নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০১ পিএম

নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারী বড় মাঠের মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ কে এম শাহ্ আরেফিন বক্তব্য দেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। কর্মব্যস্ততার বাইরে খেলাধুলা বিনোদনের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে।


জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব।


টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার আইনজীবীদের পৃথক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ডোমার ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় নীলফামারী সদর ল-ইয়ার্স ইউনাইটেড।


এ সময় উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ঈসমাঈল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনোসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে প্রবেশ করে ‌।



সর্বশেষ সব খবর

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৯ পিএম

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৩ জনের মধ্যে ট্যাবসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার(১২নভেম্বর )ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।


প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম  ও জেলার সমাজসেবার সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁরা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।


সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপযুক্ত উপকারভোগী নির্বাচন এবং নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত উপকরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছেন তারা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে ৬নং কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অপসারণকৃত ও দুর্নীতিবাজ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 


বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার শত শত সাধারণ মানুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। 


মানববন্ধনে অংশ নিতে আসা ইউপি সদস্য গোলাম মাওলা বলেন, “ইউনিয়ন পরিষদের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে যারা দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন, তাদের সাধারণ জনগণ আর সহ্য করবে না। অভিযুক্ত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”


মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে ইসরাফিল ইসলাম , হাফিজা বেগম,  মৌসুমী আকতার ও লিপা বলেন, ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ সচেতন হয়েছে। দুর্নীতিবাজ ও অপসারণকৃত এই চেয়ারম্যানের যাবতীয় দুর্নীতির নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।


মামলার আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।


যেভাবে ঘটে হত্যাকাণ্ড :


মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।


সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ২৩ বছর। তার মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।


পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।


তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের একপর্যায়ে বিষয়টি তার মা দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।




গ্রেপ্তার ও স্বীকারোক্তি:


ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে।


২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।


অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম:


মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।


পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।


অবশেষে বুধবার(১১ নভেম্বর) নির্ধারিত দিনে আদালত মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।


এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই শিক্ষার্থীরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। আলোচিত এই দ্বৈত হত্যাকাণ্ডের রায়ে নিহত সুমাইয়া ও তার মায়ের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, “১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এছাড়াও সুমাইকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।”


তিনি আরও বলেন, “এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫২ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় রাতভর পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ‘আরসি কফ’ (RC KUFF) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


গত ১০ নভেম্বর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপির সদস্যরা দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।


রাতব্যাপী এ অভিযানে মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে।


তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদকে মাদক ও চোরাচালানের অভিশাপ থেকে মুক্ত রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

টঙ্গী মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাজেদুল ইসলাম

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫২ পিএম

টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। অনুমোদিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে সাজেদুল ইসলামের নাম রয়েছে।


বিদ্যালয়টির প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সাজেদুল ইসলাম রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এডহক কমিটির সভাপতি হওয়ায় জেলা জুড়ে প্রশংসা ও অভিনন্দনে ভাসছেন। প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম তদারকি, শিক্ষক- কর্মচারীদের দায়িত্ব ও স্বাভাবিক কার্যক্রম চালু রাখা, প্রতিষ্ঠানের আর্থিক বিষয়- ব্যয়, শিক্ষা কার্যক্রম, উপস্থিতি, পরিক্ষা ও শৃঙ্খলা সহ আভ্যন্তরীণ স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে দেখভাল করা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে অনুমদিত এডহক কমিটি যথাযথ দায়িত্ব পালন করবেন- এমনটাই সকলের প্রত্যাশা।

সর্বশেষ সব খবর

আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৭ পিএম

পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।


গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।


তিনি বলেন, এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সব খবর