ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩২ পিএম

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডারব্যবস্থায় ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ঘটনার পর আজ রোববার সম্ভাব্য হামলার বিষয়ে গত সেপ্টেম্বরের পর প্রথম সতর্কতা জারি করেছে বাহরাইন।


ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে আইআরজিসির এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে তাদের অ্যারোস্পেস ফোর্স এই হামলা চালিয়েছে।


ইরানের ফারস নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘বৈরী কর্মকাণ্ডের’ জবাবেই এ পদক্ষেপ নিয়েছে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।


উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এই পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে সতর্কতা জারির সুনির্দিষ্ট কারণ বা হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।


এর আগে, গত শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারে হামলার দাবি করেছিল আইআরজিসি। যদিও মার্কিন সামরিক বাহিনী সে দাবি নাকচ করে জানিয়েছিল, তারা ইরানের দুটি ড্রোন প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। কূটনৈতিক প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হলেও ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে ওয়াশিংটন ও তেহরান আপাতত সরাসরি হামলা বন্ধ রেখেছে।


ওই হামলার পর সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছিল ইরান।


এরই মধ্যে শনিবার রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, তেহরান বা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের পক্ষ থেকে নতুন করে কোনো উসকানি না এলে ইরানে হামলা আপাতত স্থগিত রাখতে পারেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


অন্যদিকে, আঞ্চলিক সংঘাতের আরেক ফ্রন্টে হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলা থামছে না। রোববার জোট জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদের দিকে ছোড়া হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে তিনটি ড্রোন প্রতিহত করেছে তারা।




পবিত্র মদিনা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৫ পিএম

সৌদি আরবের পবিত্র মদিনার দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে।

রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরা। এর আগে পবিত্র মক্কার দিকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ড্রোন দুটি ধ্বংসের কথা জানান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত কয়েক দিনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনা বেড়েছে সৌদি আরবে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন এলাকা।


চীনের তৈরি বৈদ্যুতিক বিমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৫ পিএম

পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে।


চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।


চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবারের (১৪ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।


কোমাক জানিয়েছে, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।


প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। প্রত্যাশা অনুযায়ীই এর উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।


এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। এরপর মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।


কোমাকের পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।


এদিকে বিমানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের পথেও অগ্রগতি হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহণে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক।


গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন ১০ টন।


বিমানটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলতে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি


সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন। 


যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটিকে ধ্বংস করতে চাইলে মাত্র তিন দিনই যথেষ্ট। এর মধ্যে প্রথম দিনেই দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব।


ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’ সৌদি আরবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দিই। কারণ, দেশটি ভেঙে পড়ছে।’


ট্রাম্প আরও বলেন, ‘কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দিকে তাকালে দেখা যাবে, তাদের প্রত্যেকেই আরও কিছুদিন অপেক্ষা করতে চায়।’ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব এবং বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল সৌদি আরব।


গত মার্চে ইরান যুদ্ধ চলাকালে সৌদি যুবরাজকে নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (মোহাম্মদ বিন সালমান) ভাবেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে। তিনি ভাবেননি যে তাকে আমার কাছে তোষামোদ করতে হবে। তিনি ভেবেছিলেন, অন্য একজন ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টের মতো আমিও চলে যাব। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।’ 

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০১ পিএম
  • আপডেট : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০১ পিএম


সোনম ওয়াংচুক গৃহবন্দি, লাদাখে উত্তেজনা

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০১ পিএম

ভারতের লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ সময়ে তিনি কোনো মিছিল, সমাবেশ কিংবা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। 


রোববার লেহের অতিরিক্ত জেলাশাসকের দপ্তর থেকে এ নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধিতা করছে। রোববার এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো। তাকে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন। এ নির্দেশনাটি রোববার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০ দিন অব্যাহত থাকবে।


ওয়াংচুক এবং অন্যান্য অধিকারকর্মীরা বলেছেন, ৪ ডিসেম্বর কাউন্সিল নির্বাচনের সময় প্রচুর শীত থাকবে এবং মানুষ অন্যত্র যাওয়ায় ভোটে এর প্রভাব পড়বে। ওয়াংচুক নিজে তার গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।


