মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের একটি গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় গোবর ছোড়াছুড়ির এক উৎসব। এই উৎসব দেখতে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। শতাব্দীপ্রাচীন এ উৎসবের নাম ‘গোরিহাব্বা’। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এর প্রচলন।ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে দক্ষিণ ভারতের গুমাতাপুরা গ্রামে উৎসবটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে তার আবির্ভাব হয়েছিল। পরে প্রতিবছর তার সম্মানে গোরিহাব্বা উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করেন বাসিন্দারা। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
গোবরবোঝাই একটি গরুর গাড়িও ফুল ও কলাপাতা দিয়ে সাজিয়ে মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে শুরু হয় গোবর ছোড়াছুড়ি। উৎসব দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছ থেকে এ উৎসবের কথা জেনে সেখানে গেছেন বলেও জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের বিশ্বাস, গোবর শুধু ধর্মীয়ভাবে পবিত্র নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। তাদের ধারণা, গোবর ছোড়াছুড়ির এই রীতি অসুস্থতা দূর করতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কপ সম্মেলনের পরিভাষা বুঝতে বাংলা শব্দকোষ প্রকাশ।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে প্রকাশিত হয়েছে ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ শীর্ষক নতুন একটি বই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় কপ-৩১ সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার বইটি রচনা করেছেন। বইটির মুখবন্ধ লিখেছেন দেশের বিশিষ্ট জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এটি যৌথভাবে প্রকাশের দায়িত্ব পালন করেছে সিথ্রিইআর (C3ER), লিডার্স (LEDARS), ওসিএল (OCL) এবং এসআরসিএল (SRCL)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সেফ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ ও সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদোহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশনা সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু কূটনীতি ও নীতিনির্ধারণী আলোচনায় অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি (NDC), টিপিং পয়েন্ট কিংবা জলবায়ু শরণার্থীর মতো নতুন নতুন কারিগরি শব্দ যুক্ত হচ্ছে। ইংরেজি এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট বাংলায় স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যেই এই শব্দকোষটি সংকলন করা হয়েছে।
বইটিতে মোট ১ হাজার ২৯৪টি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা স্থান পেয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, আলোচনার কারিগরি শব্দের অর্থ এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা উল্লেখযোগ্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য-উপাত্তও বইটিতে সন্নিবেশিত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ (COP31) সম্মেলনকে সামনে রেখে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের জন্য এই শব্দকোষটি একটি অপরিহার্য সহায়িকা হিসেবে কাজ করবে এবং দেশের জলবায়ু কার্যক্রম ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতীকী ছবি
ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন নরওয়ের সাংবাদিক হেলে লিং। সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেলিস্ট ও বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। নরওয়েতে মোদিকে প্রশ্নের মুখে ফেলে আলোচনায় এসেছিলেন সাংবাদিক হেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিওবার্তায় হেলে লিং বলেন, ভারত সফরের জন্য তার ভিসা ইস্যু করা হয়েছিল। সম্মেলনে যোগ দিতে সকালে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। ওই সময় তিনি মোদিকে প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে তিনি কেন আগ্রহী নন।
পরবর্তী সময়ে এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে হেলে লিং বলেন, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব।
এ ঘটনা ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের এক সংবাদ ব্রিফিংয়েও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে হেলে লিং বারবার ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘আমরা আপনাদের বিশ্বাস করব কেন?’
এরপর ভারত সামিটে যোগ দেওয়ার আগে ভিসা বাতিলের অভিযোগ সামনে আনেন তিনি। তবে তার অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে যোগ দিতে প্যারিসের এলিসি প্রাসাদে পৌঁছান স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। এ সময় তাকে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা চলাকালে ফরাসি সম্মানরক্ষী বাহিনীর এক সদস্য হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
এ ঘটনায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ উপস্থিত কর্মকর্তারা দ্রুত তার দিকে এগিয়ে যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিতা সেই স্বাগত অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায়, স্লোভাক প্রেসিডেন্টের গাড়িটি এলিসি প্রাসাদের প্রবেশপথে পৌঁছানোর ঠিক সময়েই ওই গার্ড সদস্য জ্ঞান হারিয়ে পড়ে যান। ঘটনাটি দেখে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং সেখানে উপস্থিত অন্য কর্মকর্তারা দ্রুত তার কাছে ছুটে যান।
উল্লেখ্য, পরবর্তীকালে কর্মীরা অসুস্থ হয়ে পড়া ওই সম্মানরক্ষী বাহিনীর সদস্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ছবি : সংগৃহীত
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। দেশটির ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পাশাপাশি ভিসার আবেদন ফরমের তথ্য পূরণের ক্ষেত্র ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছিল। সর্বশেষ পরিবর্তনের আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার।
পর্যটক ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। প্রচলিত পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সও এ ভিসার আওতায় আনা হয়েছে।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা ও হস্তশিল্পের কোর্স এবং স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে এ ভিসায়।
অন্যদিকে, ভি-২ ভিসা তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে এতে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসা ভিসার কাঠামোও নতুন করে সাজানো হয়েছে। প্রচলিত চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
এম-১ ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হবে এম-৩ ভিসা। উভয় ভিসা এবং এর ই-ভিসা সংস্করণের মেয়াদ হবে সাধারণভাবে এক বছর। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীদের সঙ্গীদের দেওয়া হবে এম-২ ভিসা। আর এম-৩ ভিসাধারীদের সঙ্গীদের জন্য থাকবে এম-৪ ভিসা।
ভারত সরকারের আশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা পরবর্তী পরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের সুবিধা হবে। এতে চিকিৎসার জন্য বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও এ পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ব্যবস্থা
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।
এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা দেওয়া হতে পারে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
ব্যবসায়িক ভিসার শ্রেণি পুনর্বিন্যাস
ব্যবসায়িক ভিসাকেও বি-১ ও বি-২—এই দুই ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরা আসবেন।
বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রমের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।
এ ধরনের পেশাজীবীদের বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা দেওয়া যেতে পারে। ই-ভিসার মাধ্যমেও এ ভিসার আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পান। নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ করছে ভারতের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।
সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকেরা অন্তর্ভুক্ত থাকবেন। প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও এ শ্রেণিতে রাখা হয়েছে।