• প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের প্রায় ছয় মাসের মাথায় অবশেষে সিলেটের বাসিয়া খাল পুনঃ খননের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে কাজ শুরু হয়। প্রথম দিকে এস্কেভেটর মেশিনের সাহায্যে মাটি কাটার কাজ শুরু করা হয়। পরবর্তীতে এই কাজে শ্রমিকদের যুক্ত করা হবে। 


সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন চলতি বছরের ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে দিন তিনি জানিয়েছিলেন, ৪০ কিলো মিটার দীর্ঘ বাসিয়া খালের মধ্যে ২৩ কিলোমিটার পুনঃখনন করা হবে। কাজ শেষ করতে দুই শুকনো মৌসুম লাগবে বলেও জানান তিনি। খাল পুনঃখননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক উপকৃত হবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখননের পাশাপাশি ২৩ কিলোমিটার জুড়ে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও কাজ শুরু করতে ছয় মাস বিলম্ব হয়েছে। খালের মাটি পরিমাপ করতে ঢাকা থেকে প্রতিনিধি দলের পরিদর্শনে বিলম্ব হওয়ায় কাজ শুরু হতে প্রায় ছয়মাস সময় লেগেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়াও পানি থাকায় কাজের পরিবেশ ছিল না বলে জানিয়েছেন তারা।


পাউবো সূত্রে জানা গেছে, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মো. ওলিউল্লাহ জানান, খালের পানি না কমায় এতোদিন কাজ শুরু করা যায়নি। ২৭ অক্টোবর সকালে কাজ শুরু হয়। 


প্রকল্পের দায়িত্বে থাকা সিলেট পানি উন্নয়ন বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিলেট সদর ও বিশ্বনাথ) মো.সেলিম জাহাঙ্গীর জানান, খালের মাটির পরিমাপ করতে ঢাকা থেকে একটি পরিদর্শন দল সিলেটে এসেছেন। তারা রিপোর্ট পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে কাজটি শেষ হয়ে যাবে।


সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সানাউল কাদের খান জানান, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ কোটি টাকায় নবারুন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে খনন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা বাসিয়া খাল এলাকায় এস্কভেটর নিয়ে কাজ শুরু হয়েছে। বাসিয়া নদীর পাশ্ববর্তী বাসিন্দা  এম রহমান জানান, সপ্তাহ দেড়েক আগে কাজ শুরু হয়েছে। তবে কাজ ধীর গতিতে চলছে। প্রথমে  হালকাভাবে খনন করা হচ্ছে। পরে পুরোদমে কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা তাকে জানিয়েছন বলে তিনি মন্তব্য করেন।



সর্বশেষ সব খবর

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৪ পিএম

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পার্কিং টাইলসসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে নিম্নমানের উপাদান ব্যবহারের বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ফুটপাতের যেসব স্থানে নিম্নমানের টাইলস বসানো হয়েছে, সেগুলো তুলে ফেলার নির্দেশ দেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলছে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছিল।

এ ছাড়া বিদ্যুতের খুঁটি অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোর কাজে প্রায় ৪২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। রাস্তার এক পাশে ৫ ফুট এবং অন্য পাশে ৩ ফুট প্রশস্ত করে মোট ৩৯৬ মিটার দীর্ঘ ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা।

পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ফুটপাতে যে টাইলস ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাভাবিক চলাচলের উপযোগী নয়। অন্যান্য নির্মাণসামগ্রীও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালু দেওয়া হয়েছে। আমরা চাই, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন করা হোক।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এ কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। আজ সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কাজটি নির্ধারিত তফশিল (সিডিউল) অনুযায়ী হচ্ছে না। ব্যবহৃত টাইলসগুলো নিম্নমানের এবং এগুলোর পুরুত্বও নির্ধারিত মানের তুলনায় কম। এ কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে তফশিল অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পরই পুনরায় কাজ শুরু হবে।

অন্যদিকে, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা বলেন, কীভাবে তাঁরা কাজটিকে নিম্নমানের বলছেন, তা তিনি বুঝতে পারছেন না। টাইলস তিনি নিজে তৈরি করেন না; বাজার থেকে কিনে এনেছেন। এ বিষয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন।

জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ আরও বলেন, ফুটপাত নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২১ পিএম

পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে  পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঈমান আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন, সদস্য আব্দুল বারী প্রমূখ।


সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আক্বিদা রক্ষা করার জন্য কাজ করছি। কিন্তু তাবলীগের নামে ভুল আক্বিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে। তারা আরও বলেন, সাদ পন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। তারা বলেন, কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা ব্যভিচারী নারী অর্থাৎ বেশ্যা উপার্জন থেকে নিকৃষ্ট। সাদ পন্থীরা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের নিহত আহত করে ক্ষয়ক্ষতি করেছে।


সাদ পন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকান্ড হতে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য আমরা সাদপন্থীদের এজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, ডিসি, এসপিকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।


তারা বলেন, "আমাদের দাবির পরেও যদি প্রশাসন ইজতেমার অনুমতি দেয় তাহলে জেলার আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তখন এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।"


সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফতে মশলিশ, হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আগামী ১৯,২০, ২১ নভেম্বর পঞ্চগড় চিনিকল মাঠে তিনদিন ব্যাপী পঞ্চগড় জেলা ইজতেমার আয়োজন চলছে।  ইতোমধ্যে মাঠ সজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আয়োজকর আশা করছেন দেশি-বিদেশিসহ লক্ষাধিক মুসল্লী অংশ নিবেন।

সর্বশেষ সব খবর

চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুট। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে এক ময়লা ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী শফিকুল ইসলাম গাজী কালিয়াকৈরের হাজী মার্কেট এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় বসবাস করে আশপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন।

অভিযুক্তরা হলেন ইসমাইল মণ্ডল (৪২), রাসেল (৩০) ও কবির হোসেন (২৮)। তাদের সবার বাড়ি মৌচাক হাজী মার্কেট এলাকায়। লিখিত অভিযোগে শফিকুল ইসলাম দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা বিএনপির নাম ভাঙিয়ে তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ব্যবসায়িক চাঁদা আদায় করে আসছিলেন। তিনি নিয়মিত চাঁদা দিলেও একপর্যায়ে এর পরিমাণ বাড়িয়ে মাসে ২০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে এলাকায় বসবাস ও ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইসমাইল মণ্ডল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

পরে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ইসমাইল মণ্ডলসহ অন্য অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় শফিকুলকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মোছা. রুবিনা বেগমকে গালাগাল করা হয়। পরে তার ছেলের স্ত্রী খাদিজা আক্তার সেখানে এলে তাকেও গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম গাজী। সেখানে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরে বিচার দাবি করেন।

শফিকুল ইসলাম গাজী বলেন, আমি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করি। তারা যে টাকা দেয়, তা দিয়েই সংসার চালাই। এর মধ্যেও ইসমাইলকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা দিয়ে আসছি। এখন সে বিএনপির নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা করে চাঁদা চায়। দিতে অস্বীকার করায় হামলা চালিয়েছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এটি টাকা-পয়সা নিয়ে একটি ঝামেলা। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ সব খবর

সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫২ পিএম

পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। আদালত বিষয়টি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই ফেসবুক আইডির পরিচালনাকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হয়রানি ও অপপ্রচার বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৩ পিএম

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জনের মধ্যে ট্যাবসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁরা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপযুক্ত উপকারভোগী নির্বাচন এবং নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত উপকরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছেন তারা।

সর্বশেষ সব খবর

মারুফ হাসান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

‎জয়পুরহাটে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের মান-মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎গতকাল রোববার রাতে জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়। তবে আজ সোমবার দুপুরে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠন বিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন।

এতে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে ৮ নভেম্বর রাতে থেকে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
‎
জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

‎‎বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’ ‎

এর আগে গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় দুই দফা হট্টগোলের ঘটনা ঘটে। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।
‎
‎এ ঘটনার পর ওই দিন শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক নীরব ছিলেন এমন অভিযোগে তারা এ আলটিমেটাম দেন।

সর্বশেষ সব খবর