ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলন্ত শাটলে বসা অবস্থায় এক ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের ভেতরেই এমন ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্ন উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের সামনে চলন্ত শাটলে থাকা এক ছাত্রীর কান থেকে দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি শাটলের পাশে এসে মুহূর্তের মধ্যে দুল ছিনিয়ে পালিয়ে যান।


ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী সানজিদা আক্তার। তার প্রশ্ন, ক্যাম্পাসের ভেতরে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে যাতায়াতের সময়ও যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকেন, তাহলে নিরাপত্তা নিশ্চিত হবে কোথায়?


ভুক্তভোগী সানজিদা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর থেকে হলের বাইরে বের হতেও ভয় লাগছে বলে জানিয়েছেন তিনি।


সানজিদা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২২ মিনিট থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতান্ত্রিক তোরণ গেট থেকে ক্যাম্পাসের দিকে শাটলে করে যাচ্ছিলেন। শাটলটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের সামনে পৌঁছালে সাদা জামা পরা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শাটলের পাশে আসেন। এরপর হঠাৎ তার কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেন। পরে দ্রুত ভিসি চত্বরের দিকে পালিয়ে যান ওই ব্যক্তি।


ঘটনার বর্ণনা দিয়ে সানজিদা বলেন, ‘শাটলটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সাদা জামা পরিহিত এক ব্যক্তি বাইক নিয়ে আমার কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেন। পরে দ্রুত ভিসি চত্বরের দিকে পালিয়ে যান।’


হঠাৎ কান থেকে দুল টান দিয়ে নেওয়ায় শারীরিকভাবে আহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল তার। কান ছিঁড়ে যেতে পারত- এমন আতঙ্ক এখনো কাটেনি। ঘটনার পর ক্যাম্পাসে চলাফেরায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।


সানজিদা বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে, তাও আবার চলন্ত শাটলে এরকম ঘটনা ঘটল। আমার হয়তো ভাগ্য ভালো ছিল, কান ছিঁড়ে যায়নি। এখন তো ক্যাম্পাসে বের হতেই ভয় লাগছে। এর সমাধান আদৌ হবে কি না, জানি না।’


তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের একদম ভেতরে এ ঘটনা মানতেই পারছি না। ঘটনার পর থেকে হলের বাইরে যেতেও ভয় লাগছে।’


ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন।


তিনি বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে আমার এখনো সরাসরি কথা হয়নি। তবে আমরা অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’


এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। তার ভাষ্য, ‘ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধিতে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে উপাচার্য বিষয়টি অনুমোদন দিয়েছেন।’


তবে প্রযুক্তিনির্ভর নজরদারি চালুর উদ্যোগের মধ্যেই ক্যাম্পাসের ভেতরে এমন ঘটনার অভিযোগ শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে সন্ধ্যার পর হলসংলগ্ন সড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নজরদারি এবং নিরাপত্তাকর্মীদের উপস্থিতি কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল। ক্যাম্পাসের বিভিন্ন গেট ও গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে চলাচল করা এই পরিবহনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।


ভুক্তভোগী শিক্ষার্থীর প্রত্যাশা, দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সব খবর

স্বাধীন বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৮ পিএম

ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)'।


সময়ের পরিক্রমায় অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ৪৮তম বছরে পদার্পণ করেছে ইবি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় আলোক প্রোজ্জ্বলসহ বিভিন্ন কর্মসূচির পালনের মাধ্যমে দিনটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. এমতাজ হোসেন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




আলোচনা সভা শেষে উপাচার্য ও উপ-উপচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


শোভাযাত্রা শেষে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে প্রশাসন ভবনে কেক কাটা হয়। এছাড়া জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসির বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে ধূমপান এবং পরবর্তী সময়ে হাতাহাতি ও মারামারির ঘটনায় ৫২তম ও ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে।


শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় উভয় পক্ষই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়ে বিচার ও তদন্তের দাবি জানিয়েছে।


শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে ৫৩তম ব্যাচের (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) সাতজন শিক্ষার্থী আমিনুল ইসলাম নিলয়, জিসান আহমেদ, আয়েশা সোহা তন্নিমা, জান্নাতুল মাওয়া শ্যামন্তী, ইলমা রহমান, সানজানা এবং ৫৪তম ব্যাচের সামিহা সাদাফ দাবি করেন, ৪৯তম ব্যাচের কনসার্টে (হাসান আর্ক) তারা অবস্থান করছিলেন।


