পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ফ্রান্সিস হালজেন
পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন (৮২)। তিনি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে মহাবিশ্বের দূরবর্তী স্থান থেকে পৃথিবীতে আসা উচ্চ শক্তির নিউট্রিনো আবিষ্কার করেছেন। এই নিউট্রিনো অনেকের কাছে ‘ভূতুড়ে কণা’ নামেও পরিচিত। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোমে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। হালজেনের জন্ম বেলজিয়ামে। তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
নিউট্রিনো হলো একটি মৌলিক উপ-পারমাণবিক কণা। এর কোনো বৈদ্যুতিক চার্জ নেই। ভর অত্যন্ত সামান্য, প্রায় শূন্যের কাছাকাছি। সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কণা চারপাশের সব জায়গাতেই আছে। কিন্তু সেগুলো দেখা যায় না। কোনো উপস্থিতি জানান না দিয়েই এগুলো পৃথিবী ও মানুষের শরীর ভেদ করে চলে যেতে পারে। একেবারে ব্যতিক্রম কিছু ক্ষেত্রে একটি নিউট্রিনো পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে মিথস্ক্রিয়া করে। ফলে উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করা সম্ভব হয়।
হালজেন বুঝতে পেরেছিলেন, দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনোর গতিবিধি শনাক্ত করা সম্ভব। পরে তিনি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি বা মানমন্দির হলো এক ঘন কিলোমিটার আয়তনের বরফে স্থাপিত একটি পর্যবেক্ষণ ব্যবস্থা। সেখানে আলো শনাক্ত করার সেন্সর আছে। এটি ব্যবহার করে গবেষকেরা মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলের অত্যন্ত উচ্চশক্তির প্রক্রিয়া থেকে আসা নিউট্রিনো শনাক্ত করতে পারেন।
বিজ্ঞানীরা অনেকদিন ধরেই মহাবিশ্বে প্রাকৃতিক কণা ত্বরক থাকার বিষয়ে ধারণা করছিলেন। এসব ত্বরকগুলো মানুষ নির্মিত যেকোনো কণা ত্বরকের চেয়ে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। কিন্তু ত্বরকগুলোর উৎস এখনো রহস্যময়। এগুলো কী, কোথায় আছে এবং এর ভেতরে প্রধানত কী ধরনের প্রক্রিয়া ঘটে- এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।
দক্ষিণ মেরু অঞ্চলে এই কণাকে শনাক্ত করার জন্য ফ্রান্সিস হালজেন ১৯৮৮ সালে একটি রূপকল্প তুলে ধরেন। সেটি অনুযায়ী, যখন একটি নিউট্রিনো কোনো পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খায়, তখন একটি আলোর ঝলকানি তৈরি হয়।
হিমবাহের স্বচ্ছ বরফে থাকা সেন্সরের মাধ্যমে সেই আলোর ঝলকানি শনাক্ত করা যায়। বরফের সুবিধাজনক কিছু বৈশিষ্ট্য থাকার কারণে দক্ষিণ মেরু অঞ্চলকে গবেষণার ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়। এখানকার বরফগুলো অন্য কিছুর উপস্থিতিতে প্রভাবিত হয় না বললেই চলে। এলাকাটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল হওয়ায় ভূমিকম্পও হয় না।
হালজেন তাঁর রূপকল্প প্রকাশের পরপরই তা দ্রুত অন্য গবেষকদের মধ্যে সাড়া ফেলে। কয়েক বছর পরই বরফের মধ্যে সেন্সর বসিয়ে প্রাথমিক পরীক্ষা চালানো হয়। নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশক্তির মহাজাগতিক নিউট্রিনো খুবই বিরল। তাই পর্যাপ্ত সংখ্যক সংঘর্ষ পর্যবেক্ষণের জন্য বিপুল পরিমাণ বরফ প্রয়োজন। এজন্য দক্ষিণ মেরুতে এক ঘন কিলোমিটার এলাকাজুড়ে ‘আইসকিউব’ মানমন্দির তৈরি করা হয়।
মানমন্দিরটির নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে। এরপর গবেষকরা অল্প সময়ের মধ্যে প্রথম উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার করেন। কয়েক বছর পর তারা সৌরজগতের অনেক বাইরে থেকে আসা নিউট্রিনো আবিষ্কারের তথ্যও প্রকাশ করেন। এর মাধ্যমে মহাবিশ্বে নিউট্রিনোর উৎস সন্ধানের কাজ পুরোদমে শুরু হয়।
পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির প্রধান মার্ক পিয়ার্স বলেন, ফ্রান্সিস হালজেন গবেষক ও প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দলে নেতৃত্ব দিয়েছেন। তারা একটি চমৎকার যন্ত্র উপহার দিয়েছেন। এটি নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ প্রশস্ত করেছে। দক্ষিণ মেরুর আইসকিউবের মাধ্যমে ক্রমাগত নিউট্রিনোর মিথস্ক্রিয়ার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে গবেষকরা মহাকাশের অজানা অনেক রহস্য উন্মোচন করতে পারবেন।
ছবি: সংগৃহীত
ড্যানিয়েল ইয়াবলনকা।
মিস ইউনিভার্সের মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন প্রতিযোগীরা। পাশাপাশি পোশাকের মাধ্যমে দিয়েছেন নানা বার্তাও। এবারের আসরে ইসরায়েলের প্রতিনিধিত্ব করছেন ড্যানিয়েল ইয়াবলনকা। নিজের অঞ্চল ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পোশাকের মাধ্যমে শান্তির বার্তাও দিয়েছেন তিনি।
