প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৮ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭২১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ৪৩ জন।




মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২২ পিএম

‘মাদক কারবারের সাথে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু সদস্যের সম্পৃক্ততা রয়েছে। মাদকের হটস্পটগুলোতে যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই দলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্পটগুলো পরিচালনা করে থাকে কিছু কুচক্রী মহল। মাদক কারবারের সাথে জড়িত কোনো ব্যক্তির রাজনীতি করার কোনো অধিকার নেই। মাদকের সাথে কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তার মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করা উচিত। মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ অব্যাহত থাকবে।’ 


রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ও মনোচিকিৎসা বিদ্যার অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল।


ইশরাক হোসেন বলেন, বর্ডার অঞ্চল থেকে নানারকম কারসাজি করে সারাদেশে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর সাথে কিছু নামকরা পরিবহনের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। একইসাথে কিছু ভূঁইফোড় ফামার্সিউটিক্যাল কোম্পানিরও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একটি গোষ্ঠি পরিকল্পিতভাবে জিও পলিটিক্স ব্যবহার করে মাদক ছড়িয়ে দিয়ে আমাদের সমাজ ও জাতিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। যারা মাদকাসক্ত তারা জঘন্য নৃশংস অপরাধের সাথে জড়িত। 


ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশে মাদকের সহজলভ্যতা এর বিস্তার বৃদ্ধির অন্যতম কারণ। হাত বাড়ালেই এখন পাওয়া যাচ্ছে গাঁজা, ইয়াবাসহ উচ্চমূল্যের বিভিন্ন মাদক। ইয়াবা এখন শহর থেকে গ্রাম—গঞ্জে, পাড়া—মহল্লায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এমনকি অনলাইনে অর্ডার দিলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য। মাদকের সাথে ক্রাইম সম্পৃক্ত। যারা মাদক ও ক্রাইমের সাথে জড়িত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পালাবদলের সাথে মাদক কারবারিরা তাদের রাজনৈতিক রঙ পাল্টায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো মাদক কারবারি যাতে সুবিধা নিতে না পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। 


তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, মাদক বহনকারী ও ছোট কারবারিরা ধরা পড়লেও এর মূলহোতারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মাদক পরিবহনে এখন ব্যবহার করা হচ্ছে বহুমাত্রিক কৌশল। কখনও দোকানের আড়ালে, কখনও ভ্রাম্যমাণ দোকানে, কখনও হাঁটতে থাকা ব্যক্তির শরীরে, আবার কখনও যাত্রীবাহী যানবাহনের গোপন চেম্বারে লুকিয়ে আনা-নেওয়া করা হচ্ছে মাদক। শুধু তাই নয়, পাকস্থলীর ভেতর এমনকি মোবাইল ফোনের ব্যাটারির চেম্বারেও ইয়াবা বহন করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ শুধু সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এজন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। 


শুভেচ্ছা বক্তব্য রাখেন একাত্তর টিভি’র বার্তা প্রধান শাহ আজিজুর রহমান কিরণ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মুন্না হুসাইন, ইডেন মহিলা কলেজ বিতর্ক দলের দলনেতা মাসনুন নাবিলা আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জাতীয় বিতার্কিক মো. কাউছার আলম। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মাদককে না বলি, মাদক মুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে সেমিনারটি আয়োজনে সহযোগিতা করছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ও ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব। 



প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৯ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ দুই হাজার ৩৯৪ জন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০০ পিএম

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। তবে সামগ্রিকভাবে এবার শীতের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। এল নিনোর প্রভাবে এ মৌসুমে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশা, বৃষ্টিপাত, বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।


শৈত্যপ্রবাহের সময় ও সম্ভাব্য অঞ্চল সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বাসসকে বলেন, সাধারণত ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।


তিনি বলেন, জানুয়ারিতে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ সময় এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহও হতে পারে। তখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।


এদিকে আগামী তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বাড়বে। তবে সামগ্রিকভাবে এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।


এর কারণ ব্যাখ্যা করে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এল নিনো সক্রিয় থাকা এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়াজুড়ে গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। এ কারণে এবারের শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মাঝেমধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