অভিযোগ অনুযায়ী, তাদের পেছনে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল) ও সোয়াদ (বাংলা) এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন শিক্ষার্থী বারবার ধূমপান করছিলেন এবং তাদের দিকে ধোঁয়া ছাড়ছিলেন।


অভিযোগপত্রে বলা হয়েছে, ধূমপান করতে নিষেধ করলে তৃতীয় দফায় পরিচয় জানতে চাওয়া হয় এবং একপর্যায়ে জিসান আহমেদ (আইআর-৫৩) ও শাহরিয়ার দিহান, জিহাদ, সোয়াদসহ ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। পরে ৪৯তম ব্যাচের আয়োজক কমিটির সদস্যরা বিষয়টি সমাধান করেন এবং কনসার্ট শেষে আলোচনার কথা বলেন।


৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্টের মাঝে ক্যাফেটেরিয়ায় খাবার কিনতে গেলে এবং পুনরায় কনসার্টের দিকে যাওয়ার পথে সিঁড়ির নিচে পুনরায় তাদের সঙ্গে দেখা হয়। তখন শাহরিয়ার দিহান, জিহাদ ও সোয়াদসহ ৫২তম ব্যাচের কয়েকজন কথা বলতে চান এবং একপর্যায়ে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।


অভিযোগে দাবি করা হয়, এ সময় শাহরিয়ার দিহান (রসায়ন-৫২) পেছন থেকে নিলয়কে (আইআর-৫৩) হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দেন। এছাড়া মারামারির মধ্যে গিয়ে সামিহা সাদাফ (আইআর-৫৪) সিঁড়ির ওপর থেকে পড়ে চোখে আঘাত পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগপত্র অনুযায়ী, আহতদের মধ্যে নিলয়ের মাথা ফেটে যায় এবং জাবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সিটি স্ক্যানের জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়; তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় জিসানকে অক্সিজেন দিয়ে এনাম মেডিকেলে পাঠানো হয় এবং এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়। সামিহা সাদাফকে চোখের ড্রপ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২১ নভেম্বর দিবাগত রাত ৪টা ১০ মিনিট পর্যন্ত চিকিৎসাবাবদ ৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।


অন্যদিকে, ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া আরেকটি আবেদনে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল), সোয়াদ (বাংলা), আবরার (ফিন্যান্স), শামীম (সিএসই) ও সায়েম (সিএসই) কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


তাদের আবেদনে বলা হয়, ৪৯তম ব্যাচের কনসার্টে গেলে ৫৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ঝামেলা হয়। পরে আয়োজক কমিটির সদস্যরা পরিস্থিতি শান্ত করেন এবং ৫২তম ব্যাচের জহির (আইআর-৫২) সমাধানের আশ্বাস দেন।


৫২তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্ট ব্রেকে ক্যাফেটেরিয়ার সামনে গেলে তাদের দেখে ডাক দেওয়া হয় এবং সিঁড়ির ওপর কথা বলার সময় দিহান কথা বলতে গেলে নিলয় তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। একপর্যায়ে জিসানসহ ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং হাতাহাতি ও পাল্টা আক্রমণে উভয় পক্ষেই কয়েকজন আহত হন। তারা ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।


সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের চেষ্টা করা হবে। তদন্তের ভিত্তিতে সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

মাদরাসার শিশুদের মধ্যে খাবার বিতরণে জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ পিএম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শতাধিক মাদরাসার শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।


শনিবার (২১ নভেম্বর) পুরান ঢাকার ওয়ারীতে লালচাঁন মুকিম লেনে অবস্থিত তানফীজুল উলুম মাদরাসায় এই আয়োজন করা হয়।


অনুষ্ঠানের আয়োজক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, শিশুদের প্রতি আমাদের নেতার বিশেষ স্নেহ ও মমত্ববোধ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তার নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশায় আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি, জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ ও মানবিকতা নিহিত। শিশুদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে চাই। সবার কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া চাই।


জবি ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন উদ্‌যাপনের এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই, প্রতিটি বিশেষ দিন মানুষের কল্যাণে কোনো না কোনো ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে উদ্‌যাপিত হোক। শাহরিয়ারের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


