ছবি : সংগৃহীত
হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে একজন অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে পুলিশের হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন তরুণ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনে হাফপ্যান্ট পরে প্রতিবাদ জানান পাঁচ তরুণ। এই স্টেশনেই গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় সাজ্জাদ হোসেন নামের এক অ্যাথলেট প্রশিক্ষক পুলিশের হেনস্তার মুখে পড়েন।
সাজ্জাদ হোসেনকে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে (ভোর পাঁচটা থেকে সকাল আটটা) ফার্মগেট মেট্রো স্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয় বলে যারা মনে করেন, তাদের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শিরোনামে আয়োজকদের খোলা একটি ফেসবুক ইভেন্টে বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬৭২ জন ‘গোয়িং’ (যাচ্ছি) ও ৮ হাজার ২০০ জন ব্যবহারকারী ‘ইন্টারেস্টেড’ (আগ্রহী) দিয়েছিলেন।
আজ সকাল সাতটার দিকে তিনজন তরুণ ফার্মগেটে আনোয়ারা উদ্যান-সংলগ্ন মেট্রো স্টেশনের নিচে আসেন। তারা হলেন বেসরকারি চাকরিজীবী সাগর মজুমদার ও রকিবুল ইসলাম এবং ব্যবসায়ী মাহফুজুর রহমান।
এসময় রানার ও বেসরকারি চাকরিজীবী সাগর মজুমদার বলেন, ‘আমরা রানার। দৌড়ানোর সময় শর্টস পরাটা বেশি কমফোর্টেবল। সে জন্য আমরা শর্টস পরি। দেশ-বিদেশে পরিচিত অ্যাথলেট সাজ্জাদ হোসেন সম্প্রতি শর্টস পরে মেট্রোতে উঠতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন। আমরা চাই না আর কেউ তার মতো হয়রানির শিকার হোক। সে জন্যই প্রতিবাদ জানাতে আসা।’
সাগর মজুমদার জানান, যেহেতু তিনি একজন রানার, ফলে তিনিও সাজ্জাদ হোসেনের মতো হয়রানির শিকার হতে পারেন মেট্রোরেল বা অন্য যেকোনো জায়গায়। সেই জায়গা থেকে একটি কর্মসূচি ডাকা হয়েছে। সেখানে যোগ দিতে তিনি এসেছেন। সবার প্রতি তাদের বার্তা হচ্ছে, ‘আসুন, আমরা নেগেটিভ মাইন্ডটাকে (নেতিবাচক মন) সরিয়ে ফেলি। শর্টস আসলে বিষয় নয়, নেতিবাচকভাবে দেখলে নেতিবাচক আর ইতিবাচকভাবে দেখলে ইতিবাচক।’
সকাল সাতটার পর ‘শর্টস’ পরে মেট্রোরেলে ওঠেন সাগর মজুমদার ও মাহফুজুর রহমান। মেট্রোরেলে উঠে টিকিট কাউন্টারে গিয়ে বিজয় সরণি স্টেশনের জন্য টিকিট কাটেন সাগর ও মাহফুজুর। এরপর প্ল্যাটফর্মে ওঠার উদ্দেশ্যে টিকিট পাঞ্চ করে তারা মেট্রোরেলের ভেতরের অংশে প্রবেশ করেন। পরে মেট্রোরেলে ফার্মগেট থেকে বিজয় সরণি স্টেশনে নেমে নিজেদের মতো চলে যান সাগর ও মাহফুজুর। এদিকে আরেকজন তরুণ রকিবুল তাদের সঙ্গে ওঠেননি।
রকিবুল হাসান বলেন, ‘আমি যাষ্ট একজন রানার ভাইকে হয়রানি বা হ্যারেস করা হয়ছে, এবং ইভেন্টে এইটা পরে দেখলাম, পরিচিত অনেকে ইন্টারেস্টেড দিছে। সেই অনুপাতে যাওয়া প্রতিবাদ স্বরুপে ইভেন্ট অংশগ্রহণ করা। কিন্তু গিয়ে দেখি ব্যাতিক্রম কিছু।’
সাগর ও মাহফুজুর যখন মেট্রোরেলে ওঠেন, একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের অন্য একটি ফটক দিয়ে আরও দুজন প্রতিবাদী তরুণ হাফপ্যান্ট পরে ওঠেন বলে জানা গেছে। তবে ওই দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা ফার্মগেট স্টেশন থেকে মতিঝিলের টিকিট কেটেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর সকালে শরীরচর্চা শেষ করে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনের পোশাককে ‘অশালীন’ বলে ফার্মগেট মেট্রো স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। যদিও মেট্রোরেলে চলাচলের জন্য কোনো ড্রেসকোড নেই। এর প্রতিবাদে ফার্মগেট স্টেশনে কর্মসূচির জন্য খোলা ফেসবুক ইভেন্টে লেখা হয়েছিল, ‘আপনার রানিং শর্টস পরুন, টি-শার্ট পরুন, একসঙ্গে আসুন, মেট্রোতে উঠুন৷ এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়। এটি একটি শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ- স্বেচ্ছাচারী হয়রানির বিরুদ্ধে, স্পষ্ট নিয়মের দাবিতে এবং যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণের পক্ষে। কোনো কিছু নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত। সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে!’
