শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
লটারী কার্যক্রম পরিচালনা করছেন মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ।
এবার নওগাঁর মহাদেবপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে (আরইআরএমপি) লটারীর মাধ্যমে নারী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদীহিমূলক করতে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের এই উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। এতে স্বজনপ্রীতি, রাজনৈতিক সুপারিশ বা দূর্নীতির মাধ্যমে নিয়োগের কোন সুযোগ থাকলো না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারীর আয়োজন করা হয়।
ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারী প্রক্রিয়ায় উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, উপ-সহকারি প্রকৌশলী রাজিব আহমেদ প্রমুখ সহযোগীতা করেন।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ২৯৪ জন নারী নিয়োগ পাবার জন্য আবেদন করেন। লটারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট একশ’ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এসব নারী শ্রমিক আগামী তিন বছর ধরে ছুটির দিন ব্যতিত প্রতিদিন কাজের জন্য তিনশ’ টাকা করে মজুরী পাবেন। এরমধ্যে একশ’ টাকা করে বাধ্যতামূলক ব্যাংক একাউন্টে সঞ্চয় করবেন। তিন বছর পর সঞ্চিত টাকা একসাথে উত্তোলন করবেন। এতে ওইসব পরিবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আরইআরএমপি-রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-৪ এবছর শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরজন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশ’ ২৩ দশমিক ১৫ কোটি টাকা। সারাদেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৪৪ হাজার চারশ’ ৬০ জন নারী শ্রমিক প্রকল্পের ৮৮ হাজার নয়শ’ ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন। হতদরিদ্র নারীপ্রধান পরিবারকে সহায়তা করা এবং সারাবছর গ্রামীণ সড়ক চলাচলের উপযোগী রাখার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত নাশকতার পরিকল্পনা, অগ্নিসংযোগ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন করে কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা রাজপথে রয়েছেন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এসব অপশক্তির নাশকতা ও অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, সদস্যসচিব মনিরুজ্জামান মানিক, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহেব আলী, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সিলেটে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে এক আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও হয়ে গেছে। ওই আইনজীবীর অভিযোগ, ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তেই অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার অ্যাকাউন্ট থেকে এই বিপুল অংকের টাকা লোপাট হয়। দিলীপ কুমারের অভিযোগ, এই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও ব্যাংক কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি তিনি।
দিলীপ কুমার জানান, নিজের জীবনের সব সঞ্চয় জমা রেখেছিলেন এই ব্যাংক অ্যাকাউন্টে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। প্রতারণার বিষয়টি ধরা পড়ে গত সোমবার (৯ নভেম্বর)। এদিন, ২০ হাজা্র টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। তবে ব্যাংক থেকে জানানো হয়- তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই।পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বর ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। কয়েকদফায় এই টাকা স্থানান্তর করা হয়।ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বলেন, আমার ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নেই। ডিজিটাল লেনদেন আমি কখনো করিনি। তিনি বলেন, আমার অজান্তেই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা গায়েব হয়। টাকা স্থানান্তরের কোনো ম্যাসেজও আমার মোবাইলে আসেনি।বৃহস্পতিবার প্রবীণ এই আইনজীবী জানাান, এ ব্যাপারে আমি ব্যাংক কর্তৃপক্ষ ও কতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত টাকা উদ্ধারে তাদের কাছ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।তিনি বলেন, কালকে পুলিশ এসেছিল। তারা এসে বলছে- এটি ব্যাংকের বিষয়। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে- তারা খতিয়ে দেখছে।
ড. দিলীপ বলেন, এই অ্যাকাউন্টে আমার সঞ্চয়ের সব টাকা জমা ছিল। এই টাকা না পেলে আমি নিঃস্ব হয়ে যাব।
এ ব্যাপারে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম জানান, এই অভিযোগ পেয়েছি। এর সাথে যেহেতু আমার ব্যাংকের সুনামের বিষয় জড়িত তাই ব্র্যাঞ্চের পক্ষ থেকে তার টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব।টাকা খোয়া যাওয়ার সাথে ব্যাংকের নিরাপত্তা ব্যববস্থায় কোন গাফিলতি আছে কী না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টাকাগুলো কোন কোন অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা যাছাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, সারাদেশে চলতি বছরে মোট ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এরমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যান্য বিভাগের ন্যায় খুলনা বিভাগেও মোট ৯টি স্কুল-কলেজ জাতীয়করণে তালিকাভুক্ত হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
মন্ত্রণালয়ে জাতীয়করণের তালিকায় থাকা খুলনার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে—খুলনার চার প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলাধীন ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’, নগরীর খালিশপুর উপজেলাধীন ‘বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়’, দিঘলিয়া উপজেলাধীন ‘গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়’, এবং দাকোপ উপজেলাধীন ‘বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’, বাগেরহাট জেলার মধ্যে শুধুমাত্র রামপাল উপজেলাধীন ‘পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়’, মাগুরা জেলার মধ্যে মহম্মদপুর উপজেলাধীন ‘মহম্মদপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়’, কুষ্টিয়া জেলার মধ্যে কুমারখালী উপজেলাধীন ‘কুমারখালী এম এন (মথুরা নাথ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়’, এবং ঝিনাইদহ জেলার দুই প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলাধীন ‘ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ’ এবং ‘কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ’, তালিকাভুক্ত করা হয়েছে।
তবে তালিকাভুক্তকরণে অভিযোগ উঠেছে—শিক্ষার মান, ফলাফল ও অবকাঠামোগত সক্ষমতায় এগিয়ে থাকা অনেক প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকায় স্থান পায়নি। অথচ তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কিংবা প্রত্যাশিত ফল না করা কিছু প্রতিষ্ঠান তালিকায় জায়গা করে নিয়েছে।
বিএনপি সরকার গঠনের পর জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে থাকা অধিকাংশ প্রতিষ্ঠানই সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী এবং এমপিদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সরকারিকরণ বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে পড়ে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা, ভৌগলিক প্রয়োজন কিংবা সরকারি প্রতিষ্ঠানের ঘাটতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলে তা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে স্বচ্ছ ও অভিন্ন নীতিমালা ছাড়া শুধু ব্যক্তি, রাজনৈতিক নেতা বা প্রভাবশালীদের সুপারিশের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।
প্রভাবশালীদের সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ফলে বৈষম্য তৈরির পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও তদবিরের সংস্কৃতি আরও বৃদ্ধি পেতে পারে বলেও তারা মনে করেন। এর ফলে এ ধরনের তদবির ও সুপারিশের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে। একইসঙ্গে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলো সরকারিকরণ থেকে বঞ্চিত হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নেওয়া দরকার।
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জলঢাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. আব্দুস সালাম (৩৮) নামে এক ট্রলি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা।
নীলফামারীর জলঢাকা পৌরসভার ডাকুরডাংগা এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. আব্দুস সালাম (৩৮) নামে এক ট্রলি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি ডাকুরডাংগা এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমিসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে আবাদি জমির উর্বরতা ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে।
সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় মো. আব্দুস সালামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম উপজেলার চেরেঙ্গা ময়দানেরপাড় এলাকার মোজা মামুদের ছেলে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমির উর্বরতা সংরক্ষণ এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।