মঞ্চে ‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরেন ইয়াবলনকা। তবে পোশাকটির সবচেয়ে আলোচিত দিক ছিল এর গায়ে লেখা একটি শব্দ ‘পিস’, অর্থাৎ ‘শান্তি’। ইংরেজি, হিব্রু ও আরবি- তিন ভাষায় লেখা ছিল শব্দটি।
সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে ইয়াবলনকার মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকটির সঙ্গে যুক্ত ছিল দুই পাশে ছড়িয়ে থাকা বিশাল একটি কেপ বা চাদর। এতে ফুটিয়ে তোলা হয়েছে জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে এসব উপাদান পোশাকে তুলে ধরেছেন ইয়াবলনকা।
পোশাকের মাধ্যমে শান্তির বার্তা দেওয়ার বিষয়ে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াবলনকা বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’
তবে তার এই শান্তির বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পোশাকের কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেন।
অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকেই এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামীকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে জন্য তাকে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু কিম সেটি উপেক্ষা করেছেন। শুধু তা-ই নয়, দেশের জন্য পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করছেন তিনি।
গত বছর ট্রাম্প একাধিকবার যোগাযোগের উদ্যোগ নিলেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এমনকি চিঠি পাঠিয়েও কিমের মনোযোগ আকর্ষণ করতে পারেননি তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ট্রাম্প। কোনো জবাব না পেয়ে পরে তাকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছানোর পরিকল্পনা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, একদল মার্কিন কর্মকর্তা ওই কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন। উত্তর কোরিয়ার এক কূটনীতিক সেখান দিয়ে যাওয়ার সময় তারা দ্রুত তার হাতে চিঠিটি তুলে দেন। কিন্তু পরে জাতিসংঘের এক বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই একজন মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। সেসব আলোচনার মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। তবে এখন কিমের তেমন কোনো আগ্রহ নেই বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আগ্রহও তার মধ্যে দেখা যাচ্ছে না।
সম্প্রতি এশিয়া সফরের সময়ও কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কিম এমন কিছু শর্ত দিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তখন দেশটির হাতে আনুমানিক ২০ থেকে ৩০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। বর্তমানে তা প্রায় ৬০টিতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে দেশটি। এসব ক্ষেপণাস্ত্র আগে থেকেই জ্বালানিভর্তি রাখা যায় এবং চলন্ত যান থেকে উৎক্ষেপণ সম্ভব। ফলে উৎক্ষেপণের আগে এগুলো শনাক্ত করা কঠিন।
গত ফেব্রুয়ারিতে এক ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মেনে নিলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক সম্ভব। অন্যথায় চিরস্থায়ী সংঘাতের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। একই বছর মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, উত্তর কোরিয়া রাশিয়াকে রকেট ও কামানের গোলা সরবরাহ করছে।
এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও বিপুল অর্থ আয় করছে উত্তর কোরিয়া বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় বিন্যান্স এক্সচেঞ্জ থেকে ৬০০ কোটি ডলারের বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে দেশটির বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জানুয়ারি কিম ঘোষণা দিয়েছিলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘এমনটা কখনোই হবে না।’ পরে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি জানিয়ে বলেছিলেন, সহজ কোনো চুক্তি করে বিজয় ঘোষণা করতে চান না; বরং দেশটির পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্ত করতে চান।
সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার একটি ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। ঘটনাস্থল থেকে পুলিশ ২৪টি মৃতদেহ বহনকারী ব্যাগ সরিয়ে নিয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরের পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। আগুনে কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে।
নিখোঁজ কর্মীদের সন্ধানে সোমবার সকাল থেকে আবার কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। রোববার রাতে অনুসন্ধান কাজ বন্ধ রাখা হয়েছিল।
রয়টার্স জানিয়েছে, এই কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