গ্রেপ্তার আব্দুল হাকিম আহমেদ। ছবি: সংগৃহীত
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে কাচের দরজা থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে অবস্থান করছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সেখান থেকে সরে যায়।
এ সময় পুলিশকে জানানো হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে এখনো ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
হাতিরঝিলের দূষিত গোলাপি পানি
রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে একটি অদ্ভুত বিষয় খেয়াল করছেন। সেটি হলো, হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। হাতিরঝিলের দূষিত পানি গোলাপি রং কেন ধারণ করল, এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে গুদারাঘাট পর্যন্ত ভ্রমণ করেন এ প্রতিবেদক। যাত্রাপথে হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে।
কারওয়ান বাজার থেকে হাতিরঝিল গিয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন। তিনি বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। তবে আসল কারণ জানা যায়নি।
অবশ্য ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছে। এর পর থেকেই রং পাল্টে গেছে।
হাতিরঝিল তত্ত্বাবধান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তারাও এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না। কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম সোমবার মুঠোফোনে বলেন, ‘হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’
তিন ধরনের ব্যাকটেরিয়াকে সন্দেহ
হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়। এটি ছিল ভাওয়াল রাজার সম্পত্তি। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।
বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পর প্রকল্প শেষ হয় ২০২১ সালে। ব্যয় দাঁড়ায় ২ হাজার ২৩৬ কোটি টাকা।
হাতিরঝিলে রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। ঝিলটি খননও করা হয়েছে। কিন্তু পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনো ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোলাপি রং ধারণ করা পানি মানুষের কৌতূহল বাড়িয়েছে।
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন বলেন, ৩ নভেম্বর তাঁরা হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় হাতিরঝিলের পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।
আয়শা শারমিন বলেন, বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।
হাতিরঝিলের পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়। এ কারণে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় বলে উল্লেখ করেন অধ্যাপক আয়শা শারমিন। তিনি বলেন, পানির এ অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ইউট্রোফিকেশন’। এর মধ্যে পানির গন্ধ কমাতে চুন দেওয়া হয়েছিল। যার কারণে পানিতে অম্ল ও ক্ষারের (পিএইচ) পরিমাণ বেড়ে গেছে।
তিনি বলেন, এ অবস্থায় পার্পল সালফার ব্যাকটেরিয়া ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। এ ধরনের ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করতে পারে, যার কারণে পানির রং পরিবর্তিত হয়ে গোলাপি হতে পারে। এর বাইরে সায়ানো ব্যাকটেরিয়াও থাকতে পারে। তবে নির্দিষ্টভাবে কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বুয়েট চলতি মাসের শেষের দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আয়শা শারমিন।
পল্লবী ও মহাখালীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত