মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • প্রকাশ : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৫০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ পরিস্থিতি রিপাবলিকানদের জন্য উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।


সোমবার (১৯ অক্টোবর) রয়টার্স/ইপসোস জরিপে এমন তথ্য উঠে এসেছে। চার দিনব্যাপী চালানো এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থন দুই সপ্তাহ আগের তুলনায় ১ শতাংশ কমেছে। তার দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় এই সমর্থন সর্বনিম্ন।


জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আজ কংগ্রেস নির্বাচন হলে তারা কোন দলকে ভোট দেবেন। এ প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন।


দুই সপ্তাহ আগে একই জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন। সে সময় ব্যবধান ছিল ৭ শতাংশ।


নতুন এই জরিপের ফল ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার আশা জোরদার করতে পারে। এই দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।


জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমার পেছনে নারী ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, তবে ব্যবধান তুলনামূলক কম।


গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের বাজেটে।


অর্থনীতি সামলানোর ক্ষেত্রেও ট্রাম্পের ওপর অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে রিপাবলিকান রয়েছেন ৩৭ শতাংশ।


অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি দক্ষ—এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩৩ শতাংশ।


অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। 


 সূত্র: রয়টার্স




  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ৩:০৬ পিএম

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। 


ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি জানায়, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে ওড়া দুই সদস্য বিশিষ্ট ক্রুবাহী বিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে মার্থ-এ-মোজেল বিভাগে দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে ন্যান্সির উত্তরে রোজেভিল, দোমেভ্র-অঁ-হে এবং ত্রঁবলেকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।


কর্মকর্তারা পাইলটের মৃত্যু নিশ্চিত করেছেন এবং নিখোঁজ নেভিগেটরকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। নিকটবর্তী পঁত-আ-মুসঁ শহরের মেয়র অঁরি ল্যমোয়ান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন। রোজেভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র খোলা হয়েছে এবং ড্রোন দিয়ে বিমানের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে।


দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি উন্মোচনে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ ও উদ্ধার তৎপরতার কারণে আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি


ফ্রান্সে সহিংস বিক্ষোভ

  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৪৬ এএম

ফ্রান্সে সহিংস বিক্ষোভ ও লুটপাটের পর আগামী শনিবারের সম্ভাব্য কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করছে সরকার। এদিন পুলিশের সহায়তায় সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ। গতকাল মঙ্গলবার জাতীয় পরিষদে তিনি বলেন, সহিংসতা দমনে সেন্তিনেল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে, যাতে পুলিশ ও আধা সামরিক বাহিনী জেন্ডার্মস সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মনোযোগ দিতে পারেন।


শনিবারের বিক্ষোভে পুলিশেরও ব্যাপক উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। কট্টর বামপন্থিদের বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার জাতীয় পরিষদে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতে বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সুযোগ নিয়েছে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো। কিছু এলাকায় বামপন্থি গোষ্ঠীর নেতৃত্বে অভ্যুত্থানের তৎপরতাও দেখা গেছে। এসব গোষ্ঠীকে প্রেসিডেন্টের কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অভিমুখে মিছিল করতে দেওয়া হবে না।


গত সোমবার সেন্ট্রাল প্যারিসসহ ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কিছু এলাকা এবং আরও কয়েকটি শহরে কারফিউ জারি করে বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে মার্সেই শহরের কিছু এলাকায় অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ কার্যকরের খবর পাওয়া গেছে। মার্সেইয়ে এ পর্যন্ত ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় এক-চতুর্থাংশই অপ্রাপ্তবয়স্ক।


গত শনিবারের সহিংসতায় মার্সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী নেতাদের হিসাবে, শহরটিতে পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতায় সারাদেশে ১১৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ইউনিয়নের কর্মকর্তা আর্নড ব্লেস এ পরিস্থিতিকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, সহিংসতার মাত্রা ছিল নজিরবিহীন। বিক্ষোভে উস্কানি দিয়েছে কট্টর বামপন্থি ‘ব্ল্যাক ব্লক’ গোষ্ঠীর সদস্যরা। পরে আন্দোলনকারীদের একটি অংশ লুটপাটে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে প্রায় চার হাজার টিয়ার গ্যাসের শেল ছুড়তে হয়েছিল। এক পর্যায়ে গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় পুলিশকে পিছু হটতে হয়।


