আসিফ নজরুল। পুরনো ছবি।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।


বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যাওয়া হয় বলে এক ফেইসবুক পোস্টে তথ্য দিয়েছেন তিনি।


আসিফ নজরুল লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭.৩০ এর দিকের ঘটনা।”


ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।”


পোস্টের শেষে তিনি লিখেছেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।”


গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, সন্ধ্যার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা এক ছেলে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও ছেলেটি দৌড়ে পালিয়ে যায়।


ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


এদিকে আসিফ নজরুলের মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে ধানমন্ডি থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, “সোবহানবাগ এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে মোবাইল ছিনতাইয়ের খবর জানতে পেরেছি। তবে এটি শেরেবাংলা নগর থানা এলাকায় পড়েছে। আমরা এ ব্যাপারে দুই থানা মিলে সমন্বয় করে কাজ করছি।”


শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব চৌধুরী বলেন, “কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারের মোবাইল ছিনতাই হওয়ার খবর পেয়েছি। আমরা এ নিয়ে কাজ করছি।”


তবে এ ব্যাপারে আসিফ নজরুলের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়েরের খবর মেলেনি।




  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫২ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।


উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।


গ্রেপ্তার দুজন হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।




এসআরবি-২ জানায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চলতে দেখা গেলেও ব্যাটারিচালিত রিকশার সংকটে বিপাকে পড়েছেন অনেকে।


সোমবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোরিকশাচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে। 


এদিকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।


রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করবে। তাদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান এবং সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা।


সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।


সাবেক সিআইডিপ্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০০ এএম

রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর গাড়ির ধাক্কায় এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।


শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দিলে সুলতান (৬০) নামের ওই রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠায়।


এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান। তিনি জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশা চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


তিনি আরো জানান, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে আমরাও শুনেছি। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। 


সিআইডি কার্যালয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৭ এএম

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ।


পল্টন থানার ওসি জানান, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে এসবির একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।


 পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ


তিনি বলেন, সিআইডি কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ১০টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।


 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার ককটেল বিস্ফোরণ, আটক ৩


জানা যায়, নীলক্ষেতে একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে এলাকায় দুইটি এবং শাহবাগ মোড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও লোকজন সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করে।


পল্লবী থানা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২২ এএম

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।’


আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের উপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।


 মালিবাগে সিআইডি কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফারণ


এর আগে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।


এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।