ছবি : সংগৃহীত
দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ‘ইন-আউট’ করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে। মঙ্গলবার দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয় উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে।
তাঁর এ বিষয় নানা আলোচনার জন্ম দেয়। সূত্র বলছে, মঙ্গলবার পুলিশের বৈঠকে সীমান্ত পার হয়ে এপারে এসে রনজিতের সভা করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, রনজিতের সভায় সশরীরের উপস্থিত ছিলেন, এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার বিষয়টি মঙ্গলবারের বৈঠকে উঠে আসে। সীমান্তবর্তী জেলা ছাড়াও গত তিন দিন যেসব জেলায় বেশি নাশকতা হয়েছে, সেসব জেলার এসপিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রামসহ বেশ কিছু জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। এরই মধ্যে অনেক জেলায় অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।
যেসব এলাকায় হামলা, আগুন, ভাঙচুর ও নাশকতা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে। তবে সীমান্তকেন্দ্রিক যে কোনো অপরাধের তদন্ত পুলিশ করতে পারে। সীমান্তকেন্দ্রিক অপরাধ ঘটলে অনেক সময় তার জন্য পুলিশকে জবাবদিহি করতে হয়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পদ্মা সেতু এলাকায় মিছিল হতে পারে– এমন গোয়েন্দা প্রতিবেদন ছিল। তবে কখন হবে, সংখ্যায় কত থাকতে পারে– এটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কোনো এলাকায় যাতে লোকজন জড়ো হয়ে বড় নাশকতা ঘটাতে না পারে, সে ব্যাপারে আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র বলছে, সারা দেশে বিশেষ যে অভিযান চলমান আছে, সেটি জোরদার থাকবে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করা হবে। জামিন পেয়ে কেউ নাশকতায় জড়াচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়ার পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় নাশকতা-হামলায় জড়াচ্ছেন কিনা, সেদিকে কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। এ ছাড়া প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে জোর দিতে বলা হয়েছে। গ্রেপ্তারের নামে যাতে নিরপরাধ বা গণগ্রেপ্তারের মতো পরিস্থিতি না ঘটে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ আসে।
এক কর্মকর্তা বলেছেন, নিরপরাধ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে বেরিয়ে আসার পর তাঁর মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তখন সে নতুনভাবে বেআইনি কর্মকাণ্ডে জড়াতে পারেন। তাই নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলা হয়েছে।
সূত্র বলছে, অনেক ঘটনায় অভিযানে যাওয়া সব পুলিশ সদস্য সমানভাবে সক্রিয় থাকেন না। নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের কাউন্সেলিং করিয়ে সক্রিয় করার কথা বলা হয়েছে। এর পরও কেউ নিষ্ক্রিয় থাকলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। বৈঠকে বলা হয়েছে, মাঠে কোনো পুলিশ সদস্যকে গা বাঁচিয়ে চলা যাবে না।
অন্য একটি সূত্র বলছে, সম্প্রতি যানবাহনে অগ্নিকাণ্ডের নতুন একটি ধরনের বিষয়টি বৈঠকে আলোচনায় এসেছে। ট্যাবলেটের মতো গুঁড়াজাতীয় কিছু গাড়িতে যাত্রী সেজে পায়ের কাছে ফেলা হয়। এরপর পা দিয়ে তা কিছু সময় ঘষার পর স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরে যায়। এ ছাড়া ইন্স্যুরেন্সের অর্থ পেতে কেউ কৌশলে আগুন ধরাচ্ছেন কিনা, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নাশকতায় জড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। কেউ কেউ প্রকাশ্যে বিদেশে বসে উস্কানি দিচ্ছেন। নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। এদিকে বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতীকী ছবি
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৪ জন। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।
এতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ জন। আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৯৫ জনের।
ছবি : সংগৃহীত
নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ায় আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
বুধবার সকাল সোয়া নয়টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, বুধবার সকালে ইউরোপ থেকে ৪৪ বাংলাদেশি ফিরেছেন। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
শরিফুল হাসান বলেন, ‘লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম। এভাবে সমুদ্রপথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে।
নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফলাফল শূন্য। অথচ মানুষ ভাবছে, যেভাবেই হোক ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান হবে। এই ভ্রান্ত ধারণা ভাঙতে হবে।’
শরিফুল হাসান জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। তাই বিদেশগামীদের আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপের দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।
ছবি : সংগৃহীত
আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বুধবার এবং রংপুর বিভাগের কিছু এলাকায় শনিবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বর্ধিত পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
শনিবার রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
বাংলাদেশ সরকারের লোগো
সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা। সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ ‘প্রশ্নবিদ্ধ’ মনে করছেন বিশেষজ্ঞরা।
চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা। এমপিদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ করতে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ মঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগ।
ক্ষমতাসীন দলের সদস্যদের আসনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এই থোক বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে। অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্পে বরাদ্দ এবং তাদের স্বেচ্ছাধীন খরচের জন্য বিশেষ বরাদ্দ এর আগে বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।
কেন বিশেষ বরাদ্দ
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর প্রান্তিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো নির্বাচিত সংসদ সদস্যের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন। এতে বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই নির্বাচনী এলাকা সফর করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে তাদের বিদ্যমান ঐচ্ছিক তহবিল অত্যন্ত সীমিত। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক পাঁচ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। সাধারণত এ তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।
কী বলছেন বিশেষজ্ঞরা
সরকারের এ উদ্যোগের বিষয়ে মতামত জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের কর্তৃত্বে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে একদিকে রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ তৈরি হয়।
এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণও রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসবে। কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হলে তার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। কী প্রক্রিয়ায় প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু এসব উদ্যোগ ছাড়াই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। এতে দলীয়করণ ও অর্থের অপচয়ের পুরোনো চর্চাই অব্যাহত থাকছে, যা দুঃখজনক।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে সরাসরি সম্পৃক্ততা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। এ ধরনের বরাদ্দের মাধ্যমে সেই নির্দেশনারও কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রতিনিধির মৌলিক দায়িত্ব ও ভূমিকার ধারণা ক্রমেই হারিয়ে যাচ্ছে। সংসদ সদস্যরা মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলেই স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার এবং সরকারি অর্থ ব্যবহারের মাধ্যমে নিজেদের ও দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, আইন সংস্কার এবং জনগণের পক্ষ থেকে সরকারের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু তাদের আইন প্রণয়নের ক্ষমতা ক্রমাগত প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতায় রূপ নিচ্ছে। সংসদ সদস্যরা নিজেরাই যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি যুক্ত হন এবং দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনকে এর সঙ্গে সম্পৃক্ত করেন, তাহলে সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন কীভাবে— এ প্রশ্ন থেকে যায়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের সুবিধাভোগী কারা হবেন, তা নির্ধারণেও স্থানীয় সংসদ সদস্যদের সম্মতির বিষয়টি জড়িত থাকে। এ ছাড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমেও সংসদ সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও উঠেছে।
এ ব্যাপারে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, আর্থিক সংকটের সময়ে এ ধরনের বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর একটি তাত্ত্বিক যুক্তি রয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মানুষের ভোটে নির্বাচিত হন। ফলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদের হাতে আর্থিক একটি হাতিয়ার দেওয়ার যুক্তি দেখানো হয়। কিন্তু অতীত অভিজ্ঞতায় এ ধরনের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে, ভালো কাজের উদাহরণ ব্যতিক্রম। তাই এ ধরনের বরাদ্দ অব্যাহত থাকলে অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন। সংবিধান অনুযায়ী তারা আইন প্রণয়ন করবেন, বাজেট অনুমোদন করবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। সংসদীয় কমিটির মাধ্যমেও সরকারি ব্যয় ও অর্থায়নের সিদ্ধান্ত তদারকির সুযোগ রয়েছে। এতে এ জন্য সংসদ সদস্যদের আলাদা তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, কপ-৩১ সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন তারা।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে স্থান পায়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। এ সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন
কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
হাসান শিপলু জানান, আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে দুদেশের মধ্যে অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
.
তিনি আরও জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
বৈঠকে তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুদেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।