ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:৩১ পিএম

হুথি হামলার ঘটনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।


হুথি হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ এএম

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।


উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।


এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। পরে সেটিতে বিস্ফোরণ ঘটে।


মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।


সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে থাকা যানবাহনগুলো আগুনে পুড়ে যাচ্ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।


স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যাকে প্রাথমিক হিসাব হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১১ এএম

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভারী বৃষ্টির পানিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


রাজধানী জাকার্তার দক্ষিণে বোগর অঞ্চলের ওই খনিতে সোমবার (২৩ নভেম্বর) মোট ২৬ জন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ভারী বৃষ্টির পানি খনির সুড়ঙ্গে ঢুকে পড়লে তারা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে আটকা পড়েন।


পশ্চিম জাভার পুলিশপ্রধান হেংকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল না হলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।


ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকর্মীরা খনির দুটি সুড়ঙ্গে অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছেন। সেখানে পৌঁছাতে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনির ১০০ মিটার গভীরতা উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।


ইন্দোনেশিয়ায় প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদ থাকায় এসব এলাকায় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও নজরদারি কঠিন। ফলে দেশটিতে ছোট পরিসরের ও অবৈধ খনিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে।


স্থানীয় সংবাদমাধ্যম ডেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে একই এলাকার একটি অবৈধ স্বর্ণের খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।


এদিকে ওই অঞ্চলে স্বর্ণখনি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান আন্তাম (এএনটিএম.জেকে) জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। এটি তাদের পরিচালনাধীন কোনো কার্যক্রমের অংশ নয়।


সূত্র: রয়টার্স


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৬ পিএম

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে স্পষ্ট করেছে ভারত।


বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার কথিত পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের এই অবস্থান তুলে ধরেন।


ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে কোনো নাগরিকের ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা এবং প্রত্যর্পণ অনুরোধ—এ দুটি ভিন্ন বিষয়। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তাঁর এবং বাংলাদেশ সরকারের মধ্যকার ব্যাপার বলেও মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।


এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা।


তাঁর ভাষ্যমতে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্রের (ট্রাভেল ডকুমেন্ট) জন্য আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন শেখ হাসিনা; পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।এদিকে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতোই প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


প্রসঙ্গত, ২০২৪ সালের বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে ঢাকা, যা বর্তমানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম টানাপোড়েনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, চাইলে যে কোনো সময় এ যুদ্ধের অবসান ঘটাতে পারেন।


স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।


সাক্ষাৎকারে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সমালোচনা করেন তিনি। ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয় পরাজয়ে রূপ নিতে পারে।


তিনি বলেন, ‘তারা একটি নিশ্চিত বিজয়কে সম্পূর্ণ পরাজয়ে পরিণত করবে।’ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির নেতৃত্বও নির্মূল করা হয়েছে বলে দাবি করেন তিনি।


জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে সামরিক অভিযান পরিচালনায় তার ক্ষমতা সীমিত হয়ে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ততদিন পর্যন্ত অভিযান চালানোর জন্য তার প্রশাসনের পর্যাপ্ত অর্থায়ন রয়েছে।


তিনি বলেন, ‘জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের অর্থায়ন রয়েছে।’


সূত্র: আনাদোলু এজেন্সি


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।


কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।


কর্মকর্তারা জানান, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ।


কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে তাদের মরদেহ খুঁজে পান।কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এ ঘটনায় তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


সূত্র: সিবিএস নিউজ


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৭ পিএম

পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ডায়েরিতে তিনি দাবি করেছেন, জীবনে তিনবার শয়তানকে দেখেছেন।এমনকি ‘নরকের প্রবেশদ্বার’ দেখার কথাও উল্লেখ করেছেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ের ২০২১ সালের একটি লেখায় এসব তথ্য উঠে এসেছে। সেখানে ফ্রান্সিস জানান, প্রথমবার গাড়িতে থাকা অবস্থায়, দ্বিতীয়বার গির্জায় প্রার্থনার সময় গায়কদলের বসার জায়গায় এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি শয়তানকে দেখেছিলেন।


একটি ঘটনার স্মৃতিচারণ করে ফ্রান্সিস লিখেছেন, ‘তার কণ্ঠস্বরের সেই তীব্র কর্কশ আওয়াজ আমি কিছুতেই ভুলতে পারি না।’ ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা তুলে ধরেছেন তিনি। ওই সফরে ফ্রান্সিস এমন একজন বিশপকে সমর্থন জানিয়েছিলেন, যার বিরুদ্ধে এক যাজকের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ছিল। এ ঘটনায় তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।


২০২৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা ১২ বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়া পোপ ফ্রান্সিস পরবর্তী সময়ে এ ঘটনার জন্য ক্ষমা চান।তিনি চিলির বিশপদের রোমে তলব করেন। সেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দেন। ২০২১ সালের ডায়েরির একটি লেখায় ফ্রান্সিস উল্লেখ করেন, ‘চিলির পরিস্থিতির কারণে আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম।’


তিনি আরো লেখেন, ‘চিলিতে যা ঘটেছিল, তা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি ভাবতেও পারিনি, বিষয়টি এতটা গুরুতর।’ শয়তানকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফ্রান্সিস বলেন, শয়তানের সেই ‘ভীতিকর’ চোখের কথা তিনি কখনোই ভুলতে পারবেন না।


বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালে একটি কারমেলাইট চ্যাপেলে শয়তানকে দ্বিতীয়বার দেখার অভিজ্ঞতার কথা ডায়েরিতে তুলে ধরেছেন ফ্রান্সিস। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল, আগেরবারের চেয়েও তীব্র দৃষ্টিতে। তার চোখ দুটি যেন আগুনের শিখার মতো জ্বলছিল।’


ফ্রান্সিসের দাবি, বিভিন্ন সময়ে তার যাত্রাপথে শয়তানের উপস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে চিলি সফরের সময়ও এমন অভিজ্ঞতা হয়েছিল। সে সময় দেশটিতে যাজকদের যৌন নির্যাতনের ঘটনা নিয়ে ব্যাপক কেলেঙ্কারি চলছিল। এ ছাড়া রোমে ফিরে আসার কয়েক দিন পর একটি বৈঠকের সময়ও তিনি শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেন।


এ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি তাকে দেখেছিলাম এবং তার কণ্ঠস্বর শুনেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল, সে যেন বিজয়ী এবং সবকিছু তার নিয়ন্ত্রণে।’ তবে ফ্রান্সিস আরো লিখেছেন, ‘প্রভু আমাকে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।’


প্রয়াত পোপ ফ্রান্সিস আরও জানিয়েছেন, ২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেন। তিনি লিখেছেন, ‘আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ছিলাম। দৃশ্যটি আমাকে ভীষণ আতঙ্কিত করেছিল।’ এ সময় আত্মরক্ষার জন্য তিনি ‘অস্ত্র’ হিসেবে জপমালা বা রোজারি হাতে তুলে নিয়েছিলেন বলেও জানান।


ডায়েরিতে তিনি আরো লেখেন, ‘নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ, সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।’ ভ্যাটিকানের ধর্মবিশ্বাসবিষয়ক দপ্তর ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’-এর প্রধান এবং পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের লেখা ব্যক্তিগত ডায়েরি জনসাধারণের জন্য প্রকাশ করা হলো।