জবি ছাত্রদলের আহ্বায়ক মেহদী হাসান হিমেল বলেন, আমাদের নেতার জন্মদিন কেবল আনুষ্ঠানিক উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার উপলক্ষ হিসেবে দেখতে চাই। শাহরিয়ারের শিশুদের মুখে হাসি ফোটানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী, মোজাম্মেল মামুন ডেনি এবং জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব, মোবায়দুর রহমান, ইমু রহমান, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ও আকাশ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৮ পিএম

আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় প্রথম শ্রেণিতে লটারিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে হবে এই ভর্তির কার্যক্রম।এর মধ্যে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের পরীক্ষা ১৮ ডিসেম্বর ও ‘ সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরে (বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর) এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা হবে (বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বর)।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী কোটা নির্ধারিত হবে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৮ পিএম
  • আপডেট : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৮ পিএম


খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম।

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬ এ সভাপতি পদে ২,৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি)। সাধারণ সম্পাদক পদে ২,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম।


সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আখতারুজ্জামান বসুনিয়া (লিটন), শায়কা ইমাম শান্তা, ড. মো. আজিজুল হাসান (পীরু), মো. মুজাহিদুল ইসলাম (সৌরভ) ও মো. ইসরাইল হোসেন।


যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত গুহ ও মো. খায়রুজ্জামান। 


সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. সাথিল ইসলাম (ডলার), মো. মহিউদ্দিন আন্দালিব (শুভ) ও মো. রাশিদুল ইসলাম।


এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার, জনসংযোগ সম্পাদক পদে নিলুফার শবনম ডনি, জনসংযোগ সহ-সম্পাদক পদে তালহা রহমান, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ,

ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে মো. রুবেল মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইয়াসমিন (শেফা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ওয়াসিম সাব্বির, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক পদে বিশ্বজিৎ রায় (বিশ্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আল মাসুদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সহ-সম্পাদক পদে মো. আজগর খান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মুন্সী শহিদ আনিস ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে মাহমুদুল হাসান (মিল্লাত) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য (শিক্ষক কোটা) পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ফাল্গুনী আক্তার, মুহাম্মদ আব্দুর রউফ, মো. ফারহান সাদিক, শাপলা সিংহ ও শাকিলা আলম। নির্বাহী সদস্য (সাধারণ কোটা) সতেরোটি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহিদ শরীফ (লাভলু), মো. জাকী-উল হাসান, মো. মাহমুদ উল হাসান (রানা), ফৌজিয়া সুলতানা, মো. ফারহান হক (প্রিন্স), মো. মনিরুজ্জামান (শাকিল), এ.কে.এম. হুমায়ুন কবির দেওয়ান (স্বপন), আখলাক উন নাহার, সৈয়দ মো. মাসুম, মো. মাহমুদুল হাসান সোহান, নাজমুস সাকিব, মুহিব্বুল্লাহ (মুহিব), ফখরুল আলম, তন্ময় চ্যাটার্জী, মোহাম্মদ আরিফুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল করিম।


নবনির্বাচিত সভাপতি মো. ইফতেখারুল আলম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার একমাত্র লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার—এখানে দল-মতনির্বিশেষে আমরা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে পরিবারের মতোই আমরা একসঙ্গে কাজ করতে চাই।”



নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য যেমন সম্মানের, তেমনি বিশাল এক দায়িত্বের। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে আমরা সবাই একই পরিবারের সদস্য; তাই নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করে সংগঠনটিকে একটি গতিশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে জবি ছাত্রদল নেতা রুমির উদ্যোগে দোয়া ও ধর্মীয় উপহার বিতরণ

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৭ পিএম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের মধ্যে জায়নামাজ, তসবি ও টুপি বিতরণ করা হয়।


শনিবার (২১ নভেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। এ ছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান আসলাম বলেন, "দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমন একটি ধর্মীয় ও মানবিক উদ্যোগ গ্রহণ করায় মোঃ মোস্তাফিজুর রহমান রুমিকে ধন্যবাদ জানাই। রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।"


তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, ছাত্রদলের নেতাকর্মীরা অতীতের মতো আগামীতেও শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে থাকবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।"


আয়োজক মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, "দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। একই সঙ্গে মসজিদের মুসল্লিদের জন্য জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের মাধ্যমে ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস নিয়েছি।"


এছাড়াও তিনি বলেন, "আমি বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।"


কর্মসূচির শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ সব খবর