইরে যোগ্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশটিতে যাওয়া, কাজ বা চাকরি খোঁজার সুযোগ পান। আবেদনের আগে চাকরির প্রস্তাব কিংবা স্পনসরশিপের প্রয়োজন নেই।

তবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক মানেই ভিসা নিশ্চিত নয়। আবেদনকারীদের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় ইংরেজি ভাষায় দক্ষতা এবং আর্থিক সক্ষমতার শর্তও রয়েছে।


  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২২ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিতে পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলালেও তেহরানের প্রতি দেশটির নীতির মৌলিক পরিবর্তন হবে না।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রকাশিত খামেনির এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় মেরুকরণের পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির শত্রুতা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে পারবে না। 


খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়। তার দাবি, নিজেদের তৈরি করা এক কেলেঙ্কারির পর যুক্তরাষ্ট্রের পতন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশটির পতনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ইরানের নেতারা ট্রাম্প প্রশাসনের পরাজয়ের প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাদের বক্তব্য, এই নির্বাচনের ফল ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।তবে খামেনির বার্তায় স্পষ্ট করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে ইরানের প্রতি দেশটির নীতিতে পরিবর্তনের সংকেত হিসেবে দেখছে না তেহরান। অর্থাৎ, ট্রাম্প প্রশাসন নির্বাচনে রাজনৈতিক ধাক্কা খেলেও ইরানের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ কমবে, এমন প্রত্যাশা করছে না দেশটির নেতৃত্ব।


আবদুল আল-সাইদ

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল আল–সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাচ্ছেন তিনি।


আল–সাইদ তাঁর প্রতিদ্বন্দ্বী রজার্সকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।


মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।


প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা জোর দিয়ে প্রচার চালিয়েছিলন, আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে।


তবে এ প্রচারণায় কান দেননি মিশিগানের ভোটারেরা