 ওয়াংচুক বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪২ পিএম

মহাকাশ ভ্রমণে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির এক দশকের প্রচেষ্টায় ঐতিহাসিক এক মাইলফলক অর্জন করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ২২ ঘণ্টার কক্ষপথ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসা বিশালাকার ‘স্টারশিপ’ মহাকাশযানটিকে প্রথমবারের মতো লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যেই লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।


যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেজ’ উৎক্ষেপণ কেন্দ্রের আকাশে ঘন মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে ১৭১ ফুট (৫২ মিটার) উচ্চতার স্টারশিপ মহাকাশযান। 


বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিচে নামার সময় এটি পুনরায় ইঞ্জিন চালু করে নিজেকে উল্লম্ব অবস্থানে নিয়ে আসে এবং ইঞ্জিনের গর্জনের মধ্য দিয়ে ধীরে ধীরে লঞ্চ টাওয়ারের ‘মেকাজিলা’ নামক যান্ত্রিক বাহুর ভেতরে নেমে আসে।


দুটি বিশাল ধোঁয়ার কুণ্ডলীর মাঝখান দিয়ে স্পেসএক্স-এর স্টারশিপ রকেটটি তার লঞ্চ টাওয়ার থেকে উৎক্ষেপিত হচ্ছে।


মহাকাশ থেকে বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপে মহাকাশযানটির বাইরের অংশ কিছুটা পুড়ে কালচে হয়ে গেলেও, এটি সফলভাবে ইঞ্জিন বন্ধ করে মাটি থেকে কয়েকশ ফুট ওপরে যান্ত্রিক বাহুতে ঝুলে থাকে। স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুয়ট এই সাফল্যকে ‘মহাকাশ যাত্রার কাঙ্ক্ষিত সাফল্য’ বা ‘হোলি গ্রেইল’ হিসেবে অভিহিত করেছেন।


এর আগে গত শুক্রবার টেক্সাসের স্টারবেস থেকে রকেটটির নিচের অংশ ‘সুপার হেভি বুস্টার’-এর সাহায্যে স্টারশিপকে মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বুস্টারটি লঞ্চ প্যাডে ফিরে আসতে ব্যর্থ হওয়ায় এই অভিযানে রকেটের দুটি অংশই উদ্ধার করার পরিকল্পনা সফল হয়নি।


তবে স্টারশিপের ওপরের অংশটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে সাড়ে ২২ ঘণ্টা কক্ষপথে অবস্থান করে। শুক্রবার রাতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬১ মাইল (২৬০ কিলোমিটার) উচ্চতায় অবস্থানকালে এটি ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে।


গতকাল শনিবার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পূর্ব দিকে ওড়ার সময় স্টারশিপ একটি ইঞ্জিন চালু করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রক্রিয়া শুরু করে। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে ছুটে চলা মহাকাশযানটি বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপ সহ্য করে দক্ষিণ টেক্সাসের আকাশে সুপারসনিক গতিতে নিচে নামতে থাকে। 


এরপর এর ডানাগুলো ভাঁজ হয়ে যায় এবং ওপরের অংশের দুটি ছোট হুক লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে আটকে যায়।


সফলভাবে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক এবং স্পেসএক্সের প্রকৌশলীরা মহাকাশযানটি পরিদর্শন শুরু করেন। লঞ্চ টাওয়ারের ছবি ও ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘শিপ ৪২-কে দারুণ দেখাচ্ছে!’


এটি হলো রকেটের বুস্টার অংশ, যা লঞ্চ টাওয়ারের ‘চপস্টিক আর্মস’ দ্বারা ধরার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সমুদ্রে পতিত হচ্ছে।


বর্তমানে বৈশ্বিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে স্পেসএক্সের আধিপত্য মূলত তাদের ‘ফ্যালকন ৯’ রকেটের ওপর নির্ভরশীল। এই রকেট ২০১০ সাল থেকে ৭০০ বারেরও বেশি উৎক্ষেপণ করা হয়েছে। ফ্যালকন ৯-এর প্রথম ধাপের অংশটি পুনর্ব্যবহারযোগ্য হলেও, কক্ষপথে স্যাটেলাইট পৌঁছে দেওয়া দ্বিতীয় ধাপের অংশটি প্রতিবার সমুদ্রে ফেলে দেওয়া হয়।


