জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে জ্বালানি শিল্পের তীব্র সমালোচনা করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ মঙ্গলবার তিনি বলেন, বিশ্বের বড় তেল কোম্পানিগুলো বায়ুমণ্ডলকে নর্দমার মতো ব্যবহার করছে।
গুতেরেস বলেন, ‘আমরা জানি, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্টরা নিজে থেকে সরে দাঁড়াবে না। কয়েক দশক ধরে বড় তেল কোম্পানিগুলো বায়ুমণ্ডলকে নর্দমা হিসেবে ব্যবহার করেছে। বিপরীতে তারা বিপুল অর্থও আয় করেছে।’
জাতিসংঘের বিদায়ী মহাসচিব আরও বলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা পাঁচটি বড় তেল কোম্পানি প্রায় ৫০০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। বিপরীতে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর খাপ খাইয়ে নেওয়ার তহবিলে সংগ্রহ হয়েছে মাত্র ৩৪ বিলিয়ন ডলার।
জীবাশ্ম জ্বালানি শিল্পে ক্ষমতার অপব্যবহারের সঙ্গে বড় তামাক কোম্পানির কর্মকাণ্ডেরও তুলনা করেন গুতেরেস। তিনি বলেন, যারা সবচেয়ে বেশি দূষণ ও মুনাফা অর্জন করছে তাদেরকেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে হবে।
কিছুদিন আগে পৃথিবীর উত্তর গোলার্ধ গ্রীষ্মকালে রেকর্ড তাপমাত্রার সাক্ষী হয়েছে। হিমবাহ ধসের কারণে সৃষ্ট বন্যায় নেপালে প্রাণ হারিয়েছে কয়েক’শ মানুষ। এমন সময়ে জাতিসংঘ মহাসচিব তেল কোম্পানিগুলোর দ্বারা বায়ুমণ্ডল দূষিত হওয়ার প্রসঙ্গ তুললেন।
গুতেরেস বলেন, ‘ঝুঁকি যেমন আছে, তেমন আশাও আছে।’
তিনি বিশ্বজুড়ে সৌর ও বায়ু শক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারণের কথা উল্লেখ করেন। বিশ্বের বেশিরভাগ অঞ্চলে বর্তমানে সবচেয়ে কম খরচে জ্বালানির উৎস হলো নবায়নযোগ্য জ্বালানি।
নির্বাচনের ফল প্রকাশের পর গ্রামগুলোকে শাস্তি দিতেই বাতিগুলো খুলে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। ছবি: সংগৃহীত
মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেফতার ঘিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত সন্দেহভাজন কার্টেল সদস্য ও চার সেনাসদস্যসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শনিবার (২১ নভেম্বর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে সিনালোয়া রাজ্যে কার্টেল নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেফতারে অভিযান চালানো হয়।
এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কার্টেল সদস্যদের গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয় এবং কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেসা ফ্লোরেসকে শুক্রবারই গ্রেফতার করা হয়। তবে, রাতভর সহিংসতার কারণে তাকে শহর থেকে সরিয়ে নিতে সময় লাগে। পরে, শনিবার তাকে প্লেনে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।এদিকে, একই অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন জার্মান এন, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত।
তিনি গোষ্ঠীটির কথিত দ্বিতীয় শীর্ষ নেতা। অন্যজন হোসে এন। তিনি কার্টেলটির অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন।
তিনজনকেই পরে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। সেখানে তাদের আইনজীবী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুয়াসাভে শহরে নিরাপত্তা বাহিনী ও কার্টেল সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে, সামরিক হেলিকপ্টার ও ড্রোন শহরের আকাশে উড়তে দেখা যায়।
হেলিকপ্টার থেকে বিভিন্ন স্থানে গুলি চালানো হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি বেসবল খেলার দর্শকেরাও গুলির শব্দে পালাতে থাকেন। এসময় শহরের বিভিন্ন স্থানে গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলে ওঠে।একজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের কারণে শনিবার ভোর চারটার আগে নিরাপত্তা বাহিনী মেসা ফ্লোরেসকে শহর থেকে সরিয়ে নিতে পারেনি। পরে, তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।
মেসা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা কার্টেলের নেতৃত্বে ছিলেন। পরে, তিনি নিজের নেতৃত্বে আলাদা একটি মাদক কারবারি চক্র গড়ে তোলেন।
মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জনের তালিকায় নাম রয়েছে তার।যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত মেসা ফ্লোরেসকে গ্রেফতারে সহায়তাকারী তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল দেশটি।
অভিযানের পর গুয়াসাভে শহরে আপাতত উত্তেজনা কমেছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কার্টেল নেতাদের গ্রেফতার বা হত্যার ঘটনায় ওই অঞ্চলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
কারণ, সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এলাকা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলছে।এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ওপর কার্টেল দমনে চাপ দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ পরিস্থিতিতে সম্প্রতি অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মেক্সিকো সরকার।অন্যদিকে, মেসা ফ্লোরেসকে গ্রেফতারের ঘটনায় মেক্সিকোর কর্তৃপক্ষের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ। একই সঙ্গে, মেক্সিকোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসনও এ অভিযানের প্রশংসা করেছেন।
সূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি
বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। তখন অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। তবে ইসলাম ও খ্রিষ্টান—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। ২০২০ থেকে ২০৭০ সাল—এ ৫০ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। এ সময়ে ২০২ কোটি থেকে বেড়ে তাঁদের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬৪ কোটিতে।
অন্যদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালে তাঁদের সংখ্যা ছিল ২২৭ কোটি। তাঁদের সংখ্যাগত এ বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
কোন ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে
বিশ্বের প্রধান ধর্মগুলোর অনুসারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে। অন্যদিকে, বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে। গবেষকেরা বলছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার বদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা জনসংখ্যাতাত্ত্বিক কারণের। অনেকে মনে করেন, ধর্ম বদলই এর মূল কারণ। বাস্তবে ধর্ম বদলেরও প্রভাব আছে, তবে বেশির ভাগ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে।
পিউ রিসার্চের এ গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে—জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।
গবেষণা বলছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের অবস্থায় ধরে রাখতে সেই জনগোষ্ঠীর নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন।
জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি ও খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।
কোন কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম থাকবেন
মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সেসব দেশে, যেখানে মুসলিমরাই বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাঁদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।
২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে তাঁদের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। তবে অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান শীর্ষস্থানটি দখল করতে পারে।
পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ২০২০ ও ২০৭০ সালের চিত্র তুলনা করা হয়েছে। তাই ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, তা বলা হয়নি। তবে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখ হতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় এ সংখ্যা বাড়বে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের অনেক আগেই দুই দেশের অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাসের তালিকায় ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে আসবে তৃতীয় স্থানে। দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এতে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।
২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা করে নেবে। বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। এ সময় সুদানে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি মুসলিমদের সংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে।
পিউ রিসার্চ সেন্টারের এ পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস।
পূর্বাভাস তৈরির ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হলেও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এ চিত্র বদলে যেতে পারে।
ছবি : সংগৃহীত
বাহরাইনের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, অভিযানে ওই দুই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস হয়েছে।
তবে বাহরাইন ভিন্ন কথা বলেছে। দেশটি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও বলেছে, বেসামরিক শিল্প স্থাপনায় হামলা হয়েছে। হামলায় ওই স্থাপনায় আগুন ধরে গেছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলা ছিল ‘ইরানের আগ্রাসনের’ অংশ। এতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান জানায়নি।
এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠে। তখন মন্ত্রণালয় বাসিন্দাদের কাছের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায়। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।
অন্যদিকে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে।
অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত আগ্রাসন এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব এ অভিযান। মূলত দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পরই এ অভিযান চালানো হয়েছে।
এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, আইআরজিসি বাহরাইনের শেখ ইসা আর জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে।
আইআরজিসি আরও জানায়, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন করার জবাব দেওয়ার পাশাপাশি হেঙ্গাম দ্বীপের রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে।
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর রয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বারবার আক্রমণের শিকার হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি এ নৌবহরে তিনটি ড্রোন হামলা হয়েছে।
যুদ্ধের শুরু থেকেই ইরানও প্রতিবেশী দেশগুলোয় একের পর এক হামলা চালিয়ে আসছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেসব দেশে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা।
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৩ লাখ ১৩ হাজার ৮০ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টে (সিএসএটি) নকলের প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, প্রতি ঘটনায় পুরস্কারের পরিমাণ সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না। কোনো ব্যক্তি একাধিক নকলের ঘটনা প্রকাশ করতে পারলে প্রতিটি অতিরিক্ত ঘটনায় আরও ১০ কোটি ওন করে পুরস্কার বাড়তে পারে।
তিনি আরও জানান, যারা নিজেরা পরীক্ষায় নকল করার কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যদের তথ্য দেবেন, তাদের নিজেদের অপরাধের জন্য শাস্তি কমানো হবে। তবে তারা পূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য থাকবেন।
লি জে মিয়ং বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল করা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসিডেন্টের ভাষায়, পরীক্ষায় নকলের মাধ্যমে কয়েক লাখ পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রম ও প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় পরীক্ষা। এ পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে।
সূত্র: আনাদোলু এজেন্সি