গত সোমবার মার্সেই সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নুনিয়েজ শহরের মেয়র বেনোয়া পায়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে মেয়র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ শুরু থেকে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। পুলিশের সদস্য সংখ্যা ও মোতায়েনের কৌশল নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু শিক্ষার্থীদের লক্ষ্য করে অভিযান চালালে ভবিষ্যতেও লুটপাটের ঘটনা ঘটতে পারে।


ফ্রান্সে সহিংসতার মধ্যে অভিবাসীবিরোধী তির্যক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, প্যারিস শিগগিরই একটি ‘মুসলিম শহরে’ পরিণত হবে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বানও জানান তিনি।


  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:২৫ এএম

ইরানে আবার হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গত রোববার ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় ইরান সরকারের পতন ঘটানোর বিষয়ে নতুন উদ্যোগ নিয়ে কথা হয়েছে।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসরায়েলে হামলা চালায় তেহরান। হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও। যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বব্যাপী জ্বালানির দামে অস্থিরতা শুরু হয়। যুদ্ধ শুরুর ৯ মাস পেরিয়ে গেলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। এর মধ্যেই নতুন হামলার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু।


এক বিবৃতিতে নেতানিয়াহু ইরান সরকারের পতন ঘটানোর বিষয়ে নতুন উদ্যোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা ইরানের সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকালসহ বহুবার আমি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছি।’


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার অঘোষিত সফরে ইসরায়েল গিয়ে নেতানিয়াহুর সঙ্গে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন।ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন, নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের বৈঠক হয়েছে নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে।


তিনি রয়টার্সকে বলেন, নেতানিয়াহু ও হেগসেথ আঞ্চলিক হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় কৌশলের ক্ষেত্রে মার্কিন-ইসরায়েল অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন।


তবে হেগসেথের এই সফরের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।


  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০৩ এএম

জ্বালানি ব্যয় বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার সংকট, সরকারি পরিষেবার অবনতি ও আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে মহাদেশটির বড় বড় শহরে রাজপথে নামছেন হাজারো মানুষ। ফ্রান্স, ইতালি ও আলবেনিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার, লুটপাট, হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে। অন্যদিকে স্পেন ও পর্তুগালে আবাসনের আকাশছোঁয়া ব্যয়ের প্রতিবাদে গড়ে উঠেছে বিক্ষোভের শিবির।

স্পেনের দেউস্তো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মারিয়া সিলভেস্ত্রে বলেন, তরুণ ইউরোপীয়দের মধ্যে ‘তীব্র অনিশ্চয়তার অনুভূতি এবং নিজেদের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর বোধ’ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ‘আর যখন নির্দিষ্ট কিছু পরিস্থিতি একসঙ্গে মিলে যায়, তখন হঠাৎই একটি স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। সেই স্ফুলিঙ্গ মানুষের ক্ষোভকে প্রকাশের পথ করে দেয় এবং তাদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করে।’

ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ ফ্রান্স, ইতালি ও স্পেন যখন গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এসব দেশের বিভিন্ন শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। একই সময়ে জার্মানিতে উগ্র ডানপন্থি দলগুলো নির্বাচনে সাফল্য পেয়েছে। অন্য দেশগুলোতেও তাদের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।

এ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন নিয়েও গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছেন। অন্যদিকে ন্যাটোভুক্ত দেশগুলোতে অগ্নিসংযোগ, সাইবার হামলা ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে।

রাজপথের এই বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছেন ডানপন্থি রাজনীতিকেরা। ফ্রান্সের বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিলেও ধ্বংসযজ্ঞের জন্য অভিবাসীদের দায়ী করেছেন ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘অভিবাসীরা ফ্রান্স দখল করে নিয়েছে। দ্রুত সীমান্ত বন্ধ করতে হবে!’

বিক্ষোভগুলোতে হতাশ তরুণদের ভূমিকা উল্লেখযোগ্য। কালো পোশাক ও মুখোশ পরা কিছু উসকানিদাতা সহিংসতা ছড়ালেও ফ্রান্সের কর্তৃপক্ষ ও পুলিশ এসব ঘটনার জন্য অভিবাসীদের দায়ী করেনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপজুড়ে চলমান অস্থিরতার পেছনে কী কী কারণ কাজ করছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে সুযোগ-সুবিধা

জনবিক্ষোভের কয়েক শতাব্দী পুরোনো ঐতিহ্য রয়েছে ফ্রান্সে। দেশটিতে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্কুলশিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী নেই, অবকাঠামো জরাজীর্ণ এবং শিক্ষা খাতে সম্পদ ও সুযোগ-সুবিধা ক্রমেই কমছে। নিম্ন আয়ের মানুষের বসবাসের এলাকাগুলোতে পরিস্থিতি আরও খারাপ।