কিন্তু ইলন মাস্ক স্টারশিপকে এমনভাবে তৈরি করতে চান, যা বাণিজ্যিক উড়োজাহাজের মতো সামান্য মেরামতের মাধ্যমেই বারবার মহাকাশে যাতায়াত করতে পারবে। 


স্টারলিংক স্যাটেলাইট ব্যবসা সম্প্রসারণ, কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন, চাঁদে মানুষ পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্নের মূল ভিত্তি হলো এই স্টারশিপ।


শনিবারের এই সাফল্য বড় অর্জন হলেও সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থা গড়ে তুলতে স্পেসএক্সের সামনে এখনো বেশ কিছু প্রকৌশলগত চ্যালেঞ্জ রয়েছে, যেমন:


উভয় অংশ একসঙ্গে উদ্ধার: স্পেসএক্স এখনো একই অভিযানে বুস্টার এবং স্টারশিপ—উভয় অংশকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি।


তাপ প্রতিরোধক টাইলস: বায়ুমণ্ডলে প্রবেশের প্রচণ্ড তাপ থেকে মহাকাশযানকে রক্ষা করতে স্টারশিপের গায়ে শত শত কালো ষড়ভুজাকার টাইলস বসানো রয়েছে। এই হিট শিল্ড বা তাপ প্রতিরোধক আবরণ এখনো পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য নয়। 


ছবিটির উপরের দুই-তৃতীয়াংশ জুড়ে রয়েছে ঘন কালো আকাশ। সামনের দিকে এবং সামান্য ডানদিকে একটি বড়, খাড়া, সাদা রকেট রয়েছে, যা একটি ধূসর ঢেউখেলানো পৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছে। দূরে অন্ধকার, কালো আকাশে একটি নীল গ্রহ দেখা যাচ্ছে, যা চাঁদের ধূসর, বৈশিষ্ট্যহীন পৃষ্ঠের দিগন্তের ঠিক উপরে অবস্থান করছে। চুরুট আকৃতির রকেটটির উপরের দিকে আলোর একটি অনুভূমিক সারি রয়েছে।


স্পেসএক্স এমন নতুন টাইলস তৈরির চেষ্টা করছে, যা প্রতিটি অভিযানের পর খুব সামান্য মেরামত বা কোনো মেরামত ছাড়াই আবার ব্যবহার করা যাবে।


কক্ষপথে জ্বালানি স্থানান্তর: নাসার ‘আর্টেমিস’ কর্মসূচির আওতায় চাঁদে মানুষ পাঠানোর জন্য স্পেসএক্স ৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি পেয়েছে, যার মধ্যে নাসা ইতিমধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার দিয়েছে। 


স্টারশিপ তৈরিতে স্পেসএক্স নিজেও ১৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। নাসার প্রত্যাশা অনুযায়ী ২০২৮ সালে চাঁদে নভোচারী পাঠাতে হলে স্টারশিপকে কক্ষপথেই একটি ট্যাংকার রকেট থেকে অন্য রকেটে জটিল জ্বালানি স্থানান্তরের সক্ষমতা প্রমাণ করতে হবে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৮ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকারি দপ্তরগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দিয়েছেন দিল্লি সরকারের দুই মন্ত্রী। পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং  শুক্রবার (১৩ নভেম্বর) তাদের অধীনস্থ দপ্তরগুলোর জন্য এই নির্দেশনা জারি করেন।


মন্ত্রী মনজিন্দর সিং সিরসা পরিবেশ ছাড়াও খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, পঙ্কজ সিং পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব পালন করছেন।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তায় যানবাহনের চাপ কমিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ৪০৩-এ পৌঁছে যায়, যা ‘মারাত্মক’ পর্যায় হিসেবে বিবেচিত। তবে বিকেল ৪টার দিকে পরিস্থিতির সামান্য উন্নতি হয়ে সূচক ৩৭৩-এ নেমে আসে, যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত।


তবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন, মন্ত্রীদের এই বাড়ি থেকে কাজ করার নির্দেশনা কেবল সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্যই প্রযোজ্য হবে। জরুরি সেবার কথা বিবেচনায় রেখে হাসপাতালের কর্মীদের এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।