তিনি বলেন, শৈত্যপ্রবাহ থাকলেও অতি তীব্র শৈত্যপ্রবাহের সংখ্যা, স্থায়িত্ব ও বিস্তৃতি তুলনামূলক কম থাকতে পারে। সে বিবেচনায় এবারের শীতকাল কিছুটা উষ্ণ থাকতে পারে। তবে এল নিনোর প্রভাবে শৈত্যপ্রবাহের সংখ্যা ও স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।


শীতের পূর্বাভাসের পাশাপাশি আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


এ বিষয়ে ড. আবুল কালাম মল্লিক বলেন, অক্টোবর ও নভেম্বর মাস সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ। প্রতিবছর এ সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। কোনো কোনোটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।


তিনি বলেন, এ সময় সূর্যের দক্ষিণায়নের কারণে দিনের দৈর্ঘ্য কমে এবং রাতের দৈর্ঘ্য বাড়ে। তবে বঙ্গোপসাগর এলাকায় সূর্যের আলোর প্রাপ্যতা বেশি থাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে প্রতিবছর এমন পরিস্থিতি তৈরি হয় না। এ ধরনের ব্যবস্থাকে ক্ষণস্থায়ী ব্যবস্থা বলা হয়।


দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে ৪ থেকে ৮ মিলিমিটার।


ডিসেম্বর ও জানুয়ারিতে বৃষ্টিপাত আরও কমে আসতে পারে। ডিসেম্বরে ঢাকা বিভাগে ৮ থেকে ১০ মিলিমিটার এবং সিলেট বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানুয়ারিতে খুলনা বিভাগে ১০ থেকে ১৪ মিলিমিটার এবং ঢাকা-সহ অন্যান্য বিভাগে ৬ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন আবহাওয়াসংক্রান্ত উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়ার বিন্যাস, জলবায়ু মডেল এবং বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত আন্তর্জাতিক কেন্দ্রগুলোর মডেল পূর্বাভাস বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করা হয়েছে। এতে এল নিনো ও লা নিনা পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে।


দীর্ঘমেয়াদি পূর্বাভাস তৈরির প্রক্রিয়া সম্পর্কে ড. আবুল কালাম মল্লিক বলেন, ১৯৪৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ে গড়ে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। এর কোনো কোনোটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দীর্ঘ সময়ের এমন গড় চিত্র বিশ্লেষণ করেই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়।


তবে এ ধরনের পূর্বাভাসে অনিশ্চয়তার মাত্রা বেশি থাকে উল্লেখ করে তিনি দীর্ঘমেয়াদি পূর্বাভাসের পাশাপাশি নিয়মিত দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস অনুসরণের পরামর্শ দেন।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করতে কোস্টগার্ডকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়। সে অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নতুন নাম অনুমোদনের বিষয়টি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কোস্টগার্ডকে জানায়।


চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।


কোস্টগার্ড সূত্রে জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তাঁরা শহীদ হন।


অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৪ এএম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তবে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। 



এতে দুজন আহত হয়েছেন বলে দাবি তাদের। তাদের একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অধ্যক্ষকে নিয়ে যাওয়ার পরও রাত সাড়ে ১২টার পর শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও লাঠিচার্জেরও প্রতিবাদ জানান।


এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। কিন্তু শিক্ষকরা পুলিশ নিয়ে এসে আমাদের ওপর লাঠিচার্জ করিয়েছেন। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।’



মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত। পূজার ছুটির আগে কলেজের তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা করা হয়। তবে অনুষ্ঠান শেষ হয় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে।



শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলায় সমন্বয়কারী দুই শিক্ষার্থীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। পরে ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। এই দাবিকে অযৌক্তিক বলে প্রতিবাদ শুরু করেন তারা।



২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী তাবাসসুম বলেন, জরিমানা মওকুফের অনুরোধ জানাতে গিয়ে এক শিক্ষার্থী অধ্যক্ষের পা ধরেছিলেন। কিন্তু অধ্যক্ষ তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তাবাসসুমের ভাষ্য, ‘দুইটা স্টুডেন্টের সিট অযৌক্তিকভাবে বাতিল করার কারণেই এই আন্দোলনটা। আমরা ম্যাডামের কাছে হাত-পা জোর করে ক্ষমা চাইলে ম্যাডাম বলেন, আমাদের সরি অ্যাকসেপ্ট করেছেন এবং শাস্তিস্বরূপ এক রাতের অডিটোরিয়ামের বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দিতে হবে। আমাদের স্টুডেন্টদের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না।’


শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক বছর আগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে বর্তমান প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই অধ্যক্ষ একের পর এক অযৌক্তিক নিয়ম চাপিয়ে দিচ্ছেন। আবাসিক হলের সুযোগ-সুবিধা পর্যাপ্ত না থাকলেও মাসিক ফি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। আগামী বছর আরও ১০০ টাকা বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি বাংলোতে নিয়মবহির্ভূতভাবে বহিরাগতদের সাবলেট দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। 



বদরুন্নেসা কলেজে দায়িত্ব পালনের সময় দুই হলের ফ্রিজ ও বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ভাষ্য, এসব বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষের কাছে গেলে তিনি তাদের বক্তব্য না শুনে ধমক দেন। এরপরই তার কার্যালয়ে তালা দিয়ে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা।


কলেজ প্রশাসনের বক্তব্য, শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলার কথা বিবেচনা করে রাত ১২টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াছমিন বলেন, ক্যাম্পাসে নির্মাণকাজ চলায় অনেক বহিরাগত শ্রমিক কাজ করছেন। এ অবস্থায় রাতে অনুষ্ঠান দীর্ঘায়িত হওয়া নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।


দুই শিক্ষার্থীর আসন বাতিলের বিষয়ে উপাধ্যক্ষ বলেন, প্রাথমিকভাবে শুধু ভয় দেখানোর জন্য এ কথা বলা হয়েছিল। পরে পূজার ছুটির পর গত রোববার সিদ্ধান্ত হয়, ফাইনাল ইয়ারের ওই দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হবে না। ১২ হাজার ৬০০ টাকা জরিমানার অভিযোগের বিষয়ে তার ব্যাখ্যা, ভোর ৫টা পর্যন্ত অডিটোরিয়ামে এসি ও ফ্যান চলায় ওই পরিমাণ বিদ্যুৎ বিল এসেছে। এ অর্থ হোস্টেলের সব শিক্ষার্থীর কাছ থেকে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা করে সংগ্রহ করে পরিশোধ করতে বলা হয়েছিল।


অধ্যক্ষকে অবরুদ্ধ করার ঘটনা সম্পর্কে উপাধ্যক্ষ বলেন, সকালে তিনি ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যক্ষের কক্ষে বসে ছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী কথা বলার কথা বলে তাদের বাইরে ডেকে নেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে তালা দেওয়া হয় এবং শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন।


তিনি জানান, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। বিকেল পাঁচটার পর অধ্যক্ষকে আর ক্যাম্পাসে দেখতে চান না বলেও আলটিমেটাম দেন তারা। তবে বিসিএস ক্যাডার সার্ভিসের নিয়োগ রাষ্ট্রপতির আদেশে হওয়ায় এভাবে সাদা কাগজে পদত্যাগ নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। 



ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৭ এএম

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ করতে এর সম্পূর্ণ ধাপগুলো বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 


সংস্থাটি জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।


প্রথম ধাপ (লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স)


প্রথমে বিএসপি অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্র—যেমন মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল ও শিক্ষাগত যোগ্যতার সনদ আপলোড করে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এ ক্ষেত্রে এক ক্যাটাগরির জন্য ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির জন্য ৭৪৮ টাকা ফি প্রযোজ্য।


দ্বিতীয় ধাপ (চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স)


লার্নার লাইসেন্স পাওয়ার পর নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। এরপর লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিএসপি’র মাধ্যমে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।


এই ধাপে অপেশাদার লাইসেন্সের জন্য ৪,৬২৮ টাকা এবং পেশাদার লাইসেন্সের জন্য ২,৮৩২ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে পেশাদার লাইসেন্স পাওয়ার জন্য ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন অনুমোদিত হলে ঘরে বসেই ই-ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ের প্রযোজ্য চার্জও পরিশোধ করতে হবে।