শরৎকালীন ছুটিতে শিক্ষার্থীরা কর্মসূচি কিছুটা স্থগিত রাখলেও ফ্রান্সের শ্রমিক সংগঠন সিজিটি ও অন্যান্য আন্দোলনকর্মী এতে যোগ দেওয়ায় বিক্ষোভ আরও বিস্তৃত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি পরিষেবার অবনতির বিষয়গুলোও এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে।

শত শত হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিলে অংশ নিলেও সপ্তাহান্তের বিক্ষোভে ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় ২ হাজার ৪০০ জনের বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। প্যারিস, মার্সেই, লিওঁ ও বোর্দো শহরে লুটপাটের ঘটনা ঘটে। লিমোজ শহরে ঊনবিংশ শতাব্দীতে নির্মিত সিটি হলে আগুন লাগানো হয়। এতে ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। কয়েকটি স্কুলেও অগ্নিসংযোগ করা হয়। শিক্ষার্থী ও দাঙ্গাকারীরা পেট্রোল বোমা ছোড়ে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে শত শত মানুষ আহত হয়েছেন।

গত শনিবারের সহিংসতার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভবন ও পুলিশের ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার জন্য তিনি উগ্র বামপন্থি কর্মীদের দায়ী করেন।

রোববার টেলিভিশনে দেওয়া এক বিরল ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘যারা লুটপাট করেছে, তাদের ক্ষয়ক্ষতির মূল্য দিতে হবে। আর যারা প্রজাতন্ত্রের পতন ঘটানোর চেষ্টা করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গত সপ্তাহে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বেতন ও কর্মপরিবেশের উন্নয়ন তাঁদের প্রধান দাবি। চলতি বছর স্পেনের অন্যান্য এলাকাতেও অসন্তুষ্ট শিক্ষকেরা একই ধরনের কর্মবিরতি পালন করেছেন।

অসহনীয় আবাসন ব্যয়, অনিশ্চিত তরুণদের ভবিষ্যৎ

মাদ্রিদের কেন্দ্রীয় এলাকা পুয়ের্তা দেল সলে কয়েক সপ্তাহ ধরে সারি সারি ত্রিপল ও তাঁবু টানিয়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। আবাসন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি শুরু হয়। ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর স্পেনের অন্যান্য শহরেও ছোট ছোট তাঁবুর শিবির গড়ে ওঠে।

জনগণের চাপের মুখে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক সরকার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কিছু পদক্ষেপ অনুমোদন করে। তবে সংসদে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় উদ্যোগগুলো বাধাগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নভেম্বরে আগাম নির্বাচনের আহ্বান জানান। একই মাসে সাধারণ ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে প্রথম।

স্পেনের পর্যটন ও আবাসন সংকটের অন্যতম কেন্দ্র বার্সেলোনা ছাড়াও পর্তুগালের বৃহত্তম দুই শহর লিসবন ও পোর্তোতে একই ধরনের আবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সংবাদপত্র এক্সপানসিয়নের বিশ্লেষণ অনুযায়ী, স্পেনে ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ২২১ ইউরো, যা প্রায় ১ হাজার ৩৭০ ডলারের সমান। অন্যদিকে, ৮০ বর্গমিটার আয়তনের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া প্রায় ১ হাজার ১৩০ ইউরো বা ১ হাজার ২৭০ ডলার।

মাদ্রিদের তাঁবুর শিবিরে অবস্থান নেওয়া ২০ বছর বয়সী ওয়েট্রেস দিয়ানা মানসানারেস বলেন, ‘আমার বেতনের বেশির ভাগই বাড়িভাড়ায় চলে যায়। আমার রুমমেটেরও আমার মতোই সংসার চালাতে হিমশিম খেতে হয়। এটাই আমার বাস্তবতা, আর এই শহরে বসবাসকারী আমাদের অধিকাংশেরই বাস্তবতা এমন।’

মূল্যস্ফীতির চাপে ইতালি

‘ইতালিয়া ইন পিয়াচা’ বা ‘রাজপথে ইতালি’ নামের আন্দোলনে হাজারো মানুষ সমবেত হয়েছেন। কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আবাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন তাঁরা।

সরকারি তথ্য অনুযায়ী, ইতালিতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে, যা ইউরোজোনের ৩ দশমিক ৮ শতাংশের চেয়ে বেশি।