কারখানাটির সিইও স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবার আগুন যখন লাগে তখনকার পালায় প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।
একই সংবাদ সম্মেলনে, পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকৃত মরদেহগুলো খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এর ফলে নিখোঁজ শ্রমিকদের স্বজন এবং তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, একটি তিনতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ৬৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন, আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে আর বাকি আটজনের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, একটি মৃতদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির শরীরের অংশ থাকতে পারে। তাই এ অগ্নিকাণ্ডে ঠিক কতোজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির অংশগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
ইউনাইটেড ফ্যামিলি ফুড পুরো ইন্দোনেশিয়াজুড়ে ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০০ কর্মী কাজ করেন। কোম্পানিটি তাদের জাতীয় সদর দপ্তর এবং চারটি আন্তর্জাতিক কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। বিশ্বজুড়ে তাদের ২৫ কোটিরও বেশি ভোক্তার একটি বিশাল বাজার রয়েছে।
ছবি : সংগৃহীত
লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে নোঙ্গর করা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিবিসি লিখেছে, রোববার ভোরে রাশিয়া ফেরার পথে জ্বালানি ও রসদ নেওয়ার সময় জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ড্রোন হামলায় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সরকারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে সন্দেহ করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। মস্কো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ভোরে হামলার শিকার জাহাজটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে, ভোর ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে জাহাজটিতে আগুন জ্বলছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টর উচ্চ রেজল্যুশনের কিছু ছবি সংগ্রহ করেছে। সংস্থাটির ভাষ্য, ছবিগুলোতে দেখা গেছে—রুশ নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ মেরকুরি শনিবার বন্দরে নোঙর করা ছিল।
রোববারের ছবিতে দেখা যায়, ওই জাহাজটির অধিকাংশ অংশ উল্টে ডুবে গেছে। কেবল জাহাজের সামনের দিকের কিছু অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল।
লিবিয়ার বেনগাজি থেকে মস্কোর দূরত্ব ২ হাজার কিলোমিটারেরও বেশি। এত দূরে এমন হামলার পেছনে কারা রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
তবে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্কর্ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) লিবিয়া বিষয়ক বিশেষজ্ঞ জালেল হারচাউইয়ের মতে, এ বিষয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই।
“এ ধরনের অভিযান পরিচালনা করার মতো সাহসী পক্ষ ইউক্রেইন ছাড়া আর কেউ নয়। অর্থবাজি ধরতে হলেও আমি বলবো এটা ইউক্রেইনেরই কাজ।”
বিবিসি লিখেছে, হামলায় ইউক্রেইনের সংশ্লিষ্টতা নিশ্চিত হলে এটিই হবে এতো দূরে তাদের প্রথম হামলার ঘটন।
এদিকে রুশ জাহাজটির নাম বা পরিচয় উল্লেখ না করে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার হিসেবে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) বলেছে, রোববারের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সন্দেহভাজন হামলার উৎস এবং এর জন্য কারা দায়ী, তা নির্ধারণ করতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানায় জিএনএস।
লিবিয়ার কোনো বন্দরের ভেতরে অবস্থানরত জাহাজে হামলার নিন্দা জানিয়ে জিএনএস কর্তৃপক্ষ বলেছে, “এ ধরনের হামলা সামুদ্রিক নিরাপত্তার লঙ্ঘন এবং লিবিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত।”
জিএনএস কর্তৃপক্ষের ভাষ্য, লিবিয়া রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ কিংবা নিজেদের সীমান্তের বাইরের অন্য কোনো সংঘাতের পক্ষ নয়।
এদিকে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর উদ্বেগ তৈরি করছে।
জিএনইউর ভাষ্য, বিদেশি সংঘাতসংশ্লিষ্ট কর্মকাণ্ডে বন্দর ও বেসামরিক স্থাপনা জড়িয়ে ফেললে লিবিয়ার নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
২০১১ সালে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে চলছে লিবিয়া।
নির্বাচনের ফল প্রকাশের পর গ্রামগুলোকে শাস্তি দিতেই বাতিগুলো খুলে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। ছবি: সংগৃহীত