শান্তিপূর্ণ মিছিলের পর তুরিন ও বোলোনিয়ায় সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়ে। ইতালির অর্থনীতি ও ফ্যাশনের কেন্দ্র মিলানেও মুখোশধারী দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দোকানপাটে লুটপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মিলান পুলিশ জানিয়েছে, দুই দিনের সহিংসতায় ২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। এ সময় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য আহত হন।

এদিকে ‘অক্টোবর ১৭ আন্দোলন’ নামে নতুন একটি গোষ্ঠী ইতালিজুড়ে প্রতি শনিবার বেলা ৩টায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে। নিজেদের কর্মসূচিকে তারা ‘অবিরাম আন্দোলন’ হিসেবে বর্ণনা করছে।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আলবেনিয়ার শিক্ষার্থীরা

আলবেনিয়ার রাজধানী তিরানায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহত্তর সরকারবিরোধী ‘ফ্লেমিঙ্গো’ আন্দোলনে যোগ দেওয়ার পর সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

আন্দোলনকারীরা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে রামা বলেছেন, উগ্র বামপন্থিদের একটি সংগঠন ‘অ্যান্টিফা’ তাদের আদর্শিকভাবে প্রভাবিত করে উগ্রপন্থি করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন।

দুর্নীতির অবসান আন্দোলনটির অন্যতম প্রধান দাবি। ‘ফ্লেমিঙ্গো’ নামটি এসেছে ফ্লেমিঙ্গো পাখির প্রাকৃতিক আবাসস্থল থেকে। ওই এলাকায় রামার সরকার একটি বড় বিলাসবহুল পর্যটন প্রকল্পের অনুমতি দিয়েছে, যার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সংশ্লিষ্টতা রয়েছে।

আন্দোলনটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্নীতি বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সরকারি পেনশনের সুরক্ষাও দাবি করছেন বিক্ষোভকারীরা।

সার্বিয়ায় ক্ষমতায় ফেরার চেষ্টায় সাবেক নেতা, উদ্বিগ্ন তরুণেরা

সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে চলা ব্যাপক দুর্নীতিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার বলকান অঞ্চলের দেশটির সাবেক জনতুষ্টিবাদী নেতা আলেকসান্দার ভুচিচের ক্ষমতায় ফেরার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাঁরা।

সাবেক এই কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ২৫ অক্টোবরের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। অন্যদিকে, তরুণদের সমর্থনপুষ্ট ‘স্টুডেন্টস লিস্ট’ পার্টি ভুচিচের দলের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফলে নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতার আশঙ্কাও বাড়ছে।





  • প্রকাশ : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের ১২টি দেশে থাকা মার্কিন দূতাবাস। গতকাল সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এই সতর্কতা জারি করা হয়েছে। ইউরো নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন এবং ইসরায়েল- এই ১২ দেশের মার্কিন দূতাবাস এই বিবৃতি দিয়েছে। 


নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আপাতত এসব দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।


বর্তমানে এই ১২টি দেশে যেসব মার্কিন নাগরিক আছেন, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে, এয়ারলাইন্সের কার্যক্রমের ওপর নজর রাখতে, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন মিশনগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এবং যেকোনো আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেয়া হয়েছে বিবৃতিতে।


এতে আরও বলা হয়েছে, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ, যেমন- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এতে ইরান-সমর্থিত হুতি বাহিনীর দ্বারা সৌদি আরবে চালানো হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চালানো আক্রমণগুলো সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং ভ্রমণ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে।


মার্কিন মিশনগুলো ভ্রমণকারীদের পরামর্শ দিয়ে বলেছে, ফ্লাইট নির্ধারিত সময়েই চলবে- এমনটা ধরে না নিয়ে বরং এয়ারলাইন্স বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করতে হবে।


লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনে মার্কিন দূতাবাস ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য ‘ইয়েমেনিয়া এয়ারওয়েজ’ এবং ‘ফ্লাই এডেন এয়ারলাইন্স’ এর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।


মিশনগুলোর পক্ষ থেকে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (স্টেপ)-এ নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যায় এবং জরুরি পরিস্থিতিতে কূটনীতিকদের পক্ষে নাগরিকদের সাথে যোগাযোগ করা সহজ হয়।


এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে নজর রাখা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, ফোন চার্জ রাখা, লোকচক্ষুর আড়ালে থাকা এবং মার্কিন দূতাবাসের পরিষেবার সাথে সরাসরি যুক্ত স্থানগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস।


পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির ফোনালাপ

  • প্রকাশ : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৫০ পিএম

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।


ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আসিম মুনির। আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব পাবে।


চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। সংকট নিরসনে দেশটি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে।


এ পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।